এপ্রিল ২৩, ২০১৭ ১৩:১০ Asia/Dhaka

শ্রোতা/ পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আজ ২৩ এপ্রিল রোববারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।

বাংলাদেশের শিরোনাম: 

  • কওমী মাদ্রাসার স্বীকৃতির সাথে জঙ্গিবাদের কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী-ইত্তেফাক
  • রানা প্লাজায় ক্ষতিগ্রস্তদের ৪২ শতাংশ এখনও বেকার-ইত্তেফাক
  • বাঁধ ভেঙে এবার ডুবল শনির হাওর-যুগান্তর
  • খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও পরিবারকে সহায়তা দিলেন প্রধানমন্ত্রী-এনটিভিবিডি অনলাইন
  • শিগগিরই ডাক আসবে: নজরুল-প্রথম আলো
  • ক্ষমতা নয়, খাদের কিনারে যাচ্ছে বিএনপি : হানিফ-এনটিভিবিডি অনলাইন
  • পরমাণু শক্তি কমিশনের দাবি- হাওরের পানিতে তেজষ্ক্রিয়তা নেই-যুগান্তর
  • হাওরের পরিস্থিতি দুর্গত এলাকার মতো হয়নি-মায়া: মানবজিমন
  • দুদকের মামলায় জামিন পেলেন তারেক রহমানের শাশুড়ি-মানবজমিন
  • সুশাসন ছাড়া দেশে অর্থনৈতিক উন্নয়ন অর্থহীন : ড. আকবর আলী-নয়া দিগন্ত
  • বাংলাদেশে নারীদের মধ্যে 'তামাক ও মাদক' ব্যবহার বাড়ছে-কালের কণ্ঠ

ভারতের শিরোনাম:

  • নারী নিরাপত্তা নিয়ে কেন্দ্রকে তিরস্কার-আজকাল
  • গেরুয়া বেশে উত্তরপ্রদেশে জঙ্গি হানার আশঙ্কা, নিরাপত্তা বৃদ্ধি আদিত্যনাথের-বর্তমান
  • ৯ বছরের মেয়েকে রড দিয়ে মার গো-রক্ষকদের!-আনন্দবাজার
  • সব রাজ্যের সহযোগিতাতেই গড়ে উঠবে নয়া ভারত-মোদি-সংবাদ প্রতিদিন
  • জয় শ্রী রাম-ভারত মাতা কি জয় বলতে হবে, নাহলে ইতিহাসে চলে যেতে হবে-দিলীপ ঘোষ-সংবাদ প্রতিদিন-সংবাদ প্রতিদিন

শ্রোতা/পাঠক! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত খবরের গুরুত্বপূর্ণ অংশ তুলে ধরছি..
শিগগিরই ডাক আসবে: নজরুল-প্রথম আলো

শিগগিরিই আন্দোলনের ডাক আসবে- বললেন বিএনপি নেতা নজরুল ইসলাম খান

নেতা-কর্মীদের ঝুঁকি নিয়ে লড়াইয়ে নামার প্রস্তুতি নিতে আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেছেন, ‘শিগগিরই ডাক আসবে। প্রস্তুতি নিন।’
আজ ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক প্রতিবাদ সভায় নজরুল ইসলাম খান এই আহ্বান জানান। বিএনপি নেতা ইকবাল হাসান মাহমুদের মুক্তির দাবিতে ঢাকাস্থ সিরাজগঞ্জ জেলার সাবেক ছাত্রনেতারা এই সভার আয়োজন করেন।নজরুল ইসলাম খান বলেন, সারা দেশের মানুষ এই সরকারের ওপর ক্ষুব্ধ। তারা বিএনপিকে বিকল্প মনে করে। এখন অনিবার্য দায়িত্ব প্রয়োজনে ঝুঁকি নিয়ে সাহসিকতার সঙ্গে লড়াইয়ের ময়দানে নামতে হবে। এটি হবে শান্তিপূর্ণ গণতান্ত্রিক লড়াই। সে প্রক্রিয়া শুরু হয়েছে।

ক্ষমতা নয়, খাদের কিনারে যাচ্ছে বিএনপি : হানিফ-এনটিভিবিডি অনলাইন

আওয়ামী লীগ নেতা হানিফ বললেন-মতা নয়, খাদের কিনারে যাচ্ছে বিএনপি

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, পা পা করে বিএনপি ক্ষমতার দিকে নয়, খাদের কিনারে এগিয়ে যাচ্ছে। 
আজ রাজধানীর গুলিস্তানে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। এর আগে গত শুক্রবার প্রেসক্লাবে এক অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, ‘বিএনপি পা পা করে ক্ষমতার দিকে এগিয়ে যাছে, আওয়ামী লীগ পা পা করে ক্ষমতা থেকে সরে যাচ্ছে।’ বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর এমন বক্তব্যের জবাবে আজ  হানিফ এ কথা বলেন।

খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও পরিবারকে সহায়তা দিলেন প্রধানমন্ত্রী-এনটিভিবিডি অনলাইন

খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও পরিবারকে সহায়তা দিলেন প্রধানমন্ত্রী

মুক্তিযুদ্ধের বীরশ্রেষ্ঠদের উত্তরাধিকারী, খেতাবপ্রাপ্ত বীর উত্তম, বীর প্রতীক মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের মধ্যে আর্থিক অনুদানের চেক হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।আজ সকালে নিজ কার্যালয়ে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ১২ মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকার প্রত্যেককে তিন লাখ টাকার চেক হস্তান্তর করেন।

কওমী মাদ্রাসার স্বীকৃতির সাথে জঙ্গিবাদের কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী-ইত্তেফাক

কওমী মাদ্রাসার স্বীকৃতির সাথে জঙ্গিবাদের কোনো সম্পর্ক নেই-স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, কওমী মাদ্রাসার স্বীকৃতির সাথে জঙ্গিবাদের কোনো সম্পর্ক নেই।
 কওমী মাদ্রাসার স্বীকৃতি অনেক পুরনো বিষয় ছিল উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ওই মাদ্রাসায় লাখ লাখ ছাত্র শিক্ষা গ্রহণ করছে। ভবিষ্যতে ছাত্ররা যেন নিজের পায়ে দাঁড়াতে পারে এবং দ্বীনের কাজ করতে পারে সে জন্যই প্রধানমন্ত্রী তাঁর দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছেন। আজ দুপুরে শেরপুরের ঝিনাইগাতীতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রীল বক্তব্য উদ্ধৃত করে কালের কণ্ঠঃ খবর দিয়েছে, তিনি বলেছেন, জঙ্গির নামে বাংলাদেশকে নিয়ে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে।

হাওর সম্পর্কিত খবর

বাঁধ ভেঙে এবার ডুবল শনির হাওর-যুগান্তর

এবার রক্ষা হলো না শনির হাওর

সুনামগঞ্জের শনির হাওরের লালু গোয়ালা এলাকায় হাওর রক্ষা বাঁধ ভেঙে গেছে।রোববার ভোর থেকে বাঁধ ভেঙে পানি প্রবেশ করে নিমজ্জিত হচ্ছে হাওরের ধান। ইতিমধ্যে হাওরের ৪০ শতাংশ জমি পানিতে নিমজ্জিত হয়েছে।এ বছর শনির হাওরের আট হাজার তিনশ' হেক্টরে ধানের আবাদ হয়েছিল।স্থানীয়রা জানান, সুনামগঞ্জের সবগুলো হাওরের ফসল অকাল বন্যায় তলিয়ে গেলেও শনির হাওরে এতদিন আঘাতটা লাগেনি।বিগত এক মাস যাবৎ স্থানীয় কৃষকরা চেষ্টা চালিয়ে হাওর রক্ষা বাঁধটিকে টিকিয়ে রাখার চেষ্টা করেন। তবে শেষ রক্ষা আর হল না।

পরমাণু শক্তি কমিশনের দাবি-প্রাথমিকভাবে হাওরে ইউরেনিয়ামের নমুনা মেলেনি-এনটিভিবিডি অনলাইন

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের প্রতিনিধিদলের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাথমিকভাবে তাঁরা হাওরের পানিতে কোনো ধরনের ইউরেনিয়াম বা তেজস্ক্রিয় পদার্থের নমুনা পাননি; বরং দেশভিত্তিক ইউরেনিয়ামের সাধারণ যে সূচক, হাওরে তার চেয়ে কম রয়েছে। অন্য একটি খবরে বলা হয়েছে, হাওরে ৫০ মেট্রিক টন মাছ মরে গেছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সৈয়দ মেহেদী হাসান। বেশির ভাগ হাওরের পানি এখনো দূষিত রয়েছে বলেও জানান তিনি। 
এদিকে প্রথম আলোর খবর- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী বলেছেন, হাওরের পরিস্থিতি এতটা খারাপ হয়নি যে দুর্গত এলাকা ঘোষণা করতে হবে।
দৈনিকটির অন্য একটি খবরে লেখা হয়েছে, হাওরে বাঁধ ভেঙে ফসলডুবি হওয়ার পেছনে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কোনো দুর্নীতি আছে কি না, তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ। তিনি বলেন, কাগজপত্র বা নথিতে দুর্নীতি প্রমাণিত হলে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। হাওরের বর্তমান পরিস্থিতি নিয়ে আজ রোববার এক আন্তমন্ত্রণালয় বৈঠক শেষে সাংবাদিকের প্রশ্নের জবাবে এ কথা বলেন ত্রাণমন্ত্রী।

রানা প্লাজায় ক্ষতিগ্রস্তদের ৪২ শতাংশ এখনও বেকার-ইত্তেফাক

এখনও বেকার রানা প্লাজায় ক্ষতিগ্রস্তদের ৪২ শতাংশ 

রানা প্লাজা ধসে ক্ষতিগ্রস্ত শ্রমিকদের মধ্যে ৪২ দশমিক ২ শতাংশ এখনও বেকার রয়েছে। যুক্তরাজ্যভিত্তিক দাতা সংস্থা অ্যাকশনএইড এই তথ্য জানিয়েছে।
 রোববার রাজধানীর ব্র্যাক ইন সেন্টারে ‘অবিস্মরণীয় অমার্জনীয় : রানা প্লাজা’ শিরোনামে এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য জানায় সংস্থাটি।
প্রতিবেদনে বলা হয়েছে, এক হাজার ৪০৩ জন আহত ও ৬০৭ জন নিহত শ্রমিকের পরিবারের ওপর এ জরিপ পরিচালনা করে সংস্থাটি। এর মধ্যে এখনও ৪৮ শতাংশ শ্রমিক শারীরিক এবং ৩৩ দশমিক ৪ শতাংশ মানসিকভাবে অসুস্থ। আর অসুস্থতার কারণে এসব শ্রমিক কাজে ফিরতেও পারছেন না।
২০১৬ সালের এপ্রিলে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে ৪৮ শতাংশ শ্রমিকের বেকারত্বের কথা জানিয়েছিল অ্যাকশনএইড। এছাড়া প্রায় ৫৯ শতাংশ শ্রমিক দীর্ঘমেয়াদি মানসিক সমস্যায় ভুগছেন বলেও জানানো হয়েছিল।
২০১৩ সালের ২৪ এপ্রিল সাভারে রানা প্লাজা ধসে পাঁচটি তৈরি পোশাক কারখানার শ্রমিকসহ ১১০০ জনের বেশি প্রাণ হারায়। ধ্বংসস্তুপের নিচের পড়ে গুরুতরভাবে আহত ও পঙ্গু হওয়ার পাশাপাশি নিখোঁজ হন অনেকেই।

সুশাসন ছাড়া দেশে অর্থনৈতিক উন্নয়ন অর্থহীন : ড. আকবর আলী-নয়া দিগন্ত

শাসন ছাড়া বাংলাদেশে অর্থনৈতিক উন্নয়ন অর্থহীন-ড. আকবর আলী খান

সুশাসন ছাড়া বাংলাদেশে অর্থনৈতিক উন্নয়ন অর্থহীন। বাংলাদেশে সুশাসন নিচের দিকে যাচ্ছে। আর অর্থনৈতিক প্রবৃদ্ধি থামছে না বলে মন্তব্য করেছেন তত্ত্বাবধান সরকারের সাবেক উপদেস্টা ও অর্থনীতিবিদ ড. আকবর আলী খান। তিনি বলেন, এখন যদি সুশাসনের জন্য পদক্ষেপ গ্রহন করি, তাহলে আগামী ১০/১৫ বছর পর সুফল পাবো।
আজ এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। তত্ত্বাবধান সরকারের সাবেক আকবর আলী বলেন, দেশের সুশাসন ও অভ্যন্তরীণ ব্যাপারে বিশ্বব্যাংকের হস্তক্ষেপেরর কোনো দরকার নেই। তাদের এই হস্তক্ষেপ একটা ঝামেলা। তিনি বলেন, বাংলাদেশে যে একেবারে সুশাসন হয় নি তা নয়। কিছু কিছু সংস্কার হয়েছে। তৈরি পোশাক খাতে বড় সংস্কার হয়েছে। বন্ডেড ওয়্যার হাউজ হয়েছে।

বাংলাদেশে নারীদের মধ্যে 'তামাক ও মাদক' ব্যবহার বাড়ছে-কালের কণ্ঠ

বাংলাদেশে নারীদের মধ্যে 'তামাক ও মাদক' প্রবণতা বাড়ছে

সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশে নারীদের মধ্যে তামাক এবং মাদকের ব্যবহার বেড়েছে বলে জানাচ্ছে মাদকবিরোধী সংগঠন, মানস। এ-সংক্রান্ত একটি গবেষণামূলক গ্রন্থ আজ প্রকাশ করেছে সংগঠনটি।মানসের সভাপতি ডা. অরূপ রতন চৌধুরী বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সর্বশেষ গবেষণায় দেখা যাচ্ছে বাংলাদেশের ১৫ বয়সোর্ধ্ব ৪৩ শতাংশ মানুষ তামাকে আসক্ত। তামাক গ্রহণকারীদের মধ্যে ২৯ শতাংশ নারী।

১৫ থেকে ৩৫ বছর বয়সী নারীদের মধ্যে ১৫ শতাংশ নারী নানা ধরনের মাদকে আসক্ত বলেও সাম্প্রতিক গবেষণায় উঠে এসেছে বলে জানান ডা. চৌধুরী। তিনি বলেন, ৫ বছর আগেও এই সংখ্যা বেশ খানিকটা কম ছিল।

তবে তামাক ব্যবহারকারী নারীদের মধ্যে অধিকাংশই এখনো ধোঁয়াহীন তামাকই ব্যবহার করেন। তবে পরোক্ষভাবেও অনেক নারী তামাকের ধোঁয়ার শিকার হচ্ছেন।

গবেষণার তথ্যমতে, কর্মক্ষেত্রে ৩০ শতাংশ এবং জনসমাগমের স্থানে ২১ শতাংশ নারী পরোক্ষ ধূমপানের শিকার হন। 'শুধু পরোক্ষ নয়, প্রত্যক্ষ তামাক গ্রহণকারী নারীর সংখ্যাও বাড়ছে,' বলেন ড. চৌধুরী।

সরকারীভাবে কোনো পরিসংখ্যান না থাকলেও, বিভিন্ন বেসরকারি সংস্থার হিসেবে বাংলাদেশে মাদকাসক্তের সংখ্যা ৫০ লাখেরও বেশি। বাংলাদেশে সবচেয়ে বেশি ব্যবহৃত মাদক বর্তমানে ইয়াবা।

ড. চৌধুরী বলেন, ফেনসিডিলের সরবরাহ কিছুটা কমলেও মিয়ানমার থেকে অবাধে ইয়াবা এসে দেশে সয়লাব হয়ে গেছে। তিনি বলেন, আগের চেয়ে সহজলভ্য হওয়ায় মাদকাসক্তরাও ইয়াবার দিকে ঝুঁকছে। 

দুদকের মামলায় জামিন পেলেন তারেক রহমানের শাশুড়ি-মানবজমিন

সম্পদের হিসাব গোপন রাখার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় জামিন পেয়েছেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানু। রোববার সকালে ইকবাল মান্দ বানু ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লার আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করেন। বিচারক মানবিক দিক বিবেচনায় তাকে জামিন দিয়েছেন বলে জানান তার আইনজীবী সানাউল্লাহ মিয়া।
 

শ্রোতা/ পাঠক ! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।

নারী নিরাপত্তা নিয়ে কেন্দ্রকে তিরস্কার-আজকাল

ভারতের সুপ্রিম কোর্ট (ফাইল ফটো)

দেশজুড়ে নারী সংক্রান্ত অপরাধ বেড়েই চলেছে। অথচ নীরব সরকার। তাহলে কী মহিলাদের নিরাপত্তার অধিকার নেই?’ নারী নিরাপত্তার প্রশ্নে কেন্দ্রকে তিরস্কার সুপ্রিম কোর্টের। হিমাচলপ্রদেশে দীর্ঘদিন ধরে ১৬ বছর বয়সী কিশোরীকে উত্যক্ত করছিল এক যুবক। অপমান সহ্য করতে না পেরে ২০১০ সালে গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী হয় ওই কিশোরী। যার পর অভিযুক্তর বিরুদ্ধে অপহরণ ও ধর্ষণের মামলা দায়ের করেন নির্যাতিতার বাবা। কিন্তু নিম্ন আদালতে মুক্তি পেয়ে যায় সে। পরে হাইকোর্টে আবেদন জানায় রাজ্য সরকার। সমস্ত প্রমাণ খতিয়ে দেখে অভিযুক্তকে সাত বছরের কারাদণ্ড দেয় হিমাচল হাইকোর্ট। সম্প্রতি শীর্ষ আদালতে সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়েছে অভিযুক্ত ওই যুবক। তার শুনানিতেই কেন্দ্রেকে একহাত নিয়েছে বিচারপতি দীপক মিশ্রর নেতৃত্বাধীন বিচারপতি এএম খানউইলকর এবং এমএম শান্তনাগৌড়ারের ডিভিশন বেঞ্চ।

সব রাজ্যের সহযোগিতাতেই গড়ে উঠবে নয়া ভারত-মোদি-সংবাদ প্রতিদিন

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি 

দেশের সামগ্রিক উন্নয়নের জন্য ডাকা নীতি আয়োগের গভর্নিং কাউন্সিলের বৈঠকে যোগ দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্পষ্ট জানালেন, সব রাজ্য ও রাজ্যের মুখ্যমন্ত্রীর আন্তরিক সহযোগিতাই এক নয়া ভারত গড়ে তুলতে পারে৷ এদিনের বৈঠকে যোগ দেননি এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল৷ খবর সংবাদ সংস্থা পিটিআইয়ের৷

দিল্লির পুরসভার ৩ টি কেন্দ্রে ভোট হয়েছে-আজকাল

আজ দিল্লি পুর সভার তিনটি কেন্দ্রে ভোট হয়েছে

আজ উত্তর দিল্লি পুরসভা ‌(‌‌এনডিএমসি)‌, পূর্ব দিল্লি পুরসভা (‌ইডিএমসি)‌ এবং দক্ষিণ দিল্লি পুরসভা (‌এসডিএমসি)‌— এই তিনটি কেন্দ্রে ভোটগ্রহণ করা  হয়েছে। তিনটি কেন্দ্রে মোট ভোটদাতার সংখ্যা ১ কোটি ৩০ লক্ষ। যার মধ্যে ১ লক্ষ ১০ হাজার মানুষ এবারই প্রথম ভোট দেবেন। নিরাপত্তার জন্য রাজধানীর সর্বত্র প্রায়  ৫৬০০০ পুলিস মোতায়েন হয়েছে। এবারের নির্বাচনে বিজেপি, কংগ্রেসের এবং আপের মধ্যেই মূল প্রতিদ্বন্দ্বিতা। এর আগের দু’টি পুরভোটে বিজেপি জয়ী হয়েছিল। তৃতীয়বারও সেই জয়ের ধারা বজায় রাখতে বদ্ধপরিকর তারা।  আগামী ২৬ এপ্রিল ভোট গণনা। তাতে মোট ২৭২ কাউন্সিলর নির্বাচিত হবেন।

জয় শ্রী রাম-ভারত মাতা কি জয় বলতে হবে, নাহলে ইতিহাসে চলে যেতে হবে-দিলীপ ঘোষ-সংবাদ প্রতিদিন

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের হুঁশিয়ারি

কাশ্মীর থেকে কন্যাকুমারী এবং গুজরাট থেকে গুয়াহাটি, জয় শ্রী রাম ও ভারত মাতা কি জয় বলতে হবে। নাহলে ইতিহাসে চলে যেতে হবে। শনিবার মিনাখাঁয় দাঁড়িয়ে এই ভাষাতেই হুঁশিয়ারি দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। একইসঙ্গে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসকে তাঁর হুঁশিয়ারি, ‘সারা দেশে বিজেপির ১১ কোটি সদস্য। বেশিরভাগ জায়গাতেই বিজেপি সদস্যরা নিরামিষ খান। কিন্তু বাংলার বিজেপি সদস্যরা নিরামিষ খান না, ঘাসও খান না। তৃণমূল সদস্যরা অভ্যাস বদলে ফেলুন, নাহলে আমরা বদলে দেব।’ বিজেপির রাজ্য সভাপতির এমন মন্তব্যের পর ঝড় উঠেছে রাজ্য রাজনীতিতে।’

৯ বছরের মেয়েকে রড দিয়ে মার গো-রক্ষকদের!-আনন্দবাজার

৯ বছরের ছোট্ট মেয়েকেও লোহার রড দিয়ে পেটাল গোরক্ষকরা

গো-রক্ষকদের ‘তাণ্ডব’ থামার নাম নিচ্ছে না দেশে। এ বার তাদের হাত থেকে রেহাই পেল না ন’বছরের বালিকাও। গত কাল জম্মু-কাশ্মীরের রিয়াসি জেলায় এক যাযাবর পরিবারকে স্থানীয় কিছু গো-রক্ষক বেধড়ক মারধর করে বলে অভিযোগ। হামলায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি ওই পরিবারের ন’বছরের মেয়ে শাম্মি। চিকিৎসকেরা জানিয়েছেন, তার শরীরের কিছু অংশের বেশ কয়েকটি হাড় ভেঙে গিয়েছে। কালকের হামলার পর থেকে নিখোঁজ ওই পরিবারের এক দশ বছরের বালকও।
ঘটনা কাল সন্ধ্যার। তালওয়ারা এলাকা দিয়ে যাচ্ছিল যাযাবর পরিবারটি। তাঁদের সঙ্গে ছিল ১৬টি গরু, কিছু ছাগল ও ভেড়া। জম্মুর হিমালয় ঘেরা পার্বত্য এলাকায় এই ধরনের যাযাবর পরিবার মাঝে মধ্যেই এক জায়গা থেকে আর এক জায়গা সফর করে থাকে। মাঝ রাস্তায় তাদের পথ আটকায় গো-রক্ষকদের একটি দল। ওই পরিবারের সঙ্গে গরু আছে দেখে লোহার র়ড দিয়ে বেধড়ক মারধর করা হয় তাদের। নাসিম বেগম নামে ওই পরিবারের এক সদস্য বললেন, ‘‘আমাদের সবাইকে মেরে ফেলে নদীতে ভাসিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল ওদের। আমাদের সঙ্গে থাকা সব গরু-ছাগল ওরা কেড়ে নিয়েছে।

গেরুয়া বেশে উত্তরপ্রদেশে জঙ্গি হানার আশঙ্কা, নিরাপত্তা বৃদ্ধি আদিত্যনাথের-বর্তমান

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী আদিত্যনাথ (ফাইল ফটো)

গেরুয়া পোশাক পরিহিত কিংবা তান্ত্রিক সন্ন্যাসীর বেশে প্রায় ১৮ জন সন্দেহভাজন জঙ্গি নেপাল সীমান্ত হয়ে ঢুকে পড়েছে উত্তরপ্রদেশে। এবং তিন থেকে চারটি দলে ভাগ হয়ে তারা ছড়িয়ে গিয়েছে। উত্তরপ্রদেশের ধর্মীয় স্থানে তারা আঘাত হানতে পারে বলে আশঙ্কা। পাশাপাশি কোনও গুরুত্বপূর্ণ ব্যক্তিকেও এরা টার্গেট করতে পারে। এই মর্মে সতর্কতা জারি করে উত্তরপ্রদেশে হাই অ্যালার্ট জারি হয়েছে।#


পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৩