আগস্ট ০৬, ২০১৭ ১১:২৮ Asia/Dhaka

শ্রোতা/পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি। আজ ৬ আগস্ট রোববারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।

বাংলাদেশের শিরোনাম: 

  • বিচারকদের শৃঙ্খলাবিধি: আরো ২ সপ্তাহ সময় পেল রাষ্ট্রপক্ষ-ইত্তেফাক
  • গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে ১৬,১৭ আগস্ট সংলাপে বসছে ইসি-প্রথম আলো
  • সরকারের টনক আর কবে নড়বে? ‘বাসযোগ্য’ ঢাকার জন্য হাহাকার-প্রথম আলো
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ৩৭২ শাখা লোকসানে-প্রথম আলো
  • ২০-দলীয় জোটে যে কেউ আসতে পারে : ফখরুল-এনটিভিবিডি অনলাইন
  • তারিক সালমনের ঘটনা তদন্তে বরিশালে মন্ত্রিপরিষদ কমিটি- যুগান্তর
  • কৃষিঋণে খেলাপি ৫২৪১ কোটি টাকা-মানবজমিন
  • ঠাণ্ডা মাথায় প্রতিক্রিয়া জানানো হবে : ওবায়দুল কাদের-কালের কণ্ঠ
  • জিয়া অরফানেজ মামলায় আদালত পরিবর্তনে ফের খালেদার আবেদন-নয়া দিগন্ত

ভারতের শিরোনাম:

  • এবার বিহারেও বন্ধ হতে চলেছে বেআইনি কসাইখানা!-সংবাদ প্রতিদিন
  • মোদি–শাহকে চুড়ি উপহার দেবে মহিলা কংগ্রেস-আজকাল
  • ক্ষতিপূরণ দিতে ২৪ বছর, বৃদ্ধার কাছে দুঃখপ্রকাশ আদালতের-আনন্দবাজার

শ্রোতা/পাঠক! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত খবরের গুরুত্বপূর্ণ অংশ তুলে ধরছি.. প্রথমে বাংলাদেশ

ঠাণ্ডা মাথায় প্রতিক্রিয়া জানানো হবে : ওবায়দুল কাদের-কালের কণ্ঠ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

সংবিধানের ষোড়শ সংশোধনী আদালতের রায়ে অবৈধ হয়ে যাওয়ার বিষয়ে ঠাণ্ডা মাথায় প্রতিক্রিয়া জানানো হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ষোড়শ সংশোধনীর রায় নিয়ে অর্থমন্ত্রীর বক্তব্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হলে ওবায়দুল কাদের বলেন, তাঁর (অর্থমন্ত্রী) বক্তব্য সম্পর্কে আমাকে জিজ্ঞেস করেন কেন? তাকে জিজ্ঞেস করুন। এটি তার ব্যক্তিগত মত। এটি দলীয় কোনো মতামত নয়।

২০-দলীয় জোটে যে কেউ আসতে পারে : ফখরুল-এনটিভিবিডি অনলাইন

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আদর্শের সঙ্গে একমত হলে যেকোনো ব্যক্তি বা সংগঠন ২০-দলীয় জোটে যোগ দিতে পারে। আমরা এখনো মনে করি, যারাই এই অবৈধ অনৈতিক সরকার, নির্যাতনকারী সরকার, জুলুমবাজ সরকার—তাদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করবে, আমরা অবশ্যই তাদের স্বাগত জানাব।’

গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে সংলাপে বসছে ইসি-প্রথম আলো

গণমাধ্যম প্রতিনিধিদের সাথে ইসির সংলাপ আগামী ১৬ ও ১৭ আগস্ট

চলতি মাসের ১৬ ও ১৭ তারিখ গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে সংলাপ করবে নির্বাচন কমিশন। আগস্টের শেষ সপ্তাহের রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক শুরু হবে। আজ রোববার দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব হেলালউদ্দিন আহমদ সাংবাদিকদের এ তথ্য জানান। হেলালউদ্দিন জানান, বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সম্পাদক, সাংবাদিক নেতা ও মিডিয়া ব্যক্তিত্বদের সংলাপে আমন্ত্রণ জানানো হবে। মোট ৬০ জনকে আমন্ত্রণ জানানো হবে। আর আগস্টের শেষ সপ্তাহে ছয়টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসবে নির্বাচন কমিশন। ঈদের পর ১০ সেপ্টেম্বর থেকে আবারও রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক চলবে।

বিচারকদের শৃঙ্খলাবিধি: আরো ২ সপ্তাহ সময় পেল রাষ্ট্রপক্ষ-ইত্তেফাক

বিচারকদের শৃঙ্খলাবিধি নিয়ে আরো ২ সপ্তাহ সময় পেল রাষ্ট্রপক্ষ

নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলাবিধি নিয়ে আরো দুই সপ্তাহ সময় পেল সরকার। আজ রবিবার অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম চার সপ্তাহ সময়ের আবেদন করলে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ছয় বিচারপতির আপিল বেঞ্চ দুই সপ্তাহ মঞ্জুর করে। মাসদার হোসেন মামলায় ১৯৯৯ সালের ২ ডিসেম্বর সুপ্রিম কোর্টের আপিল বিভাগ নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে আলাদা করতে ঐতিহাসিক এক রায় দেয়। রায়ে জুডিশিয়াল সার্ভিসকে স্বতন্ত্র সার্ভিস ঘোষণা করা হয়। বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে আলাদা করার জন্য সরকারকে ১২ দফা নির্দেশনা দেয়া হয় রায়ে। পরে অধস্তন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা ও আচরণ সংক্রান্ত বিধিমালার সংশোধন করে গেজেট প্রকাশে নির্দেশ দেয় আপিল বিভাগ। তা প্রকাশে ইতোমধ্যে কয়েকদফা সময় নেয় রাষ্ট্রপক্ষ।

কৃষিঋণে খেলাপি ৫২৪১ কোটি টাকা-মানবজমিন

কৃষিঋণে খেলাপি ৫২৪১ কোটি টাকা

বড় ঋণের পাশাপাশি ক্ষুদ্র মাঝারি এমনকি কৃষি ঋণেও খেলাপির ছোঁয়া লেগেছে। সদ্য সমাপ্ত ২০১৬-১৭ অর্থবছরে কৃষি খাতে ২০ হাজার ৯৯৯ কোটি টাকার ঋণ বিতরণ করেছে ব্যাংকগুলো। যার মধ্যে খেলাপি হয়েছে ৫ হাজার ২৪১ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে দেখা গেছে, এর আগের অর্থবছর শেষে কৃষি খাতে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৪ হাজার ১২৪ কোটি টাকা। এ হিসেবে একবছরের ব্যবধানে খেলাপি ঋণের পরিমাণ বেড়েছে ১ হাজার ১১৬ কোটি টাকা। খেলাপি হওয়া ৫ হাজার ২৪১ কোটি টাকা কৃষি ঋণের রাষ্ট্রায়ত্ত ৮ ব্যাংকেরই ৫ হাজার ১০১ কোটি টাকা।বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহ উদ্দিন আহমেদ বলেন, কৃষিঋণে খেলাপিতে প্রকৃত কৃষকের দোষ নেই। তারা অনিয়ম-দুর্নীতি করে না। বরং কিছু অসাধু ব্যাংক কর্মকর্তা ও ব্যবসায়ী যোগসাজশ করে কৃষকদের ফাঁসায়। তিনি বলেন, কৃষিঋণের নামে বড় বড় কোল্ড স্টোরেজে ঋণ দেয়া হচ্ছে। এসব বন্ধ করতে হবে। এ জন্য আবার প্রকৃত কৃষকদের বঞ্চিত করা যাবে না। তাদেরকে ঋণ দিতে হবে।

বাসযোগ্য ঢাকার জন্য হাহাকার

সরকারের টনক আর কবে নড়বে? বাসযোগ্য’ঢাকার জন্য হাহাকার-প্রথম আলো ঢাকার ভবিষ্যৎ নিয়ে বছরের পর বছর যে উদ্বেগ ও উৎকণ্ঠা বিশেষজ্ঞ মহলে আলোচিত হয়ে আসছে, তা দিনে দিনে বাস্তবে রূপ নিচ্ছে। বিশেষজ্ঞরা এ জন্য সমন্বয়হীনতা ও সমন্বিত পরিকল্পনার অভাবকে দায়ী করে আসছেন। এর সঙ্গে দুর্নীতি ও ব্যবস্থাপনার সংকট—এসব তো রয়েছেই। সব মিলিয়ে ঢাকা বসবাসের অযোগ্য নগরে পরিণত হতে চলেছে। আমরা এটা বুঝতে পারছি না যে পরিস্থিতি আর কত খারাপ হলে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের টনক নড়বে।

শ্রোতা/পাঠক! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।

এবার বিহারেও বন্ধ হতে চলেছে বেআইনি কসাইখানা!-সংবাদ প্রতিদিন

বিহারে  বেআইনি কসাইখানা বন্ধ করতে যাচ্ছে রাজ্য সরকার

ক্ষমতায় এসেই এবার বিহারেও বেআইনি কসাইখানার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিল এনডিএ সরকার। বিহার সরকারের এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন রাজ্যের মৎস্য ও প্রাণিসম্পদ উন্নয়ন মন্ত্রী পশুপতি কুমার পারাস।

ক্ষমতায় আসার পরই দেশের বেআইনি গো-হত্যা রুখতে উঠেপড়ে লেগেছে কেন্দ্রীয় সরকার। দেশের পশুহাট বা পশুবাজারগুলিতে গবাদি পশু বিক্রিতে জারি হয়েছে নিষেধাজ্ঞা। আর মোদি সরকারের নীতির প্রতিফলন ঘটছে বিজেপিশাসিত রাজ্যগুলিতেও।

ক্ষতিপূরণ দিতে ২৪ বছর, বৃদ্ধার কাছে দুঃখপ্রকাশ আদালতের-আনন্দবাজার

মাদ্রাস হাইকোর্ট

দীর্ঘসূত্রিতার জন্য এ দেশে কোনও মামলা দায়েরকারীর কাছে আদালত দুঃখপ্রকাশ করেছে, শুনেছেন কখনও? সেই বিরল ঘটনা ঘটালো মাদ্রাজ হাইকোর্ট। দুঃখপ্রকাশ করল সন্তান হারানো এক বৃদ্ধা মায়ের কাছে। ছেলের মৃত্যুর জন্য ক্ষতিপূরণ আদায় করতে আদালতের দ্বারস্থ হয়েছিলেন এক মা, ২৪ বছর আগে। তাঁর সাংবিধানিক অধিকার। ন্যায্য পাওনা আদায়ের ন্যায্য দাবি। কিন্তু ২৪ বছর ধরে সেই ক্ষতিপূরণের টাকা তাঁর হাতে পৌঁছয়নি। মাদ্রাজ হাইকোর্টের বিচারপতি এন শেষাশায়ি ওই মামলার রায় দেয়ার সময় সন্তান হারানো মাকে বলেছেন, ‘‘আমরা দুঃখিত। আমাদের জন্য আপনাকে অধিকার আদায়ে ২৪টা বছর অপেক্ষা করতে হল। আদালত ক্ষতিপূরণ বাবদ ৩ লক্ষ ৪০ হাজার টাকা রাষ্ট্রায়ত্ত বিমা কোম্পানিটিকে অবিলম্বে মিটিয়ে দিতে বলেছে।

মোদি–শাহকে চুড়ি উপহার দেবে মহিলা কংগ্রেস-আজকাল

রাহুল গান্ধীর ওপর হামলার প্রতিবাদ

রাহুল গান্ধীর ওপর পাথর হামলায় ক্ষোভ মিটছে না কংগ্রেসের। এবার প্রতিবাদ জানাতে চলেছে গোয়ায় কংগ্রেসের মহিলা শাখার কর্মীরা। তবে মিটিং–মিছিল বা ধর্ণায় বসছেন না তাঁরা। তার বদলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহকে উপহার হিসেবে চুড়ি পাঠাতে চলেছেন তাঁরা। 

গোয়ার প্রদেশ মহিলা কংগ্রেসের সভাপতি প্রতিমা কুটিনহো জানিয়েছেন, ‘দলীয় সদস্যরা ‌বাড়ি থেকে চুড়ি ভর্তি বাক্স এনেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অমিত শাহকে উপহার হিসেবে পাঠাব। যে ব্যক্তি গাড়িতে পাথর ছুঁড়েছে তাকেও এক বাক্স পাঠাব।’ তাঁর প্রশ্ন, ‘বন্যার্তদের সাহায্যে গিয়েছিলেন রাহুল গান্ধী। ভারত গণতান্ত্রিক দেশ। যে কেউ, যে কোনও স্থানে যেতে পারেন। তাই বলে কাপুরুষের মতো হামলা করা হবে!‌ ’#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৬