ইউনিসেফ: ইসরায়েল ফিলিস্তিনি শিশুদের পড়াশোনায় বাধা দিচ্ছে
-
ইউনিসেফ: ইসরায়েল ফিলিস্তিনি শিশুদের পড়াশোনায় বাধা দিচ্ছে
পার্সটুডে- জাতিসংঘের শিশু উন্নয়ন তহবিল (ইউনিসেফ)-এর উপ-নির্বাহী পরিচালক, পশ্চিম তীরের বাসিন্দাদের জন্য ইসরায়েলের তৈরি করা কঠিন পরিস্থিতির সমালোচনা করে বলেছেন: ইসরায়েল পশ্চিম তীরে ৮ লক্ষ ফিলিস্তিনি শিশুর শিক্ষায় বাধা দিচ্ছে।
ইরানিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনকে উদ্ধৃত করে পার্সটুডে জানিয়েছে, ইউনিসেফের উপ-নির্বাহী পরিচালক হানান সুলেইমান পশ্চিম তীরে সহিংসতা বৃদ্ধি সংক্রান্ত একটি নিরাপত্তা পরিষদের বৈঠকে ঘোষণা করেছেন যে, পশ্চিম তীরে শিশুদের বিরুদ্ধে ইসরায়েলের গুরুতর অপরাধের ঘটনা জাতিসংঘে নথিভুক্ত করা অব্যাহত রয়েছে।
এই অপরাধযজ্ঞের মধ্যে তিনি উল্লেখ করেন, যেখানে কোনো আসন্ন হুমকি ছিল না সেখানে শিশুদের গুলি করা এবং ইহুদি বসতি স্থাপনকারীদের দ্বারা মারধর, ছুরিকাঘাত, পিপার স্প্রে, বাড়িঘর ও জীবিকার উপর হামলা এবং ফিলিস্তিনি এলাকায় পানির অবকাঠামো ধ্বংস করার মতো সহিংসতা ঘটেছে।
ইউনিসেফের ওই কর্মকর্তা আরও বলেন: “এই সহিংসতার প্রভাব শিক্ষাক্ষেত্রেও ছড়িয়ে পড়েছে। ইউনিসেফ এডুকেশন গ্রুপের একটি প্রতিবেদন অনুসারে, স্কুল বন্ধ, নিরাপত্তাহীনতা, চলাচলের ওপর বিধিনিষেধ এবং অবকাঠামোগত ক্ষতির কারণে পশ্চিম তীর ও অধিকৃত জেরুজালেমের ৮ লাখেরও বেশি শিশু নিরাপদ ও নিরবচ্ছিন্ন শিক্ষা লাভের ক্ষেত্রে বাধার সম্মুখীন হচ্ছে।” ইউনিসেফের ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর সতর্ক করে বলেন যে, ক্রমবর্ধমান এই সহিংসতা ফিলিস্তিনি শিশুদের দৈনন্দিন জীবনকে বদলে দিচ্ছে এবং বাড়ি, স্কুল, রাস্তা ও জনপদের মতো নিরাপদ স্থানগুলোকে ভীতিকর ও সহিংস পরিসরে পরিণত করছে।#
পার্সটুডে/এমআরএইচ/১২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।