মে ০৭, ২০১৭ ১৩:০৭ Asia/Dhaka

শ্রোতা/ পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আজ ৭ মে রোববারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।

বাংলাদেশের শিরোনাম: 

  • সোশ্যাল মিডিয়ায় বিএনপির অপপ্রচারের জবাব দিন-জয় - ইত্তেফাক
  • একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা জারি-এনটিভিবিডি অনলাইন
  • গুলি করে ব্যবসায়ীর ৬৬ লাখ টাকা ছিনতাই-যুগান্তর
  • খাওয়া ভবন তৈরিতে 'ভিশন ২০৩০' দিচ্ছে বিএনপি-ওবায়দুল কাদের-যুগান্তর
  • ন্যায়বিচারের জন্য ৫৭ ধারা বাতিল করে নতুন আইন হচ্ছে -কালের কণ্ঠ
  • মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরকে দুদকের আলটিমেটাম-কালের কণ্ঠ
  • আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে কি-না সংশয় আছে-কালের কণ্ঠ
  • ঝিনাইদহে জঙ্গি আস্তানায় অভিযানে ২ জন নিহত -মানবজমিন
  • ভিশন ২০৩০ খালেদার- বাংলাদেশ প্রতিদিন
  • এরশাদের ‘ঢাউস’ জোট-প্রথম আলো
  • বিএনপিকে চাঙা করার উদ্যোগ ‘ভন্ডুল’-প্রথম আলো
  • ঝিনাইদহে নিহত দুজন নব্য জেএমবি : ডিআইজি -নয়া দিগন্ত
  • হাওরে দুর্নীতি লুটপাটের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলুন : সেলিম-নয়া দিগন্ত

ভারতের শিরোনাম:

  • এখনও জঙ্গলরাজই চলে বিহারে, লালু-নীতিশকে কটাক্ষ রামবিলাসের -সংবাদ প্রতিদিন
  • ঘুষ নিয়েছেন কেজরি, অভিযোগে সিবিআইয়ের দ্বারস্থ বরখাস্ত মন্ত্রী কপিল -সংবাদ প্রতিদিন
  • কাশ্মীরে টহলরত পুলিশের উপর হামলা, ১ লস্কর জঙ্গি-সহ মৃত ৪-সংবাদ প্রতিদিন
  • ২ কোটি ঘুষ নিয়েছেন কেজরি:‌ কপিল মিশ্র-আজকাল
  • তিক্ত দ্বিপাক্ষিক সম্পর্ক, মুখ্যমন্ত্রীর চিন সফরে না করে দিল কেন্দ্র-আনন্দবাজার
  • কাশ্মীর অশান্ত করতে হুরিয়ত নেতার অ্যাকাউন্টে আসছে পাকিস্তানের টাকা
  • ব্যাংকের নথিতে ফাঁস-বর্তমান

শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত খবরের গুরুত্বপূর্ণ অংশ তুলে ধরছি.. প্রথমে বাংলাদেশ 

খাওয়া ভবন তৈরিতে 'ভিশন ২০৩০' দিচ্ছে বিএনপি-ওবায়দুল কাদের-যুগান্তর

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, হাওয়া ভবনের মতো খাওয়া ভবন তৈরি করতেই 'ভিশন ২০৩০' ঘোষণা করছে বিএনপি। এটা তাদের একটি পলিটিকাল স্ট্যান্ডবাজি। রোববার রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এক কর্মশালায় তিনি একথা বলেন।এ সময় 'সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সংসদ সদস্যদের করণীয়' শীর্ষক ওই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন ওবায়দুল কাদের।

কর্মশালায় সংসদ সদস্যদের ফেসবুক, টুইটার, গুগল প্লাস, ইউটিউব ইত্যাদি ব্যবহার, ডিজিটাল ব্যবস্থাপনায় নতুন একাউন্ট তৈরি, কনটেন্ট তৈরি করে দৈনন্দিন ব্যবস্থাপনার মাধ্যমে জনগণের সঙ্গে কার্যকরি দ্বিমুখী যোগাযোগ গড়ে তোলার প্রশিক্ষণ দেয়া হচ্ছে।

‘সোশ্যাল মিডিয়ায় বিএনপির অপপ্রচারের জবাব দিন-জয় – ইত্তেফাক

শেখ হাসিনার তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, কাজ করলে মানুষ ভোট দেবে- এ কথা ভেবে এখন ঘরে বসে থাকলে চলবে না। এখন প্রচারের যুগ। ভালো কাজের প্রচারের মাধ্যমে অপপ্রচারের জবাব দিতে হবে। সরকার বিরোধী অপপ্রচারের জবাব দিতে আওয়ামী লীগের সংসদ সদস্যদের সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি। 

আজ রবিবার ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে সংসদ সদস্যদের ভূমিকা’ শীর্ষক এক কর্মশালায় তিনি এসব কথা বলেন। 

সজীব ওয়াজেদ জয় বলেন, পঁচাত্তরের পর থেকে ধারাবাহিকভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। এতো কাজ করার পরও সরকারকে অপপ্রচার সহ্য করতে হয়। সুতরাং শুধু কাজ করলে হবে না, মানুষের জন্য কী কাজ করা হয়েছে তার প্রচার করতে হবে। প্রতিদিন সরকারের উন্নয়নমূলক কাজ নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে পোস্ট দেওয়ার আহ্বান জানিয়ে জয় বলেন, পারলে রোজ একটা করে পোস্ট দেবেন। দিনে দুই তিনটা করেও দিতে পারেন। আমরা যেগুলো পোস্ট দেব, সেগুলো শেয়ার করেন। এগুলো ভাইরাল হয়ে যায়।

এরশাদের ‘ঢাউস’ জোট-প্রথম আলো

এরশাদের ‘ঢাউস’ জোট

দুটি দল ও দুটি রাজনৈতিক জোটের সমন্বয়ে সম্মিলিত জাতীয় জোট (ইউএনএ) নামের একটি ‘বৃহত্তর জোট’ গঠন করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ। এই জোটে দুটি নিবন্ধিত দলসহ মোট ৫৮টি দল রয়েছে। সংখ্যার বিচারে এটা এখন দেশের সবচেয়ে বড় রাজনৈতিক জোট। জোটের চেয়ারম্যান এরশাদ।

আজ রোববার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এরশাদ নতুন এই জোটের ঘোষণা দেন। এই জোটে আছে দুটি দল জাতীয় পার্টি ও বাংলাদেশ ইসলামী ফ্রন্ট এবং দুটি জোট জাতীয় ইসলামী মহাজোট ও বাংলাদেশ জাতীয় জোট (বিএনএ)। এর মধ্যে প্রথম দুটি দল নিবন্ধিত। ইসলামী মহাজোটে আছে ৩৪টি ইসলামি দল আর বিএনএতে আছে ২২টি দল। সব মিলিয়ে এরশাদের নেতৃত্বাধীন সম্মিলিত জাতীয় জোটের অন্তর্ভুক্ত দল হচ্ছে ৫৮টি। জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার জোটের প্রধান মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন। 

ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বে যে জোট, তা ১৪-দলীয় জোট। আর আওয়ামী লীগের প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির নেতৃত্বাধীন জোটে দল আছে ২০টি।

নতুন জোটের ঘোষণা দিয়ে এরশাদ বলেন, ‘রাজনৈতিক নীতি ও আদর্শের দিক থেকে আমরা সবাই স্বাধীনতার চেতনা, ইসলামি মূল্যবোধ তথা সব ধর্মের প্রতি সমান দৃষ্টিভঙ্গি নিয়ে বাংলাদেশি জাতীয়তাবাদ আদর্শের অনুসারী এবং ধারক ও বাহক। আমাদের অঙ্গীকার আছে, এই জোটে কোনো স্বাধীনতাবিরোধী শক্তির জায়গা হবে না।’

এরশাদ বলেন, জোট গঠনের জন্য তাঁরা দুইভাবে জোটের শরিক নির্বাচনের নীতি গ্রহণ করেছেন। যেসব দল নির্বাচন কমিশনে নিবন্ধিত তারা সরাসরি জোটের শরিক হিসেবে থাকবে। যেসব দল নিবন্ধনের জন্য আবেদন করেছে বা কিংবা নিবন্ধিত হওয়ার অপেক্ষায় আছে, তাদের সমন্বয়ে মোর্চা বা জোট গঠন করে সেই জোটকে শরিক হিসেবে বৃহত্তর জোটে অন্তর্ভুক্ত করা হয়েছে। এরশাদ দাবি করেন, জোটের বাইরে থাকা আরও দুটি নিবন্ধিত দলের সঙ্গে তাঁদের কয়েক দফা বৈঠক হয়েছে। তারাও জোটে অন্তর্ভুক্ত হওয়ার জন্য প্রাথমিকভাবে সিদ্ধান্তের কথা জানিয়েছে।

ন্যায়বিচারের জন্য ৫৭ ধারা বাতিল করে নতুন আইন হচ্ছে-আইনমন্ত্রী -কালের কণ্ঠ

আইনমন্ত্রী আনিসুল হক

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘মানুষের ন্যায়বিচার নিশ্চিত করার জন্য তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারা বাতিল করে নতুন আইন সৃষ্টি করা হচ্ছে। ৫৭ ধারা নিয়ে বির্তক সৃষ্টি হয়েছে। বিতর্কে বলা হয়েছে জনগণের বাক স্বাধীনতা হরণ করা হয়েছে। সে কারণেই এ আইনটি বাতিল করা হচ্ছে। নতুন আইনে যাতে করে কাউকে অহেতুক হয়রানি করা না হয় সে ব্যবস্থা রাখা হবে।  রবিবার, ৭ মে সকালে হবিগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবনের উদ্বোধন শেষে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। কিবরিয়া হত্যাকাণ্ডের প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘কিবরিয়া হত্যাকাণ্ডের বিচার কাজ চলছে। সে বিষয়ে মন্তব্য করা যায় না। ন্যায় বিচার নিশ্চিত করতে শিগগিরই এই বিচার কাজ শেষ করা হবে।

গুলি করে ব্যবসায়ীর ৬৬ লাখ টাকা ছিনতাই-যুগান্তর

গুলি করে ব্যবসায়ীর ৬৬ লাখ টাকা ছিনতাই

গাজীপুরে রবিউল ইসলাম নামে এক গার্মেন্ট ব্যবসায়ীকে গুলি করে তার কাছে থাকা ৬৬ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।  রোববার দুপুর ১২টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের মালেকের বাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে। 

গুলিবিদ্ধ ওই ব্যবসায়ীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশংকাজনক। এসময় ওই ব্যবসায়ীর গাড়িচালক ও কারখানার ক্যাশিয়ার আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। ভোগড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

 প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি জানান, ইসলামী ব্যাংক গাজীপুর চৌরাস্তা শাখা থেকে শ্রমিকদের বেতনের ৬৬ লাখ টাকা তুলে নিজ প্রাইভেটকারযোগে টঙ্গী স্টেশন রোডের 'আর এন করপোরেশন' কারখানায় যাচ্ছিলেন ব্যবসায়ী রবিউল ইসলাম।

মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরকে দুদকের আলটিমেটাম-কালের কণ্ঠ

মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরকে দুদকের আলটিমেটাম

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে এক মাসের মধ্যে মাদক ব্যবসায়ীদের ঠিকানাসহ নামের তালিকা দিতে আলটিমেটাম দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দেশের ১৭ জন বড় মাদক ব্যবসায়ীর নামের তালিকা দুদককে দিয়েছিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। কিন্তু ওই মাদক ব্যবসায়ীদের নামের সঙ্গে ঠিকানা খুঁজে পাওয়া যায়নি। তাই এক মাসের মধ্যে ঠিকানাসহ নামের তালিকা দিতে এই আলটিমেটাম।

রবিবার (০৭ মে) রাজধানীর বিয়াম ফাউন্ডেশন মিয়লতনে 'মাদকের ভয়াবহ আগ্রাসন ও আমাদের করণীয়' শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ। এক মাসের মধ্যে নামের তালিকা না পাঠালে অধিদপ্তরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে কি-না সংশয় আছে-lদুদু-কালের কণ্ঠ

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে কি-না তা নিয়ে সংশয় আছে। আওয়ামী লীগ ছাড়া সকল রাজনৈতিক দলের সমন্বয়েই জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হবে। আওয়ামী লীগকে ৫ জানুয়ারির মতো একতরফা নির্বাচন করতে দেওয়া হবে না। তিনি খায়রুল কবির খোকনসহ সকল রাজবন্দির নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে বলেন, বিরোধী দলের নেতাকর্মীদের কারাগারে প্রেরণ করে সরকার তার অবৈধ ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। সরকারের এই ষড়যন্ত্র কোনোভাবেই সফল হবে না।

শামসুজ্জামান দুদু আজ রবিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল আয়োজিত বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন-সহ সকল রাজবন্দির নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ঝিনাইদহে জঙ্গি আস্তানায় অভিযানে ২ জন নিহত-মানবজমিন

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় জঙ্গি আস্তানা সন্দেহে পুলিশের অভিযানের মধ্যে দুইজন নিহত হয়েছে। আজ রোববার ভোর থেকে উপজেলার এসবিকে ইউনিয়নের বজ্রাপুর গ্রামে কাউন্টার টেররিজম ইউনিটের সদস্যরা সেখানে অভিযান শুরু করে। ঘটনাস্থলে থাকা ঝিনাইদহের পুলিশ সুপার মিজানুর রহমান গণমাধ্যমকে বলেন, জেলা পুলিশ ও পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের সদস্যরা শনিবার রাতে উপজেলার বজ্রাপুর গ্রামের এই বাড়িটি জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে ফেলে। গোলাগুলির মধ্যে বাড়ির ভেতরে বড় ধরনের বিস্ফোরণ ঘটানো হয়। এতে অন্তত দুই জঙ্গি নিহত হয়েছে। তাদের মধ্যে একজন আত্মঘাতী বিস্ফোরণ ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে। অভিযান এখনও চলছে। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক সদস্যের আহত হওয়ার খবর পাওয়া গেছে।ঝিনাইদহের মহেশপুর উপজেলায় উগ্রবাদী আস্তানায় অভিযানে নিহত দুইজন নব্য জেএমবি বলে জানিয়েছেন পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি দিদার আহম্মেদ। সন্দেহজনক উগ্রবাদী আস্তানা পরিদর্শন শেষে দুপুর সোয়া ১২টার দিকে ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন।

ডিআইজি বলেন, অভিযানে দুই জঙ্গি নিহত হয়েছে। তাদের মধ্যে একজন ঘরের বাইরে পুলিশের সঙ্গে গুলিবিনিময়ে নিহত হয়। আরেকজন ঘরের ভেতরে আত্মঘাতী বোমার বিস্ফোরণে নিহত হয়। নিহত দুজন নব্য জেএমবির সদস্য। তাদের মধ্যে একজনের নাম তুহিন বলে জানা গেছে।

বিএনপিকে চাঙা করার উদ্যোগ ‘ভন্ডুল’-প্রথম আলো

বিএনপিকে চাঙা করার উদ্যোগ ‘ভন্ডুল’-

আন্দোলন ও নির্বাচন সামনে রেখে নেতা-কর্মীদের চাঙা করতে বিএনপির নেওয়া উদ্যোগ ‘ভন্ডুল’ হয়ে গেছে। নির্ধারিত সময়ে অর্ধেক জেলায়ও কর্মিসভা করতে পারেনি দলটি। তা ছাড়া দলে ঐক্য গড়ার এই কর্মসূচিতে জেলার বিবদমান পক্ষগুলোর কোন্দল আরও স্পষ্ট হয়েছে। পক্ষগুলো নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়েছে এবং কেন্দ্রীয় নেতাদের সিদ্ধান্তকে চ্যালেঞ্জে ফেলেছে।

জেলা সফরের জন্য গঠিত টিমের আটজন নেতা বলেছেন, মূলত তিন কারণে তৃণমূলে সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রথমত, বিএনপির বেশির ভাগ জেলায় নতুন কমিটি হয়েছে। এরপরই কর্মিসভা হচ্ছে। ফলে বঞ্চিতরা পরিকল্পনা করেই সংঘর্ষের ঘটনা ঘটিয়েছে। দ্বিতীয়ত, জেলা কমিটিগুলো কেন্দ্র থেকে চাপিয়ে দেওয়া হয়েছে। ফলে মাঠের নেতাদের ওপর কেন্দ্রীয় নেতাদের ক্ষোভ ছিল। এবং তৃতীয়ত, জেলার রাজনীতিতে বিবদমান পক্ষগুলো কেন্দ্রের কাছে এবং জেলার নেতা-কর্মীদের কাছে শক্তি দেখাতে গিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ছে।

এদিকে আজ রোববার বিএনপির সব জেলায় কর্মিসভা করার সময়সীমা শেষ হচ্ছে। বিএনপির কেন্দ্রীয় দপ্তর ও জেলা কার্যালয় থেকে পাওয়া তথ্য অনুযায়ী, দলটির ৭৭টি সাংগঠনিক জেলার মধ্যে গতকাল শনিবার পর্যন্ত ১৫টি জেলায় কর্মিসভা হয়েছে। আজ আরও চারটিতে সভা হবে।

হাওরে দুর্নীতি লুটপাটের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলুন : সেলিম-নয়া দিগন্ত

সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম

সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম হাওর সমস্যাকে জাতীয় সমস্যা হিসেবে চিহ্নিত করে প্রকৃতি-পরিবেশের সাথে সামঞ্জস্যপূর্ণ-স্বল্প মেয়াদী ও দীর্ঘমেয়াদী নানা পরিকল্পনা গ্রহণ করার আহ্বান জানিয়েছেন। একই সাথে তিনি সতর্ক করে বলেন উন্নয়নের প্রসব বেদনার নামে হাওরের স্বাভাবিক প্রকৃতি-পরিবেশ নষ্ট করা চলবে না। হাওরবাসির প্রতি সরকারের ক্রমাগত অবহেলা-দুর্নীতি-লুটপাটের বিরুদ্ধে ঐক্যবদ্ধ শক্তিশালী আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। আর এজন্য আগামী ২০ মে ঢাকায় হাওরবাসী জনপ্রতিনিধি, বিশেষজ্ঞ ও শ্রেণী-পেশার মানুষদের নিয়ে অনুষ্ঠিতব্য হাওর কনভেনশন সফল করারও আহ্বান জানান তিনি।

একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা জারি-এনটিভিবিডি অনলাইন

একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা জারি

২০১৭-১৮ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। আজ রোববার জারি করা ওই নীতিমালায় বলা হয়েছে, একাদশ শ্রেণিতে ভর্তির জন্য শিক্ষার্থীরা আগামী মঙ্গলবার (৯ মে) থেকে অনলাইনে www.xiclassadmission.gov.bd এই ঠিকানায় ও টেলিটকে খুদে বার্তার (এসএমএস) মাধ্যমে আবেদন করতে পারবে।আবেদন প্রক্রিয়া চলবে ২৬ মে পর্যন্ত। ভর্তি প্রক্রিয়া শেষে আগামী ১ জুলাই থেকে ক্লাস শুরু হবে।

নীতিমালায় আরো বলা হয়েছে, অনলাইনে আবেদনের ক্ষেত্রে শিক্ষার্থীরা ১৫০ টাকা ফি জমা দেওয়ার মাধ্যমে সর্বনিম্ন পাঁচটি ও সর্বোচ্চ ১০টি কলেজের জন্য পছন্দক্রমের ভিত্তিতে আবেদন করতে পারবে। আর এসএমএসের মাধ্যমে আবেদনের জন্য কলেজপ্রতি ১২০ টাকা ফি দিতে হবে।

একজন শিক্ষার্থী যত কলেজে আবেদন করবে, তার মধ্য থেকে শিক্ষার্থীর মেধা ও পছন্দক্রমের ভিত্তিতে একটি কলেজ নির্ধারণ করে দেওয়া হবে।

ভিশন ২০৩০ খালেদার- বাংলাদেশ প্রতিদিন

বিএনপি চেয়ারপারমন বেগম খালেদা জিয়া

নতুন ধারার রাজনীতির প্রতিশ্রুতি দিয়ে আগামী ১০ মে ভিশন-২০৩০ নিয়ে আসছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ক্ষমতায় গেলে জাতীয় সংসদকে উচ্চ ও নিম্ন কক্ষ করার পরিকল্পনার কথা জানাবেন বিএনপি প্রধান। প্রধানমন্ত্রীর একক ক্ষমতা হ্রাস করার পাশাপাশি ২০৩০ সালের মধ্যে বাংলাদেশকে উচ্চ মধ্য আয়ের দেশে উন্নীত করার পরিকল্পনাও তুলে ধরবেন তিনি। সাংবিধানিক পদে নিয়োগে যোগ্যতাকে প্রাধান্য দিয়ে আমূল সংস্কার আনা হবে। দুর্নীতির সঙ্গে কোনো আপস নয় এমন প্রতিশ্রুতিও থাকবে বিএনপির ভিশন-২০৩০ এ। জানা যায়, রাজধানীর হোটেল ওয়েস্টিনে বিকাল সাড়ে ৪টায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে ক্ষমতাসীন আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ সব রাজনৈতিক দলের নেতা-নেত্রী, দেশি-বিদেশি কূটনীতিক, বিশিষ্টজনসহ গণমাধ্যমের সিনিয়র সাংবাদিকদের আমন্ত্রণ জানানো হচ্ছে। দলীয় একটি সূত্র জানায়, কূটনীতিকসহ পেশাজীবীদের পরামর্শেই বিএনপি ভিশন-২০৩০ ঘোষণা করছে। 

শ্রোতা/ পাঠক ! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।

তিক্ত দ্বিপাক্ষিক সম্পর্ক, মুখ্যমন্ত্রীর চিন সফরে না করে দিল কেন্দ্র-আনন্দবাজার

পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী

মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানিয়েছিল চিন সরকার। প্রাথমিক ভাবে স্থিরও হয়ে গিয়েছিল, মাওয়ের দেশে যাবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। কিন্তু প্রথমে রাজি হয়েও শেষ পর্যন্ত তাঁর চিন যাত্রায় ছাড়পত্র দিল না কেন্দ্র।

বিদেশ মন্ত্রক সূত্রের বক্তব্য, চিনের সঙ্গে ক্রমবর্ধমান সংঘাতের বাতাবরণে প্রধানমন্ত্রী চাইছেন না, কোনও মন্ত্রী এই মুহূর্তে সে দেশে সফর করুন। তাৎপর্যপূর্ণ ভাবে, আগামী মাসে চিনে ‘ওয়ান বেল্ট ওয়ান রোড’ শীর্ষক মেগা-প্রকল্পের সম্মেলনে যাওয়ার আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছে কেন্দ্র নিজেই। একই ভাবে আগামী ১৪ তারিখে নয়াদিল্লিতে ভারত-রাশিয়া-চিনের বিদেশমন্ত্রী পর্যায়ের বৈঠকেও গরহাজির থাকছেন চিনের বিদেশমন্ত্রী।

কেন্দ্রীয় আইন অনুযায়ী, রাজ্যের কোনও মন্ত্রী (এমনকী কেন্দ্রীয় মন্ত্রী, সাংসদ বা আমলারাও) যদি সরকারি ভাবে বিদেশ সফরে যান তা হলে বিদেশ মন্ত্রকের ছাড়পত্র (এনওসি) প্রয়োজন হয়। তবে এই নিয়ে বিতর্কও রয়েছে।

এখনও জঙ্গলরাজই চলে বিহারে, লালু-নীতিশকে কটাক্ষ রামবিলাসের-সংবাদ প্রতিদিন

এখনও জঙ্গলরাজই চলে বিহারে, লালু-নীতিশকে কটাক্ষ রামবিলাসের

খবরের ময়দানে পা রেখেই বিস্ফোরক খবর সামনে এনেছে অর্ণব গোস্বামীর রিপাবলিক চ্যানেল। ফাঁস করেছে আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদব ও জেলবন্দি মাফিয়া টার্নড পলিটিশিয়ান মহম্মদ শাহাবউদ্দিনের কথোপকথন। দাবি, তিহার জেলে বন্দি শাহাবউদ্দিনের কথামতোই চলতেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী। খবরের সত্যতা সম্পর্কে এখনও অবশ্য কিছু জানা যায়নি। কিন্তু যা রটার তা রটে গিয়েছে। আর বিভিন্ন মহলে সমালোচনার পাত্র হয়ে উঠেছেন আরজেডি প্রধান।

এ বিষয়ে রবিবার মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস পাসওয়ান। বিহারে এখনও জঙ্গলরাজই বজায় রয়েছে বলে জানান তিনি। পাসওয়ান বলেন, খুবই খারাপ ঘটনা এটি। মুখ্যমন্ত্রী নীতিশ কুমার হলেও, রাজ্যের আইন-কানুন সবই এখনও লালুপ্রসাদ যাদবের হাতেই রয়েছে। এর আগেই ঘটনাটি ষড়যন্ত্র বলে উল্লেখ করেছে নীতিশের জনতা দল (ইউনাইটেড)।  অভিযোগ করা হয়, বর্তমান সরকারকে কোণঠাসা করতেই এই কাণ্ড করা হয়েছে।

২ কোটি ঘুষ নিয়েছেন কেজরি:‌ কপিল মিশ্র-আজকাল

২ কোটি ঘুষ নিয়েছেন কেজরি:‌ কপিল মিশ্র

পদচ্যুত হয়ে সরাসরি কেজরিওয়ালকে আক্রমণ করে বসলেন কপিল মিশ্র। আপ দলনেতা সতেন্দ্র জৈনর থেকে ঘুষ নিয়েছেন বলে অভিযোগ করলেন। শনিবার রাতে দিল্লির জল সম্পদ মন্ত্রীর পদ খোয়ানোর পরই বিস্ফোরণ ঘটাবেন বলে হুমকি দিয়েছিলেন। রবিবার সকাল ১১টা নাগাদ রাজঘাটে লেফটেন্যান্ট গভর্নর অনিল বৈজলের সঙ্গে সাক্ষাতের পর সত্যি সত্যিই বোমা ফাটিয়েছেন তিনি। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে ঘুষ নিতে দেখেন বলে জানিয়েছেন। লেফটেন্যান্ট গভর্নরের সঙ্গে সাক্ষাৎ সেরে রাজঘাটে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। জানান, ‘মন্ত্রী হওয়ার পর দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতের বিরুদ্ধে বেশ কিছু প্রমাণপত্র হাতে পাই। সব নিয়ে কেজরিওয়ালকে একটি রিপোর্ট পাঠিয়েছিলাম। পরে সেটির কী হয়েছিল সকলেই জানেন। তবে শুক্রবার নিজের চোখে যা দেখেছি তা সবকিছুকে ছাপিয়ে যাবে। নিজের চোখে স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈনর থেকে কেজরিওয়ালকে ২ কোটি টাকা নিতে দেখেছি। সেই দৃশ্য দেখার পর রাতভর ঘুমোতে পারিনি। তাই রাজঘাটে ছুটে এসেছি। আমার কাছে যা তথ্য ছিল লেফটেন্যান্ট গভর্নরকে দিয়েছি। সিবিআই ও এসিবিকেও দেব।

কাশ্মীর অশান্ত করতে হুরিয়ত নেতার অ্যাকাউন্টে আসছে পাকিস্তানের টাকা ব্যাংকের নথিতে ফাঁস-বর্তমান

কাশ্মীর অশান্ত করতে হুরিয়ত নেতার অ্যাকাউন্টে আসছে পাকিস্তানের টাকা ব্যাংকের নথিতে ফাঁস

এ দাবি ভারত বহুকাল ধরেই করে আসছিল। সম্প্রতি ধৃত দুই আইএসআই এজেন্ট জেরায় তা স্বীকার করেও নিল। তারা জানিয়ে দিয়েছে, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর উপর পাথর ছোঁড়ার জন্য টাকা পেত বিক্ষোভকারীরা। আর হুরিয়ত কনফারেন্সের মাধ্যমে সেই টাকা জোগাত পাক গুপ্তচর সংস্থাই। ফলে, কাশ্মীরে বিক্ষোভ-আন্দোলনকে যতই মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ বলে চালানোর চেষ্টা করুক পাকিস্তান, তাঁদের গোয়েন্দা সংস্থাই যে বকলমে এই উত্তেজনা জিইয়ে রেখেছে তা পরিষ্কার হয়ে গেল দিনের আলোর মতো। আর সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হল, এতে নাম জড়িয়ে গিয়েছে ভারতে নিযুক্ত পাক হাইকমিশনার আবদুল বাসিতের। ধৃত দুই আইএসআই এজেন্ট স্বীকার করেছে, নিয়মিত তারা টাকা পেত বাসিতের থেকে।

২০১৬ সালের ৮ জুলাই হিজবুল মুজাহিদিন কমান্ডার বুরহান ওয়ানির মৃত্যুর পর কাশ্মীরে যে উত্তেজনা তৈরি হয়েছিল, তার রেশ বিদ্যমান এখনও।

কাশ্মীরে টহলরত পুলিশের উপর হামলা, ১ লস্কর জঙ্গি-সহ মৃত ৪-সংবাদ প্রতিদিন

ফের কাশ্মীরে জঙ্গি হামলা। এবার কুলগাম জেলায় টহলরত পুলিশের উপর হামলা চালাল জঙ্গিরা। ঘটনায় চার জনের মৃত্যুর খবর মিলেছে। মৃতদের মধ্যে একজন পুলিশকর্মী, এক জঙ্গি ও দুই জন স্থানীয় বাসিন্দা বলে জানা গিয়েছে। আহত অবস্থায় ধরা পড়েছে আরও এক জঙ্গি।

শনিবার রাতে রুটিন মার্চে বেরিয়েছিলেন নিরাপত্তা কর্মীরা। আচমকা গাড়িতে করে এসে হামলা চালায় দুষ্কৃতিরা। এলোপাথারি গুলি ছুড়তে থাকে। পুলিশও প্রত্যুত্তর দেয়। দুই পক্ষের গুলি বিনিময়ে চার জনের মৃত্যু হয়। মৃত জঙ্গির পরিচয় জানা গিয়েছে। ফৈয়জ আহমেদ ওরফে শেঠা নামে ওই জঙ্গি ইতিমধ্যে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ-র ওয়ান্টেড লিস্টে রয়েছে। উধমপুরের সন্ত্রাসবাদী হামলাকারীদের দলে ছিল সে।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৭