ফরহাদ মজহারকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ, জবানবন্দির'গরমিল' মিলাচ্ছে পুলিশ
শ্রোতা/পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি। আজ ১৮ জুলাই মঙ্গলবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।
বাংলাদেশের শিরোনাম:
- শিশু আদুরি নির্যাতন : গৃহকর্ত্রী নওরিনের যাবজ্জীবন-ইত্তেফাক
- ফরহাদ মজহারের জবানবন্দির ‘গরমিল’ মেলাচ্ছে পুলিশ-প্রথম আলো
- ঘুষের টাকাসহ নৌ পরিবহন অধিদফতরের প্রধান প্রকৌশলী গ্রেফতার-যুগান্তর
- চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব থেকে মুক্তি পাবে নগরবাসী'-সাঈদ খোকন-কালের কণ্ঠ
- আগামী অর্থবছরেই দেশ মাছে স্বয়ংসম্পূর্ণ হবে-নয়া দিগন্ত
- ‘বর্তমান ইসির অধীনে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়’-মানবজমিন
ভারতের শিরোনাম:
- পথেঘাটে প্রকৃতির ডাকে সাড়া দিলে এবার খেসারত ১০ হাজার টাকা!-সংবাদ প্রতিদিন
- রাজ্যসভা থেকে ইস্তফার হুমকি মায়াবতীর-আজকাল
- দার্জিংলিংয়ে গুলিতে মৃত্যু যুবকের-আজকাল
- ক্রস ভোটিং সর্বত্র, তবে পাল্লা অনেকটাই ভারী কোবিন্দের দিকে-আনন্দবাজার
শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত খবরের গুরুত্বপূর্ণ অংশ তুলে ধরছি.. প্রথমে বাংলাদেশ
ফরহাদ মজহারের জবানবন্দির ‘গরমিল’ মেলাচ্ছে পুলিশ-প্রথম আলো
কবি, প্রাবন্ধিক ও রাজনৈতিক ভাষ্যকার ফরহাদ মজহারের দেয়া জবানবন্দির সঙ্গে তদন্তে পাওয়া তথ্যের গরমিল ও বৈসাদৃশ্য রয়েছে বলে পুলিশ জানিয়েছে। পুলিশ আরও বলছে, মিথ্যা তথ্য দিয়ে থাকলে ফরহাদ মজহারের বিরুদ্ধে কীভাবে আইনগত ব্যবস্থা নেয়া যায়, সেটি ভেবে দেখা হচ্ছে।
আজ দুপুরের দিকে ফরহাদ মজহারকে গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেয়া হয়। সেখানে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। সেখানেই সাংবাদিকদের এসব কথা জানান পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) যুগ্ম কমিশনার আব্দুল বাতেন।
‘বর্তমান ইসির অধীনে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়’-ফখরুল-মানবজমিন
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন কমিশন আগামী একাদশতম জাতীয় সংসদ নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করার জন্য রোডম্যাপ দিতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। এবং প্রমাণিত হয়েছে সেই ইচ্ছাও তাঁদের নেই। আজ দুপুরে নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাচন কমিশনের নির্বাচনী রোডম্যাপ নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। বিএনপি মহাসচিব আরও বলেন, প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, বর্তমান সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব। তাঁর এই বক্তব্য হতাশাজনক। কারণ তার এই বক্তব্যে সরকারের প্রধানমন্ত্রী, মন্ত্রী এবং সরকারি দলের নেতাদের বক্তব্যের প্রতিফলনই ঘটেছে। যুগান্তরের একটি খবরে লেখা হয়েছে,ইসির প্রতি নির্বাচন ও সংবিধান বিশেষজ্ঞদের আহ্বান -আস্থা অর্জনের এখনই সময়।
ঘুষের টাকাসহ নৌ পরিবহন অধিদফতরের প্রধান প্রকৌশলী গ্রেফতার-যুগান্তর
ঘুষের ৫ লাখ টাকাসহ নৌ পরিবহন অধিদফতরের প্রধান প্রকৌশলী ও শিপ সার্ভেয়ার একেএম ফখরুল ইসলামকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশনের একটি দল। মঙ্গলবার নৌ পরিবহন দফতরে ঘুষ গ্রহণকালে তাকে আটক করা হয় বলে যুগান্তরকে জানান দুদকের সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম। তিনি বলেন, বেলা দুইটার দিকে বিআইডব্লিউটিআই অফিস থেকে পাঁচ লাখ টাকা ঘুষ গ্রহণকালে তাকে আটক করা হয়।
শিশু আদুরি নির্যাতন : গৃহকর্ত্রী নওরিনের যাবজ্জীবন-ইত্তেফাক
শিশু গৃহকর্মী আদুুরির ওপর বর্বর নির্যাতনের মামলায় গৃহকর্ত্রী নওরিন জাহানকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে এক লাখ টাকা জরিসমানা্র করেছে আদালত। এই জরিমানার টাকা ক্ষতিপূরণ হিসেবে আদুরিকে দেয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আজ ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩-এর বিচারক জয়শ্রী সমাদ্দার সকালে এই রায় ঘোষণা করেন। ২০১৩ সালের ২৩ সেপ্টেম্বর রাজধানীর পল্লবীর একটি ডাস্টবিন থেকে অচেতন অবস্থায় আদুরিকে (১১) উদ্ধার করা হয়েছিল।
ভ্রাম্যমাণ আদালত আরও ২ সপ্তাহ চলবে-প্রথম আলো
বাংলাদেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা-সম্পর্কিত হাইকোর্টের রায়ে স্থগিতাদেশের মেয়াদ আরও দুই সপ্তাহ বাড়িয়েছেন আপিল বিভাগ। সময় চেয়ে করা রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন ছয় সদস্যের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ আজ (মঙ্গলবার) দুই সপ্তাহের জন্য শুনানি মুলতবি করেন।
এমপিও জালিয়াতি ধরতে মাঠে নামছে ২০ টিম-মানবজমিন
বেসরকারি শিক্ষক-কর্মচারীদের এমপিও অনিয়ম ও জালিয়াতি ধরতে মাঠে নামছে ২০ টিম। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ৪০ জন কর্মকর্তার সমন্বয়ে গঠিত এই টিম দেশের ৬৪টি জেলা সরজমিন পরিদর্শন করবেন। ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে সার্বিক চিত্র প্রতিবেদন আকারে আগামী ১৫ দিনের মধ্যে জমা দেবেন। এদিকে এমপিও হয়রানি নিয়ে বিরক্ত শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদও এমন আভাস দিয়েছেন।
জঙ্গিবাদ বাড়ছে দারিদ্র্যে ও ধর্মের ভুল ব্যাখ্যায়-প্রথম আলো
দেশের তরুণদের ভাবনা জানতে প্রথম আলোর উদ্যোগে ওআরজি-কোয়েস্ট গত মার্চে সারা দেশে জরিপ করেছে। এতে দেশের সার্বিক পরিস্থিতির পাশাপাশি জঙ্গিবাদ, পারিবারিক মূল্যবোধ, অবসরে কী করে, সে বিষয়েও তরুণদের মতামত জানতে চাওয়া হয়। দেশে জঙ্গিবাদের উত্থানকে আর্থসামাজিক বিভিন্ন সমস্যার প্রতিক্রিয়া হিসেবে দেখছে দেশের তরুণ প্রজন্ম। জরিপে অংশ নেওয়া ৭৮ শতাংশের মতে, ধর্মের ভুল ব্যাখ্যা এবং অপব্যবহার করেও তরুণদের একটি অংশকে জঙ্গিবাদে আনা হচ্ছে। আবার বেকারত্ব ও দারিদ্র্য তরুণদের জঙ্গিবাদের পথে টেনে নিতে সবচেয়ে বড় ভূমিকা রাখছে বলেও মনে করে ৭২ শতাংশ তরুণ।
আগামী অর্থবছরেই দেশ মাছে স্বয়ংসম্পূর্ণ হবে-নয়া দিগন্ত
বিগত ২০০৮-০৯ অর্থবছরে দেশে মাছের মৎস্য উৎপাদনে ছিল ২৭ লাখ ১ হাজার টন। বর্তমান মৎস্যবান্ধব সরকারের গৃহীত উন্নয়নমুখী নানা ধরনের কার্যক্রম এবং চাহিদামাফিক সম্প্রসারণ সেবা প্রদানের কারণে ২০১৫-১৬ অর্থবছরে মৎস্য উৎপাদন ৩৮ লাখ ৭৮হাজার টনে উন্নীত করা সম্ভব হয়েছে। ২০১৬-১৭ অর্থবছরে মৎস্য উৎপাদনে ৪০ লাখ ৫০হাজার টন অর্জিত হবে। আর এভাবে মৎস্য উৎপাদনের ধারা অব্যহত থাকলে আগামী অর্থবছরের মধ্যেই দেশ মৎস্য উৎপাদনে স্বয়ংসসম্পূর্ণতা অর্জন করা সম্ভব হবে।
শ্রোতা/পাঠক! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।
পথেঘাটে প্রকৃতির ডাকে সাড়া দিলে এবার খেসারত ১০ হাজার টাকা!-সংবাদ প্রতিদিন
পথে বের হলে প্রকৃতির ডাক অনেকেই উপেক্ষা করতে পারেন না। অগ্যতা আড়াল খুঁজে তাদের সেই কম্ম সারতে হয়। কারও আবার সেই চক্ষুলজ্জাটুকুও থাকে না। চণ্ডীগড়ে অবশ্য ভুলেও একাজটি কেউ করবে না। কেননা তাহলেই জরিমানা ১০ হাজার টাকা। জরিমানার অঙ্ক অনেকটা বাড়িয়ে কিছু বেয়াড়া নাগরিকের বদভ্যাস বন্ধ করতে চাইছে প্রশাসন। বাণিজ্যিক এলাকার এক্ষেত্রে এটাই শাস্তি।
রাজ্যসভা থেকে ইস্তফার হুমকি মায়াবতীর-আজকাল
উত্তরপ্রদেশে প্রতিনিয়ত নিগৃহীত হচ্ছেন দলিত সম্প্রদায়ের মানুষ। সংখ্যালঘু সম্প্রদায়ের অবস্থা অত্যন্ত শোচনীয়। অথচ সংসদে মুখ খোলার উপায় নেই। এমন পরিস্থিতিতে সাংসদ থেকে লাভ কী? মঙ্গলবার রাজ্যসভার অধিবেশন ছেড়ে এভাবেই বেরিয়ে গেলেন বহুজন সমাজ পার্টির নেত্রী মায়াবতী। হুমকি দিলেন ইস্তফার। বিজেপিকে দলিত এবং সংখ্যালঘু বিরোধী বলে উল্লেখ করেন তিনি। দেশের সর্বত্র গোরক্ষকদের তাণ্ডব নিয়েও নরেন্দ্র মোদি সরকারকে তুলোধনা করেন তিনি। বলেন, ‘বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই দলিত ও সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের ওপর অত্যাচার শুরু হয়েছে।
পাহাড়ে গুলিতে মৃত্যু যুবকের-আজকাল
সকালেও তীব্র উত্তেজনা রয়েছে মিরিকসহ গোটা পাহাড়ে। গতকাল সোমবার সারা দিনই অশান্তি চলেছে। আজ সকালে এক মোর্চা সমর্থক ছুরিকাহত হয়েছেন। মোর্চার দাবি, তৃণমূল সমর্থকদের সঙ্গে ধস্তাধস্তির সময় তাঁকে ছুরির আঘাত করা হয়। কেন্দ্রীয় বাহিনীর টহল চলছে। এরই মধ্যে কালিম্পঙের আলগারায় একটি পঞ্চায়েত অফিসে আগুন ধরিয়ে দেয় মোর্চা সমর্থকরা। গতকালের সঙ্ঘর্ষে বহু পুলিসকর্মী আহত হয়েছেন। গতকাল মৃত্যু হয়েছে আশিস তামাং নামে এক যুবকের। মৃতকে মোর্চা সমর্থক বলে দাবি করা হয়েছে। পুলিসের গুলিতেই ওই যুবকের মৃত্যু হয়েছে বলে দাবি করেছে মোর্চা।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৮