ডলারের সঙ্কট মেটাতে বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপ কামনা ব্যাংকারদের
শ্রোতা/ পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আজ ১ মে সোমবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।
বাংলাদেশের শিরোনাম:
- হাওরাঞ্চলে কেউ না খেয়ে থাকবে না: প্রধানমন্ত্রী-ইত্তেফাক
- অবৈধ পয়সা বাঁচাতে জোর করে ক্ষমতায় থাকতে চায় আ’লীগ-মির্জা ফখরুল-যুগান্তর
- চালের মূল্যবৃদ্ধিতে রেকর্ড-যুগান্তর
- বিএনপি ক্ষমতায় এলে শ্রমিকদের পেটে লাথি মারে-ওবায়দুল কাদের-মানবজমিন
- ৭ শ্রম আদালতে মামলা জমে আছে সাড়ে ১৫ হাজার-শ্রমিকের বিচার পেতে যত বাধা -প্রথম আলো
- গডফাদারসুলভ আচরণ করলে মনোনয়ন পাওয়া যাবে না-মানবকণ্ঠ
- ডলারের সঙ্কট মেটাতে বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপ কামনা ব্যাংকারদের-নয়া দিগন্ত
- বিচারপতি নিয়োগে আইন তৈরির কাজ হচ্ছে-কালের কণ্ঠ
ভারতের শিরোনাম:
- পাক সেনার গুলিতে হত ২ জওয়ান-আজকাল
- আলোচনাতেই মিটবে কাশ্মীর সমস্যা, আশা তুরস্কের প্রেসিডেন্টেরও-সংবাদ প্রতিদিন
- আরও টাকা চাই! স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে আত্মঘাতী বধূ-আনন্দবাজার
- কোন স্কুল কত ডোনেশন নিচ্ছে জানতে পুলিশকে গোপনে ব্যবহার করবে রাজ্য-বর্তমান
শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত খবরের গুরুত্বপূর্ণ অংশ তুলে ধরছি.. প্রথমে বাংলাদেশ
অবৈধ পয়সা বাঁচাতে জোর করে ক্ষমতায় থাকতে চায় আ’লীগ-মির্জা ফখরুল-যুগান্তর
আওয়ামী লীগ তাদের ‘অবৈধভাবে’ উপার্জিত অর্থ-সম্পদ রক্ষা করতেই জোর করে ক্ষমতায় থাকার ‘নীলনকশা’ করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার সকালে মহান মে দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দলের শোভাযাত্রাপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে তিনি এই অভিযোগ করেন।
ফখরুল ইসলাম বলেন, উনি (ওবায়দুল কাদের) বলেছেন, আজ যে রোজগার করছেন তারা, আয় করছেন, সেই আয় নিয়ে পালাতে পারবে না যদি তারা ক্ষমতায় না থাকেন। আজকে তারা স্বীকার করে নিয়েছেন, যে তারা অবৈধ উপায়ে অর্থ উপাজর্ন করছে, তাদেরকে জোর করে হলেও ক্ষমতায় টিকে থাকতে হবে। সেজন্য তারা এসব বলার চেষ্টা করছেন। আমি তার বক্তব্যের ধিক্কার জানাই।
তিনি আরও বলেন, আমরা স্পষ্টভাষায় বলতে চাই, দেশের জনগণ সেটা (জোর করে ক্ষমতায় থাকা) কখনোই মেনে নেবে না। অবশ্যই তাদের নীলনকশা বাস্তবায়ন হতে দেবে না।
বিএনপি মহাসচিব বলেছেন, সারা দেশে শ্রমিকরা ন্যায্য অধিকার পাচ্ছে না। শুধু শ্রমিক সংগঠন করায় উল্টো নির্যাতিত, নিপীড়িত হচ্ছে। বর্তমান সরকারকে শ্রমিক বিরোধী ও গণবিরোধী উল্লেখ করে তিনি আরও বলেন, জোর করে ক্ষমতায় বসে থাকা এ সরকারকে সরাতে হবে। এজন্য জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে।
বিএনপি ক্ষমতায় এলে শ্রমিকদের পেটে লাথি মারে-ওবায়দুল কাদের-মানবজমিন
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশের নজিরবিহীন উন্নয়ন হয়, আর বিএনপি ক্ষমতায় এসে হাওয়া ভবন, খাওয়া ভবনের মাধ্যমে নজিরবিহীন লুটপাট করে। তারা আরেকটি হাওয়া ভবনের মতো খাওয়া ভবন তৈরি করার স্বপ্ন দেখছে এখন। তিনি আরও বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এলে শ্রমিকদের বেতন বৃদ্ধি, সুযোগ-সুবিধা এবং নিরাপত্তা বাড়ে। অন্যদিকে বিএনপি ক্ষমতায় এলে শ্রমিকদের পেটে লাথি মারে, শ্রমজীবী মানুষের রক্ত ঝরে এ দেশের মাটিতে। আজ সোমবার মহান মে দিবস উপলক্ষে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয় শ্রমিক লীগ আয়োজিত শোভাযাত্রাপূর্ব সমাবেশে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা বলেন। মহান মে দিবস উপলক্ষে এ অনুষ্ঠান আয়োজন করে সংগঠনটি।
ওবায়দুল কাদের বলেন, আমাদের আমলে দেশের কলকারখানা, গামেন্টর্স শিল্প বৃদ্ধি পায়। শ্রমিকদের কর্মসংস্থান বাড়ে। বিএনপি ক্ষমতায় এসে কলকারখানা বন্ধ করে মেহনতি মানুষকে বেকার করে।
৭ শ্রম আদালতে মামলা জমে আছে সাড়ে ১৫ হাজার-শ্রমিকের বিচার পেতে যত বাধা -প্রথম আলো
ট্রেড ইউনিয়ন করার দায়ে ১৯৯৬ সালে ঢাকার মহাখালীর নিশান গার্মেন্টস লিমিটেড থেকে চাকরিচ্যুত করা হয় শ্রমিক নাহিদুল ইসলামকে। তিনি এর প্রতিকার পেতে শ্রম আদালতে মামলা করেন ১৯৯৭ সালে। ২০০৬ সালে তাঁকে চাকরিতে বহালের পক্ষে রায় দেন আদালত। এই রায়ের পর তা কার্যকর করতে আবার তাঁকে মামলা করতে হয়। ২০০৯ সালে শেষতক মালিকের ছয় মাসের কারাদণ্ড এবং নাহিদকে পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়ার আদেশ দিয়ে রায় দেন আদালত। ছয় মাসের কারাদণ্ড হলেও মালিক এক দিনের জন্যও কারাভোগ করেননি। এরপর আপসের মাধ্যমে মালিকের সঙ্গে সমঝোতায় পৌঁছান নাহিদ। তিনি প্রথম আলোকে বললেন, ‘মোট সাড়ে ১৩ বছর লাগল আমার মামলার রায় পেতে। এর মধ্যে দুটি পরিবর্তন হয়েছে। আমি শ্রমিক থেকে শ্রমিকনেতা হয়ে গেছি। আর আমার কারখানার মালিক দেউলিয়া হয়ে কারখানাই উঠিয়ে দিয়েছেন।’
এভাবে শ্রম আইনে মামলা করে বছরের পর বছর অপেক্ষার প্রহর গুনতে হয় সমাজের অপেক্ষাকৃত আর্থিকভাবে অনগ্রসর শ্রমিকদের। শ্রম আদালতে সুবিচারের জন্য আশ্রয় নেওয়া শ্রমিকের বাস্তব অবস্থা এমনই করুণ বলে জানান শ্রমিক, শ্রমিকনেতা, শ্রম অধিকার নিয়ে কাজ করা ব্যক্তি, আইনজ্ঞ ও গবেষকেরা।
শ্রমিকের ঘামে শক্তিশালী হচ্ছে দেশের অর্থনীতি-যুগান্তর
দেশের মোট জনসংখ্যার ৪০ শতাংশই শ্রমিক। আর তাদের শ্রম-ঘামেই শক্তিশালী হচ্ছে অর্থনীতি। কিন্তু মানসম্পন্ন শিক্ষার অভাবসহ নানা কারণে দেশের কর্মক্ষম জনসংখ্যার একটি বড় অংশকে সঠিকভাবে কাজে লাগানো যাচ্ছে না।
এক্ষেত্রে প্রয়োজনীয় উদ্যোগেরও অভাব রয়েছে। প্রতিবছর ২০ লাখ মানুষ শ্রমবাজারে আসছেন। কিন্তু তার তুলনায় কর্মসংস্থান তৈরি হচ্ছে একেবারে কম।
ফলে শ্রমিকদের উল্লেখযোগ্য একটি অংশকে বেকার থাকতে হয়। অন্যদিকে কাজ করানোর পরও কিছু প্রতিষ্ঠান শ্রমিকদের ন্যায্য পাওনা দিচ্ছে না। এ কারণে আয়বৈষম্যও বাড়ছে।
হাওরাঞ্চলে কেউ না খেয়ে থাকবে না: প্রধানমন্ত্রী-ইত্তেফাক
সুনামগঞ্জের হাওরাঞ্চল পরিদর্শনকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, 'আগামী ফসল ঘরে না উঠা পর্যন্ত একটি মানুষও না খেয়ে থাকবেনা। এ ব্যাপারে আমরা অত্যন্ত সজাগ।' তিনি বলেন, 'আমাদের হাতে প্রচুর খাদ্য মওজুদ রয়েছে। আমরা দুর্গত মানুষের পাশে আছি। যতদিন প্রয়োজন, ততদিন ভিজিএফ সহ সরকারি সহায়তা অব্যাহত থাকবে। তবে ভিক্ষা করে খাদ্য আনবো না। প্রয়োজনে খাদ্য আমদানি করবো।'
হাওরবাসীর ত্রাণের চাল গেল জলে-প্রথম আলো
সুনামগঞ্জে হাওরের ফসলহারা মানুষের মধ্যে বিতরণের জন্য নৌকায় করে চাল নেওয়ার প্রস্তুতি চলছিল। কালবৈশাখীর কবলে পড়ে ঘাটে বেঁধে রাখা নৌকাটি ডুবে যায়। তাতে ছিল ১৮ মেট্রিক টন চাল।
বন্যায় ফসল হারিয়ে সুনামগঞ্জের হাওর এলাকার মানুষ এমনিই দিশেহারা। মড়ার উপর খাঁড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে কালবৈশাখী।
দৈনিকটির অন্য একটি খবরে লেখা হয়েছে, গতকাল রাতে ঝড়ে সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলায় প্রায় তিন হাজার ঘরবাড়ি ও স্থাপনার ক্ষতি হয়েছে। ঝড়ের পর থেকে পুরো জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। সুনামগঞ্জে বিদ্যুৎ সরবরাহ কবে স্বাভাবিক হবে, সেটি নিশ্চিত করে বলতে পারছেন না সংশ্লিষ্টরা।
চালের মূল্যবৃদ্ধিতে রেকর্ড-যুগান্তর
চট্টগ্রামের পাইকারি চালের আড়ৎ খাতুনগঞ্জ-চাক্তাই ও পাহাড়তলীতে চালের মূল্যবৃদ্ধিতে সর্বকালের রেকর্ড ভেঙেছে। পাইকারি বাজারে মোটা চালের দাম চার মাসের ব্যবধানে কেজিতে ১৮ টাকা পর্যন্ত বেড়েছে।
হাওর অঞ্চলে ফসলহানির অজুহাতে গত এক সপ্তাহের ব্যবধানে বস্তাপ্রতি দাম বেড়েছে ৩শ’ টাকা। ব্যবসায়ীরা বলছেন, আমদানি শুল্ক কমানো না হলে চালের মূল্য আরও বাড়বে। গত বছর এ মৌসুমে পাইকারি বাজারে চালের যে মূল্য ছিল এখন তা দ্বিগুণ হয়ে গেছে। বন্দর নগরী চট্টগ্রামে খুচরা বাজারে ৪৫ টাকার নিচে কোনো চালই নেই।
বিচারপতি নিয়োগে আইন তৈরির কাজ হচ্ছে-কালের কণ্ঠ
উচ্চ আদালতে বিচারক নিয়োগে সরকার আইন তৈরির কাজ শুরু করেছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। রবিবার রাতে চট্টগ্রাম আইনজীবী সমিতির অভিষেক অনুষ্ঠানে এ কথা জানান মন্ত্রী।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মাহবুব উদ্দিন খোকন 'স্বাধীন বিচার ব্যবস্থার জন্য' বিচারপতি নিয়োগে বিধিমালা তৈরির বিষয়টি তোলেন।
সবশেষে বক্তব্য দিতে গিয়ে আইনমন্ত্রী বলেন, 'আমরাও মনে করি বিচারপতি নিয়োগে আইন হওয়া উচিত এবং সরকার এ জন্য কাজ শুরু করেছে। '
স্বাধীনতার পর ৪৫ বছর পেরিয়ে গেলেও উচ্চ আদালতে বিচারক নিয়োগের বিষয়ে আইন না হওয়ায় একটি রিট আবেদন হয়েছিল হাইকোর্টে। সম্প্রতি হাইকোর্টের একটি বেঞ্চ কিছু পর্যবেক্ষণ দিয়ে ওই আবেদনের নিষ্পত্তি করে দেয়। তবে পূর্ণাঙ্গ রায় প্রকাশ না হওয়ায় আদালতের পর্যবেক্ষণগুলো এখনও জানা যায়নি।
গডফাদারসুলভ আচরণ করলে মনোনয়ন পাওয়া যাবে না-মানবকণ্ঠ
তৃণমূলের দ্বন্দ্ব-কোন্দল মিটিয়ে আগামী নির্বাচনের আগেই আওয়ামী লীগকে আরো সুসংগঠিত ও স্মার্ট দল হিসেবে প্রতিষ্ঠা করাকে নিজের প্রধান চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দৈনিক মানবকণ্ঠকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘কেউ এতটা পাওয়ারফুল না যে তাদের কন্ট্রোল করা যাবে না, তারা যা খুশি তাই করবে। আওয়ামী লীগ এমন একটা পার্টি- এখানে কেউ গডফাদারসুলভ আচরণ কন্টিনিউ করবেন এবং এই গডফাদার চরিত্র নিয়ে তিনি নমিনেশন পাবেন, এমপি হবেন, মন্ত্রী হবেন? এটা ভুল। এই আশা যারা করছেন, তারা বোকার স্বর্গে বাস করছেন।’
গতকাল রোববার সচিবালয়ের সভাকক্ষে দেয়া সাক্ষাৎকারে ওবায়দুল কাদের আগামী নির্বাচন ঘিরে আওয়ামী লীগের প্রস্তুতি, দলীয় প্রার্থী বাছাই, বিএনপির অংশগ্রহণসহ সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন।
ডলারের সঙ্কট মেটাতে বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপ কামনা ব্যাংকারদের-নয়া দিগন্ত
বাজারমূল্যের চেয়ে বেশি দামে ডলার কিনে বিদেশী প্রতিষ্ঠানের কোটি কোটি টাকার বৈদেশিক মুদ্রা হাতিয়ে নেয়ার সুযোগ করে দিচ্ছে কিছু ব্যাংক। এর মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকসহ কয়েকটি বাণিজ্যিক ব্যাংক রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এমনি পরিস্থিতিতে বৈদেশিক মুদ্রাবাজার নিয়ন্ত্রণকারী সংগঠন বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার অ্যাসোসিয়েশন (বাফেদা) বাংলাদেশ ব্যাংকের সহযোগিতা চেয়েছে। বাংলাদেশ ব্যাংকের সাথে এক বৈঠকে গতকাল কর্মকর্তারা এ কথা জানিয়েছেন।
নাম প্রকাশ না করার শর্তে দেশের প্রথম প্রজন্মের একটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক গতকাল নয়া দিগন্তকে জানিয়েছেন, রাষ্ট্রায়ত্ত ব্যাংকসহ কয়েকটি ব্যাংকের এমন আচরণ, শুধু বিদেশী প্রতিষ্ঠানই অর্থ হাতিয়ে নিচ্ছে না, এতে মুদ্রাবাজার অস্থিতিশীলতার পাশাপাশি বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি), বিসিআইসি ও টিসিবির মতো জাতীয় প্রতিষ্ঠানের লোকসানের বোঝা বাড়িয়ে দিচ্ছে।
শ্রোতা/ পাঠক ! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।
আরও টাকা চাই! স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে আত্মঘাতী বধূ-আনন্দবাজার
আরও টাকা চাই। আরও... আরও টাকা। যত দিন যাচ্ছিল টাকার চাপ তাঁর উপর ক্রমশ বাড়ছিল। স্বামী এবং শ্বশুরবাড়ির দিক থেকে সেই চাপ মেনে নিতে না পেরে শেষমেশ আত্মহত্যার পথই বেছে নিলেন এক গৃহবধূ। রবিবার শ্বশুরবাড়িরই একটি বন্ধ ঘরের ভিতর থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। অন্ধ্রপ্রদেশের গাচিবাউলির ঘটনা।
পুলিশ জানিয়েছে, ওই মহিলার নাম ভি ভিনীলা (৩৩)। তিনি পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার। ভিনীলার মা উদয়লক্ষ্মী মেয়ের স্বামী এবং শাশুড়ির বিরুদ্ধে বধূ নির্যাতনের অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ওই দু’জনকে গ্রেফতার করেছে
আলোচনাতেই মিটবে কাশ্মীর সমস্যা, আশা তুরস্কের প্রেসিডেন্টেরও-সংবাদ প্রতিদিন
ভারতে সফরে আসার প্রাক্কালে কাশ্মীর সমস্যা নিয়ে মুখ খুলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোগান। গঠনমূলক দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে কাশ্মীর সমস্যার সমাধান করুক ভারত ও পাকিস্তান। এমনটাই মন্তব্য করেছেন তিনি। সোমবার দিল্লি বিমানবন্দরে এসে পৌঁছেছেন এরদোগান। তাঁকে রাষ্ট্রপতি ভবনে অভ্যর্থনা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়।
পাক সংবাদমাধ্যমে প্রকাশিত এক খবরে বলা হয়েছে, রবিবার ভারতের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে এক সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কাশ্মীর সমস্যার সমাধান করতে ভারত ও পাকিস্তানকে আলোচনার জন্য আহ্বান জানিয়েছেন তিনি। দু’দেশের মধ্যে সম্পর্ক মজবুত করতেই এরদোগানের ভারত সফর।
পাক সেনার গুলিতে হত ২ জওয়ান-আজকাল
পাক সেনার ছোঁড়া গুলিতে নিহত হলেন একজন ভারতীয় সেনা আধিকারিক এবং একজন বিএসএফ জওয়ান। সোমবার আবার সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে পু্ঞ্চ সেক্টরে ভারতীয় সেনা চৌকি লক্ষ্য করে রকেট এবং স্বয়ংক্রিয় অস্ত্রে হামলা চালায় পাক সেনা। সূত্রের খবর, সোমবার সকাল সাড়ে আটটা নাগাদ নিয়ন্ত্রণ রেখা বরাবর পুঞ্চের কৃষ্ণগতি সেক্টরে এই অতর্কিত হামলা চালানো হয়। আধাসামরিক বাহিনীর এক প্রবীণ আধিকারিক জানিয়েছেন, সেনার জুনিয়র কমিশনড অফসার (জেসিও) এবং বিএসএফের হেড কনস্টেবল নিহত হয়েছেন। তবে যোগ্য জবাব দিয়েছে ভারত।
কোন স্কুল কত ডোনেশন নিচ্ছে জানতে পুলিশকে গোপনে ব্যবহার করবে রাজ্য-বর্তমান
জেলায় জেলায় ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে ভরতির সময় কত টাকা ডোনেশন নেওয়া হচ্ছে, তা জানতে গোপনে জেলা পুলিশকে কীভাবে ব্যবহার করা যায় তা নিয়ে ভাবনাচিন্তা শুরু হয়েছে। প্রাথমিকভাবে এই নিয়ে একপ্রস্থ কথাবার্তা হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর। শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে না ঢুকে কীভাবে এই কাজ চালানো যেতে পারে, সেই রাস্তা খোঁজার চেষ্টা চলছে। সংশ্লিষ্ট স্কুলে পাঠরত-পাঠরতা ছাত্র-ছাত্রীদের কাছ থেকে এই তথ্য নেওয়ার চেষ্টা হবে। প্রয়োজনে গোয়েন্দাদের এই সংক্রান্ত বিষয়ে খোঁজখবর চালানোর দায়িত্ব দেওয়া হবে। তাদের রিপোর্ট অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসনের কাছেও কোনও স্কুল নিয়ে ডোনেশন বা ভরতি ফি সংক্রান্ত অভিযোগ জমা পড়লে, তার বাস্তবতা পুলিশকে দিয়ে একবার যাচাই করে নিতে চাইছেন নবান্নের কর্তারা।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১