এপ্রিল ২২, ২০১৭ ১১:১২ Asia/Dhaka

শ্রোতা/ পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আজ ২২ এপ্রিল শনিবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।

বাংলাদেশের শিরোনাম: 

  • খালিয়াজুরীর হাওরে মাছ না ধরতে মাইকিং-ইত্তেফাক
  • কওমীর স্বীকৃতি নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী-যুগান্তর
  • চলতি বাজেট পুরোপুরি বাস্তবায়ন নিয়ে শঙ্কা-যুগান্তর
  • ঝিনাইদহের বাড়ি থেকে ১২ কনটেইনার বিস্ফোরকদ্রব্য উদ্ধার-প্রথম আলো
  • বিমানবন্দরে তিন কেজি কোকেন উদ্ধারনির্দলীয় সরকার ছাড়া নির্বাচনে যাবে না বিএনপি : মির্জা ফখরুল-নয়া দিগন্ত
  • জাতীয় কমিটির সংবাদ সম্মেলন-সড়ক পরিবহন খাতে সেনা মোতায়েনসহ ২৫ দফা সুপারিশ-কালের কণ্ঠ

ভারতের শিরোনাম:

  • ঐক্যবদ্ধ এডিএমকে, মুখ্যমন্ত্রী হচ্ছেন পনির!-আজকাল
  • বামেদের রাম-যাত্রা রোখার ডাক দিলেন মমতা-আনন্দবাজার 
  • যতই জেলে পোরো তৃণমূলকে ঠেকাতে পারবে না, বিজেপিকে আক্রমণ মমতার-বর্তমান
  • জঙ্গি হামলার পরিকল্পনা ফাঁস, পুলিশের নজরে ২০০০ মাদ্রাসা-মসজিদ-সংবাদ প্রতিদিন

শ্রোতা/ পাঠক!  শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত খবরের গুরুত্বপূর্ণ অংশ তুলে ধরছি..
ঝিনাইদহের বাড়ি থেকে ১২ কনটেইনার বিস্ফোরকদ্রব্য উদ্ধার-প্রথম আলো

ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি গ্রামে সন্দেহজনক ‘জঙ্গি আস্তানায়’ অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আজ শনিবার সকাল সোয়া নয়টার দিকে অভিযান শুরু হয়। বাড়িটি থেকে ১২ কনটেইনার বিস্ফোরকদ্রব্য উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ বেলা সাড়ে ১১টার দিকে বিস্ফোরকদ্রব্য উদ্ধারের বিষয়টি জানিয়েছেন।
গতকাল শুক্রবার বাড়িটিতে অভিযান চালিয়ে কোনো জঙ্গিকে পাওয়া যায়নি। সেখানে প্রচুর বিস্ফোরকদ্রব্য, গ্রেনেড ও বোমাভর্তি আত্মঘাতী বন্ধনী (সুইসাইডাল ভেস্ট) পাওয়া গেছে বলে জানায় ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট।

কওমীর স্বীকৃতি নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী-যুগান্তর

কওমী মাদ্রাসাকে স্বীকৃতি প্রদানে আওয়ামী লীগ সরকার আগের প্রতিশ্রুতির বাস্তবায়ন করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
শনিবার সকালে সাভার সিটি সেন্টারের সামনে বেদে সম্প্রদায়ের তৈরি পোশাক কারখানার শোরুমের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি একথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কওমী মাদ্রাসাকে প্রধানমন্ত্রীর এই স্বীকৃতি দেয়া নিয়ে নতুন করে কোনো প্রশ্ন তোলার সুযোগ নেই। প্রধানমন্ত্রী কয়েক বছর আগেই এ নিয়ে একটি কমিটি গঠন করেছিলেন। সেই কমিটির প্রধান ছিলেন হেফাজতের মাওলানা শাহ আহমদ শফী।
তিনি বলেন, পরে সেই কমিটির প্রধান এবং কমিটির অন্য আলেমরা একমত হয়ে প্রধানমন্ত্রীর কাছে আসেন, তখন তিনি কওমী মাদ্রাসার স্বীকৃতি দেন।

বাড়ছে সাইবার অপরাধ, বেশি শিকার নারীরা-প্রথম আলো

দেশে সাইবার অপরাধের সংখ্যা বাড়ছে। সেই সঙ্গে বাড়ছে মামলা এবং এ-সংক্রান্ত অভিযোগের সংখ্যাও।
মামলার তদন্ত কর্মকর্তারা বলছেন, দেশে মানহানি ও শ্লীলতাহানি-সংক্রান্ত সাইবার অপরাধের বেশির ভাগ হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে। যার বেশির ভাগ শিকার হচ্ছেন নারীরা। তাঁরা বলছেন, অনেকেই জানেন না যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে গেলে এ বিষয়ে তাঁরা সমাধান পাবেন। আর যাঁরা আসেন তাঁরা সামাজিকভাবে বিষয়টি জানাজানি হওয়ার ভয়ে মামলা পর্যন্ত যেতে চান না। ৮ মার্চ এক সেমিনারে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছিলেন, বাংলাদেশের ইন্টারনেট ব্যবহারকারী নারীদের ৭৩ শতাংশই নানা ধরনের সাইবার অপরাধের শিকার হচ্ছেন। এর ২৩ শতাংশই অভিযোগ করেন না বলে জানিয়েছিলেন তিনি। 
সিআইডির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. জালাল উদ্দীন ফাহিম প্রথম আলোকে বলেন, প্রেমিক-প্রেমিকার মধ্যে সম্পর্ক ভেঙে যাওয়ার পর দেখা যাচ্ছে, প্রেমিক তাদের অন্তরঙ্গ মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগমাধ্যম বা ওয়েবসাইটে ছেড়ে দিচ্ছে। এ ধরনের অভিযোগই বেশি পাওয়া যাচ্ছে। তিনি বলেন, সাইবার অপরাধ ঠেকানোর একটা বড় উপায় হচ্ছে সচেতনতা বাড়ানো। যাঁরা ইন্টারনেট ব্যবহার করছেন, তাঁদের অন্যের সঙ্গে ব্যক্তিগত তথ্য আদান-প্রদানের ক্ষেত্রে সচেতন হতে হবে।

নির্দলীয় সরকার ছাড়া নির্বাচনে যাবে না বিএনপি : মির্জা ফখরুল-নয়া দিগন্ত

সরকার ভারতকে খুশি করতেই রামপাল বিদ্যুতকেন্দ্র করছে মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্দলীয় ও নিরপেক্ষ সরকার ছাড়া বিএনপি আগামী নির্বাচনে যাবে না। সেইসাথে বিএনপি তার হারানো ঐতিহ্য পুনরুদ্ধারে কাজ করছে বলে মন্তব্য করেন তিনি।
আজ শনিবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কর্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব বলেন। 
নির্বাচনে বিএনপির অংশগ্রহণ নিয়ে মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, বিএনপি নির্বাচনে তখনই যাবে যখন সরকার নির্বাচনের পরিবেশ তৈরি করবে।
লাকী আখন্দের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও সংগীতজ্ঞ লাকী আখন্দের মৃত্যুতে শোক এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার রাতে প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সূত্রে এই তথ্য জানা গেছে। বাংলা সঙ্গীতাঙ্গনের কিংবদন্তি সংগীতশিল্পী লাকী আখন্দ শুক্রবার সন্ধ্যা সাড়ে ছটার দিকে রাজধানীর মিটফোর্ড হাসপাতালে মৃত্যুবরণ করেন (ইন্না......রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১

চলতি বাজেট পুরোপুরি বাস্তবায়ন নিয়ে শঙ্কা-যুগান্তর

বিগত কয়েক বছরের মতো চলতি বছরেও বাজেট বরাদ্দের একটি উল্লেখযোগ্য অংশ বাস্তবায়ন করা প্রায় অসম্ভব বলে আশঙ্কা প্রকাশ করেছেন অর্থনীতিবিদরা। কারণ জুলাই থেকে ফেব্রুয়ারি এ ৮ মাসে বাজেটের টাকা ব্যয় হয়েছে এক লাখ ৩১ হাজার ৮৫৩ কোটি টাকা। অর্থাৎ সম্পূর্ণ বাজেট বাস্তবায়ন করতে জুনের মধ্যে সরকারকে ব্যয় করতে হবে এক লাখ ৮৫ হাজার ৩২১ কোটি টাকা। ওই হিসাবে প্রতি মাসে এ ব্যয়ের পরিমাণ দাঁড়ায় ৪৬ হাজার ৩৩০ কোটি টাকা। অর্থনীতিবিদদের মতে, অর্থবছরের শুরুতে রাজনৈতিক উদ্দেশ্যে বড় আকারের বাজেট ঘোষণা দেয়া হয়। বছরের মাঝামাঝিতে তা কাটছাঁট করে আকার ছোট করা হয়। পাশাপাশি বাজেটে বরাদ্দ ব্যয়ের হার বেশি দেখাতে বছরের শেষ সময়ে তড়িঘড়ি করে খরচ করা হয় মোটা অঙ্কের টাকা। এতে ব্যাপকভাবে বেড়ে যায় দ–র্নীতি, অপচয় ও অপব্যবহার।

আর কোনোভাবেই নিশ্চিত করা সম্ভব হয় না কাজের গুণগত মান। এছাড়া একই সময়ে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নের কাজে হাত দেয়ায় বেড়ে যায় জনদুর্ভোগও।

খালিয়াজুরীর হাওরে মাছ না ধরতে মাইকিং-ইত্তেফাক

ক্ষতিকর অ্যামোনিয়া গ্যাসকে আপাতত চাপা রেখে মাছের মড়ক কমাতে পানির নিম্নস্তরে আন্দোলিত করে মাছ না ধরার জন্য শনিবার খালিয়াজুরীর বিভিন্ন মসজিদে প্রশাসনের উদ্যোগে মাইকিং করা হয়েছে।
 
উপজেলা মত্স্য কর্মকর্তা তানবীর আহাম্মেদ জানান, সম্প্রতি অকাল বন্যায় ধান গাছ পঁচে হাওরের পানিতে প্রচণ্ড আকারে অ্যামোনিয়া গ্যাসের সৃষ্টি হয়েছে। চলতি সপ্তাহে খালিয়াজুরীর চৌতারা, ধুলিমাটি, রাঙ্গামাটি, ছায়া বিল, রৌয়াইল বিলসহ বিভিন্ন হাওরে ৫ শতাধিক মে. টন মাছ মরে প্রায় ১৬ কোটি টাকার ক্ষতি হয়েছে। এখানকার আরো ৭ হাজার মে. টন মাছ যেন অ্যামোনিয়া গ্যাসের বিরূপ প্রভাব থেকে রক্ষা পায় সে জন্য ধান গাছ পঁচে থাকা পানিতে আন্দোলিত করে এক সপ্তাহ মাছ না ধরার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন মসজিদের মাইকে মাইকিং করা হয়েছে। হাওরে এখন পানি কম। এ মুহূর্তে পানিকে নাড়া-চাড়া করলে অ্যামোনিয়া গ্যাস দ্রুত ছড়িয়ে মাছে মড়ক আরো বাড়বে।

বিমানবন্দরে তিন কেজি কোকেন উদ্ধার-কালের কণ্ঠ

আজ শনিবার দুপুরে কোরিয়ার পার্শেল থেকে তিন কেজি কোকেন উদ্ধার করেছেন আর্মপুলিশ ব্যটেলিয়ান এবিপিএন। মাদকদ্রব্য নিয়ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ এই চালানটি আটক করা হয়। আজ শনিবার এই চালানটি আটক করা হলেও এই চালানটা গতকালই ঢাকায় এসেছিলো। ফেডএক্স কুরিয়ারের উগান্ডা থেকে কোকেনের এই চালানটি এসেছিলো। চালানটি আটক করা হলেও এতে কাওকে গ্রপ্তার সম্ভব হয়নি।

জাতীয় কমিটির সংবাদ সম্মেলন-সড়ক পরিবহন খাতে সেনা মোতায়েনসহ ২৫ দফা সুপারিশ-কালের কণ্ঠ

ঢাকাসহ সারা দেশে সড়ক পরিবহন খাতে বিরাজমান বিশৃঙ্খলা বন্ধে ঢাকায় সেনাবাহিনী মোতায়েনসহ ২৫ দফা সুপারিশ তুলে ধরেছে নৌ সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটি। আজ শনিবার সকালে রাজধানীর পুরান পল্টনের মুক্তি ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব সুপারিশ তুলে ধরা হয়।
 

শ্রোতা/ পাঠক ! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।

ঐক্যবদ্ধ এডিএমকে, মুখ্যমন্ত্রী হচ্ছেন পনির!-আজকাল

সব জল্পনার অবসান। অবশেষে এক হল এডিএমকে। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী পদে ফিরছেন পনিরসেভম। আর শশিকলাকে সরিয়ে দলের সাধারণ সম্পাদক হচ্ছেন পালানিস্বামী।  তবে এখনও পর্যন্ত কোনও রকম আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। চেন্নাইয়ে রুদ্ধদ্বার বৈঠকে বসেছে দুই পক্ষ। পনিরের সব শর্ত মেনে নিয়েছেন পালানিস্বামী।  স্বাস্থ্যমন্ত্রী সি বিজয়ভাস্করকে সরানোর সিদ্ধান্ত প্রায় পাকা। দিনকরণের সঙ্গে হাত মিলিয়ে তিনিও ঘুষকাণ্ডে জড়িত ছিলেন বলে অভিযোগ।

যতই জেলে পোরো তৃণমূলকে ঠেকাতে পারবে না, বিজেপিকে আক্রমণ মমতার-বর্তমান

একদিকে ধর্মীয় বিভাজন, অন্যদিকে কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে গ্রেপ্তারের হুমকি। এই দুইয়ের বিরুদ্ধে দলকে অভয় দিতে বিজেপিকে পালটা চ্যালেঞ্জ জানালেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে চতুর্থবারের জন্য সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী নির্বাচিত হওয়ার পর মঞ্চে হাজির থাকা নারদকাণ্ডে অভিযুক্ত নেতা-মন্ত্রীদের সঙ্গে নিয়ে সমস্ত কেলেঙ্কারির মোকাবিলায় রাজনীতির ময়দানেই যে তিনি আস্থাশীল, এদিন সেটাও বুঝিয়ে দিলেন মমতা। দলের শীর্ষনেত্রীর হুঁশিয়ারি, আগামী দু’বছর সজাগ থাকুন। নেতা-কর্মীদের উদ্দেশে বার্তা, দলকে আরও টাইম দিতে হবে। বাম-কংগ্রেসের সঙ্গে বিজেপির পারস্পরিক বোঝাপড়ার অভিযোগ তুলে আঞ্চলিক দলগুলিকে নিয়ে গেরুয়া বাহিনীকে আগামী লোকসভা ভোটে ক্ষমতাচ্যুত করার ডাকও দিলেন তৃণমূল নেত্রী।

জঙ্গি হামলার পরিকল্পনা ফাঁস, পুলিশের নজরে ২০০০ মাদ্রাসা-মসজিদ-সংবাদ প্রতিদিন

দিল্লি ও উত্তরপ্রদেশের বিভিন্ন অঞ্চলে নাশকতার ছক কষে গ্রেপ্তার হয়েছে পাঁচ যুবক। ধরা পড়েছেন এক ইমামও। এরপর থেকেই নিরাপত্তার নজরদারি বাড়ানো হল উত্তরপ্রদেশের অন্তত ২০০০ মাদ্রাসা ও মসজিদে।
নাশকতার পরিকল্পনা বানচাল করে সম্প্রতি গ্রেপ্তার করা হয় ওই পাঁচ যুবককে। এই পাঁচজনই মাদ্রাসার ছাত্র। এছাড়া ঘটনায় গ্রেপ্তার হয়েছেন এক ইমামও। এরপরই পুলিশের স্ক্যানারে ওই রাজ্যের মাদ্রাসা ও মসজিদগুলি। প্রায় শ’পাঁচেক মাদ্রাসা ও ১৫০০ মজসিদের উপর গোপনে নজরদারি চালানো হবে। জঙ্গি হানা সম্পর্কে সতর্ক থাকতেই এই পদক্ষেপ।#


পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২২