মোদীর ঘোষণায় আস্থা রাখছি, যদিও দিদি না বলেছেন: শেখ হাসিনা
শ্রোতা/ পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আজ ১০ এপ্রিল সোমবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।
বাংলাদেশের শিরোনাম:
- মুফতি হান্নানের ফাঁসি কার্যকরের চিঠি কারাগারে-কালের কণ্ঠ
- বিসিক কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা ট্যানারি মালিক-শ্রমিকের–যুগান্তর
- প্রধানমন্ত্রী তিস্তার পানির দাবি ছেড়ে দেননি: ইনু-প্রথম আলো
- মোদীর ঘোষণায় আস্থা রাখছি, যদিও দিদি না বলেছেন: শেখ হাসিনা-ইত্তেফাক
- ‘আরও পাঁচ বছর ক্ষমতায় থাকতে ভারতের সঙ্গে চুক্তি -মানবজমিন
- ভারতের সঙ্গে করা চুক্তি ও সমঝোতা স্মারক জনগণের সামনে প্রকাশের দাবি-নয়া দিগন্ত
ভারতের শিরোনাম:
- প্রধানমন্ত্রীর অফিসের বাইরে নগ্ন প্রতিবাদ-আজকাল
- মমতার প্রস্তাবে অস্বস্তিতে দিল্লি, হতাশ হাসিনাও -বর্তমান
- মোদী বনাম মমতা, টক্কর চলছে সমানে সমানে-আনন্দবাজার
- রাষ্ট্রপতি হওয়ার দৌড়ে থাকছেন না, জানিয়ে দিলেন আদবানী-সংবাদ প্রতিদিন
শ্রোতা/পাঠক! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত কয়েকটি খবরের গুরুত্বপূর্ণ অংশ। প্রথমে বাংলাদেশ..
মোদীর ঘোষণায় আস্থা রাখছি, যদিও দিদি না বলেছেন: শেখ হাসিনা-ইত্তেফাক
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘পানিবন্টনে নরেন্দ্র মোদীর ঘোষণায় আমরা আস্থা রাখছি; যদিও দিদি (মমতা ব্যানার্জি) না বলেছেন। এটা আমাদের ন্যায্য পাওনা। আমরা বিশ্বাস করি সমমর্যাদা এবং বন্ধুত্ব দিয়ে অনেক কিছু অর্জন করা সম্ভব। ঝগড়া করে সমস্যার সমাধান হয় না। বন্ধুত্ব দিয়েই দাবি আদায় হয়।’
চারদিনের সফরের শেষদিন সোমবার সকালে নয়াদিল্লির ইমপেরিয়াল হোটেলে ইন্ডিয়া ফাউন্ডেশনের দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এ প্রসঙ্গে প্রথম আলোর খবর এরকম যে,বাংলাদেশে ভারতের বিনিয়োগ করার সুযোগ রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিনিয়োগ আরও বাড়বে বলে তিনি আশা করেন। ভারত সফরকে কেন্দ্র করে বিএনপির দেশ বেচে দেওয়ার অভিযোগ সম্পর্কে বলেন, ‘এখানে আসার আগে কত কথাই শুনলাম। দেশ বেচে দেওয়ার কথা শুনলাম। যারা দেশ বেচে দেওয়ার কথা বলেন, তাঁরা অর্বাচীন।’
‘আরও পাঁচ বছর ক্ষমতায় থাকতে ভারতের সঙ্গে চুক্তি’-মানবজমিন
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, আগামীতে আরও পাঁচ বছর ক্ষমতায় থাকার জন্য আওয়ামী লীগ সরকার ভারতের সঙ্গে চুক্তি করেছে। পাঁচ বছর পর দেশটা কাগজ কলমে ভারতের কাছে বিক্রি করে দিয়ে আওয়ামী লীগ বিদায় নেবে।
রোববার রাতে গুলশানে নিজের কার্যালয়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নবনির্বাচিত নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।
খালেদা জিয়া বলেন, দেশে বর্তমান সরকার জনগণের সরকার নয়, তারা জনগণের দ্বারা নির্বাচিত নয়। ভবিষ্যতেও তারা একইভাবে ক্ষমতায় যাওয়ার পরিকল্পনা করছে।
প্রধানমন্ত্রী তিস্তার পানির দাবি ছেড়ে দেননি: ইনু-প্রথম আলো
ভারতের সঙ্গে প্রতিরক্ষা বিষয়ে করা সমঝোতার পক্ষে যুক্তি দেখিয়ে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, সব বিষয়ে ভারতের সঙ্গে সমঝোতা ও সহযোগিতা করা যাবে কিন্তু সামরিক বা প্রতিরক্ষা বিষয়ে করা যাবে না এই মনোভাবের মধ্যে পাকিস্তানি বস্তাপচা ‘শত্রু শত্রু খেলা’ দৃষ্টিভঙ্গি লুকিয়ে আছে।
ভারতের সঙ্গে প্রতিরক্ষা বিষয়ে সমঝোতার বিরোধিতাকারীদের সমালোচনা করে ইনু বলেন, চীন, যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইতালি থেকে সামরিক সরঞ্জাম ক্রয় করা যাবে কিন্তু ভারত থেকে ক্রয় করা যাবে না-এটা ওই রাজনীতির দৃষ্টিভঙ্গি।
ভারতের সঙ্গে করা চুক্তি ও সমঝোতা স্মারক জনগণের সামনে প্রকাশের দাবি-রিজভী-নয়া দিগন্ত
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জনগণকে না জানিয়ে অন্য দেশের সাথে চুক্তি অসৎ উদ্দেশে করা হয়েছে। তবে জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে দেশবিরোধী সকল চুক্তি গ্রহণযোগ্যতা হারাবে বলে তিনি মন্তব্য করেন।
আজ সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি ভারতের সঙ্গে করা সকল চুক্তি ও সমঝোতা স্মারক জনগণের সামনে প্রকাশ করার দাবি জানিয়ে বলেন, জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে দেশবিরোধী সকল চুক্তি গ্রহণযোগ্যতা হারাবে।।
বিসিক কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা ট্যানারি মালিক-শ্রমিকের–যুগান্তর
আগামী ১৫ দিনের মধ্যে সাভারের চামড়া শিল্প নগরীতে গ্যাস-বিদ্যুৎসহ সব ধরনের সংযোগ নিশ্চিত না করা হলে বিসিক কার্যালয় ঘেরাওয়ের হুমকি দিয়েছে চামড়া শিল্প সংশ্লিষ্ট ১৩টি সংগঠন।
সোমবার হাজারীবাগের ঢাকা ট্যানারি মোড়ে আয়োজিত চামড়া শিল্পে জড়িত মালিক-শ্রমিক-কর্মচারীদের মহাসমাবেশ থেকে এ ঘোষণা দেয়া হয়।
এসময় আদালতের নির্দেশনা অনুযায়ী সাভারের চামড়া নগরীতে সব সেবা নিশ্চিত না করা হলে পুনরায় আদালতের অনুমতিতে হাজারীবাগেই উৎপাদন চালু করার কথাও বলেন তারা।
আত্মসমর্পণের পর কারাগারে বিএনপি নেতা টুকু-মানবজমিন/প্রথম আলো
ট্রেন পোড়ানো মামলায় আদালতে হাজিরা দিতে গেলে কারাগারে পাঠিয়েছে বিএনপির ভাইস চেয়ারম্যান ইকবাল হাসান মাহমুদ টুকুকে। আজ সোমবার সিরাজগঞ্জ বিশেষ ট্রাইব্যুনাল আদালতে হাজির হলে বিচারক জাফরোল হাছান শুনানী শেষে তাকে জেলহাজতে প্রেরনের নির্দেশ দেন।
সকল এমপির ফেসবুক আইডি ভেরিফাইড হচ্ছে: তারানা হালিম-ইত্তেফাক
ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, বাংলাদেশের সকল সংসদ সদস্যের ফেসবুক আইডি ও পেজ ভেরিফাইড করে দিবে ফেসবুক কর্তৃপক্ষ। ফলে সংসদ সদস্যদের নামে যে ভুয়া অ্যাকাউন্ট খুলে সাধারণ মানুষকে বিভ্রান্তি করা, ভুল তথ্য দেয়ার মতো বিষয়গুলো বন্ধ হবে এই সুবিধায়।
উল্লেখ্য, ফেসবুক ভেরিফাইড হলো, আইডির পাশে ছোট্ট একটা নীল কালারের টিক চিহ্ন। সাধারণত কর্তৃপক্ষ কোন বিশেষ ব্যক্তির ( জনপ্রিয় অভিনয় শিল্পী, রাজনৈতিক নেতা, খেলোয়াড়, গুরুত্বপূর্ণ কোন ব্যক্তি) আইডি ভেরিফাই করে থাকে। এতে করে তাদের নামে যে সকল ভুয়া একাউন্টগুলো আছে সেগুলো বন্ধ হয়।
মুফতি হান্নানের ফাঁসি কার্যকরের চিঠি কারাগারে-কালের কণ্ঠ
সিলেটে সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা ও তিনজন নিহত হওয়ার ঘটনায় করা মামলায় জঙ্গি নেতা মুফতি আবদুল হান্নানের ফাঁসি কার্যকরের চিঠি কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে পৌঁছেছে।
আজ সোমবার সকাল ১০টার পর চিঠিটি গিয়েছে বলে নিশ্চিত করেছেন কারা অধিদপ্তরের উপমহাপরিদর্শক (প্রিজনস) মোহাম্মদ তৌহিদুল ইসলাম। তিনি বলেন, চিঠি পৌঁছেছে। এখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ফাঁসির কার্যকরের সময় ঠিক করা হবে।
শ্রোতা/ পাঠক ! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।
প্রধানমন্ত্রীর অফিসের বাইরে নগ্ন প্রতিবাদ-আজকাল
প্রধানমন্ত্রীর সচিবালয়ের বাইরে নগ্ন হয়ে কৃষক আত্মহত্যার প্রতিবাদ জানালেন তামিলনাড়ুর এক কৃষক। রাজ্যের কৃষকদের জন্য ৪০ হাজার কোটি টাকার ক্ষতিপূরণের দাবি জানিয়ে তামিলনাড়ু থেকে দিল্লি এসেছেন সাতজন কৃষক। কয়েক সপ্তাহ ধরে তাঁরা যন্তরমন্তরে প্রতিবাদ চালাচ্ছেন। তাঁদের একটাই দাবি— প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান। তবে এখনও পর্যন্ত কোনও সাড়া মেলেনি। আজকে তাঁদের জানানো হয়, প্রধানমন্ত্রীর সাক্ষাত পাবেন না। তবে তাঁরা চাইলে প্রধানমন্ত্রীর অফিসে স্মারকলিপি জমা দিতে পারেন। সেইমতো যন্তরমন্তর থেকে তাঁদের প্রধানমন্ত্রীর অফিসের বাইরে নিয়ে যেতে থাকে পুলিস। এরমধ্যেই একজন পুলিস ভ্যান থেকে লাফিয়ে রাস্তায় নগ্ন হয়ে যায়। এরপর তাঁর সঙ্গে প্রতিবাদে সামিল হয় আরও দুই কৃষক। এর আগে তাঁরা মৃত কৃষকদের কঙ্কাল দেখিয়ে, ইঁদুর খেয়ে প্রতিবাদ করেছিলেন।
রাষ্ট্রপতি হওয়ার দৌড়ে থাকছেন না, জানিয়ে দিলেন আদবানী-সংবাদ প্রতিদিন
রাষ্ট্রপতি পদে দ্বিতীয়বার আর থাকতে চান না প্রণব মুখোপাধ্যায়৷ এই কথা জানাজানি হতেই শোনা যাচ্ছিল গুঞ্জন৷ তবে কি এবার রইসিনা হিলসের মালিকানা পেতে চলেছেন প্রবীণ বিজেপি নেতা লালকৃষ্ণ আদবানী? শোনা গিয়েছিল, স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রথম পছন্দ তিনি৷ রাষ্ট্রপতি পদের মাধ্যমেই আদবানীকে ‘গুরুদক্ষিণা’ দিতে চান মোদি৷ গুজরাটের সোমনাথে দলীয় বৈঠকেও নাকি এই প্রস্তাব দেওয়া হয়েছিল৷ যাতে শামিল হয়েছিলেন বিজেপির শীর্ষ নেতারাও৷ ছিলেন আদবানীও৷
মমতার প্রস্তাবে অস্বস্তিতে দিল্লি, হতাশ হাসিনাও –বর্তমান
মমতা বন্দ্যোপাধ্যায়ের রফাসূত্র মানতে হলে তিস্তা প্রসঙ্গে পাকাপাকি ইতি টানতে হয়। যা ভারত সরকার তো বটেই, বাংলাদেশের কাছে কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। তাই ২৪ ঘণ্টা কেটে গেলেও দিল্লি বা ঢাকা মমতার বিকল্প প্রস্তাব নিয়ে কোনও উচ্চবাচ্যই করছে না। দুই সরকারি সূত্রেই জানা যাচ্ছে, তিস্তার বদলে তোর্সার ফরমুলা মেনে সম্পূর্ণ জলবণ্টন পরিকল্পনার কেঁচে গন্ডুষ করতে ঢাকা, দিল্লি কেউই রাজি নয়। বরং মমতার পালটা চালে নরেন্দ্র মোদি চাপে। হাসিনা হতাশ।#
র্সটুডে/গাজী আবদুর রশীদ/১০