এপ্রিল ২৮, ২০১৭ ১১:৩৬ Asia/Dhaka

শ্রোতা/ পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আজ ২৮ এপ্রিল শুক্রবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।

বাংলাদেশের শিরোনাম: 

  • দুর্বলতা ঢাকতে বিএনপি একেক সময় একেক কথা বলছে-ওবায়দুল কাদের-ইত্তেফাক
  • জঙ্গি তামিম-সারোয়ার গ্রুপের ৩ সদস্য গ্রেফতার-ইত্তেফাক
  • বিএনপি হাওরে গিয়েছিল ফটোসেশনে-ওবায়দুল কাদের-যুগান্তর
  • পানের বরজে ৩৬ কোটি টাকার ইয়াবা-যুগান্তর
  • বাংলাদেশে গুম নিয়ে কেন এই আতঙ্ক-উদ্বেগ?-মানবজমিন
  • নিয়ন্ত্রণ ছাড়া নির্বাচন হলে জনপ্রিয়তা বোঝা যাবে: ফখরুল-প্রথম আলো
  • অস্ট্রেলিয়ান হাইকমিশন উড়িয়ে দেবার হুমকিদাতা গ্রেফতার-নয়া দিগন্ত
  • নয়া দিগন্তের একটি প্রতিবেদনের শিরোনাম- নিঃস্ব কৃষকদের হাহাকার হাওরে
  • অর্থাভাবে বিচার পাবে না, তা হতে পারে না: প্রধানমন্ত্রী-কালের কণ্ঠ

ভারতের শিরোনাম:

  • পাঞ্জাবে ভাঙনের মুখে আপ-আজকাল
  • আমাকে চোখ রাঙাবেন না: মমতা-বর্তমান
  • নারদ কাণ্ডে এ বার ১২ তৃণমূল নেতার বিরুদ্ধে মামলা ইডি-র-আনন্দবাজার
  • দেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত রাজ্য এটিই-সংবাদ প্রতিদিন

শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত খবরের গুরুত্বপূর্ণ অংশ তুলে ধরছি.. প্রথমে বাংলাদেশ
 

অর্থাভাবে বিচার পাবে না, তা হতে পারে না: প্রধানমন্ত্রী-কালের কণ্ঠ

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা

দুস্থ, অসহায়, দরিদ্রদের বিনামূল্যে আইনি সহায়তা দিতে সরকারের উদ্যোগের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অর্থের অভাবে বিচার পাবে না বা আইনি সহায়তা পাবে না এটাতো হতে পারে না। আজ শুক্রবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় আইনগত সহায়তা দিবস এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বঙ্গবন্ধুর কারাজীবন ও নিজের কারাভোগের অভিজ্ঞতার কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, কারাগারের সঙ্গে আমাদের একটা সর্ম্পকই ছিলো, কাজেই সেখানে কত মানুষ বিচার না পেয়ে দিনের পর দিন কারাগারে বন্দি অবস্থায় আছে...।
হয়তো তারা জানেই না, বোঝেই না কিভাবে আইনগত সহায়তা পেতে পারে। বছরের পর বছর কারাগারে পড়ে আছে বিনা বিচারে। সেই রকম আত্মীয় স্বজন বা আর্থিক সচ্ছলতা যাদের নেই, তারা আইনি সহায়তা পাবে। আবার আমরা দেখি সামাজিকভাবে নানাভাবে নির্যাতিত হয়, বিশেষ করে মেয়েরা। বঞ্চিত মানুষকে বিনামূল্যে আইনি সহায়তা দিতে আওয়ামী লীগ সরকারের উদ্যোগের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, দুস্থ, অসহায়, দরিদ্র, সুবিধাবঞ্চিত মানুষগুলো যেন ন্যায় বিচার পেতে পারেন, সেই ন্যায় বিচারের পথ সুগম করার জন্য আইনগত সহায়তা প্রদান আইন ২০০০ পাশ করি।

নিয়ন্ত্রণ ছাড়া নির্বাচন হলে জনপ্রিয়তা বোঝা যাবে: ফখরুল-প্রথম আলো

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পুলিশ ও সরকারের নিয়ন্ত্রণ ছাড়া নিরপেক্ষ নির্বাচন হলেই বোঝা যাবে কাদের জনপ্রিয়তা আছে, আর কাদের নেই। আজ জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানানোর পর মির্জা ফখরুল এই মন্তব্য করেন। 
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, আগামী নির্বাচনের জন্য একটি নিরপেক্ষ সহায়ক সরকার প্রয়োজন। না হলে জনগণ নির্বাচন মেনে নেবে না। এই সরকার অগণতান্ত্রিক, একনায়কতান্ত্রিক সরকার। এই সরকারের অধীনে কোন নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে না। আওয়ামী লীগের সময় কোন নির্বাচন সুষ্ঠু হয়নি। আওয়ামী লীগ ক্ষমতায় থেকে কলকাঠি নাড়বে আর নির্বাচন করবে, তা হবে না। সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে। 
বিএনপির মহাসচিব এ সময় অভিযোগ করেন, সুনামগঞ্জের হাওর এলাকায় দুর্গতদের সহায়তায় যেতে বিএনপির ত্রাণ প্রতিনিধি দলকে প্রশাসন বাঁধা দিচ্ছে। প্রয়োজন হলে বিএনপির চেয়ারপারসনও দুর্গত এলাকায় যাবেন।

বিএনপি হাওরে গিয়েছিল ফটোসেশনে-ওবায়দুল কাদের : যুগান্তর

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নেতারা একদিনের জন্য হাওরে ফটোসেশন করতে গিয়েছিলেন। ফিরে এসে তারা এটা নিয়ে রাজনীতি করছেন।
শুক্রবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় পুত্র শেখ জামালের ৬৪তম জন্মদিন উপলক্ষে এক অনুষ্ঠানে একথা বলেন ওবায়দুল কাদের।
তিনি বলেন, 'হাওর এলাকায় সরকারি দল সার্বক্ষণিক কাজ করছে। তাদের সঙ্গে জনগণের পাশে আমাদের আওয়ামী লীগের এমপি ও স্থানীয় নেতাকর্মীরা দায়িত্ব পালন করছেন।'
আর গতকাল এক অনুষ্ঠানে সেতুমন্ত্রী বলেছিলেন, তৃণমূলে নিজেদের দুর্বলতা ঢাকতে বিএনপি একেক সময় একেক কথা বলছে। যে কোন ইস্যুতে মিথ্যাচার করা বিএনপির বদঅভ্যাসে পরিণত হয়েছে জানিয়ে তিনি বলেন, রাজনৈতিক দল হিসেবে ক্ষয় হয়ে যাচ্ছে এ রকম অবস্থার অবসান ঘটাতে হলে তাদের নির্বাচনে অংশগ্রহণ করতে হবে। 

পানের বরজে ৩৬ কোটি টাকার ইয়াবা-যুগান্তর

পানের বরজ থেকে ৩৬ কোটি টাকার ইয়াবা উদ্ধার

টেকনাফ উপজেলায় এক পানের বরজ থেকে চার বস্তা ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এতে ১২ লাখ ১০ হাজারের মতো ইয়াবা ট্যাবলেট ছিল।
বিজিবি জানায়, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের মূল্য ৩৬ কোটি ৩০ লাখ টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।   শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার সাবরাং ইউনিয়নের কাটাবুনিয়া-কুড়েরমুখ-সংলগ্ন এলাকার পানের একটি বরজ থেকে এসব ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে টেকনাফ ২ বিজিবি।

অস্ট্রেলিয়ান হাইকমিশন উড়িয়ে দেবার হুমকিদাতা গ্রেফতার-নয়া দিগন্ত

রাজধানী ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশন উড়িয়ে দেবার হুমকিদাতাকে আটক করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তির নাম তৌসিফ হোসেন ওরফে সীমান্ত (২৮)। তিনি একজন ফ্রিল্যান্স আলোকচিত্রী। 
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) টেররিজম ও ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিটের সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগ অভিযান চালিয়ে গতকাল বৃহস্পতিবার বিকেল চারটায় রাজধানীর বনশ্রী থেকে তাঁকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার তৌসিফ হোসেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ভিক্টোরিয়া ইউনিভার্সিটি থেকে বিবিএ করেছেন। তিনি দুটো ই-কমার্স সাইটে ফ্রিল্যান্স আলোকচিত্রী হিসেবে কাজ করেন।

বাংলাদেশে গুম নিয়ে কেন এই আতঙ্ক-উদ্বেগ?-মানবজমিন

বাংলাদেশে তিন বছর আগে ২৭শে এপ্রিল নারায়ণগঞ্জ থেকে শহরের কাউন্সিলর ও আইনজীবী-সহ মোট সাতজন নিখোঁজ হয়েছিলেন। র‍্যাব পরিচয়ে ধরে নিয়ে যাওয়ার কয়েকদিন পর তাদের মৃতদেহ পাওয়া যায়।
তিন বছর আগের ওই ঘটনায় জড়িত র‍্যাব কর্মকর্তা ও সংশ্লিষ্টদের সাজা হলেও দেখা যাচ্ছে বাংলাদেশে নিরাপত্তা বাহিনীর পরিচয়ে অপহরণ এবং গুমের ঘটনা কমছে না।
জাতিসংঘের মানবাধিকার কমিটি গত ২২শে মার্চ বাংলাদেশ বিষয়ে প্রকাশিত প্রতিবেদনে নিরাপত্তা বাহিনীর পরিচয় দিয়ে তুলে নিয়ে যাওয়ার পর নিখোঁজ হওয়ার ঘটনা বৃদ্ধি এবং সেগুলোর তদন্ত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।
বেসরকারি মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের হিসেবে গত তিন বছরে নিরাপত্তা বাহিনীর পরিচয়ে ধরে নেয়ার পর ২৬৭ জন নিঁখোজ হয়েছেন।

জুয়ার ভয়ঙ্কর ফাঁদ-মানবজমিনের অনুসন্ধানী প্রতিবেদন

তিন তাসের ভেল্কিবাজি। রাস্তাঘাটে, রেল লাইনে। দূর থেকে পথচারীকে লক্ষ্য করে ঝটপট ভয়ঙ্কর ফাঁদ পেতে 
বসছে জুয়াড়িরা। ৮ থেকে ১২ জনের সংঘবদ্ধচক্র। নানা কৌশলে জুয়ায় আকর্ষণ করছে সাধারণ মানুষকে। দু’তিনগুণ লাভ জেতানোর লোভ দেখিয়ে টানছে জুয়ার আসরে। এক-দুই-তিন বা ততধিক চালে কিছুক্ষণের ব্যবধানে হাতিয়ে নিচ্ছে সর্বস্ব। তারপর হওয়া জুয়ার আসর। সেই রেশ কাটতে না কাটতেই জমে উঠছে নতুন শিকারের আসর। এভাবে রাজধানীর অন্তত অর্ধশতাধিক পয়েন্টে দিনে ও রাতে চলছে জুয়ার ফাঁদ।

নয়া দিগন্তের একটি প্রতিবেদনের শিরোনাম- নিঃস্ব কৃষকদের হাহাকার হাওরে

সুনামগঞ্জের হাওরে আকস্মিক বন্যায় ফসল ডুবে সর্বস্বান্ত হওয়া কৃষকদের মধ্যে চলছে হাহাকার। জেলার তাহিরপুর উপজেলা সদরে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে প্রতিদিন যে ওএমএসের চাল দেয়া হয় তা চাহিদার চেয়ে খুবই কম। ফলে সারা দিন লাইনে দাঁড়িয়ে থেকেও চাল না পেয়ে খালি হাতে ফিরে যাচ্ছেন অনেকে। জেলার জামালগঞ্জের পাকনা হাওরের কৃষকেরা গবাদি পশুর খাদ্য নিয়েও বিপাকে পড়েছেন। সিলেট জেলার গোলাপগঞ্জে সুরমা নদীর ভাঙনের হুমকির মুখে অর্ধশতাধিক পরিবারের বাড়িঘর, নদীতে চলে গেছে পাঁচটি বসত বাড়ি ও ফসলি জমি। সুনামগঞ্জ সংবাদদাতা জানান, সুনামগঞ্জের হাওরে আকস্মিক বন্যায় ফসলডুবির ঘটনায় জেলা জুড়ে কৃষকদের মধ্যে চলছে হাহাকার।
জঙ্গি বিরোধী অভিযান সম্পর্কিত খবরে দৈনিক মানবজমিন লিখেছে, শিবগঞ্জের জঙ্গি আস্তানায় ‘অপারেশন ঈগল হান্ট’ শেষ হয়েছে। জঙ্গি আস্তানা থেকে রফিকুল ইসলাম আবুসহ চার জঙ্গির লাশ উদ্ধার করা হয়েছে। আস্তানা থেকে এক নারী ও এক শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। আর যুগান্তরের খবর- চাঁপাইনবাবগঞ্জে 'অপারেশন ঈগল হান্টে' নিহত নব্য জেএমবি নেতা আবুল কালাম আজাদ ওরফে আবুর লাশ নেবেন না বলে জানিয়েছেন তার মা ফুলসানা বেগম। আর প্রথম আলোর খবর- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় জঙ্গি আস্তানায় নিহত চারজনের মধ্যে আবু কালাম ওরফে আবু ছাড়া বাকিদের পরিচয় জানা যায়নি। তাঁদের ডিএনএ নমুনা নেওয়া হয়েছে।
এদিকে ইত্তেফাকের একটি খবরে বলা হয়েছে, ঢাকার সাভারে একটি বাসে অভিযান চালিয়ে নব্য জেএমবির সারোয়ার-তামিম গ্রুপের তিন সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শ্রোতা/ পাঠক ! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।
 

পাঞ্জাবে ভাঙনের মুখে আপ-আজকাল

দিল্লিতে পুরভোটে বড় ধাক্কা। এবার সাংগঠনিকভাবে পাঞ্জাবেও বড় ধাক্কার মুখে আম আদমি পার্টি। দলের অন্যতম দুই শীর্ষনেতা সঞ্জয় সিং ও দুর্গেশ পাঠক বৃহস্পতিবারই পদত্যাগ করেছেন। নিচুতলাতেও আপ ছাড়ার প্রবণতা বাড়ছে। অনেকেই গোপনে যোগাযোগ করছেন কংগ্রেসের সঙ্গে। বড় ভাঙনের মুখে দাঁড়িয়ে কেজরিওয়ালের দল। 
পাঞ্জাবে বিধানসভায় এবার আপ সরকার গড়তে পারে, এমন একটা জল্পনাও তৈরি হয়েছিল। কেজরিওয়াল দিল্লি ছেড়ে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হতে পারেন, এমনটাও শোনা যাচ্ছিল। কিন্তু নির্বাচনে ভরাডুবি হয়। তারপর থেকেই হতাশ হয়ে পড়েন কর্মী–সমর্থকরা। দিল্লিতে হারের পর থেকে সেই হতাশা আরও বেড়েছে।

দেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত রাজ্য কর্নাটক-সংবাদ প্রতিদিন

গোটা দেশেই প্রতিনিয়ত বেড়ে চলেছে দুর্নীতি। মাঝেমধ্যেই সেগুলি খবরের শিরোনামে উঠে আসে। আবার অনেকসময় ধামাচাপা দেওয়ারও চেষ্টা হয়। আর দেশ থেকে দুর্নীতি দূর করতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত নভেম্বরে নোট বাতিলের সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু জানেন কি ২০১৭ সালে এখনও পর্যন্ত দেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত রাজ্য কোনটি? উত্তর হল কর্নাটক। একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সমীক্ষা অনুযায়ী, দক্ষিণের এই রাজ্যটিই সবথেকে বেশি দুর্নীতিগ্রস্ত। কর্নাটকের পরেই স্থান পেয়েছে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, মহারাষ্ট্র, জম্মু-কাশ্মীর ও পাঞ্জাব। উল্টোদিকে, হিমাচল প্রদেশে, কেরল এবং ছত্তিশগড় সবথেকে কম দুর্নীতিগ্রস্ত রাজ্য।

নারদ কাণ্ডে এ বার ১২ তৃণমূল নেতার বিরুদ্ধে মামলা ইডি-র-আনন্দবাজার

নারদ কাণ্ডে আরও বেকায়দায় তৃণমূল। সিবিআইয়ের পর এ বার ১২ জন তৃণমূল নেতার বিরুদ্ধে আর্থিক নয়ছয় এবং দুর্নীতি দমন আইনে মামলা দায়ের করল এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট (ইডি)। ফলে নারদ তদন্তে ১৭ এপ্রিল সিবিআই যে এফআইআর করেছিল, ইডি নতুন করে মামলা করায় তৃণমূলের অস্বস্তি আরও বাড়ল বলে মনে করছে রাজনৈতিক মহল।
নারদ কাণ্ডে সিবিআই ভারতীয় দণ্ডবিধির ১২০বি এবং দুর্নীতি দমন আইনের কয়েকটি ধারায় মামলা করেছিল। কিন্তু এ বার ইডি ১২ জন অভিযুক্ত তৃণমূল নেতার বিরুদ্ধে নতুন করে যে মামলা শুরু করল, সেই মামলায় আরও সমস্যা বাড়তে পারে। কারণ, তদন্ত চলাকালীন ইডি-র হাতে তৃণমূল সাংসদ ও বিধায়কদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও সম্পত্তি বাজেয়াপ্ত করার ক্ষমতা রয়েছে।

আমাকে চোখ রাঙাবেন না: মমতা-বর্তমান

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী

আমাকে চোখ রাঙাবেন না! কারও চোখ রাঙানিকে বরদাস্ত করি না। এবার গুজরাত-উত্তরপ্রদেশে গিয়ে সংগঠন করব। আমাকে টার্গেট করলে, দিল্লিকে নিশানা করব আমিও। নাম না করে অমিত শাহসহ বিজেপি’র শীর্ষকর্তাদের এই ভাষাতেই পালটা হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার দুপুরে বীরপাড়া সার্কাস ময়দানে সরকারি পরিষেবা প্রদান উপলক্ষে আয়োজিত এক জনসভায় মমতা বলেন, বাংলার এই মাটি দুর্জয় ঘাঁটি। এই মাটিতে উড়ে এসে জুড়ে বসেছে। বড্ড তাড়া! কখনও বলছে ৩৫৬ ধারা প্রয়োগ করব, কখনও ৩৫৮ ধারা, কখনও সিবিআইকে দিয়ে জেলে পুরে দাও আবার কখনও ইডি’কে লেলিয়ে দাও! মুখ্যমন্ত্রীর কথায়, ভয় পেয়েছে বলেই ওরা ভয় দেখাচ্ছে। যারা গুজরাত সামলাতে পারে না, তারা বাংলা সামলাতে এসেছে! বরং আগামী দিনে দিল্লিকে পথ দেখাবে বাংলাই।#


পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৮