এপ্রিল ২৬, ২০১৭ ১২:০৬ Asia/Dhaka

শ্রোতাব/ পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আজ ২৬ এপ্রিল বুধবার কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।

বাংলাদেশের শিরোনাম: 

  • অরফানেজ মামলার আদালত পরিবর্তনে হাইকোর্টে খালেদার আবেদন-ইত্তেফাক
  • 'যে কোনো মুহূর্তে সরকারের পতন ঘটতে পারে'-ইত্তেফাক
  • জনগণ শেখ হাসিনাকেই আবারো ক্ষমতায় দেখতে চায়: অর্থমন্ত্রী-ইত্তেফাক
  • তিস্তার ন্যায্য হিস্যার দাবিতে জাতিসংঘে যান: মির্জা ফখরুল-প্রথম আলো
  • ‘জঙ্গি আস্তানা’ঘেরাও, গুলির শব্দ, ১৪৪ ধারা-প্রথম আলো
  • হাওরের আসল ভিলেন কি প্রকৃতি?-প্রথম আলো
  • কোনো দেশের প্রধান বিচারপতিরা এত উষ্মা প্রকাশ করেন না'-আইনমন্ত্রী-মানবজমিন
  •  আত্মসমর্পণকারী জলদস্যুদের পুনর্বাসনে সহায়তা করবে সরকার-যুগান্তর
  • জঙ্গিবাদ থেকে ফিরলে জীবিকার সুযোগ : প্রধানমন্ত্রী-কালের কণ্ঠ

ভারতের শিরোনাম:

  • দিল্লির তিনটি পুরসভাতেই নিরঙ্কুশ বিজেপি-আজকাল
  • কেজরির পদত্যাগের দাবি উঠে গেল-আজকাল
  • দাঙ্গাবাজ বিজেপিতে যাবেন না: মমতা-বর্তমান
  • দিল্লিতে বিজেপি ঝড়ের এই কারণটা কী?-আনন্দবাজার
  • হিন্দু ধর্মের বদনাম করছে বিজেপি, অমিতের সফরের মাঝেই তোপ মমতার-আনন্দবাজার
  • বাবরি কাণ্ডে অভিযুক্তরা কি পদত্যাগ করছেন, অমিতকে পাল্টা কটাক্ষ পার্থর-সংবাদ প্রতিদিন
  • সত্যিই কি বিক্ষোভের তাগিদে জওয়ানদের দিকে ঢিল ছুড়েছিলেন এই কাশ্মীরি কন্যা?-সংবাদ প্রতিদিন

শ্রোতা/পাঠক!  শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত খবরের গুরুত্বপূর্ণ অংশ তুলে ধরছি.. প্রথমে বাংলাদেশ
জঙ্গি আস্তানা’ ঘেরাও, গুলির শব্দ, ১৪৪ ধারা

জঙ্গি আস্তানা’ ঘেরাও, গুলির শব্দ, ১৪৪ ধারা

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ। ঘটনাস্থল থেকে গুলির শব্দ শোনা গেছে। সর্বসাধারণের নিরাপত্তায় সংশ্লিষ্ট এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।
আজ ভোররাত থেকে উপজেলার মোবারকপুর ইউনিয়নের ত্রিমোহনী শিবনগর এলাকার বাড়িটি ঘিরে রাখা হয়।
ঘটনাস্থলে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট রয়েছে। আছে স্থানীয় থানার পুলিশ।

ভোররাতে বাড়িটি ঘিরে ফেলার পর বেলা ১১টা নাগাদ ঘটনাস্থল থেকে একাধিকবার গুলির শব্দ শোনার কথা জানিয়েছেন স্থানীয় লোকজন।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম বলেন, বাড়ির ভেতর থেকে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে। জঙ্গিদের আত্মসমর্পণের আহ্বান জানানো হচ্ছে।
ঘটনাস্থলে থাকা কাউন্টার টেররিজম ইউনিটের এক কর্মকর্তা জানান, একতলা পাকা বাড়িটির মালিক সাইদুর রহমান। তাঁর বাড়িতে আবু (৩০) নামের এক ব্যক্তি থাকেন বলে জানা গেছে। তাঁর স্ত্রী-সন্তান আছে।
কাউন্টার টেররিজম ইউনিটের ওই কর্মকর্তা বলেন, বাড়িটি ঘিরে ফেলার পর পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে। পুলিশও পাল্টা গুলি ছুড়েছে। বাড়িতে থাকা জঙ্গিদের আত্মসমর্পণ করতে হাতমাইকে বারবার আহ্বান জানানো হচ্ছে। বাড়ির আশপাশের লোকজনকে সরিয়ে দেওয়া হয়েছে।
সাধারণ মানুষের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে আজ সকাল ছয়টা থেকে ত্রিমোহনী শিবনগর ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্ট এলাকায় ১৪৪ ধারা বজায় থাকবে। ১৪৪ ধারা জারির বিষয়টি এলাকায় মাইকিং করে জানিয়ে দেওয়া হচ্ছে।

জঙ্গিবাদ থেকে ফিরলে জীবিকার সুযোগ : প্রধানমন্ত্রী-কালের কণ্ঠ

জঙ্গি-সন্ত্রাসসহ সব অপরাধ দমনে র‌্যাব সফল : প্রধানমন্ত্রী

যারা জঙ্গিবাদ ও চরমপন্থী জীবন থেকে স্বাভাবিক জীবনে আসতে চায় তাদের জীবন-জীবিকার সুযোগ করে দিতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার রাজধানীর কুর্মিটোলায় র‌্যাব সদর দপ্তরে র‌্যাবের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী বলেন, জঙ্গিরা যেন তাদের স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে আমরা সে জন্য কাজ করছি। ইতিমধ্যে যেসব জঙ্গি আত্মসমর্পণ করেছে তাদের তালিকা করা হয়েছে। তাদের অর্থনৈতিকভাবে সহায়তা করা হবে।

তিস্তার ন্যায্য হিস্যার দাবিতে জাতিসংঘে যান: মির্জা ফখরুল-প্রথম আলো

তিস্তার পানির হিস্যার জন্য সরকারকে প্রয়োজনে জাতিসংঘে যাওয়ার পরামর্শ ফখরুলের

তিস্তার ন্যায্য হিস্যার দাবিতে প্রয়োজনে জাতিসংঘে যেতে সরকারকে পরামর্শ দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বুধবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি এ পরামর্শ দেন। জিয়াউর রহমানকে নিয়ে একটি বইয়ের সংকলন প্রকাশনা উৎসব ছিল সেখানে। এর আয়োজক মুক্তিযুদ্ধ ও জিয়াউর রহমান গবেষণা পরিষদ।
অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন, প্রধানমন্ত্রী ভারত সফর থেকে কিছু নিয়ে আসতে পারেননি, যে কারণে তাঁকে ধন্যবাদ জানানো যায়নি। এ সরকার জনগণের স্বার্থ রক্ষায় ব্যর্থ হয়েছে।
 

যে কোনো মুহূর্তে সরকারের পতন ঘটতে পারে দুদু -ইত্তেফাক

সরকার পতনের ইঙ্গিত দিলেন বিএনপি নেতা শামসুজ্জামান দুদু

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, এই সরকার সকল দিক থেকে ব্যর্থ। ভারত সফরে দেশটিকে বাংলাদেশের সব কিছু বিকিয়ে দেয়ায় জনগণ তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। ক্ষমতা হারানোর ভয়ে আতঙ্কিত হয়ে নিজেদের মধ্যে ভেদাভেদ সৃষ্টি হয়েছে। যে কোনো মুহূর্তে তাদের পতন ঘটতে পারে। কারণ তাদের সময় ফুরিয়ে এসেছে।
বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে হাওর অঞ্চলকে জাতীয় দুর্যোগপূর্ণ এলাকা ঘোষণার দাবিতে জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

জনগণ শেখ হাসিনাকেই আবারো ক্ষমতায় দেখতে চায়: অর্থমন্ত্রী-ইত্তেফাক

জনগণ শেখ হাসিনাকেই আবারো ক্ষমতায় দেখতে চায়: অর্থমন্ত্রী

যুক্তরাষ্ট্র সফররত অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, ২০১৮ সালের ডিসেম্বরেই বাংলাদেশের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে নির্বাচনের প্রস্তুতি শুরু হয়ে গেছে। অতীত কর্মকাণ্ড বিবেচনা করে আগামী নির্বাচনে জনগণ আওয়ামী লীগকেই বিজয়ী করবে আশাবাদ ব্যক্ত করে অর্থমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনমঙ্গল ছাড়া দ্বিতীয় কোনো বিষয় নিয়ে চিন্তা করেন না। তাই বাংলাদেশের জনগণ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকেই আবার ক্ষমতায় দেখতে চায়।

অরফানেজ মামলার আদালত পরিবর্তনে হাইকোর্টে খালেদার আবেদন-ইত্তেফাক

অরফানেজ মামলার আদালত পরিবর্তনে হাইকোর্টে খালেদার আবেদন

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার আদালত পরিবর্তনের আবেদন খারিজের বিরুদ্ধে হাইকোর্টে রিভিশন মামলা দায়ের করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বুধবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন দায়ের করা হয়।
 আবেদনে বলা হয়েছে, মামলাটি ঢাকা সিনিয়র স্পেশাল জর্জ কামরুল হোসেন মোল্লার আদালতে বিচারাধীন। এই মামলার তদন্ত ও অভিযোগ গঠনকালে দুদকের মহাপরিচালক হিসেবে দায়িত্বপালন করেছেন তিনি এবং মামলাটি পর্যবেক্ষণ করেছেন। যেহেতু মহাপরিচালক হিসেবে তিনি এই মামলার প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত ছিলেন সেহেতু তার উচিত মামলাটি অন্য আদালতে প্রেরণ করা।
 গত ১৩ এপ্রিল খালেদা জিয়ার এ আবেদন খারিজ করে দেন কামরুল হোসেন মোল্লা। পরে এই খারিজ আদেশের বিরুদ্ধে হাইকোর্টে রিভিশন মামলা দায়ের করা হয় বলে জানান আইনজীবী অ্যাডভোকেট জাকির হোসেন ভূইয়া। তিনি বলেন, অবকাশের পর এই আবেদনের শুনানি হতে পারে।

কোনো দেশের প্রধান বিচারপতিরা এত উষ্মা প্রকাশ করেন না'-আইনমন্ত্রী-যুগান্তর

কোনো দেশের প্রধান বিচারপতিরা এত উষ্মা প্রকাশ করেন না'-আইনমন্ত্রী

পৃথিবীর কোনো দেশের প্রধান বিচারপতিরা জনসম্মুখে এত উষ্মা প্রকাশ করেন না বলে দাবি করেছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।
বুধবার সচিবালয়ের নিজ দফতরে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলন মন্ত্রী এ কথা বলেন।
এর আগে মঙ্গলবার হবিগঞ্জ বার লাইব্রেরির দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করুক তা প্রশাসন কখনও চায়নি বলে মন্তব্য করেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।
তিনি বলেন, বিচার বিভাগের সঙ্গে সব সময় বিমাতাসুলভ আচরণ চলে আসছে। এটি আজকে নয়, এ সরকার নয় শুধু, সব সরকারের আমলেই করা হয়। প্রশাসন কোনোদিনই চায়নি বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করুক।

হাওরের আসল ভিলেন কি প্রকৃতি?-প্রথম আলো

হাওর পরিস্থিিতি

হাওরের সর্বনাশের আসল ভিলেন পাওয়া গেছে। লোকটার নাম প্রকৃতি। স্বভাব খারাপ। কখন কী করে বসে ঠিক নেই। মানুষের জন্য ক্ষতিকর, মাছদের জন্যও। ইদানীং সে নাকি ‘জলবায়ু পরিবর্তন’ নামেও কাজ করছে। তাকে ঠেকাতে টাকা লাগে। হাজার হাজার কোটি টাকা। শত শত কোটি টাকা দামের বিশেষজ্ঞা ভাড়া করা লাগে। বাঁধটাধ বানানো লাগে। শয়তান প্রকৃতিকে ‘উন্নয়ন’ দিয়েই উচিত জবাব দেওয়া হবে। এটাই তো গল্প, তাই না? এই গল্প মন্ত্রী, এমপি, আমলা ও বিশেষজ্ঞদের থেকে আসছে। পাউবো আর তার পেয়ারের ঠিকাদার সিন্ডিকেট দায়ী নয়। সরকারি কর্মকর্তা ও নেতাদের দোষ ধরতে নেই। হাওর ও জলাভূমি উন্নয়ন বোর্ডের মহাপরিচালকসহ যে কর্মকর্তারা কানাডায় গেছেন, তাঁরাও কাঁধ ঝাঁকিয়ে বলতে পারেন, বৃষ্টি বেশি হলে কী করব? প্রবাসে গেলে দেশের কথা খুব মনে পড়ে অনেকের। প্রখ্যাত লেখক নীরদ সি চৌধুরীও একবার কানাডার অন্টারিও হ্রদ দেখতে গিয়েছিলেন। কিশোরগঞ্জের সন্তান তিনি। বিদেশি হ্রদের বিশাল জলরাশির সামনে দাঁড়িয়ে তাঁর কিশোরগঞ্জের হাওরের জন্য প্রাণ টেনেছিল। লিখেছিলেন, ‘প্রবাসে জল দেখিলে দেশের কথা মনে পড়ে।’ এ জন্যই বলি, দেশপ্রেম বাড়াতে শীর্ষ মহলের ঘনঘন বিদেশ সফর অতীব উপকারী।
হাওর নিয়ে কাজ করে হাওর অ্যাডভোকেসি প্ল্যাটফর্ম। মার্চের দ্বিতীয় সপ্তাহেই হাওরের বাঁধ নির্মাণকাজের সমস্যা দেখে এসে স্থানীয় প্রশাসনকে জানিয়েছিল। বলার মুখ বলেছে, শোনার কান শুনেছে। কাজ যে হয়নি, তা তো সর্বনাশ দিয়েই জানা যাচ্ছে। এখন দায় চাপানোর নন্দ ঘোষ চাই। অতএব দুর্যোগগুলোকে বলা হলো প্রাকৃতিক। যেন প্রকৃতি হলো মানববিরোধী, যেন প্রকৃতি নিজেও দুর্গত নয়, নিজেও মানুষের অত্যাচারের শিকার নয়!

শ্রোতা/ পাঠক ! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।
দিল্লির তিনটি পুরসভাতেই নিরঙ্কুশজয় বিজেপির-আজকাল

দিল্লির তিনটি পুরসভাতেই নিরঙ্কুশ জয় বিজেপি

দিল্লির তিনটি পুরসভাতেই (‌এমসিডি)‌ বিপুল জয় পেল বিজেপি। এক দশকের বেশি সময় ধরে দিল্লি পুরসভা রয়েছে বিজেপি–র হাতে। পুরসভাকে ভেঙে উত্তর, দক্ষিণ এবং পূর্ব— তিনটি ভাগে ভাগ করা হয়েছে। তারপরে এই প্রথম পুরভোট হল। বিজেপির বিরুদ্ধে প্রতিষ্ঠান বিরোধী হাওয়া ছিল। তবে এবার পুরসভা নির্বাচন কার্যত ছিল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের কাজের পরীক্ষা। সেই পরীক্ষায় ডাঁহা ফেল করেছেন খড়গপুর আইআইটি–র প্রাক্তনী। আর আরও একবার প্রমাণিত হল, মোদি ঝড় এখনও বইছে বহাল তবিয়তে।
তিনটি পুরসভার ২৭২ ওয়ার্ডের মধ্যে বিজেপি পেয়েছে ১৮৩ আসন। ৪৩ আসন পেয়ে আপ দ্বিতীয় এবং ৩২ আসন পেয়েছে কংগ্রেস। অন্যদের ঝুলিতে ১১ আসন। তিনটি পুরসভাতেই নিরঙ্কুশ আধিপত্য দেখিয়েছে বিজেপি।

কেজরির পদত্যাগের দাবি উঠে গেল-আজকাল

দিল্লির তিনটি পৌরসভায় পরাজয়ের পর কেজরিওয়ালের পদত্যাগের দাবি

সকাল থেকেই এগিয়ে বিজেপি। এক সময় সেই এগিয়ে থাকা দেড়শো আসন ছাপিয়ে গেল। কী হতে চলেছে, মোটামুটি পরিষ্কার। দাবি উঠে গেল কেজরিওয়ালের পদত্যাগের। বিজেপির পক্ষ থেকে শাহনওয়াজ হুসেন দাবি করে বসলেন, নৈতিক দায় মাথায় নিয়ে এবার সরে দাঁড়াল কেজরিওয়াল। তাঁর প্রতি দিল্লির মানুষের যে কোনও আস্থাই নেই, তা দিল্লির মানুষ ফের বুঝিয়ে দিলেন।’ গত বছর বিরাট জয় পেয়েছিল আম আদমি পার্টি। ৭০ আসনের মধ্যে তারা পেয়েছিল ৬৭ আসন। তখন কেজরিওয়াল দাবি তুলেছিলেন, দিল্লির বিজেপি সাংসদরা পদত্যাগ করুন। সেই কথাই তাঁকে মনে করিয়ে দিলেন শাহনওয়াজ, ‘কেজরিওয়াল কথায় কথায় অন্যের পদত্যাগ চান। এবার তিনি নিজে সেই দৃষ্টান্ত স্থাপন করুন।
দিল্লিতে বিজেপি ঝড়ের এই কারণটা কী?-আনন্দবাজার

দাঙ্গাবাজ বিজেপিতে যাবেন না: মমতা-বর্তমান

দাঙ্গাবাজ বিজেপিতে যাবেন না: মমতা

আর যাই করুন, বিজেপি থেকে দূরে থাকুন। দাঙ্গাবাজ বিজেপিতে কেউ যাবেন না। এরা হিন্দু নয়, হিন্দুত্বকে বদনাম করে, দাঙ্গা আর বিভেদ সৃষ্টি করে। রাজবংশী, কামতাপুরী আর হিন্দিভাষী ভাই-বোনেরা আমাদের সঙ্গে আসুন। আধখানা রুটি পেলেও ভাগ করে খাব। বিজেপি’তে গেলে কিন্তু পস্তাবেন! মঙ্গলবার দুপুরে কোচবিহারের রাসমেলা ময়দানে বিজেপি’র একদা জোটসঙ্গী কামতাপুর প্রোগ্রেসিভ পার্টির (কেপিপি) ডাকে ‘উদাং দরবার’ (খোলা মঞ্চ) সভায় এভাবেই পদ্মফুল শিবির থেকে ‘দূরত্ব’ বজায় রাখার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোচবিহার আসনে লোকসভা উপনির্বাচনে বামেদের হটিয়ে দ্বিতীয় স্থান পেয়েছিল বিজেপি। তারপর থেকে কোচবিহার সহ গোটা উত্তরবঙ্গে পায়ের নীচের মাটি শক্ত করতে উঠেপড়ে লেগেছে কেন্দ্রের শাসকদল। আদিবাসী, রাজবংশী আর কামতাপুরীদের মধ্যে প্রভাব বাড়ানোর মরিয়া চেষ্টা চালাচ্ছে ‘পদ্মফুল শিবির। 
এদিনই শিলিগুড়িতে এসে এ রাজ্যে তৃণমূলকে হটিয়ে নিজেদের প্রতিষ্ঠা করার ক্ষেত্রে মাত্রাতিরিক্ত ‘আত্মবিশ্বাস’ দেখিয়েছেন বিজেপি’র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। ঠিক সেই সময়ে ১৬০ কিলোমিটার দূরের কোচবিহার শহরে স্থানীয় ভূমিপুত্রদের জমায়েতে বিজেপিকে হটানোর জন্য তৃণমূল সুপ্রিমোর ডাক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

হিন্দু ধর্মের বদনাম করছে বিজেপি, অমিতের সফরের মাঝেই তোপ মমতার-আনন্দবাজার

হিন্দু ধর্মের বদনাম করছে বিজেপি, অমিতের সফরের মাঝেই তোপ মমতার

বিজেপির যদি ভরসা থাকে রামে, তবে তাঁর বিশ্বাস রামকৃষ্ণে। নকশালবাড়িতে যখন রাজ্যে পদ্ম ফোটানোর স্বপ্ন নিয়ে পা রেখেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি, তখন কোচবিহার থেকে এভাবেই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
একদিকে অমিত শাহর রাজ্য সফর। আইকনিক নকশালবাড়ি আন্দোলনকে মাথায় রেখে যার শুরু হয়েছে উত্তরবঙ্গ থেকে। অন্যদিকে ঠিক একই সময়ে উত্তরবঙ্গ সফরে মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে ভরা এপ্রিলে যে রাজনৈতিক উষ্ণতার পারদ চড়বে, তা বলার অপেক্ষা রাখে না।
বাবরি কাণ্ডে অভিযুক্তরা কি পদত্যাগ করছেন, অমিতকে পাল্টা কটাক্ষ পার্থর-সংবাদ প্রতিদিন
শহরে এসেই তৃণমূল সরকারের বিরুদ্ধে আক্রমণের ঝাঁজ বাড়িয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ৷ নারদ কাণ্ড থেকে তোষণের রাজনীতি-কোনও তিরেই তৃণমূলকে বিঁধতে কসুর করেননি৷ এবার তার পাল্টা জবাব শোনা গেল তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের গলায়৷ বাবরি কাণ্ডের তিরেই নারদ কাঁটা উপড়াতে চাইলেন তিনি৷

এদিন প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন নারদ নিয়ে তৃণমূলকে তীব্র আক্রমণ করেন অমিত শাহ৷ তাঁর সাফ কথা, তৃণমূলের নেতারা টাকা নিচ্ছেন এ তো গোটা দুনিয়া দেখেছে৷ এ কোনও মুখের অভিযোগ নয়৷ রীতিমতো প্রমাণ আছে৷ এর কী সাফাই দেবে তৃণমূল?

সত্যিই কি বিক্ষোভের তাগিদে জওয়ানদের দিকে ঢিল ছুড়েছিলেন এই কাশ্মীরি কন্যা?-সংবাদ প্রতিদিন

কাশ্মিরি বালিকারা কি সত্যিই সেনাকে উদ্দেশ্য করে ঢিল ছুঁড়েছিল

অশান্তি লেগেই রয়েছে কাশ্মীরে৷ কিন্তু সম্প্রতি তাতে নতুন ইন্ধন জোগাল কাশ্মীরি তরুণীদের ঢিল ছোড়ার ঘটনা৷ এতদিন কেবলমাত্র কাশ্মীরি যুবকদের সেনার দিকে ইঁট-পাটকেল ছুড়তে দেখা যেত৷ এদিনই প্রথম তরুণীদের সেই দলে যোগ দিতে দেখা যায়৷

কিন্তু সত্যিই কি সকলে প্রতিবাদের জন্যই ঢিল ছুড়েছিলেন সকলে? না, অন্তত আফসান আশিকি তো তা করেননি৷ ২১ বছরের আফসান কাশ্মীরের প্রথম মহিলা ফুটবল কোচ৷ নিজেও অসাধারণ ফুটবল খেলেন৷ একদিন ভারতের হয়ে খেলতে চান তিনি৷ তাহলে এই বিচ্ছিন্নতাবাদের উসকানিতে তিনি সামিল হলেন কেমন করে?#


পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৬