মে ১৮, ২০১৭ ১৩:১৩ Asia/Dhaka

শ্রোতা/ পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আজ ১৮ মে বৃহষ্পতিবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।

বাংলাদেশের শিরোনাম: 

  • দেশের কেউ গৃহহীন থাকবে না-নেত্রকোনায়-প্রধানমন্ত্রী-–ইত্তেফাক
  • মক্কা-মদিনার নিরাপত্তায় প্রয়োজনে সেনা পাঠানো হবে-প্রথম আলো 
  • গাজীপুরে ৮ বছরের শিশুর শ্লীলতাহানি-যুগান্তর
  • খেলাপি ঋণ ৭৩ হাজার কোটি টাকা-মানবজমিন
  • ধর্ষকরা যত ক্ষমতাধরই হোক, ব্যবস্থা নেব: স্বরাষ্ট্রমন্ত্রী-কালের কণ্ঠ
  • খাদ্যমন্ত্রী ফসলহানি নিয়ে ডাহা মিথ্যাচার করছে : রিজভী-নয়া দিগন্ত
  • বুলুর জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ-বাংলাদেশ প্রতিদিন
  • রমজানে ভ্রাম্যমাণ আদালত চালু রাখার আহ্বান প্রধান বিচারপতির-এনটিভিবিডি অনলাইন

ভারতের শিরোনাম:

  • বিপাকে কার্তি চিদম্বরম, আরও চারটি মামলায় তদন্ত শুরু করবে সিবিআই-সংবাদ প্রতিদিন
  • বাবা আমায় বাঁচাও, কিছু করো যাতে আমি বাঁচি’-আনন্দবাজার 
  • কংগ্রেস প্রার্থীকে সমর্থন, লালুর ফোন সোনিয়াকে-আজকাল

শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত খবরের গুরুত্বপূর্ণ অংশ তুলে ধরছি.. প্রথমে বাংলাদেশ

দেশের কেউ গৃহহীন থাকবে না-প্রধানমন্ত্রী-ইত্তেফাক

নেত্রকোনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, হাওরের বন্যায় ক্ষতিগ্রস্ত লোকদের জন্য তার সরকার ইতিমধ্যে নানা ব্যবস্থা গ্রহণ করেছে। পরবর্তী ফসল না উঠা পর্যন্ত কৃষিঋণ আদায় স্থগিত রেখেছে। এই সময়ের জন্য কৃষিঋণের সুদও মওকুফ করা হয়েছে। ভিজিএফ কার্ডের মাধ্যমে ক্ষতিগ্রস্তদের ৩০ কেজি চাল এবং নগদ ৫ শত করে টাকাও প্রদান করা হচ্ছে।  

বৃহস্পতিবার সকাল ১১টায় নেত্রকোনার বন্যায় ক্ষতিগ্রস্ত হাওরবাসীদের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠান উপলক্ষে খালিয়াজুরী কলেজ মাঠে এক  সমাবেশে প্রধানমন্ত্রী আরো বলেন, আপনারা যেমন হাওর পাড়ের মানুষ, আমি হাওর এলাকার, তাই আমি হাওরবাসির দুঃখ বুঝি। এজন্য বর্তমান সরকার হাওরবাসির জন্য সবরকম ব্যবস্থা গ্রহণ করেছে। 

প্রধানমন্ত্রী আরো বলেন, হত দরিদ্র মানুষের জন্য ১০ টাকা কেজির যেমন চালের ব্যবস্থা করে দিয়েছি, তেমনি তার সরকার সরকার বিনা জামানতে কৃষকদের ঋণ সুবিধা পেতে ১০ টাকা জামানত দিয়ে ব্যাংকে একাউন্ট খোলারও সুযোগ করে দিয়েছি। কৃষিতে আমরা ভুর্তকি দিচ্ছি। এ কারণে কৃষকরা আজ সহজ লভ্যে কৃষি উপকরণ পাচ্ছে।

 প্রধানমন্ত্রী বলেন, হাওর এলাকার শিক্ষার্থীরা যাতে স্কুলে যেতে পারে সেজন্য সেখানে আমরা ‘আবাসিক স্কুল’ করে দেবো। তিনি বলেন, স্কুল শিক্ষার্থীদের আমরা বিনামূল্যে  বই দিয়েছি। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল- স্বাধীন বাংলাদেশে কেউ গৃহহীন থাকবে না। আওয়ামী লীগ যখন ক্ষমতায় তখন আমরা সে ব্যবস্থা করবো। প্রধানমন্ত্রী বিএনপির সমালোচনা করে বলেন, বিএনপি ক্ষমতায় থাকলে লুটপাট করে, আর বিরোধী দলে থাকলে মানুষ পুড়িয়ে মারে।

খাদ্যমন্ত্রী ফসলহানি নিয়ে ডাহা মিথ্যাচার করছে : রিজভী-নয়া দিগন্ত

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

দেশের অস্থিতিশীল চালের দাম নিয়ে খাদ্যমন্ত্রী ডাহা মিথ্যাচার করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, বিগত ৯ বছর ধরে পণ্যবাজার সিন্ডিকেটসহ ব্যবসা-বাণিজ্য, সরকারি ব্যাংক-বীমা সবকিছু গ্রাস করে নেয়ার পরও নির্লজ্জভাবে খাদ্যমন্ত্রীসহ অন্যান্য মন্ত্রীরা নিজেদের অকর্মণ্যতা ও চৌর্যবৃত্তির কারণে সৃষ্ট মানুষের খাদ্য নিয়ে মহাদুর্যোগ আড়াল করার জন্য অন্যের ঘাড়ে দোষ চাপাচ্ছেন। তাদের লুটপাটের কারণেই চাল, চিনি, লবন, ডাল, তেল, পেঁয়াজ-রসুন, মরিচ, কাঁচা তরিতরকারিসহ সকল নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম এখন লাগামহীন। চারিদিকে এখন হাহাকার চলছে। মিথ্যার বেসাতি করে খাদ্যমন্ত্রীরা রেহাই পাবেন না, জনগণ সবকিছুরই হিসাব কড়ায়-গন্ডায় আদায় করে নেবে।

আজ নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এসব অভিযোগ করেন। তিনি-আরো বলেছেন- হাওরে দুর্ভিক্ষের পদধ্বনি শোনা যাচ্ছে।

মক্কা-মদিনার নিরাপত্তায় প্রয়োজনে সেনা পাঠানো হবে-প্রথম আলো 

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী

পবিত্র মক্কা ও মদিনার দুই মসজিদ হুমকিতে পড়লে সৌদি আরবের সহযোগিতায় প্রয়োজনে সেনা পাঠাতে বাংলাদেশ প্রস্তুত থাকবে। তবে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটে সেনা না পাঠাতে বাংলাদেশের আগের অবস্থানের পরিবর্তন হয়নি।

পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বৃহস্পতিবার তাঁর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের উত্তরে এ কথা বলেন। প্রধানমন্ত্রীর সৌদি আরব সফর উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল-সৌদের আমন্ত্রণে অ্যারাব-ইসলামিক-আমেরিকান সামিটে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০ থেকে ২৩ মে সৌদি আরব সফর করবেন। তিনি আগামী শনিবার সৌদি আরব যাবেন।

সৌদি নেতৃত্বাধীন জোটের ব্যাপারে বাংলাদেশের আগের অবস্থানই অটুট আছে কি না জানতে চাইলে মাহমুদ আলী বলেন, ‘আমরা আগের অবস্থানেই আছি। 

বুলুর জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ-বাংলাদেশ প্রতিদিন

রাজধানীর রামপুরা থানায় দায়ের করা নাশকতার একটি মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলুর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম কাজী কামরুল ইসলাম এ নির্দেশ দেন বলে নিশ্চিত করেছেন আইনজীবী জয়নাল আবেদীন মেজবাহ।

এর আগে, তিনি জানান, রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা নাশকতার ৩১টি মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছেন বরকত উল্লাহ বুলু। ২০১৫ সালে হরতাল অবরোধ চলাচলে নাশকতার অভিযোগে এই মামলাগুলো দায়ের করা হয়।

আর দৈনিক মানবজমিনের একটি খবরে লেখা হয়েছে- একাত্তরে মুক্তিযুদ্ধকালীন সময়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় বগুড়ার আদমদীঘির সাবেক সংসদ সদস্য বিএনপি নেতা আব্দুল মোমিন তালুকদার ওরফে খোকার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

খেলাপি ঋণ ৭৩ হাজার কোটি টাকা-মানবজমিন

বাংলাদেশ ব্যাংকের দেয়া তথ্য খেলাপি  ঋণ বেড়ে ৭৩ হাজার কোটি টাকা

ব্যাংকিং খাতের খেলাপি ঋণ বেড়ে ৭৩ হাজার কোটি টাকা হয়েছে। মাত্র ৩ মাসেই খেলাপি ঋণ বেড়েছে ১১ হাজার কোটি টাকা। গত বছরের ডিসেম্বর শেষে মোট খেলাপি ঋণ ছিল ৬২ হাজার ১৭২ কোটি টাকা। চলতি বছরের মার্চে তা বেড়ে দাঁড়িয়েছে ৭৩ হাজার কোটি টাকা। বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, চলতি বছর মার্চ প্রান্তিকে ব্যাংকগুলোর বিতরণকৃত ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৬ লাখ ৯৭ হাজার কোটি টাকা। এর মধ্যে খেলাপি হয়ে গেছে ১০.৪৭ শতাংশ।  এদিকে গত ডিসেম্বরে ব্যাংকগুলো খেলাপি ঋণের যে তথ্য পাঠায় কেন্দ্রীয় ব্যাংক পরিদর্শনে সেখানে আরো খেলাপি ঋণের তথ্য পায়। সরকারি ৪ ব্যাংকের পাঠানোর তথ্যের তুলনায় পরিদর্শনে আরো ৪ হাজার কোটি টাকা খেলাপি ঋণ পায় কেন্দ্রীয় ব্যাংক।

রমজানে ভ্রাম্যমাণ আদালত চালু রাখার আহ্বান প্রধান বিচারপতির-এনটিভিবিডি অনলাইন

বাংলাদেশের প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা

আসন্ন রমজান মাসে ভ্রাম্যমাণ আদালত চালু রাখার মাধ্যমে ভেজাল খাদ্য নিয়ন্ত্রণের আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।

গতকাল রাত ৯টার দিকে টাঙ্গাইল সার্কিট হাউসে বিচার বিভাগীয় সম্মেলনে প্রধান বিচারপতি জেলা ম্যাজিস্ট্রেটদের প্রতি এ আহ্বান জানান।

জেলা পর্যায়ে সহকারী কমিশনারদের (এসি, ল্যান্ড) মধ্যে জমিজমা সংক্রান্ত বিষয়ে দুর্নীতি হচ্ছে বলেও মন্তব্য করেন প্রধান বিচারপতি। আর তা খতিয়ে দেখতে জেলা প্রশাসকদেরও নির্দেশ দেন তিনি।  এ সময় বিভাগকে সঙ্গে রেখেই আইন প্রণয়নের কথা বলেন তিনি। প্রধান বিচারপতি বলেন, উন্নয়ন প্রকল্পের ১০০ টাকার মধ্যে ৪০ টাকার কাজ হয়।

চোরাচালানে ভরসা ডায়মন্ড সোনার বাজার-বাংলাদেশ প্রতিদিনের প্রতিবেদন

নেই আমদানি নীতিমালা ♦ বাংলাদেশ ব্যাংকের নিলাম থেকে কিনেন ব্যবসায়ীরা

চোরাচালানে ভরসা ডায়মন্ড সোনার বাজার-বাংলাদেশ

বাংলাদেশে সোনা-ডায়মন্ডের বিশাল বাজার রয়েছে। এই বাজার নিয়ন্ত্রণ হয় পুরোটাই অস্বচ্ছ প্রক্রিয়ায়। সব খাতের ব্যবসায় সরকারি নীতিমালা থাকলেও সোনা-ডায়মন্ডের ক্ষেত্রে কোনো নীতিমালা নেই। নেই কোনো বৈধ আমদানি নীতিমালাও। ভারতসহ পার্শ্ববর্তী সব দেশেই সোনা-ডায়মন্ড ব্যবসার নীতিমালা থাকলেও ব্যতিক্রম বাংলাদেশ। ফলে দেশের মোট চাহিদার মূল্যবান ধাতুর জোগানের বড় উৎস বর্তমানে চোরাচালান। প্রতিবছর শত শত কোটি টাকার চোরাচালান হয় এ খাতে। সংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘদিন ধরে সোনা ক্রয়-বিক্রয়ের নীতিমালা করার দাবি জানালেও সরকার তা করছে না। জানা গেছে, বর্তমানে বাংলাদেশে কয়েক হাজার কোটি টাকার বাজার রয়েছে সোনা-ডায়মন্ড খাতে।

বিদেশগামী বাংলাদেশি সাংবাদিকরা নজরদারিতে-ইত্তেফাক

বিদেশে ভ্রমণরত বাংলাদেশি সাংবাদিকদের ওপর নজরদারির নির্দেশ

বিদেশে ভ্রমণরত বাংলাদেশি সাংবাদিকদের কর্মকাণ্ড নজরদারিতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে বিদেশের বাংলাদেশ মিশনগুলোতে। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে এ নির্দেশ দেয়া হয়। 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (বহিঃপ্রচার) স্বাক্ষরিত আদেশে বলা হয়, যদি কোনো সাংবাদিক বিদেশে দেশবিরোধী কাজে লিপ্ত হন, তবে তাকে চিহ্নিত করে মন্ত্রণালয়কে তাৎক্ষণিকভাবে জানাতে হবে।

 আদেশে বলা হয়, সংসদীয় কমিটির বৈঠকে ‘বাংলাদেশ থেকে কোনো সাংবাদিক বিদেশে গিয়ে দেশের স্বার্থবিরোধী কোনো কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে কিনা, সে সম্পর্কে যথাযথ ব্যবস্থা গ্রহণের সুপরিশ করা হয়। সংসদীয় কমিটি বিদেশে ভ্রমণরত সাংবাদিকদের নেতিবাচক কর্মকাণ্ডে উদ্বেগ প্রকাশ করেছে।

ধর্ষকরা যত ক্ষমতাধরই হোক, ব্যবস্থা নেব: স্বরাষ্ট্রমন্ত্রী-কালের কণ্ঠ

বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল

বনানীতে দুই বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রীকে ধর্ষণের ঘটনায় জড়িতরা যতই ক্ষমতাধর হোক না কেন তাদেরকে আইনের আওতায় আনা হবে বলে আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। বৃহস্পতিবার মহাখালীতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের উদ্যোগে নারীদের হলিডে মার্কেটের উদ্বোধনী অনুষ্ঠানে এসে এ কথা বলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ওই ঘটনার তদন্ত চলছে। তদন্ত অনুযায়ী যার নাম আসবে, যার গাফিলতি পাওয়া যাবে, যার অবস্থান এখানে ভিন্নতর থাকবে, যারা সহযোগিতা করছে বলে প্রমাণিত হবে তাদের বিরুদ্ধে অবশ্যই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সে যেই হোক, যত ক্ষমতাধর ব্যক্তিই হোক।

শ্রোতা/ পাঠক ! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।

কংগ্রেস প্রার্থীকে সমর্থন, লালুর ফোন সোনিয়াকে-আজকাল

অকুণ্ঠ সমর্থন বোধ হয় একেই বলে। বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব ঘোষণা করেছেন, কংগ্রেস রাষ্ট্রপতি পদে যাঁকে চাইবে তাঁকেই সমর্থন করবে তাঁর রাষ্ট্রীয় জনতা দল। প্রণব মুখার্জির উত্তরসূরী হয়ে রাইসিনা হিলসে কে যাবেন তা নিয়ে ভোটাভুটি জুলাই মাসে। তার আগে নিজেদের প্রার্থীকে জেতাতে তৎপরতা শুরু হয়ে গিয়েছে বিরোধী শিবিরে। সংখ্যার দিক দিয়ে অনেক এগয়ে কেন্দ্রের ক্ষমতাসীন বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। বিরোধীরা রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে একজোট হতে চাইছে। তাই তাঁদের তদ্বিরটাই চোখে পড়ছে বেশি। গতকাল কংগ্রসে সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে ফোনে কথা বলেন আরজেডি প্রধান লালুপ্রসাদ।

মাওবাদীদের আত্মসমর্পণ ছত্তিশগড়ে-আজকাল

ছত্তিশগড়ের বস্তার জেলায় পুলিসের কাছে আত্মসমর্পণ করল ২১ জন মাওবাদী

ছত্তিশগড়ের বস্তার জেলায় পুলিসের কাছে আত্মসমর্পণ করল ২১ জন মাওবাদী। এদের মধ্যে তিনজনের মাথার দাম লক্ষাধিক টাকা বলে ঘোষণা করা হয়েছিল। আত্মসমর্পণকারীদের মধ্যে ৯জন মহিলাও রয়েছে। বৃহস্পতিবার ইন্সপেক্টর জেনারেল অফ পুলিস (বস্তার রেঞ্জ) বিবেকানন্দ সিনহা, ‌ডিআইজি (দান্তেওয়ারা রেঞ্জ) সুন্দররাজ পি এবং বস্তারের কালেক্টর অমিত কাটারিয়ারের কাছে আত্মসমর্পণ করে ওই ২১ জন মাওবাদী। এদের মধ্যে লক্ষ্মণ মদকামির মাথার দাম ছিল ২ লাখ টাকা। এছাড়া ভারসুরাম মান্ডালি ও অর্জুন কাশ্যপ দু’জনের মাথার দামই এক লাখ করে ঘোষণা করা হয়েছিল।

বাবা আমায় বাঁচাও, কিছু করো যাতে আমি বাঁচি’-আনন্দবাজারের প্রতিবেদন

একটি শিমুর আকুতি বাবা আমাকে বাঁচাও

বছর তেরোর মেয়েটি কাঁদতে কাঁদতে বলছে, ‘‘বাবা আমায় বাঁচাও। কিছু একটা করো যাতে আমি বাঁচতে পারি।’’ হোয়াটসঅ্যাপের দৌলতে এখন মোবাইলে মোবাইলে ঘুরছে বার্তাটা। একটা ভিডিও। কয়েক হাজার মানুষ ইতিমধ্যেই দেখে ফেলেছেন সেটি। দেখে চোখে জল এসে যাচ্ছে অনেকেরই। যদিও এখন আর কিচ্ছু করার নেই। কারণ তার বাবা নিজের মেয়ের সেই কাতর আর্তিতেও সাড়া দেননি। গত রবিবার মারা গিয়েছে কিশোরী সাই শ্রী। তার বাবার বিরুদ্ধে অবশ্য পুলিশকে তদন্ত শুরু করতে বলেছে মানবাধিকার কমিশন।

অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ায় মায়ের সঙ্গে থাকত সাই। গত অগস্টে বোন ম্যারোয় ক্যানসার ধরা পড়ে তার। চিকিৎসকেরা জানিয়েছিলেন বোন ম্যারো প্রতিস্থাপন ছাড়া সাইয়ের বাঁচার আর কোনও রাস্তা নেই। ইতিমধ্যেই মেয়ের চিকিৎসার খরচ বাবদ প্রায় তিরিশ লক্ষ টাকা খরচ করে ফেলেছিলেন সাইয়ের মা সুমাশ্রী। প্রতিস্থাপনের জন্য আর টাকা ছিল না তাঁর কাছে। কোন উপায় না দেখে নিজেই বাবাকে একটি ভিডিও হোয়াটসঅ্যাপে পাঠায় সাই। তেলুগু ভাষায় তাকে বলতে শোনা গিয়েছে, ‘‘বাবা তুমি বলেছিলে তোমার কাছে টাকা নেই। কিন্তু আমাদের একটা বাড়ি তো আছে। সেটা বেচে আমার চিকিৎসার ব্যবস্থাটুকু করো।’’

অভিযোগ, সাইয়ের বাবা, শিবকুমারের সামর্থ থাকলেও তিনি নাকি মেয়ের চিকিৎসার জন্য সাহায্যের হাত বাড়াননি। এক সমাজকর্মীর অভিযোগের ভিত্তিতে গোটা বিষয়টি রাজ্য মানবাধিকার কমিশনের কানে পৌঁছায়।

বিপাকে কার্তি চিদম্বরম, আরও চারটি মামলায় তদন্ত শুরু করবে সিবিআই-সংবাদ প্রতিদিন

বিপাকে কার্তি চিদম্বরম

আরও বিপাকে কার্তি চিদম্বরম৷ আরও চারটি মামলার এবার প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরমের পুত্রের বিরুদ্ধে তদন্ত শুরু করতে চলেছে সিবিআই৷ জানা যাচ্ছে, ইতিমধ্যেই কার্তির বিরুদ্ধে চারটি মামলার তদন্তভার সিবিআইকে হস্তান্তর করেছে ইডি৷ তবে কোনও মামলাগুলি সিবিআইকে হস্তান্তর করা হয়েছে, তা অবশ্য জানানো হয়নি৷

প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বর ও তাঁর ছেলে কার্তির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করেছেন বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী৷ স্বামীর অভিযোগ, কেন্দ্রীয় অর্থমন্ত্রী থাকাকালীন নিজের প্রভাব খাটিয়ে এয়ারসেল-ম্যাক্সিস চুক্তির অনুমোদন দিয়েছিলেন চিদম্বরম৷ শুধু তাই নয়, আইএনএক্স নামে একটি মিডিয়া সংস্থাকে ছাড়পত্র দেওয়ার ক্ষেত্রে কার্তি বাবার প্রভাব ঘাটিয়েছিলেন বলে অভিযোগ৷ এইসব আর্থিক দুর্নীতির অভিযোগে আগেও কার্তির কোম্পানিতে হানা দিয়েছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা৷ পুরনো সেই মামলার সূত্রে ফের সিবিআই সক্রিয় হয়েছে বলে সূত্রের খবর৷

মালেগাঁও পুরভোটে রেকর্ড সংখ্যক মুসলিম প্রার্থী দিল বিজেপি-সংবাদ প্রতিদিন

বিজেপির মুসলিম প্রার্থী

মহারাষ্ট্রের মালেগাঁওতে গত পুরভোটে ২৪ আসনে প্রার্থী দিয়েছিল বিজেপি৷ কিন্তু বিশেষ লাভ হয়নি৷ একটি আসনও জিততে পারেনি তারা৷ উল্টে ১২ জন প্রার্থীর জমানত বাজেয়াপ্ত হয়েছিল৷ তাই এবার পুরভোটে বাজিমাত করতে সংখ্যালঘু তাস থেলল বিজেপি৷ মালেগাঁও পুরসভার ৪৫টিরও বেশি আসনে মুসলিম প্রার্থীদের দাঁড় করিয়েছে কেন্দ্রের শাসক দল৷ দেশে কোনও একটি নির্বাচনে বিজেপির হয়ে এত জন মুসলিম প্রার্থী আগে কখনও প্রতিদ্বন্দ্বিতা করেননি৷

চলতি মাসে ২৪ তারিখে মহারাষ্ট্রে মালেগাঁও পুরসভায় ভোট৷ ৮৪ আসনের এই পুরসভায় ৭৭টি আসনে প্রার্থী দিয়েছে বিজেপি৷ যার মধ্যে ৪৫টিরও বেশি আসনে প্রার্থীরা হলেন মুসলিম৷ কংগ্রেস ৭৩টি আসনে প্রার্থী দিয়েছে৷#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৮