হাওরে দুর্নীতি: পানিসম্পদের যুগ্ম সচিবসহ ৪ জনকে দুদকে তলব-মানবজমিন
শ্রোতা/ পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আজ ৪ মে বৃহষ্পতিবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।
বাংলাদেশের শিরোনাম:
- শিক্ষাক্ষেত্রে সব শিশুর প্রবেশাধিকার নিশ্চিত করতে চায় সরকার-প্রধানমন্ত্রী-ইত্তেফাক
- সরকারের সঙ্গে বিচার বিভাগের দূরত্ব নেই : আইনমন্ত্রী-কালের কণ্ঠ
- শিগগিরই নির্বাচনকালীন সরকারের রূপরেখা দেবে বিএনপি-যুগান্তর
- অতি উৎসাহীরা বিচার বিভাগের ক্ষতি করছে: প্রধান বিচারপতি-যুগান্তর
- হাওরে দুর্নীতি: পানিসম্পদের যুগ্ম সচিবসহ ৪ জনকে দুদকে তলব-মানবজমিন
- পাসের হার ও জিপিএ-৫ দুটোই কমেছে-বাংলাদেশ প্রতিদিন
- প্রধানমন্ত্রীর বক্তব্য সত্যের অপলাপ: ফখরুল-প্রথম আলো
- সংবিধান অনুযায়ীই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে : তথ্যমন্ত্রী-নয়া দিগন্ত
ভারতের শিরোনাম:
- কেন্দ্রে অকেজো সরকার: শিবসেনা-আজকাল
- অগ্নি-২ ব্যালিস্টিক মিসাইলের সফল উৎক্ষেপণ করল ভারত-সংবাদ প্রতিদিন
- সোপিয়ানে শুরু জঙ্গি দমন অভিযান-বর্তমান
শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত খবরের গুরুত্বপূর্ণ অংশ তুলে ধরছি.. প্রথমে বাংলাদেশ
আজ এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।
এ সম্পর্কে বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম এরকম যে, পাসের হার ও জিপিএ-৫ দুটোই কমেছে
এবছর মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার ৮০ দশমিক ৩৫ শতাংশ শিক্ষার্থী। অথচ গত বছর এই পরীক্ষায় ৮৮ দশমিক ২৯ শতাংশ শিক্ষার্থী পাস করেছিল। অর্থাৎ গড় পাসের হার ৭ দশমিক ৯৪ শতাংশ কমেছে। দৈনিকটির অন্য একটি খবরে লেখা হয়েছে, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, এবছর এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ও জিপিএ-৫ কমে যাওয়ায় বিস্মিত হননি তিনি।শিক্ষামন্ত্রী বলেন, ‘হঠাৎ করে পাসের হার ও জিপিএ-৫ কমে যাওয়ায় কেউ বিস্মিত হতে পারে। তবে আমাদের কাছে এটা খুবই স্বাভাবিক এবং এজন্য আমরা প্রস্তুত ছিলাম।
আর প্রথম আলোর খবর ‘পাসে এগিয়ে রাজশাহী পিছিয়ে কুমিল্লা’
২০১৭ সালের এসএসসি পরীক্ষায় আটটি সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে রাজশাহী বোর্ডে পাসের হার সবচেয়ে বেশি। আর কুমিল্লা বোর্ডে পাসের হার সবচেয়ে কম।
আর আটটি সাধারণ শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৮১ দশমিক ২১ শতাংশ।
শিক্ষাক্ষেত্রে সব শিশুর প্রবেশাধিকার নিশ্চিত করতে চায় সরকার-প্রধানমন্ত্রী-ইত্তেফাক
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এ সরকার একটি দারিদ্র্যমুক্ত দেশ গড়ে তুলতে প্রতিটি শিশুরই শিক্ষায় প্রবেশাধিকার নিশ্চিত করতে চায়।
প্রধানমন্ত্রী বলেন, একটি ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ গড়ে তুলতে সকলের জন্য শিক্ষা নিশ্চিত করাটা জরুরি। আধুনিক এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ শিক্ষা ব্যবস্থা ছাড়া কোনো দেশই এই প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে পারবে না। আজ সকালে তাঁর কার্যালয়ে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠানে একথা বলেন তিনি।
শেখ হাসিনা পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের নতুন পদ্ধতি সংযুক্ত করায় শিক্ষা মন্ত্রণালয়কে ধন্যবাদ জানান। নতুন পদ্ধতিতে পরীক্ষার্থীদের উত্তরপত্র তৃতীয় পরীক্ষক দ্বারা পরীক্ষা করানো হচ্ছে।
পরীক্ষার উত্তরপত্র যাচাইয়ের এই নতুন সিদ্ধান্তকে অত্যন্ত সময়োচিত এবং গুরুত্বপূর্ণ আখ্যায়িত করে প্রধানমন্ত্রী বলেন, এতে পাশের হার কিছুটা কমে গেলেও পরীক্ষার্থীদের মেধা যাচাইয়ে এটি যথার্থ কার্যকরী হবে। কৃতকার্য শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষকদের অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমাদের ছেলে-মেয়েরা অত্যন্ত মেধাবী। কাজেই তারা তাদের পড়াশোনায় একটু মানোযোগী হলেই আর ফেল করবে না।
প্রধানমন্ত্রীর বক্তব্য সত্যের অপলাপ: ফখরুল
দেশে সুস্থ গণতান্ত্রিক প্রক্রিয়া চলছে বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যকে সত্যের অপলাপ মাত্র বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, ইইউসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিবেদন দেখলে বোঝা যায় দেশে গণতন্ত্র নেই। আজ নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে মির্জা ফখরুল এ কথা বলেন।
২০১৪ সালের ৫ জানুয়ারি বিএনপি নেতৃত্বাধীন জোটের বর্জনের মধ্য দিয়ে অনুষ্ঠিত দশম সংসদ নির্বাচন নিয়ে গতকাল প্রধানমন্ত্রী সংসদে বলেন, ‘বাংলাদেশে সফলভাবে যে নির্বাচনটা হয়েছে, যে গণতন্ত্র ও গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত আছে, সংসদে এখন আর খিস্তিখেউড় হয় না, নোংরা কথা হয় না, সুস্থ গণতান্ত্রিক প্রক্রিয়া চলছে—এটাই প্রমাণিত হয়েছে।’
শিগগিরই নির্বাচনকালীন সরকারের রূপরেখা দেবে বিএনপি-যুগান্তর
বিএনপির পক্ষ থেকে আগামী সপ্তাহে নির্বাচনকালীন সরকারের রূপরেখা ঘোষণা করা হবে বলে জানিয়েছেন দলটির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল। বৃহস্পতিবার দুপুরে প্রেসক্লাব যশোর মিলনায়তনে জেলা বিএনপির প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। মোয়াজ্জম হোসেন আলাল বলেন, বিএনপির পক্ষ থেকে আগামী সপ্তাহে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নির্বাচনকালীন সরকারের রূপরেখা ঘোষণা করবেন। সেই রূপরেখা বাস্তবায়ন না হলে বিএনপি নির্বাচনে যাবে কিনা সংশয় রয়েছে।
অতি উৎসাহীরা বিচার বিভাগের ক্ষতি করছে: প্রধান বিচারপতি-যুগান্তর
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, ‘কিছু মিডিয়া তাদের কাটতির জন্য আমার বক্তব্য একটু অন্যভাবে উপস্থাপন করে থাকে। আবার কেউ কেউ খুব সুন্দরভাবেও উপস্থাপন করে। আসলে রাষ্ট্র বা সরকারের সঙ্গে বিচার বিভাগের কোনো বিরোধ নেই। আমি চাই আইনের শাসন। কারণ দেশের মানুষের সার্বিক উন্নয়ন ও কল্যাণের জন্য আইনের শাসন অপরিহার্য।’
বুধবার দুপুরে জয়পুরহাট জেলা আইনজীবী সমিতি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। প্রধান বিচারপতিকে সংবর্ধনা দিতেই আইনজীবী ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান বিচারপতি বলেন, ‘আগে ফুল কোর্টের সিদ্ধান্তগুলো নিয়মমতো বাস্তবায়ন হতো, এখন সেগুলো হয় না। কারণ প্রধানমন্ত্রীকে ভুল বুঝানো হয়। প্রধানমন্ত্রী বিচারবিভাগের জন্য যথেষ্ট আন্তরিক। কিন্তু কিছু মানুষ তাকে ভুল বুঝাচ্ছেন। এতে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।’
তিনি বলেন, ‘যে কোনো সরকারের সময়ে অতি উৎসাহী কিছু নেতাকর্মী এবং প্রজাতন্ত্রের কিছু কর্মকর্তা-কর্মচারী থাকেন; যাদের বাড়াবাড়ির কারণে রাষ্ট্রের উন্নয়ন ও আইনের শাসন বাধাগ্রস্ত হয়। সরকারও পড়ে বিব্রতকর অবস্থায়।
সরকারের সঙ্গে বিচার বিভাগের দূরত্ব নেই : আইনমন্ত্রী-কালের কণ্ঠ
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিচার বিভাগের সাথে যে নির্বাহী বিভাগের কোনো দূরত্ব নেই, তা প্রধান বিচারপতির বক্তব্যেই স্পষ্ট হয়েছে। বৃহস্পতিবার সকালে হোটেল সোনারগাঁওয়ে বাংলাদেশে লায়ন্স ক্লাবস ৩১৫ এ ওয়ান এর ২২তম বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এই মন্তব্য করেন।
সম্প্রতি প্রধান বিচারপতি ও সরকারের বিভিন্ন মহলের বক্তব্যে বিচার বিভাগের সঙ্গে নির্বাহী বিভাগের দূরত্ব তৈরি হয়েছে বলে অনেকেই মনে করছেন। এ অবস্থায় সরকারের সঙ্গে বিচার বিভাগের কোনো দূরত্ব তৈরি হয়েছে কি না, জানতে চাইলে মন্ত্রী বলেন, 'আমার মনে হয় মাননীয় প্রধান বিচারপতি গতকালই এর অবসান ঘটিয়েছেন। তিনি অত্যন্ত পরিষ্কারভাবে বলেছেন যে বিচার বিভাগের সাথে সরকারের কোনো দূরত্ব নাই। '
হাওরে দুর্নীতি: পানিসম্পদের যুগ্ম সচিবসহ ৪ জনকে দুদকে তলব-মানবজমিন
হাওরে বাঁধ নির্মাণ ও সংস্কারে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের তদন্ত প্রতিবেদনের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য পানিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিবসহ চার কর্মকর্তাকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কার্যালয়ে ডাকা হয়েছে। এই চার কর্মকর্তা হলেন পাউবোর মহাপরিচালক জাহাঙ্গীর কবির, অতিরিক্ত মহাপরিচালক (এডিজি) আব্দুল হাই, তত্ত্বাবধায়ক প্রকৌশলী হারুনুর রশিদ ও পানিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব খলিলুর রহমান।
সংবিধান অনুযায়ীই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে : তথ্যমন্ত্রী-নয়া দিগন্ত
নির্বাচনকালীন সহায়ক সরকার-সম্পর্কিত বিএনপির প্রস্তাব সমগ্র গণতান্ত্রিক ব্যবস্থাকে 'জিম্মি করার' একটি চক্রান্ত বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
আজ বৃহস্পতিবার সকালে কুষ্টিয়া সার্কিট হাউসে দলীয় নেতা-কর্মীদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এই মন্তব্য করেন।
‘সহায়ক সরকারের অধীন ছাড়া বিএনপি নির্বাচনে যাবে না’- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন এক মন্তব্যের প্রেক্ষাপটে হাসানুল হক ইনু আরো বলেন, ‘নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের বিধান সাংবিধানিকভাবেই বাতিল হয়ে গেছে। বিএনপি যতই হুমকি দিক, সংবিধান অনুযায়ীই যথাসময়ে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।’
আইসিটি আইনে ৫৭ ধারা সম্পর্কে তথ্যমন্ত্রী বলেন, সাইবার অপরাধ আইন চূড়ান্ত করার সময় ৫৭ ধারাটাও সমন্বয় করা হবে।
শ্রোতা/ পাঠক ! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।
অগ্নি-২ ব্যালিস্টিক মিসাইলের সফল উৎক্ষেপণ করল ভারত-সংবাদ প্রতিদিন
সামরিক ক্ষেত্রে আরও একধাপ এগিয়ে অগ্নি-২ ব্যালিস্টিক মিসাইলের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করল ভারত। বৃহস্পতিবার, সকাল ১০.২২ মিনিটে ওড়িশার এপিজে আবদুল কালাম আইল্যান্ড (হুইলার আইল্যান্ড) থেকে ২০০০ কিলোমিটার পর্যন্ত লক্ষ্যে আঘাত হানতে সক্ষম এই ক্ষেপণাস্ত্রটির উৎক্ষেপণ করা হয়।
২০ মিটার লম্বা পরমাণবিক অস্ত্র বহনে সক্ষম ডিআরডিও-র তৈরি করা এই মিসাইলটিতে অত্যাধুনিক ‘সলিড ফুয়েল’ ব্যবহার করা হয়। ভারতীয় সেনার ‘স্ট্রাটেজিক কমান্ডের আধিকারিকদের উপস্থিতিতে এই উৎক্ষেপণ করা হয়। সূত্রের খবর, উৎক্ষেপণের পর মিসাইলটি নির্ভুল ভাবে লক্ষ্যে আঘাত হানতে সক্ষম হয়েছে।
সোপিয়ানে শুরু জঙ্গি দমন অভিযান-বর্তমান/আনন্দবাজার
জম্মু ও কাশ্মীরে একের পর এক নাশকতার ঘটনায় এবার নড়েচড়ে বসল কেন্দ্রীয় কাশ্মীরে বড়সড় জঙ্গি বিরোধী অভিযান শুরু করল ভারতীয় সেনা। সেনা সূত্রে খবর, বৃহস্পতিবার সকাল থেকেই দক্ষিণ কাশ্মীরের সোপিয়ান জেলায় তল্লাশি অভিযান চালানো হচ্ছে। সেনার সঙ্গে যৌথ অভিযানে রয়েছেন সিআরপিএফ জওয়ান এবং কাশ্মীর পুলিশের আধিকারিকেরা।
অভিযানের অঙ্গ হিসেবে এ দিন সকাল থেকেই সোপিয়ানের তুর্কওয়ানগাম এলাকার অন্তত ২০টি গ্রাম ঘিরে ফেলা হয়েছে। সেনা-সিআরপিএফ-পুলিশ মিলিয়ে তিন হাজারেরও বেশি জওয়ান এলাকার গ্রাম-জঙ্গলে চিরুণি তল্লাশি শুরু করেছেন।
কেন্দ্রে অকেজো সরকার: শিবসেনা-আজকাল
বিরোধীরা সরকারকে আক্রমণ করবেন, সেটা স্বাভাবিক। কিন্তু শরিক দলের কড়া আক্রমণের মুখে পড়তে হচ্ছে মোদি সরকারকে। সেই আক্রমণের সুর কোথাও কোথাও বিরোধীদের থেকেও চড়া। কেন্দ্রের সরকারকে একেবারে ‘অকেজো সরকার’ বলে কটাক্ষ করলেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে।
নিয়ম করে তোপ দেগেই চলেছেন উদ্ধব। তাঁর কথায়, এই সরকার মানুষ নিয়ে চিন্তাই করে না। তারা শুধু গরু নিয়ে ব্যস্ত। মানুষের সমস্যার সমাধান করতে না পেরে গরুকে আঁকড়ে ধরেছে। তারা দলকে হয়ত শক্তিশালী করছে। কিন্তু সরকারের তো দেশকে শক্তিশালী করার কথা। উত্তরপ্রদেশ নির্বাচনে জিতেছে, সেই নিয়ে এখনও আনন্দে মেতে আছে। ওই জয় থেকে এবার বেরিয়ে আসুন, সেনাদের কথা ভাবুন।
বিলকিস বানো গণধর্ষণ মামলায় ১১ জনের যাবজ্জীবনই বহাল রাখল আদালত-সংবাদ প্রতিদিন
‘দাঙ্গা’ শব্দের মানে বিলকিস বানোর থেকে ভাল বোধহয় কেউ জানেন না৷ কারণ তাঁকেই সম্ভবত সবচেয়ে বেশি মূল্য দিতে হয়েছে ২০০২ সালের গুজরাট দাঙ্গার৷ ৩ মার্চ হঠাৎ করে ঢুকে পড়েছিল দুষ্কৃতীরা৷ চোখের নিমেষে শেষ করে দিয়েছিল তাঁর গোটা পরিবারকে৷ ১৯ বছরের বিলকিস তখন ছিলেন ৫ মাসের অন্তঃসত্ত্বা৷ তাতেও মন গলেনি দুষ্কৃতীদের৷ সেই অবস্থাতেই তাঁকে করা হয় গণধর্ষণ৷ পুলিশের কথায়, চোখের সামনে কোল থেকে ছিনিয়ে নেওয়া হয়েছিল তাঁর তিন বছরের কন্যা সন্তানকে৷ পাথরে থেতলে মেরে ফেলা হয়েছিল একরত্তি শিশুকে৷ শুধু তাই নয়, বিলকিসের পরিবারের ১৪ জন এবং আরও ১৭ জন গ্রামবাসীকে এভাবেই হত্যা করা হয়েছিল৷
মামলাটি যখন বিশেষ আদালতে উঠেছিল, সাহস হারাননি বিলকিস৷ একে একে চিহ্নিত করেছিলেন ধর্ষকদের৷ অন্তঃসত্ত্বা মহিলাকে গণধর্ষণ ও খুনের অভিযোগে ২০০৮ সালে ১২ জনকে দোষী সাব্যস্ত করে বিশেষ আদালত৷ যার মধ্যে একজনের ইতিমধ্যেই মৃত্যু হয়েছে৷ তবে অপরাধকে বিরলতম আখ্যা দিয়ে তিন জনের ফাঁসি চেয়ে উচ্চতর আদালতে আর্জি জানায় সিবিআই৷ বৃহস্পতিবার সেই মামলার রায় দিল বম্বে হাই কোর্ট৷ বিশেষ আদালতের রায়ই বহাল রাখল হাই কোর্ট৷ বিলকিস গণধর্ষণ কাণ্ডে কাউকে মৃত্যুদণ্ড দিতে রাজি হল না বিচারপতি ভি কে তাহিলরামানি ও মৃদুলা ভাস্করের ডিভিশন বেঞ্চ৷#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৪