এপ্রিল ৩০, ২০১৭ ১৩:২২ Asia/Dhaka

শ্রোতাবন্ধুরা! পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আজ ৩০ এপ্রিল রোববারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।

বাংলাদেশের শিরোনাম: 

  • সব সময় আপনাদের পাশে আছি: প্রধানমন্ত্রী-ইত্তেফাক
  • সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হলে তা বাতিলের ক্ষমতা সুপ্রিমকোর্টের রয়েছে’-ইত্তেফাক
  • দোষী সাব্যস্ত হওয়ার আগে 'রাজাকার' আখ্যা নয়-যুগান্তর
  • হেফাজত কখনোই রাজনীতিতে জড়াবে না: আল্লামা শফী-মানবজমিন
  • মূসক নিয়ে অর্থমন্ত্রীর সঙ্গে হট্টগোল-প্রথম আলো
  • দেশের নয়, উন্নয়ন হচ্ছে আওয়ামী লীগের: ফখরুল-মানবকণ্ঠ
  • 'পণ্যের পর্যাপ্ত মজুদ থাকায় রমজানে দাম বাড়ার আশঙ্কা নেই'-বাংলাদেশ প্রতিদিন
  • হাকালুকিতে শুধু প্রাণী সম্পদ বিভাগের ক্ষতি ২৬ কোটি টাকা-নয়া দিগন্ত
  • খোলা বাজারে টিসিবির পণ্য বিক্রি শুরু ১৫ মে-কালের কণ্ঠ
  • প্রাইভেট না পড়ায় শিক্ষকের পিটুনি, ছাত্রী হাসপাতালে-আমাদের সময়

ভারতের শিরোনাম:

  • ভিআইপি নয়, ইপিআইদের প্রাধান্য মোদির-আজকাল
  • ইভিএম মানে এভরি ভোট মোদি: যোগী-আজকাল
  • পণের দাবিতে অত্যাচার, আত্মঘাতী গৃহবধূ-সংবাদ প্রতিদিন
  • ‘দেহব্যবসা চালাচ্ছেন বিজেপির মহিলা বিধায়ক’ মন্তব্যে গ্রেফতার ডিএসপি-আনন্দবাজার

শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত খবরের গুরুত্বপূর্ণ অংশ তুলে ধরছি.. প্রথমে বাংলাদেশ
সব সময় আপনাদের পাশে আছি: প্রধানমন্ত্রী-ইত্তেফাক/প্রথম আলো

সুনামগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সুনামগঞ্জে হাওরবাসীকে আশ্বস্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘চিন্তা করবেন না। সব সময় আপনাদের পাশে আছি।’
প্রধানমন্ত্রী হাওরবাসীর উদ্দেশে বলেন, ‘আপনাদের খবর প্রতিনিয়ত রাখছি। মন্ত্রী, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আপনাদের পাশে রয়েছে। আপনাদের জন্য কাজ করছে।’
ক্ষতিগ্রস্ত হাওরবাসীকে ধানের সঙ্গে সঙ্গে গো–খাদ্যও দেওয়া হবে বলে জানান শেখ হাসিনা। তিনি বলেন, আগামী মৌসুমে হাওর অঞ্চলে বিনা মূল্যে কৃষি উপকরণ দেওয়া হবে।প্রধানমন্ত্রী জানান, বাঁধ নির্মাণে কারও গাফিলতি থাকলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। হাওরে কীভাবে বাঁধ নির্মাণ করা যায় বা এতে প্রাকৃতিক ক্ষতি হবে কি না, তা পরীক্ষা করে দেখা হবে।
হাওরে ফসল নষ্ট হওয়ার অজুহাতে একশ্রেণির ব্যবসায়ী দাম বাড়াচ্ছেন বলে উল্লেখ করেন শেখ হাসিনা। তিনি বলেন, ‘ফসল নষ্ট হয়েছে হাওরে। খাদ্যের মজুত আছে। কম পড়লে আমদানি করা হবে। কিন্তু খাবারের কষ্ট হবে না। কেউ কালোবাজারি করলে ব্যবস্থা নেব।

দেশের নয়, উন্নয়ন হচ্ছে আওয়ামী লীগের: ফখরুল-মানবকণ্ঠ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সরকারকে উদ্দেশ্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারি কর্মকর্তাদের বেতন বাড়িয়েছেন। আমাদের কৃষক ভাইদের তো বেতন বাড়ান নাই। এছাড়া সার, বিদ্যুৎ, ডিজেলসহ সবকিছুর দাম বাড়িয়ে দিয়ে বলছেন দেশে উন্নয়ন হচ্ছে। আসলে উন্নয়ন হচ্ছে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের।

রোববার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলা আউলিয়াপুর ইউনিয়নে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, এই দেশ টা কি কয়েকটা মানুষের জন্য। তারা সম্পদ থেকে সম্পদ তৈরি করবে। আর সাধারণ মানুষ গরিব থেকে আরো গবির হবে। সরকার নির্বাচন দিতে চায় না। তারা‌ নিজেরাই সব নিয়ন্ত্রণ করবে। সেটা কিভাবে আমরা মেনে নিব। তাই আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে সরকারের প্রতি দাবি জানাই নির্বাচন দাও। সে নির্বাচন হতে হবে লেভেল প্লেয়িং ফিল্ডের মধ্যে।

মূসক নিয়ে অর্থমন্ত্রীর সঙ্গে হট্টগোল-প্রথম আলো

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত

আগামী অর্থবছরের বাজেট নিয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) যৌথ পরামর্শক সভায় মূসক বা ভ্যাট নিয়ে হট্টগোলের ঘটনা ঘটেছে।
আজ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত সভায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে ব্যবসায়ীদের বাহাস হয়।
যৌথ পরামর্শক সভায় উপস্থিত ছিলেন ব্যবসায়ী ঐক্য পরিষদের সভাপতি আবু মোতালেব। আলোচনার একপর্যায়ে তিনি বলেন, ভ্যাট নিয়ে এনবিআর ও এফবিসিসিআই কাজ করছে। কিন্তু ফলাফল শূন্য। ভ্যাট নিয়ে ব্যবসায়ীদের প্রশিক্ষণের কোনো ব্যবস্থা করা হয়নি। শুধু লোক দেখানো প্রশিক্ষণ হয়েছে। প্রশিক্ষণ না দিলে চকবাজারের ব্যবসায়ী কীভাবে জানবে ইলেকট্রনিক ক্যাশ রেজিস্ট্রার কী?। তিনি আরও বলেন, ‘ভ্যাট নিয়ে এফবিসিসিআই যে প্রস্তাব দিয়েছে, তা আশা করি মেনে নেবেন। তা মানা না হলে আমরা আন্দোলন করব।’

সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হলে তা বাতিলের ক্ষমতা সুপ্রিমকোর্টের রয়েছে’-ইত্তেফাক

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, ভবিষ্যতে সংসদ সংবিধানের কোনো বিধান বা অন্য কোনো আইন সংবিধানের মূলনীতির সঙ্গে সাংঘর্ষিক হলে তা বাতিল করতে সুপ্রিমকোর্ট পিছ পা হবে না। 
 তিনি বলেন, বঙ্গবন্ধু যে সংবিধান প্রণয়ন করেছেন, তা সুপ্রিমকোর্টকে জুডিশিয়াল রিভিউ করার ক্ষমতা দেয়া হয়েছে। সংবিধানের এই ক্ষমতা বলেই সুপ্রিমকোর্ট ৫ম, ৭ম, ৮ম ও ১৩তম সংশোধনী বাতিল করে দিয়েছে সুপ্রিমকোর্ট। এতে কারো কোনো দ্বিমত নেই। 
প্রধান বিচারপতি বলেন, দুই-তৃতীয়াংশ সংসদ সদস্য ঐক্যমত হলেই সংবিধান সংশোধন করতে পারে। শুধু দুই-তৃতীয়াংশ সংসদ সদস্যই না পুরো সংসদ মিলে যদি সংবিধান বাতিল করে, সেই ক্ষমতা তাদের আছে। কিন্তু সুপ্রিমকোর্ট  যদি দেখে, এতে সংবিধান মূল ভিত্তি নষ্ট হয়ে গেছে, আইনের শাসন, ‍বিচার বিভাগের স্বাধীনতা ও জনগনের অধিকারে আঘাত হেনেছে। তাহলে সংসদের ওই সিদ্ধান্তকে বেআইনি ঘোষণার ক্ষমতা সুপ্রিমকোর্টের রয়েছে।

হেফাজত কখনোই রাজনীতিতে জড়াবে না: আল্লামা শফী-মানবজমিন

হেফাজতে ইসলামের আমির আল্লামা আহমদ শফী

হেফাজতে ইসলামের আমির আল্লামা আহমদ শফী বলেছেন, হেফাজতে ইসলাম সাংগঠনিকভাবে কখনোই রাজনীতিতে জড়াবে না, ভোটের রাজনীতিতে কাউকে প্রত্যক্ষ-পরোক্ষ সমর্থনও জোগাবে না। কিন্তু কওমি মাদ্রাসার সনদের স্বীকৃতি দেয়ার পর হেফাজতে ইসলামকে কওমি মাদরাসার সঙ্গে একাকার করে বিদ্বেষমূলক নানা মিথ্যা কাহিনী ফেঁদে ঈমান-আকিদাভিত্তিক অরাজনৈতিক সংগঠনটিকে রাজনৈতিক রূপদানের ব্যর্থ চেষ্টা চালাচ্ছে কোনো কোনো মিডিয়া। শনিবার রাতে এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
আল্লামা শফি বলেন, একদিকে কওমি মাদরাসার শিক্ষাপদ্ধতির ছিদ্রান্বেষণে হাস্যকর ব্যাখ্যা-বিশ্লেষণ করছে এ মহলটি। অন্যদিকে সিলেবাস নিয়ে অমূলক প্রশ্ন তুলছে এবং কওমি সনদের মানদ- নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করছে। কওমি মাদরাসার স্বতন্ত্র বৈশিষ্ট্য বজায় রেখে ও দারুল উলুম দেওবন্দের মূলনীতিগুলোকে ভিত্তি ধরে কওমি মাদরাসার দাওরায়ে হাদিসের সনদকে মাস্টার্সের (ইসলামিক স্টাডিজ ও আরবি) সমমান প্রদান করায় বাম সেকুলারপন্থী গোষ্ঠী ও ইসলামবিদ্বেষী মিডিয়াগুলোর গায়ে জ্বালা ধরেছে বলেও অভিযোগ করা হয় বিবৃতিতে।

দোষী সাব্যস্ত হওয়ার আগে 'রাজাকার' আখ্যা নয়-যুগান্তর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

বিচার শেষ হওয়ার আগে অভিযুক্ত কাউকে 'রাজাকার' হিসেবে আখ্যা দেয়া যাবে না বলে আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 
রোববার নওগাঁ জেলার বদলগাছি থানার চার আসামির বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার শুনানিকালে আদালত এ নির্দেশ দেন। ট্রাইব্যুনালের প্রসিকিউটর তাপসকান্তি বল বিষয়টি নিশ্চিত করেছেন।   তিনি বলেন, মানবতাবিরোধী অপরাধে বিচারাধীন কোনো মামলার আসামির বিচার শেষ হওয়ার আগে নথিপত্রে আসামিকে ‘রাজাকার’ হিসেবে চিহ্নিত করা থেকে বিরত থাকতে বলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

খোলা বাজারে টিসিবির পণ্য বিক্রি শুরু ১৫ মে-কালের কণ্ঠ

খোলা বাজারে টিসিবির পণ্য বিক্রি শুরু ১৫ মে

রমজান মাস সামনে রেখে বাজার স্থিতিশীল রাখতে ১৫ মে থেকে খোলা বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি শুরু করবে রাষ্ট্রায়ত্ত বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।
নিত্যপ্রয়োজনীয় পণ্যর সরবরাহ ও মূল্য পরিস্থিতি নিয়ে রবিবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক পর্যালোচনা সভায় টিসিবির চেয়ারম্যান আবু সালেহ মো. গোলাম আম্বিয়া এই তথ্য জানান।
তিনি বলেন, 'আগামী ২৭ থেকে রোজা শুরু হবে। আমরা আশা করছি, ১৫ মে থেকে আমরা মার্কেটিং শুরু করব। ' রোজা সামনে রেখে প্রতিবছর পেঁয়াজ, চিনি, ছোলা, ডাল, তেল ও খেজুর বিক্রি করে থাকে টিসিবি।

'পণ্যের পর্যাপ্ত মজুদ থাকায় রমজানে দাম বাড়ার আশঙ্কা নেই'-বাংলাদেশ প্রতিদিন

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ

পণ্যের পর্যাপ্ত মজুদ থাকায় আসন্ন রমজানে দাম বাড়ার কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। আজ রবিবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ব্যবসায়ীদের সঙ্গে নিত্যপণ্যের বাজার পরিস্থিতি নিয়ে পর্যালোচনা বৈঠকে তিনি একথ‍া বলেন। তোফায়েল আহমেদ বলেন, রমজানকে সামনে রেখে টিসিবি প্রস্তুত রয়েছে। ১৫ মে থেকে সারা দেশে ২ হাজার ৮১১ জন ডিলার ও ১৮৫টি ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে নিত্যপণ্য বিক্রি করবে।
রজমানে বাজার স্বাভাবিক থাকলে সরকারের পক্ষ থেকে ব্যবসায়ীদের পুরস্কৃত করা হবে বলেও জানান তিনি।

হাকালুকিতে শুধু প্রাণী সম্পদ বিভাগের ক্ষতি ২৬ কোটি টাকা-নয়া দিগন্ত

হাকালুকিতে শুধু প্রাণী সম্পদ বিভাগের ক্ষতি ২৬ কোটি টাকা

এশিয়ার বৃহত্তম হাওর হাকালুকিতে শুধু প্রাণী সম্পদ বিভাগের ক্ষতি হয়েছে ২৬ কোটি ১০ লাখ টাকা। হাওরের প্রাণী সম্পদের ক্ষয়ক্ষতি স্বচক্ষে দেখতে শনিবার হাওর পরিদর্শন করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মোঃ মাকসুদুল হাসান খানের নেতৃত্বে মৎস বিভাগের একটি টিম। 
প্রাণী অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, হাকালুকিতে মারা গেছে মাত্র ৩৬৭টি হাঁস। প্রতিটি হাঁসের গড় মূল্য ধরা হয়েছে ২শ৫০ টাকা। বন্যায় আক্রান্ত ৩ উপজেলার ক্ষতিগ্রস্থ ১৫টি ইউনিয়নে ৬৭ হাজার ২২টি গরু, ১৫ হাজার ৭২টি মহিষ, ২১ হাজার ৮৬৫টি ছাগল,২ হাজার ৭১৯টি ভেড়া, ২ লাখ ৬৬ হাজার ৮৯০টি মুরগি ও ৮৯ হাজার ৭৫৬টি হাঁস এবং ১৮ হাজার ৫শ হেক্টর চারণ ভূমি ক্ষতিগ্রস্থ হয়েছে। তাছাড়া ১২ কোটি ৯৩ লাখ টাকা মূল্যের পশু পাখির দানাদার খাদ্য ১২ হাজার ৯৩ মেট্রিক টন। ১২ কোটি ১৬ লাখ টাকা মূল্যের ৪৮ হাজার ৬৫২ মেট্রিক টন খড় এবং ১৮ কোটি ৭৯ লাখ ২ হাজার ৮০ টাকা মূল্যের ৯ হাজার ৩৯৩ মেট্রিক টন ঘাস নষ্ট হয়েছে। এবং ৫৩ হাজার ৪০০ টাকার পশু পাখি মারা গেছে।

প্রাইভেট না পড়ায় শিক্ষকের পিটুনি, ছাত্রী হাসপাতালে-আমাদের সময়

প্রাইভেট না পড়ায় শিক্ষকের পিটুনি, ছাত্রী হাসপাতালে

প্রাইভেট না পড়ার জেরে মাদারীপুরের কালকিনিতে এক শিক্ষার্থীকে বেদম মারধর করেছেন সরোয়ার হোসেন নামের এক শিক্ষক। পিটুনির পর জাসিয়া আক্তার (১১) নামের ওই ছাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
অভিযুক্ত শিক্ষক কালকিনি পৌর এলাকার ৩নং রাজদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আহত জাসিয়া ওই বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী।এ ঘটনায় আজ রোববার দুপুরে উপজেলা প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেছে।
জাসিয়ার পরিবারের অভিযোগ, পৌর এলাকার দক্ষিণ রাজদী গ্রামের আতিকুর রহমান শিকদারের স্কুল পড়ুয়া মেয়ে জাসিয়া আক্তার তার বিদ্যালয়ের প্রধান শিক্ষক  সরোয়ার হোসেনের কাছে দীর্ঘদিন প্রাইভেট পড়ে আসছে। কিন্তু আর্থিক সমস্যার কারণে বর্তমানে প্রাইভেট পড়া বন্ধ করে দিলে  সরোয়ার হোসেন ক্ষিপ্ত হয়ে শনিবার বিকালে জাসিয়া আক্তারকে শ্রেণিকক্ষে বেদম মারধর করেন।

শ্রোতা/ পাঠক ! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।
ভিআইপি নয়, ইপিআইদের প্রাধান্য মোদির-আজকাল

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

মন্ত্রী–আমলাদের লালবাতিতে কোপ পড়েছিল আগেই। এবার দেশবাসীর মন থেকে ভিআইপি সংস্কৃতি ছেঁটে ফেলতে উদ্যোগী হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার সকালে ৩১তম ‘মন কি বাত’ অনুষ্ঠানে এমনই বার্তা দিয়েছেন তিনি। জানিয়েছেন, ‘ভিআইপি সংস্কৃতির বিরুদ্ধে দেশবাসীর মধ্যে ক্ষোভ জমা হচ্ছিল। তা টের পেয়েই সরকার উদ্যোগ নিয়েছে। গাড়িতে লালবাতি লাগানো থাকলে তা ভিআইপি সংস্কৃতিরই জানান দেয়। যা আমাদের মনে গভীর প্রভাব ফেলে। ভিআইপি মানসিকতায় লাগাম টানতে প্রথমেই মন্ত্রী–আমলাদের গাড়ি থেকে লালবাতি ছেঁটে ফেলা হয়েছে।

‘দেহব্যবসা চালাচ্ছেন বিজেপির মহিলা বিধায়ক’ মন্তব্যে গ্রেফতার ডিএসপি-আনন্দবাজার

দেহব্যবসা চালাচ্ছেন বিজেপির মহিলা বিধায়ক’ মন্তব্যে গ্রেফতার ডিএসপি

খোদ জনতা ভবনে দেহব্যবসা চালাচ্ছেন বিজেপির মহিলা বিধায়ক। এমনই বিতর্কিত একটি পোস্ট নিজের ফেসবুক পেজে করেছিলেন অসম পুলিশের রিজার্ভ ব্যাটেলিয়নের ডিএসপি অঞ্জন বরা। সিআইডি আজ তাকে গ্রেফতার করে। ২৫ এপ্রিল অঞ্জনবাবু ফেসবুকে লেখেন, "অসম সচিবালয় জনতা ভবনে নিজের কক্ষে নির্লজ্জ দেহব্যবসা চালাচ্ছেন বিজেপির এক বিধায়িকা। প্রতি তিনঘণ্টার জন্য নিচ্ছেন এক লক্ষ টাকা। রমরমিয়ে চলছে ওই ব্যবসা। ওই বিধায়িকার পদবী কিন্তু চক্রবর্তী নয়।" বিজেপির দুই মহিলা বিধায়কের একজন সাংসদ বিজয়া চক্রবর্তীর মেয়ে সুমন হরিপ্রিয়া, অন্য জন অভিনেত্রী আঙুরলতা।

ইভিএম মানে এভরি ভোট মোদি: যোগী-আজকাল

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্য নাথ

ইভিএম মানে ‘এভরি ভোট মোদি’। নতুন ব্যাখ্যা দিলেন যোগী আদিত্যনাথ। যাঁরা ইভিএমের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ম তুলছেন তাঁদের জবাব দিতেই এই ব্যাখ্যা বলে দাবি করেছেন উত্তর প্রদেশের নতুন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনে বিজেপির বিপুল জয়ের পর থেকেই ইভিএম–এর বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে আপ এবং কংগ্রেস। দিল্লির পুর নির্বাচনে ব্যালটের দাবি জানিয়েছিলেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। কিন্তু সেই দাবি ধোপে টেকেনি। ইভিএমেই হয় নির্বাচন। এবারও বিপুল ভোটে জয়ী হয় বিজেপি। যোগীর দাবি, যাঁরা প্রশ্ন তুলছিলেন তাঁরা যোগ্য জবাব পেয়েছেন। তাঁরা এবার বুঝতে পারছেন ইভিএমের অর্থই হল এভরি ভোট মোদি।

পণের দাবিতে অত্যাচার, আত্মঘাতী গৃহবধূ-সংবাদ প্রতিদিন

য়ৌতুকের অত্যাচারে  গৃহবধূর আত্মহত্যা

পণ চেয়ে শ্বশুরবাড়ির লোকজনের অত্যাচার করত। তা সহ্য করতে না পেরেই গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হলেন ঊনিশ বছরের এক যুবতী। শুক্রবার রাতে নদিয়ার নাকাশিপাড়া থানার বদ্রীপুরে ঘটনাটি ঘটে।
পুলিশ জানিয়েছে, মৃতের নাম সঞ্চিতা বিশ্বাস। ধুবুলিয়াতে তাঁর বাড়ি ছিল। বছরখানেক আগে নাকাশিপাড়ায় তাঁর বিয়ে হয়। পুলিশ সূত্রে খবর, বিয়ের পর থেকেই স্বামী, শ্বশুর, শাশুড়ি, দেওর পণের জন্য সঞ্চিতার উপর মানসিক নির্যাতন চালাত। অভিযোগ, যত দিন যাচ্ছিল অত্যাচারের পরিমাণ বেড়েই চলছিল। রুখে দাঁড়িয়েও কিছু করতে পারেননি। শেষমেশ আত্মহত্যার পথ বেছে নেন।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৩০