বিএনপির স্থায়ী কমিটির বৈঠক-ভারত সফরে কিছুই পায়নি বাংলাদেশ
শ্রোতা/ পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আজ ১১ এপ্রিল মঙ্গলবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।
বাংলাদেশের শিরোনাম:
- নির্যাতনের পর রাজনকে পানি না দেয়া অমানবিক: আদালত-কালের কণ্ঠ
- বিএনপির স্থায়ী কমিটির বৈঠক-ভারত সফরে কিছুই পায়নি বাংলাদেশ–যুগান্তর
- ঢাকায় নববর্ষে নিরাপত্তায় ১১ হাজার পুলিশ-প্রথম আলো
- আন্তর্জাতিক ইনকামিং কল দেড় বছরে সরকারের ক্ষতি দুই হাজার কোটি টাকা-ইত্তেফাক
- বর্তমান সরকারের আমলেই তিস্তাচুক্তি হবে : ওবায়দুল কাদের-মানবজমিন
- বিএনপি জনগণকে বিভ্রান্ত করছে : হাছান মাহমুদ-নয়া দিগন্ত
ভারতের শিরোনাম:
- কুলভূষণকে বাঁচাতে সংসদে চাপ সরকারকে-আজকাল
- বকেয়া মেটান, মোদিকে মমতা -বর্তমান
- ফাঁসি দেওয়ার ফল কী হবে, ভেবে নিক পাকিস্তান: চরম হুঁশিয়ারি সুষমার-আনন্দবাজার
- মোদির শিক্ষাগত যোগ্যতা জানতে চেয়ে গ্রেপ্তারের মুখে কেজরি -সংবাদ প্রতিদিন
শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত কয়েকটি খবরের গুরুত্বপূর্ণ অংশ। প্রথমে বাংলাদেশ..
ঢাকায় নববর্ষে নিরাপত্তায় ১১ হাজার পুলিশ-প্রথম আলো
পয়লা বৈশাখে জননিরাপত্তা নিশ্চিত করতে পুরো ঢাকা মহানগরকে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) আছাদুজ্জামান মিয়া।
আজ ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে পয়লা বৈশাখে নিরাপত্তার বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয়।
এ সময় ডিএমপি কমিশনার বলেন, রমনা, সোহরাওয়ার্দী উদ্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে ১১ হাজার পুলিশ সদস্যের পাশাপাশি সাদাপোশাকে পুলিশের গোয়েন্দা শাখার সদস্যরা দায়িত্ব পালন করবেন। উৎসব উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়, সোহরাওয়ার্দী উদ্যান ও রমনা পার্ক এলাকা যানবাহনমুক্ত থাকবে। তিনি বলেন, উত্তরের বাংলামোটর ক্রসিং; পশ্চিমে কাঁটাবন, নীলক্ষেত ও পলাশি ক্রসিং; দক্ষিণে বকশীবাজার, শহীদুল্লাহ হল, রোমানা চত্বর ও সরকারি কর্মচারী হাসপাতাল ক্রসিং এবং পূর্বে জিরো পয়েন্ট ইউবিএল ও কাকরাইল চার্চ ক্রসিং এলাকা দিয়ে কোনো যানবাহন ঢাকা বিশ্ববিদ্যালয়, রমনা পার্ক ও সোহরাওয়ার্দী উদ্যানে ঢুকতে পারবে না।
আন্তর্জাতিক ইনকামিং কল দেড় বছরে সরকারের ক্ষতি দুই হাজার কোটি টাকা-ইত্তেফাক
বিদেশ থেকে আসা বৈধ কলের সংখ্যা কমেই চলেছে। পাশাপাশি কমছে সরকারের রাজস্বও। অথচ যারা বিদেশ থেকে এই কল আনছেন তাদের আয় কমছে না। গত দেড় বছরে সরকার অন্তত দুই হাজার কোটি টাকা রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে। সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দাম দিয়ে বিদেশ থেকে কল আনছে ইন্টারন্যাশনাল গেটওয়ে বা আইজিডাব্লিউ কোম্পানিগুলো। কিন্তু সেই বেশি টাকার রাজস্ব পাচ্ছে না সরকার। কোম্পানিগুলো নিজেরাই অতিরিক্ত টাকা লুটে নিচ্ছে।
মোবাইল ফোন অপারেটরদের সংগঠন অ্যামটবের দেওয়া এক হিসেবে এই চিত্র ফুটে উঠেছে। বিদেশ থেকে আনা কলের রেট সরকার দেড় সেন্ট (এক টাকা ২০ পয়সা) নির্ধারণ করে দিলেও অপারেটররা আনছে দুই সেন্ট (এক টাকা ৬০ পয়সা) করে। কিন্তু অতিরিক্ত যে টাকা আইজিডাব্লিউ কোম্পানিগুলো আয় করছে তার রাজস্বও পাচ্ছে না সরকার। সবার চোখের সামনে এই অনিয়ম দিনের পর দিন চললেও কেউ এর বিরুদ্ধে কোন ব্যবস্থা নিচ্ছে না।
বিএনপির স্থায়ী কমিটির বৈঠক-ভারত সফরে কিছুই পায়নি বাংলাদেশ–যুগান্তর
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে হতাশ ও ক্ষুব্ধ বিএনপি। এ সফরে দেশের জনগণ কিছুই পায়নি বলে মনে করে দলটি। দেশের জনগণের স্বার্থকে উপেক্ষা করে বিভিন্ন চুক্তি ও সমঝোতা স্মারকে সই করায় সরকারবিরোধী জনমত তৈরির সিদ্ধান্ত নিয়েছে দলটির হাইকমান্ড। বৈঠকে এক নেতা বলেন, ভারত যা চেয়েছে, নতজানু সরকার তা সব দিয়েছে। বিনিময়ে আমরা কিছুই পাইনি। তিস্তা চুক্তি হয়নি, বাণিজ্য ঘাটতি, সীমান্তে হত্যা নিয়ে কোনো আশার বাণী নেই।
আরেক নেতা বলেন, ভারত অন্য দেশ থেকে অস্ত্র আমদানি করে সেই দেশ থেকে কিভাবে আমরা অস্ত্র কিনব। ভারত যে সাড়ে চারশ’ কোটি টাকার ঋণ সহায়তা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে, তাও কঠিন শর্তের বেড়াজালে আবদ্ধ। বৈঠকে সরকারবিরোধী জনমত তৈরির সিদ্ধান্ত নেয়া হয়।
সোমবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে প্রধানমন্ত্রীর ভারত সফরসহ সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।
বর্তমান সরকারের আমলেই তিস্তাচুক্তি হবে : ওবায়দুল কাদের-মানবজমিন
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি সরকারের আমলেই তিস্তার পানি বণ্টন তথা তিস্তাচুক্তি সম্পাদিত হবে। চুক্তির খসড়া তৈরি হয়ে আছে, শুধু অনুমোদন করে এগ্রিমেন্টে রূপ দেয়া বাকি।
মন্ত্রী আরো বলেন, আগামী নির্বাচনে জনগণের ভোটে হেরে যাওয়ার ভয়ে বিএনপি ভারতবিরোধী রাজনীতির ভাঙা রেকর্ড বাজাচ্ছে। বাংলাদেশের জনগণ চাইলে বার বার আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে পারে, ভারত নয় বাংলাদেশের জনগণই আওয়ামী লীগকে ক্ষমতায় বসাবে। গতকাল সেতুমন্ত্রী এসব কথা বলেন।
প্রধানমন্ত্রীর ভারত সফরে জনগণের আশা পূরণ হয়নি : মির্জা ফখরুল-নয়া দিগন্ত
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে সফরে দেশের মানুষের আশা পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, বাংলাদেশের মানুষ যা চেয়েছিল, ন্যুনতম আমার পানি বাঁচার জন্যে, আমার বেঁচে থাকার জন্যে, প্রায় তিনভাগের এক ভাগ মানুষ যে নদীর ওপর নির্ভর করে, কোটির উপরের বেশি মানুষে জীবন চলে, সেই নদীর পানির একটা মীমাংসা হবে, চুক্তি হবে। দুখজনক হলো সেটা হয়নি।
দৈনিকটির অন্য একটি খবরের শিরোনাম-বিএনপি জনগণকে বিভ্রান্ত করছে : হাছান মাহমুদ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর নিয়ে বিএনপি জনগণকে বিভ্রান্ত করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি।
জনগণকে বিভ্রান্ত না করার আহবান জানিয়ে তিনি বলেছেন, বাংলাদেশের প্রতিরক্ষা নিয়ে ভারতের সাথে সরকারের কোনো চুক্তি হয়নি। তাদের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে মাত্র। এটা নিয়ে বিএনপি কেন বিরোধিতা করছে তা বোধগোম্য নয়। প্রধানমন্ত্রীর ভারত সফরের বিরোধিতা করে বিএনপি জনগণকে বিভ্রান্ত করছে।
রায় ফাঁসের মামলায় মুক্তি পাচ্ছেন ব্যারিস্টার ফখরুল আপিল বিভাগে এক বছরের জামিন বহাল
রায় ফাঁসের মামলায় ব্যারিস্টার ফখরুল ইসলামকে হাইকোর্টের দেয়া এক বছরের জামিন বহাল রেখেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন। এর আগে ৪ এপ্রিল হাইকোর্ট ফখরুলকে এক বছরের জামিন মঞ্জুর করেছিল। আপিল বিভাগ ঐ জামিন বহাল রাখায় ফখরুলের কারামুক্তিতে আইনগত আর কোন বাধা থাকল না।
নির্যাতনের পর রাজনকে পানি না দেয়া অমানবিক: আদালত-কালের কণ্ঠ
সিলেটের সবজিবিক্রেতা শিশু সামিউল আলম রাজনকে নির্যাতনের পর পানি না দেওয়ার ঘটনাটি অমানবিক। এই হত্যা মামলায় এমনটাই পর্যবেক্ষণ দিয়েছেন হাইকোর্ট। আদালত বলেছেন, এই মামলায় উদ্দেশ্য খোঁজার (ইনটেনশন) প্রয়োজন নেই। ঘটনার প্রেক্ষাপটে তাৎক্ষণিক উদ্দেশ্য তৈরি হতে পারে। আজ রাজন হত্যা মামলায় চার আসামির মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। পাশাপাশি তিন আসামির সাত বছর করে কারাদণ্ড ও দুই আসামির এক বছর করে সাজার রায় বহাল রেখেছেন আদালত। তবে যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া এক আসামির সাজা বদলে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
শ্রোতা/ পাঠক ! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।
বকেয়া মেটান, মোদিকে মমতা-তিস্তার ব্যাপারে কথা হয়নি, রাজ্যের দাবি জানিয়েছি: মুখ্যমন্ত্রী-বর্তমান
বার বার বলা সত্ত্বেও রাজ্যের ঋণ তো মেটাননি। কোনও ছাড়ও মিলল না। এখন রাজ্যের পাওনা টাকাও দিচ্ছেন না। সব মিলিয়ে ১০ হাজার ৪৬৯ কোটি টাকা পাব। সেটাও আটকে রাখলে রাজ্য চালাব কী করে? রাজস্বের প্রায় সবই তো নিয়ে নিচ্ছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে মুখোমুখি বৈঠকে আজ এই মর্মেই রাজ্যের পাওনা বকেয়া প্রসঙ্গে জোর সওয়াল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে সরাসরি তিস্তার কথা না তুলেও ফরাক্কা ব্যারেজের উদাহরণ টেনে তিস্তা নিয়ে মমতা তাঁর আপত্তির কথা প্রধানমন্ত্রীকে বোঝানোর চেষ্টা করেছেন বলে জানা গিয়েছে।
মোদির শিক্ষাগত যোগ্যতা জানতে চেয়ে গ্রেপ্তারের মুখে কেজরি -সংবাদ প্রতিদিন
প্রধানমন্ত্রীর শিক্ষাগত যোগ্যতা কী। জানতে চেয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। অভিযোগ করেছিলেন যে, সঠিক তথ্য সাধারণকে জানানো হচ্ছে না। এবার তা নিয়ে ঘোর বিপাকে পড়লেন তিনি। অসমের এক আদালত এবার দায়ের করা অভিযোগের ভিত্তিতে কেজরির বিরুদ্ধে জামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করল।
কুলভূষণকে বাঁচাতে সংসদে চাপ সরকারকে-আজকাল
কুলভূষণ যাদবের মৃত্যুদণ্ড নিয়ে উত্তাল সংসদ। ব্যর্থ পাকিস্তান নীতি নিয়ে কংগ্রেস সহ বিরোধীদের প্রশ্নের মুখে পড়ল মোদি সরকার। ভারতীয় নৌসেনার প্রাক্তন অফিসারকে সোমবার মৃত্যুদণ্ড দিয়েছে পাকিস্তানের সেনা আদালত। মঙ্গলবার সংসদে লোকসভা অধিবেশন শুরু হতেই সেই সিদ্ধান্তের সমালোচনায় সুর চড়ায় কংগ্রেস। ২০১৫–র ২৫ ডিসেম্বর পাকিস্তানি প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে লাহোর গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তা সত্ত্বেও দুই দেশের কূটনৈতিক সম্পর্ক ক্রমশ তলানিতে এসে ঠেকেছে। মোদির ব্যর্থ পাকিস্তান নীতি নিয়ে কেন্দ্রকে তুলোধনা করতে শুরু করেন বিরোধীরা। উঠে আসে কাশ্মীর প্রসঙ্গও।
ফাঁসি দেয়ার ফল কী হবে, ভেবে নিক পাকিস্তান: চরম হুঁশিয়ারি সুষমার-আনন্দবাজার
কুলভূষণ যাদবকে ফাঁসি দেওয়া হলে ফল কী হতে পারে, সে কথা ভেবে নিয়েই যেন এগোয় পাকিস্তান। এই ভাষাতেই হুঁশিয়ারি দিলেন ভারতের বিদেশ মন্ত্রী সুষমা স্বরাজ। ভারতীয় নৌসেনার প্রাক্তন কর্মীর বিরুদ্ধে চরবৃত্তির অভিযোগ তুলে সে দেশের সেনা আদালত যে ভাবে ওই ভারতীয় নাগরিকের মৃত্যুদণ্ডের নির্দেশ দিয়েছে, তার প্রেক্ষিতে মঙ্গলবার সকাল থেকেই সরগরম সংসদ।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১১