শেখ হাসিনার ভারত সফর শুরু: দুদেশের সম্পর্কের জন্য ‘তিস্তা’ এসিড টেস্ট
শ্রোত! পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আজ ৭ এপ্রিল শুক্রবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।
বাংলাদেশের শিরোনাম:
- দুদেশের সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যাবো: টুইটে মোদি-কালের কণ্ঠ
- দিল্লিতে হাসিনাকে স্বাগত জানালেন মোদি–যুগান্তর
- বিএনপি ও খালেদা জিয়াকে রাজনৈতিকভাবে বর্জন করতে হবে: ইনু-প্রথম আলো
- ভারতের সঙ্গে সুসম্পর্কের মাধ্যমে পাওনা আদায় করতে হবে' ওবায়দুল কাদের-ইত্তেফাক
- সাড়ে ৩ বছরে ৩৮১ জনপ্রতিনিধি বরখাস্ত-মানবজমিন
- তিস্তা ছাড়া কোনো চুক্তি জনগণ মানবেনা : মির্জা ফখরুল-নয়া দিগন্ত
ভারতের শিরোনাম:
- ভারতে গোরক্ষকদের তাণ্ডব! জবাব চাইল সুপ্রিম কোর্ট-আজকাল
- মমতাকে ছাড়া তিস্তা চুক্তি নয়, বার্তা মোদির-বর্তমান
- বিষাক্ত ধোঁয়ার মেঘ ভারতের আকাশে-আনন্দবাজার
- সাম্প্রদায়িক সম্প্রীতি এবং সহিষ্ণুতায় সবার থেকে এগিয়ে ভারত- দালাই লামা-সংবাদ -সংবাদ প্রতিদিন
শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত কয়েকটি খবরের গুরুত্বপূর্ণ অংশ। প্রথমে বাংলাদেশ..
দিল্লিতে হাসিনাকে স্বাগত জানালেন মোদি-যুগান্তর
ভারতের দিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানালেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার দুপুরে ভারতের পালাম বিমানবন্দরে শেখ হাসিনাকে স্বাগত জানান তিনি। ৪ দিনের রাষ্ট্রীয় সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে গেলেন। ইত্তেফাকের খবরে বলা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই সফরে ঢাকা ও নয়াদিল্লির বিদ্যমান বন্ধুত্বপূর্ণ ও আন্তরিক সম্পর্ক আরো বহুমাত্রিক রূপ পাবে বলে আশা করা হচ্ছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে শেখ হাসিনার সফরের সময় দুই দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে ৩০টির বেশি চুক্তি ও সমঝোতা স্মারক সই হবে।
বাংলাদেশ-ভারত সম্পর্কের জন্য ‘তিস্তা’ এসিড টেস্ট-ইত্তেফাক
ভারতে বাংলাদেশের সাবেক হাই কমিশনার তারিক করিম বলেছেন, ঝুলে থাকা তিস্তার পানি বণ্টন চুক্তি এখনো বাংলাদেশ-ভারত সম্পর্কের জন্য এসিড টেস্ট। যাকে বলা চলে, দুই দেশের সম্পর্কের জন্য সুনির্দিষ্ট ইঙ্গিতবাহী এক পরীক্ষা। বুধবার ভারতের ইংরেজি দৈনিক দ্য হিন্দুকে দেওয়া এক সাক্ষাত্কারে তিনি এ কথা বলেছেন।
তিস্তাসহ অভিন্ন নদীর পানির হিস্যা বুঝে নেয়া সময়ের ব্যাপার’ওবায়দুল কাদের-মানবজমিন/ইত্তেফাক
ভারতের সাথে বৈরিতা করে নয়, সুসম্পর্কের মাধ্যমে আমাদের ন্যায্য পাওনা আদায় করতে হবে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি। তিনি আজ গাজীপুরে এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, ২১ বছর ভারতের সাথে আমাদের সম্পর্ক খারাপ ছিল। অবিশ্বাস এবং সন্দেহের দেয়াল উঠেছিল। আমরা মনে করি সুসম্পর্ক বজায় রেখে আমাদের ন্যায্য পাওনা আমাদের বুঝে নিতে হবে।
এদিকে-নয়া দিগন্তের খবরে খবরে লেখা হয়েছে- প্রধানমন্ত্রীর ভারত সফওে তিস্তা ছাড়া অন্য কোনো চুক্তি জনগণ মেনে নিবেনা বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দুদেশের সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যাবো: টুইটে মোদি-কালের কণ্ঠ
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভ্যর্থনা জানানোর কিছুক্ষণ পরই টুইটার বার্তায় বাংলাদেশ ও ভারতের সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি লিখেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আমি আমাদের দুই জাতির সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যেতে দৃঢ় প্রতিজ্ঞ।
বিএনপি ও খালেদা জিয়াকে রাজনৈতিকভাবে বর্জন করতে হবে: ইনু-প্রথম আলো
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, দেশকে অসাম্প্রদায়িক করতে জঙ্গি বর্জন ও জঙ্গির পৃষ্ঠপোষক বিএনপি ও খালেদা জিয়াকে রাজনৈতিকভাবে বর্জন করতে হবে। এবারের রাজনীতির যাত্রায় জঙ্গি দমন, যুদ্ধাপরাধীদের বিচার ও নির্বাচন করার পাশাপাশি জঙ্গির পৃষ্ঠপোষকদের বর্জন করা হবে। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের নবম জাতীয় ত্রিবার্ষিক সম্মেলন তথ্যমন্ত্রী এই কথা বলেন।
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, দেশের সংবিধান সবাইকে সমান চোখে দেখে। কিন্তু সামরিক হস্তক্ষেপের ফলে বিপর্যয় হয়েছে। তিনি বলেন এ মাটিতে জঙ্গি-দানবের কোনো জায়গা নেই। আমরা, আমাদের সরকার জঙ্গিবাদ ধ্বংস করার ব্যাপারে একমত।’
সাড়ে ৩ বছরে ৩৮১ জনপ্রতিনিধি বরখাস্ত-মানবজমিন
সাড়ে ৩ বছরে ৩৮১ জন জনপ্রতিনিধিকে বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ। বিভিন্ন মামলায় অভিযুক্ত হওয়ায় তাদের বরখাস্ত করা হয়। বরখাস্তের তালিকায় গাজীপুর, সিলেট, রাজশাহী ও খুলনা সিটি করপোরেশন মেয়র রয়েছেন। এর মধ্যে সিলেট ও রাজশাহী সিটি করপোরেশন মেয়রকে দ্বিতীয় দফা বরখাস্ত করা হয়েছে। ইতিমধ্যে পুনরায় তারা আদালতের রায়ে পদ ফিরে পেয়েছেন। সিটি মেয়র বাদে ৩৫ পৌর মেয়র, ৫৭ কাউন্সিলর, ৫৩ উপজেলা চেয়ারম্যান, ৬৭ ভাইস চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ৯১ ও মেম্বার ৭৪ জনকে বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ।
শ্রোতা/ পাঠক ! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।
সাম্প্রদায়িক সম্প্রীতি এবং সহিষ্ণুতায় সবার থেকে এগিয়ে ভারত- দালাই লামা-সংবাদ প্রতিদিন
সাম্প্রদায়িক সম্প্রীতি এবং সহিষ্ণুতার দিক থেকে বিশ্বের যে কোনও দেশের তুলনায় এখনও এগিয়ে ভারত। এমনটাই মনে করছেন তিব্বতি ধর্মগুরু দলাই লামা। বর্তমানে অরুণাচল প্রদেশে সফরে রয়েছেন তিনি। বৃহস্পতিবার বুদ্ধ পার্কে এক জনসভায় একথা বললেন তিনি।
বিশ্বের সবচেয়ে বড় ধর্মগুলি ভারতেই বিস্তার লাভ করেছে। একথা জানানোর পাশাপাশি দলাই লামা বলেন, ‘সাম্প্রদায়িক সম্প্রীতি এই সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কারণ এখন মানুষের দায়িত্ববোধ খুবই কম। তা সত্ত্বেও ভারত যা কিনা বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ, সেখানে সাম্প্রদায়িক সম্প্রীতি সবচেয়ে বেশি।
মমতাকে ছাড়া তিস্তা চুক্তি নয়, বার্তা মোদির-বর্তমান
মমতাকে সন্তুষ্ট করতে মোদির বার্তা, রাজ্য না চাইলে তিস্তা চুক্তি নয়! মনমোহন সিংয়ের মতো ভুল করতে চান না নরেন্দ্র মোদি। মমতা বন্দ্যোপাধ্যায়কে পাশে নিয়েই তিনি বাংলাদেশের সঙ্গে তিস্তা চুক্তি সম্পাদন করতে চাইছেন। তাই যতক্ষণ না মমতা রাজি হচ্ছেন ততক্ষণ তিস্তা চুক্তি হবে না বলেই কেন্দ্র আজ জানিয়ে দিয়েছে।
বিষাক্ত ধোঁয়ার মেঘ ভারতের আকাশে-আনন্দবাজার
আমাদের দেশের সামনে খুব বড় সমস্যা সন্ত্রাসবাদ। কিন্তু চমকে উঠতে হল এ কথা জেনে যে, তার চেয়েও বড় ‘সন্ত্রাস’ আমরা বয়ে নিয়ে বেড়াচ্ছি নিজেদের দৈনন্দিন জীবনে। নীরবে, নিশ্চুপে, বায়ুভূত অবস্থায় জীবনে মিশছে সে, বিষিয়ে দিচ্ছে শরীর, আর আমরা অকাতরে ধোঁয়ায় আচ্ছন্ন করছি নিজেদের।
ধূমপান সবচেয়ে বেশি প্রাণ নেয় বিশ্বের যে চারটি দেশে, তার মধ্যে ভারত অন্যতম। এ দেশের ৬৩ শতাংশেরও বেশি মানুষ ধূমপানে আসক্ত। সে বিষাক্ত ধোঁয়া প্রাণও নিচ্ছে দেদার। বলছে সমীক্ষা। একে প্রাণের ভয়ঙ্কর অপচয় ছাড়া আর কি বলা যেতে পারে?
সম্প্রতি আর এক সমীক্ষায় উঠে এসেছিল, সন্ত্রাসবাদ যত মানুষের প্রাণ নেয় ভারতে, প্রতি বছর তার চেয়ে বেশি মানুষের প্রাণ যায় প্রণয়ঘটিত কারণে। সে-ও প্রাণের অপচয়ই বটে। তবে প্রণয়ঘটিত প্রাণপাতের মধ্যে কোথাও কোথাও যেন ভালবাসায় নিজেকে উজাড় করে দেওয়ার একটা ধারণা নিহিত থাকে। কিন্তু, ধূমপানে আসক্ত হয়ে মারা পড়ার মধ্যে তেমন কিছুও কি থাকে?
ভারতে গোরক্ষকদের তাণ্ডব! জবাব চাইল সুপ্রিম কোর্ট-আজকাল
আলওয়াড়ে গোরক্ষকদের তাণ্ডব নিয়ে রাজস্থান সরকারের কাছে ৩ সপ্তাহের মধ্যে রির্পোট চাইল সুপ্রিম কোর্ট। এক সপ্তাহ আগে ৫৫ বছরের এক রাজস্থানি ব্যক্তিকে ‘গোরক্ষকরা’ খুন করে। সেই মামলার ভিত্তিতে শুক্রবার সুপ্রিম কোর্ট রাজস্থান সরকার সহ আরও ছ’টি রাজ্যের সরকারের কাছে গোরক্ষক কেন নিষিদ্ধ করা হচ্ছে না এই সংক্রান্ত রির্পোট চেয়ে পাঠালেন। রাজস্থান, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, গুজরাট, কর্ণাটক ও মহারাষ্ট্রকে ৩ মে–র মধ্যে রির্পোট জমা দেওয়ার নির্দেশ দেন সুপ্রিম কোর্ট।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৭