বিএনপিকে নির্বাচনে আনার চেষ্টা করুন- ফখরুল, বিএনপি নির্বাচনে অংশ নেবে-ওবায়দুল কাদের
শ্রোতা/পাঠক!! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আজ ২০ এপ্রিল বৃহষ্পতিবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।
বাংলাদেশের শিরোনাম:
- ভুটান থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী-ইত্তেফাক
- তনু হত্যার ১৩ মাস আজ ঘাতকরা ধরাছোঁয়ার বাইরে-ইত্তেফাক
- রূপপুর প্রকল্পের স্ট্রাকচার হেলে পড়েছে-যুগান্তর
- ইবির সেই অস্ত্রধারীই এখন ঢাবির সহকারী অধ্যাপক-যুগান্তর
- এবার হাকালুকিতে মরছে হাঁস, হতাশায় ভারী হাওর এলাকা-বাংলাদেশ প্রতিদিন
- বিএনপিকে নির্বাচনে আনার চেষ্টা করুন: ফখরুল-প্রথম আলো
- মাঠে নামতে পারাই ঢাকা মহানগর বিএনপির চ্যালেঞ্জ-প্রথম আলো
- ভূমি কার্যালয় পদে পদে হয়রানি, টাকায় মিলছে সেবা-এনটিভি বিডি অনলাইন
- ১০ টাকার কেজির চাল কালোবাজারে, গ্রেপ্তার ২-মানবজমিন
- মাদকের বিরুদ্ধে অভিযান দ্বিগুণ বেড়েছে-কালের কণ্ঠ
- যতদিন বাঁচব, আপসহীন সংগ্রাম চালিয়ে যাব : ড. কামাল-কালের কণ্ঠ
ভারতের শিরোনাম:
- এবার পুলিসের সঙ্গে বচসায় গায়কোয়াড়-আজকাল
- নাগরিকের জন্য রাষ্ট্র, রাষ্ট্রের জন্য নাগরিক নন: বোঝালেন মোদী-আনন্দবাজার
- দেশজুড়ে ব্যাপক ধরপাকড়, পুলিশের জালে ৩ সন্দেহভাজন আইএস জঙ্গি- সংবাদ প্রতিদিন
- নারদ কাণ্ডে উত্তাল কলকাতা পুরসভা-আজকাল
শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত খবরের গুরুত্বপূর্ণ অংশ তুলে ধরছি..
বিএনপিকে নির্বাচনে আনার চেষ্টা করুন: ফখরুল-প্রথম আলো
বিএনপিকে কীভাবে নির্বাচনে আনা যায়, সে চেষ্টা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, নিবন্ধন বাতিলের ভয় দেখিয়ে লাভ নেই। নির্বাচনের সময় নিরপেক্ষ সরকার ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না। আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এক প্রতিবাদ সভায় এ কথা বলেন তিনি।
এম ইলিয়াস আলীসহ দলের নেতা কর্মীদের গুম খুনের প্রতিবাদে সকাল সাড়ে ১০টায় দলের এ প্রতিবাদ সভার আয়োজন করে বিএনপি। এতে সভাপতিত্ব করেন বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান।
সভায় মির্জা ফখরুল বলেন, ‘বিএনপি নির্বাচনে যেতে চায়। বিএনপি একটি নির্বাচনমুখী দল। কিন্তু সে পথ তৈরি করতে হবে। আওয়ামী লীগ ক্ষমতায় থেকে কলকাঠি নাড়বে আর নির্বাচন করবে, তা হবে না, তা হবে না। নিরপেক্ষ সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন কমিশন ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না। বিএনপি ছাড়া কোনো নির্বাচন হতে পারে না।
প্রথম আলোর অন্য একটি খবরের শিরোনাম এরকম যে, মাঠে নামতে পারাই ঢাকা মহানগর বিএনপির চ্যালেঞ্জ-প্রথম আলো
সংগঠন গোছানো এবং নেতা-কর্মীদের নিয়ে মাঠে নামতে পারা হবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির নতুন নেতৃত্বের প্রধান চ্যালেঞ্জ। দলটির নেতা-কর্মীরা বলছেন, এর আগে দলের গুরুত্বপূর্ণ দুই নেতা সাদেক হোসেন খোকা ও মির্জা আব্বাস এ ক্ষেত্রে কার্যত ব্যর্থ হয়েছেন। বর্তমান প্রেক্ষাপট, অপেক্ষাকৃত তরুণ নেতৃত্ব ও কমিটি নিয়ে কিছু সংখ্যক নেতা-কর্মীর হতাশার কারণে শেষ পর্যন্ত নতুন কমিটি কতটুকু সফল হবে তা নিয়ে অনেকে সন্দিহান।
অবশ্য বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আশা করেন, ঢাকা মহানগর বিএনপির নতুন কমিটি সামনের দিনে আন্দোলন সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।
কাউয়া, ফার্মের মুরগি মুখ্য বিষয় নয়: কাদের-প্রথম আলো
আওয়ামী লীগে ‘কাউয়া’ ও ‘ফার্মের মুরগি’ ঢুকে গেছে বলে ইতিপূর্বে দেওয়া বক্তব্যকে ‘মজা করে বলেছি’ বলে দাবি করেছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘কাউয়া, ফার্মের মুরগি এগুলো মুখ্য বিষয় নয়, এটা গৌণ বিষয়। আর আমি এগুলো মজা করে বলেছি। তিন-চার ঘণ্টা নেতা-কর্মীরা বসে থাকে, তাদের রিফ্রেশমেন্টের দরকার আছে।’
গতকাল বুধবার সন্ধ্যায় আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে দলটির সম্পাদকমণ্ডলীর সভা শেষে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন ওবায়দুল কাদের। বিএনপি সম্পর্কে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, তাঁর দল ফাঁকা মাঠে গোল দিতে চায় না। আশা করি আগামী নির্বাচনে অংশ নেবে বিএনপি। তারা অংশ নিলে দেশ-বিদেশে নির্বাচনের বিশ্বস্ততা ও ইমেজ বাড়বে।
ভুটান থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী-ইত্তেফাক
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে ভুটানে তাঁর তিনদিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন। অটিজম বিষয়ক একটি আন্তর্জাতিক কনফারেন্সে যোগ দিতে প্রধানমন্ত্রী গত মঙ্গলবার তিনদিনের সরকারি সফরে ভুটান যান। বাংলাদেশ ও ভুটানের প্রধানমন্ত্রীর মধ্যকার দ্বিপক্ষীয় বৈঠকের মাধ্যমে ছয়টি চুক্তি এবং সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়।
তনু হত্যার ১৩ মাস আজ ঘাতকরা ধরাছোঁয়ার বাইরে-ইত্তেফাক
আজ বৃহস্পতিবার কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুর হত্যাকাণ্ডের ১৩ মাস পূর্ণ হয়েছে। কিন্তু তার (তনু) ঘাতকরা আজও শনাক্ত কিংবা গ্রেফতার হয়নি। যতই দিন যাচ্ছে তনুর বাবা-মা ও স্বজনদের মাঝে সুষ্ঠু তদন্ত আর বিচার পাওয়া নিয়ে ততই বাড়ছে সংশয় আর হতাশা।
তনুর বাবা-মা ও তার সহপাঠীসহ বিভিন্ন মহলের লোকজন বলছেন- ‘সেনানিবাসের মতো স্পর্শকাতর একটি এলাকা থেকে তনুর লাশ উদ্ধার করা হলো, অথচ এখনো কাউকে শনাক্ত করা গেল না- এটা কেমন বিষয়। তাকে তো কেউ না কেউ মেরেছে, জ্বীন বা ভুত-পেত্নিতো তাকে মেরে ফেলে যায়নি। তবে কেন ঘাতকরা আজও ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে।’ এদিকে তদন্তের অগ্রগতি নিয়ে সাংবাদিকদের নিকট মুখ খুলছেন না মামলার তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা।
কুমিল্লা সেনানিবাসের ভেতরের একটি জঙ্গল থেকে গত বছরের ২০ মার্চ রাতে কলেজছাত্রী সোহাগী জাহান তনুর লাশ উদ্ধার করা হয়। এদিকে দীর্ঘ এক বছরেও দেশব্যাপী আলোচিত তনু হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত বা গ্রেফতার করতে না পারা, বিভিন্ন সময়ে সামরিক-বেসামরিক অর্ধশতাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা, দুই দফা ময়নাতদন্তের প্রতিবেদনে মৃত্যুর কারণ অস্পষ্ট থাকা, এমনকি ডিএনএ পরীক্ষায় ৩ ধর্ষণকারীর শুক্রানু পেলেও এ পর্যন্ত ডিএনএ ম্যাচ করে ঘাতকদের সনাক্ত করতে না পারায় এ মামলার ভবিষ্যৎ কিংবা বিচার পাওয়া নিয়ে তনুর পরিবার, মানবাধিকার সংগঠনসহ বিভিন্ন মহল সংশয় প্রকাশ করেছে।
এবার হাকালুকিতে মরছে হাঁস, হতাশায় ভারী হাওর এলাকা-বাংলাদেশ প্রতিদিন
চৈত্র মাসের অকাল বন্যার পর কম ছিল হাকালুকি হাওরের পানি। কিন্তু এরই মধ্যে আবারও বয়ে গেছে কালবৈশাখী ঝড়। সেই ঝড়ের সাথে বাতাসে ছড়িয়ে পড়েছে দুর্গন্ধ। ধান পঁচে পানি দূষিত হয়ে গত ২-৩ দিন থেকে ব্যাপক হারে মাছে মড়ক লেগেছে। এতে ধান আর পচা মাছের দুর্গন্ধে ভারি হয়ে উঠেছে হাওরের বাতাস।
কৃষক আর হতদরিদ্রের বুকে হতাশার আরেক ধাক্কা দিয়েছে হাঁসের মড়ক। এশিয়ার বৃহত্তম হাওর হাকালুকিতে মরা মাছ ও পোকা খেয়ে মরছে পোষা হাঁস। ইতোমধ্যে সহস্রাধিক হাঁস মারা গেছে দাবি খামার মালিকদের। এদিকে হাকালুকিতে মাছ মড়ক বন্ধে কুলাউড়া উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে ছিটানো হচ্ছে চুন ও ঔষধ।
দৈনিকটির অন্য একটি খবর-হাওরের ক্ষতিগ্রস্তদের বিকল্প কর্মসংস্থান হবে'
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, হাওরের ক্ষতিগ্রস্ত অতিদরিদ্র শ্রেণীকে বিজিএফ’র মাধ্যমে খাদ্য সহায়তা এবং সাধারণ ক্ষতিগ্রস্তদের ১০ টাকা কেজি দরে খাদ্য শস্য সরবরাহ করা হবে। এসময় তাদেরকে বিকল্প কর্মসংস্থানেরও ব্যবস্থা করা হবে।
আজ বৃহস্পতিবার সিলেটের বালাগঞ্জ উপজেলা পরিষদে ওই এলাকার মানুষদের সাথে বন্যায় ক্ষয়ক্ষতি নিয়ে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।
রূপপুর প্রকল্পের স্ট্রাকচার হেলে পড়েছে-যুগান্তর
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকপ্লের নির্মাণাধীন একটি স্ট্রাকচার হেলে পড়েছে। বৃহস্পতিবার ভোরে লোহার স্ট্রাকচারটি পাশের ৩ নং ভবনের উপর হেলে পড়ে। তবে এতে কেউ হতাহত হয়নি। নাম প্রকাশে অনিচ্ছুক প্রকল্পের এক শ্রমিক জানান, মাটি ঠিকমত বসেনি (পায়েলিং)। এর ফলে বুধবার রাতের বৃষ্টিতে পিলারের নিচে মাটি ধসে যায়।
ইবির সেই অস্ত্রধারীই এখন ঢাবির সহকারী অধ্যাপক-যুগান্তর
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অস্ত্র চালানোর প্রশিক্ষণ নিতে গিয়ে সংবাদের শিরোনাম হওয়া সেই শিক্ষককে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়োগ দেয়া হয়েছে। প্রভাষক পদ থেকে সম্প্রতি তাকে পদোন্নতি দিয়ে সহকারী অধ্যাপক করা হয়েছে।
বিষয়টি নজরে আনলে এ নিয়ে ক্যাম্পাসে সমালোচনার ঝড় ওঠে। প্রাচ্যের অক্সফোর্ডখ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমন একজন সমালোচিত ও বিতর্কিত ব্যক্তিকে শিক্ষক নিয়োগ দেয়ায় ক্ষুব্ধ শিক্ষক-শিক্ষার্থীরা। এ ক্ষেত্রে কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে।
১০ টাকার কেজির চাল কালোবাজারে, গ্রেপ্তার ২-মানবজমিন
সিরাজগঞ্জের তাড়াশে সরকারের খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় কার্ডধারীদের মধ্যে বিক্রির ১০ টাকা কেজির চাল কালোবাজারে বিক্রির অভিযোগে ডিলার ও ভ্যান চালককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার উপজেলার নওগা ইউনিয়নের মহিষলুটি বাজারের ডিলার সুজন হাসান (২৫) দুলাল সরকারের ছেলে এবং ভ্যান চালক রাজিব হোসেন (২২) কালিদাশনিলি গ্রামের আমজাদ হোসেনের ছেলে।
মাদকের বিরুদ্ধে অভিযান দ্বিগুণ বেড়েছে-কালের কণ্ঠ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) মহাপরিচালক সালাহউদ্দিন মাহমুদ বলেন, 'মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছি আমরা। গত এক মাসে অধিদপ্তরের সামগ্রিক পরিকল্পনা এবং কাজে পরিবর্তনের ছোঁয়া লেগেছে। ইয়াবাসহ সব ধরনের মাদক উদ্ধারের পরিমাণ বেড়েছে প্রায় দ্বিগুণ। '
আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। গত ২৮ মার্চ ডিএনসির নতুন মহাপরিচালক হিসেবে যোগদানের পর
যতদিন বাঁচব, আপসহীন সংগ্রাম চালিয়ে যাব : ড. কামাল-কালের কণ্ঠ
শহীদদের মাটি কোনোদিন অন্যায়-অত্যাচার মেনে নেবে না। তোমরা যারা দুর্নীতি করছ, শুনে রাখ, বাংলাদেশের মাটি এটা সহ্য করবে না। তোমাদের পুর্ব পুরুষদের কী হয়েছে? রাঘব বোয়াল যারা দুর্নীতি করেছে, তারা কি ভালো আছে? তাদের কি পরিণতি হয়েছে? অবশ্যই আমরা এ দেশকে দুর্নীতিমুক্ত করতে পারব। সন্ত্রাসমুক্ত করতে পারব। আজ সকালে বেইলি রোডের নিজ বাসভবনের সামনে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন বিশিষ্ট আইনজীবী ও সংবিধানপ্রণেতা ড. কামাল হোসেন।
ভূমি কার্যালয় পদে পদে হয়রানি, টাকায় মিলছে সেবা-এনটিভি বিডি অনলাইন
ভূমি জটিলতা ও হয়রানি ঠেকাতে দেশের ২০টি উপজেলায় স্থাপিত হয়েছে ভূমি ডিজিটাল সেন্টার। নকশা, মৌজা, মিউটেশন, রেকর্ডের যাবতীয় তথ্য গ্রাহক এখন ঘরে বসেই ইন্টারনেটের মাধ্যমে দেখতে পাবেন।
কিন্তু তারপরও নকশা, মৌজা, খারিজ, পরচা, দলিল সম্পর্কিত যাবতীয় তথ্যের জন্য ভূমি কার্যালয়ে পদে পদে হয়রানির খবর নিত্যদিনের। টাকা ছাড়া সেখানে একটি কাজও হয় না—ভুক্তভোগীদের এমন অভিযোগের খবর স্থান পায় গণমাধ্যমে।
শুনানিসহ নানা রকম উদ্যোগ গ্রহণেও হয়রানির মাত্রা কমছে না বলে অভিযোগ ভূমি-সংক্রান্ত সেবা নিতে আসা ভুক্তভোগীদের।
শ্রোতাবন্ধুরা/ পাঠক ! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।
নাগরিকের জন্য রাষ্ট্র, রাষ্ট্রের জন্য নাগরিক নন: বোঝালেন মোদী-আনন্দবাজার
লালবাতি সংস্কৃতির সামনে লালবাতি জ্বালিয়ে দিল ভারত সরকার। বিভিন্ন স্তরের নেতা এবং সরকারি কর্তারা গাড়ির উপর বনবন করে লালবাতি ঘোরাতেই অভ্যস্ত এ দেশে। লালবাতি ঘুরিয়ে তাঁরা বুঝিয়ে দেন, গুরুত্বে তাঁরা সাধারণের অনেক উপরে। তাই লালবাতি সংস্কৃতির আর এক নাম ভিআইপি সংস্কৃতিও বটে। কিন্তু চলতি মাসটা কেটে গেলেই সে সংস্কৃতি অতীত। প্রধানমন্ত্রীর বার্তা— সব ভারতীয়ই ভিআইপি, কেউ আলাদা নন। অতএব, বিদায় লালবাতি।
বেশ কিছু পশ্চিমী দেশে রাষ্ট্রনায়করা নিজেদের ব্যক্তিগত কাজ সাধারণ নাগরিকের সঙ্গে মিলেমিশে সারতে অভ্যস্ত। স্বাস্থ্যকেন্দ্রে রাষ্ট্রপ্রধান সাধারণ নাগরিকের মতোই সারিবদ্ধ বা প্রধানমন্ত্রী ট্রেনে চড়ে বাড়ি থেকে দফতরের পথে— এ দৃশ্য বিরল নয় অনেক দেশেই। কিন্তু ভারতে প্রায় কল্পনাই করা যেত না এই দৃশ্য এত দিন, যেন বহু দূরের বিচ্ছিন্ন দ্বীপ কোনও। আপৎকালীন যানবাহন ছাড়া বাকি প্রায় সব যানবাহনের মাথা থেকে বেকন বাতি নিঃশেষে সরিয়ে ফেলার সিদ্ধান্তে সিলমোহর দিয়ে সেই যুগে দাঁড়ি টেনে দেওয়ার লক্ষ্যে পদক্ষেপ করল নরেন্দ্র মোদীর সরকার।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যথার্থ অবস্থানই নিয়েছেন— সব ভারতীয়ই ভিআইপি, বার্তা তাঁর।
দেশজুড়ে ব্যাপক ধরপাকড়, পুলিশের জালে ৩ সন্দেহভাজন আইএস জঙ্গি- সংবাদ প্রতিদিন
বড়সড় নাশকতার ছক বানচাল করল পুলিশ৷ বৃহস্পতিবার, দেশজুড়ে চলা অভিযানে সন্ত্রাসদমন শাখার (এটিএস) হাতে ধরা পড়ল ৩ সন্দেহভাজন ইসলামিক স্টেট জঙ্গি৷
পুলিশ সূত্রে খবর, উত্তরপ্রদেশ পুলিশের এটিএস ও দিল্লি পুলিশের স্পেশ্যাল সেল-সহ পাঁচ রাজ্যের পুলিশের দেশ জুড়ে যৌথ অভিযান চালায়৷ দেশের পাঁচ রাজ্য মহারাষ্ট্র, পাঞ্জাব, বিহার, উত্তরপ্রদেশ ও দিল্লিতে সন্দেহভাজন জঙ্গিদের খোঁজে হানা দেয় পুলিশ৷ ওই অভিযানে মুম্বই, লুধিয়ানা ও বিজনোর থেকে তিন আইএস জঙ্গিকে জঙ্গিকে গ্রেপ্তার করা হয়৷ ধৃতদের মধ্যে দু’জনের নাম মুফতি ফায়জান ও তানজির আহমেদ বলে জানা গিয়েছে৷সূত্রের খবর আরও ৬ জন সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ৷ ধৃত জঙ্গিরা দেশজুড়ে নাশকতার ছক কষছিল বলে জানা গিয়েছে৷ এই অভিযান নিরাপত্তাবাহিনীর কাছে বড় সাফল্য বলে মনে করা হচ্ছে৷
এবার পুলিসের সঙ্গে বচসায় গায়কোয়াড়-আজকাল
বিতর্ক পিছু ছাড়তে নারাজ শিবসেনা সাংসদ রবীন্দ্র গায়কোয়াড়ের। একমাস আগেই এয়ার ইন্ডিয়ার এক কর্মীকে মারধর করে বিতর্কে জড়িয়েছিলেন তিনি। যার জেরে এয়ার ইন্ডিয়া তাঁকে দু সপ্তাহের জন্য কালো তালিকাভুক্ত করেছিল। কিছুদিন আগেই সেই নিষেধাজ্ঞা থেকে মুক্তি পান গায়কোয়াড়। এটিএম সমস্যা নিয়ে এক পুলিস কর্মীর সঙ্গে বচসা করে ফের নতুন করে বিতর্কে জড়ালেন শিবসেনা সাংসদ। সোশ্যাল মিডিয়ায় গায়কোয়াড়–পুলিসের এই ঝগড়ার ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে।
নারদ কাণ্ডে উত্তাল কলকাতা পুরসভা-আজকাল
নারদ কাণ্ড নিয়ে ফের উত্তাল কলকাতা পুরসভা। মেয়র ও ডেপুটি মেয়রের পদত্যাগের দাবিতে সোচ্চার বিরোধীরা।
এর আগেও পুরসভার অধিবেশনে নারদ কাণ্ড বেশ কয়েকবার উঠে আসে। কিন্তু এতদিন সেটা বিরোধীদের অভিযোগ বলে উড়িয়ে দিয়েছিলেন শাসকপক্ষ। এটি পুরসভার বিষয় নয়, তাই আলোচনাও হয়নি। বৃহস্পতিবার বাম ও কংগ্রেস সদস্যরা দাবি তোলেন, এটি পুরসভার বিষয় না হলেও এই ঘটনার জন্য কলকাতা পুরসভা কলঙ্কিত হয়েছে। এটা এখন আর নিছক রাজনৈতিক অভিযোগ নেই। সুপ্রিম কোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন। সিবিআই প্রাথমিক তদন্তের পর মেয়র, ডেপুটি মেয়রের নামে এফআইআর করেছে। এরপরেও মেয়র ও ডেপুটি মেয়র কেন পদত্যাগ করবেন না?
পুরসভার অধিবেশনে বিষয়টি তোলার চেষ্টা করলে অনুমতি দেওয়া হয়নি। প্রতিবাদে ওয়াকআউট করেন বিরোধীরা। বিক্ষোভে সামিল বিজেপি–ও। তাঁদের দাবি, বাম ও কংগ্রেস এখান থেকে রাজনৈতিক সুবিধা নিতে চাইছে।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২০