নিখোঁজের ৫ বছর এখনও অপেক্ষায় ইলিয়াস আলীর পরিবার
শ্রোতা/ পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আজ ১৭ এপ্রিল সোমবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।
বাংলাদেশের শিরোনাম:
- সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করে রিট-ইত্তেফাক
- নিখোঁজের ৫ বছর এখনও অপেক্ষায় ইলিয়াস আলীর পরিবার-যুগান্তর
- স্কুলছাত্রী রিশা হত্যা মামলার বিচার শুরু-প্রথম আলো
- রাজধানীজুড়ে বাসের কৃত্রিম সংকট! -কালের কণ্ঠ
- বঙ্গবন্ধু স্যাটেলাইটের রেপ্লিকা প্রধানমন্ত্রীর হাতে-বাংলাদেশ প্রতিদিন-
- ব্যাংকিং খাতের ১৬ হাজার কোটি টাকা হাওয়া-নয়া দিগন্ত
ভারতের শিরোনাম:
- ফের ছেলের ওপর চটলেন মুলায়ম-আজকাল
- মুসলিমদের পাশে টানার বার্তা মোদীর-আনন্দবাজার-আনন্দবাজার
- প্রধানমন্ত্রীকে বিদ্রূপ শিব সেনার, তুলনা আলেকজান্ডার-নেপোলিয়নের সঙ্গে-সংবাদ প্রতিদিন
- বিজেপি-বিরোধী জোট নিয়ে মমতার সঙ্গে কথা চান নবীন-বর্তমান
শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত খবরের গুরুত্বপূর্ণ অংশ তুলে ধরছি..
ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন নিয়ে নানা খবর প্রকাশিত হয়েছে আজের জাতীয় দৈনিক এবং অনলাইন পোর্টালগুলোতে।
এ সম্পর্কে কালের কণ্ঠের খবর- মুজিবনগর দিবস উপলক্ষে আজ ৩২ নম্বরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপির সমালোচনা করে বলেছেন, বিএনপি ইস্যু তৈরির কারখানা। তাদের কোনো রাজনৈতিক কর্মসূচি নেই।
তিস্তা চুক্তি যেন না হয়, সে জন্য বিএনপি ভারত সরকারের একজন মন্ত্রী ও তৃণমূলের সঙ্গে যোগাযোগ করেছে বলে কিছু গণমাধ্যমের খবর প্রসঙ্গে তিনি বলেন যে কিছু জানেন না। তবে শেখ হাসিনা সরকারের আমলে তিস্তা চুক্তি যেন না হয়, সেটা বিএনপির লক্ষ্য ও উদ্দেশ্য। মুজিবনগর দিবসের ইতিহাস তুলে ধরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আজকের দিনের শপথ সন্ত্রাস-জঙ্গিবাদমুক্ত, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়া।
সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করে রিট-ইত্তেফাক
নিজ দলের বিপক্ষে ভোট দিলে সংসদ সদস্য পদ শূন্য সংক্রান্ত সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টের রিট দায়ের করা হয়েছে। রিটে এই অনুচ্ছেদকে কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না এই মর্মে রুল জারির জন্য আদালতে প্রার্থনা করা হয়েছে।
সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট ইউনুস আলী আকন্দ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট দায়ের করেন।
নিখোঁজের ৫ বছর এখনও অপেক্ষায় ইলিয়াস আলীর পরিবার-যুগান্তর
পাঁচ বছর পেরিয়ে গেছে। এখনও অপেক্ষায় আছি, তিনি ফিরবেন। সব সময় একটি ব্রেকিং নিউজের অপেক্ষায় থাকি। কখনও হয়তো টেলিভিশন স্ক্রলে দেখা যাবে ইলিয়াস আলীর খোঁজ মিলেছে।’ রোববার যুগান্তরের কাছে এভাবেই স্বামীকে ফিরে পাওয়ার অপেক্ষার কথা জানান ৫ বছর ধরে নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদী লুনা। বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি এম. ইলিয়াস আলীর নিখোঁজের পাঁচ বছর পূর্ণ হচ্ছে আজ।
২০১২ সালের ১৭ এপ্রিল রাতে ইলিয়াস আলীর ব্যবহৃত গাড়িটি রাজধানীর মহাখালী এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছিল পুলিশ। সেই থেকে ইলিয়াস আলীর কোনো খোঁজ পাওয়া যায়নি। তার সঙ্গে নিখোঁজ হন ব্যক্তিগত গাড়িচালক আনসার আলী। নিখোঁজ হওয়ার পর থেকে স্বামীকে খুঁজে পাওয়ার আশায় আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তার কাছে গিয়েছেন ইলিয়াস আলীর স্ত্রী লুনা। এমনকি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছেও গিয়েছেন তিনি।
এ বিষয়ে বনানী থানার পরিদর্শক (তদন্ত) আবদুল মতিন যুগান্তরকে বলেন, ইলিয়াস আলী নিখোঁজের বিষয়ে এখনও অনুসন্ধান চলছে। নিখোঁজের পর থেকেই আদালতে প্রতিমাসে অগ্রগতি প্রতিবেদন দেয়া হচ্ছে। সর্বশেষ মার্চ মাসেও প্রতিবেদন জমা দেয়া হয়েছে। তবে এখন পর্যন্ত ইলিয়াস আলীর নিখোঁজের বিষয়ে সুনির্দিষ্ট কোনো অগ্রগতি নেই। তবে তদন্ত অব্যাহত আছে।
স্কুলছাত্রী রিশা হত্যা মামলার বিচার শুরু-প্রথম আলো
রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের শিক্ষার্থী সুরাইয়া আক্তার রিশা হত্যা মামলার একমাত্র আসামির বিরুদ্ধে বিচারকাজ শুরু করেছেন আদালত। আগামী ৮ মে মামলার সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করা হয়েছে। আজ সোমবার ঢাকার অষ্টম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. আবুল কাশেম এই দিন ধার্য করেন।
এর আগে মামলার একমাত্র আসামি ওবায়দুল খানকে আদালতে হাজির করা হয়। অভিযোগ গঠনের সময় নিজেকে তিনি নির্দোষ দাবি করে আদালতের কাছে ন্যায়বিচার চান।রিশার মা তানিয়া হোসেন আজ আদালতে হাজির ছিলেন। পরে তিনি প্রথম আলোকে বলেন, তিনি দ্রুত এই মামলার নিষ্পত্তি চান এবং আসামির দৃষ্টান্তমূলক শাস্তি চান।
রাজধানীজুড়ে বাসের কৃত্রিম সংকট! -কালের কণ্ঠ
সরকারি সিদ্ধান্তকে নগরবাসীর কাছে দুঃসহ করে তুলতে সড়কে বাসের কৃত্রিম সংকট সৃষ্টি করেছেন মালিকরা। স্বাভাবিকের তুলনায় আজ সোমবার রাজধানীর রাজপথে কম সংখ্যক বাস নামিয়েছেন তারা। তাই সিটিং সার্ভিস বন্ধের দ্বিতীয় দিনও প্রথম দিনের মতোই দুর্ভোগ পোহাতে হচ্ছে নগরবাসীকে।
দৈনিকটির অন্য একটি খবরে লেখা হয়েছে, গুলিস্তান থেকে বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাওয়া পরিবহন বাসসহ বেশ কিছু বাস লোকাল চলছে। তারা যাত্রীদের কাছ থেকে সিটিং ভাড়া নিচ্ছে বলে অভিযোগ রয়েছে।
ব্যাংকিং খাতের ১৬ হাজার কোটি টাকা হাওয়া-নয়া দিগন্ত
অনিয়ম ও ঋণ কেলেঙ্কারিতে জর্জরিত দেশের ব্যাংকিং খাত। নামে বেনামে ঋণ যেমন বেড়েছে; তেমনি বেড়েছে ঋণ নিয়ে ফেরত না দেয়ার প্রবণতা। এ কারণে ব্যাংকিং খাতে বেড়ে গেছে আদায় অযোগ্য খেলাপি ঋণ। বলা চলে ব্যাংকিং খাতের মোট খেলাপি ঋণের প্রায় ৮০ শতাংশই হচ্ছে কুঋণ, এর পরিমাণ প্রায় ৯০ হাজার কোটি টাকা। তবে মোটা দাগে গত কয়েক বছরে ঋণ অনিয়মের সবচেয়ে আলোচিত ৯ ঘটনায় প্রায় ১৬ হাজার কোটি টাকা হাওয়া হয়ে গেছে। এ ঋণের বেশির ভাগই আদায় করা যাবে না, যা ব্যাংকগুলোর জন্য এখন বোঝা। এর বাইরে আলোচিত ঘটনার মধ্যে রয়েছে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি। এতে চুরি হয়ে যায় ৮০০ কোটি টাকা। এই টাকার কিছু অংশ পাওয়া গেলেও বেশির ভাগই এখনো পাওয়া যায়নি। আদৌ পাওয়া যাবে কি না তা নিয়েও রয়েছে শঙ্কা।
শ্রোতাবন্ধুরা/ পাঠক ! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।
মুসলিমদের পাশে টানার বার্তা মোদীর-আনন্দবাজার
মোদী-যোগী যুগে হিন্দুত্বের চড়া দাগে ভারসাম্য আনতে সংখ্যালঘুদের মন ছুঁতে চাইলেন প্রধানমন্ত্রী। জাতীয় কর্মসমিতির শেষ দিনে দু-দু’বার মুসলিমদের পাশে টানার বার্তা দিলেন নরেন্দ্র মোদী।
একবার তিন তালাকের প্রসঙ্গ তুলে মুসলিম মহিলাদের প্রতি সুবিচারের কথা বললেন। অন্য বার বললেন ‘নতুন ভারত’-এর স্বপ্নে পিছিয়ে পড়া মুসলিমদেরও সঙ্গে নিয়ে তাঁদের সামাজিক ন্যায় দেওয়ার কথা।
অনগ্রসর শ্রেণির জন্য সাংবিধানিক মর্যাদাপ্রাপ্ত জাতীয় কমিশন তৈরির জন্য লোকসভায় বিল পাশ করিয়েছে মোদী সরকার। তা আটকে গিয়েছে রাজ্যসভায়। ভুবনেশ্বরের বৈঠকে ওবিসি নিয়েই পেশ হল প্রস্তাব। সেখানেই মোদী বললেন, মুসলিমদের পিছিয়ে পড়া অংশকেও এতে টানতে হবে। কারণ, এতে সুবিধাভোগী তাঁরাও।
ফের ছেলের ওপর চটলেন মুলায়ম-আজকাল
জোট প্রসঙ্গে ফের ছেলের ওপর চটে গেলেন মুলায়ম সিং যাদব। বসপা–সপা জোট কোনওভাবেই সম্ভব নয় বলে সাফ জানিয়ে দিলেন। তাঁর মতে, ‘সমাজবাদী পার্টি একা লড়তে সক্ষম। মায়াবতীর সঙ্গে জোটের প্রশ্নই ওঠে না।’ মার্চ মাসের বিধানসভা ভোটে সংখ্যা গরিষ্ঠতা পেয়ে উত্তরপ্রদেশ ছিনিয়ে নিয়েছে বিজেপি। সদ্য সমাপ্ত উপ নির্বাচনে অন্য রাজ্যগুলিতেও ভাল ফল করেছে তারা। এমত অবস্থায় ২০১৯–এর লোকসভা ভোটে বিজেপিকে রুখতে সব বিরোধী দলগুলিকে একজোট হতে আহ্বান জানিয়েছেন বহুজন সমাজ পার্টির নেত্রী মায়াবতী। শুক্রবার দলের সদস্যদের উদ্দেশে তিনি বলেন, ‘গণতন্ত্র রক্ষার স্বার্থে সমস্ত বিজেপি বিরোধী দলগুলিকে একজোট হতে হবে।’ ২৪ ঘণ্টা পর লখনউতে বসে তাতে সমর্থন জানান উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং মুলায়ম পুত্র অখিলেশ যাদব। বলেন, ‘মহাজোট তৈরি হওয়া উচিত। আমাদের মত আছে।’ ছেলের এমন মন্তব্যেই চটেছেন সপা কুলপতি মুলায়ম। তাঁর বারণ সত্ত্বেও বিধানসভা ভোটে কংগ্রেসের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন অখিলেশ। তার চরম মূল্য চোকাতে হয়েছে দলকে।
প্রধানমন্ত্রীকে বিদ্রূপ শিব সেনার, তুলনা আলেকজান্ডার-নেপোলিয়নের সঙ্গে-সংবাদ প্রতিদিন
সমালোচনা করা হল৷ তবে সরাসরি নয় একটু ঘুরিয়ে৷ পরোক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আলেকজান্ডার ও নেপোলিয়নের সঙ্গে তুলনা করল শিব সেনা৷ তাও আবার নিজেদের দলীয় মুখপাত্রে৷
কিছুদিন আগেই প্রধানমন্ত্রী বলেছিলেন বিজেপির লক্ষ্য কেবলমাত্র দলের শক্তি বৃদ্ধি করাই নয়, সমগ্র দেশের অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সমন্বয় সাধান করা এবং সেইসঙ্গে ভারসাম্য বজায় রাখা৷ এরপরই দলীয় মুখপাত্র ‘সামনা’র সম্পাদকীয় প্রতিবেদনে মোদির সমালোচনায় সরব হয় শিব সেনা৷ লেখা হয়, কোনও সোনালি সময়ই নির্দিষ্ট কোনও দলের জন্য হয় না তা হয় পুরো রাজ্য কিংবা দেশের সৌজন্যে৷ এটাই আমাদের বিশ্বাস৷ আলেকজান্ডার দ্য গ্রেট এবং নেপোলিয়নের মতো ব্যক্তিও নিজেদের রাজনৈতিক জীবনে সারা বিশ্বকে জয় করে উঠতে পারেননি৷ শুধু প্রধানমন্ত্রী মোদি নন এদিন জম্মু-কাশ্মীরের সামগ্রিক পরিস্থিতির জন্য বিজেপি-পিডিপি সরকারের কড়া সমালোচনা করে শিব সেনা৷
বিজেপি-বিরোধী জোট নিয়ে মমতার সঙ্গে কথা চান নবীন-বর্তমান
বিজেপির পূর্ব ভারত অভিযান ঠেকাতে আঞ্চলিক জোট চাইছেন নবীন পট্টনায়ক। মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায় ওদিশা আসছেন। তাঁর কর্মসূচি পুরীতে। কিন্তু বিজু জনতা দল সূত্রের খবর, নবীন চাইছেন মমতার সঙ্গে একবার বৈঠক হোক। এর কারণও আছে। আজই ভূবনেশ্বরের কর্মসমিতির বৈঠক থেকে বিজেপি তথা কেন্দ্রীয় সরকারই বস্তুত হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে,সারদা এবং রোজভ্যালি কান্ডে কাউকে ছাড়া হবে না।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৭