আগস্ট ০৭, ২০১৭ ১২:০৮ Asia/Dhaka

শ্রোতা/পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি। আজ ৭ আগস্ট সোমবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।

বাংলাদেশের শিরোনাম: 

  • মিরপুরে শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে সড়ক অবরোধ, পুলিশ-শ্রমিক সংঘর্ষ-ইত্তেফাক
  • রায়ে সন্তুষ্ট নয় বিশ্বজিতের পরিবার-ইত্তেফাক
  • দৌলতদিয়া-পাটুরিয়ায় দুর্ভোগ বেড়েছে-প্রথম আলো
  • একই পরিবারের পাঁচজনকে হত্যার দায়ে ভাগনে মাহফুজের মৃত্যুদণ্ড-নয়া দিগন্ত
  • খুন আর ধর্ষণে আতঙ্কিত মানুষ-নয়া দিগন্ত
  • অকার্যকর’ সংসদ ভাঙতে সোচ্চার বিএনপি- যুগান্তর
  • মৃত্যুদণ্ড থেকে রেহাই পেল ছাত্রলীগের ছয় আসামি-বাংলাদেশ প্রতিদিন
  • চুয়াডাঙ্গায় পুলিশের বিশেষ অভিযানে আটক ৩৬-মানবজমিন
  • বহাল থাকছে আশিয়ান সিটি প্রকল্পে নিষেধাজ্ঞার রায়-কালের কণ্ঠ

ভারতের শিরোনাম:

  • রাতের পর রাত স্বামীর রক্তপান করত এই ‘পিশাচ’ স্ত্রী-সংবাদ প্রতিদিন
  • মুম্বইয়ে নাশকতার ছক বানচাল-আজকাল
  • রাজ্যসভা ভোটে কাকে সমর্থন, চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি এনসিপি-আনন্দবাজার

শ্রোতা/পাঠক! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত খবরের গুরুত্বপূর্ণ অংশ তুলে ধরছি.. প্রথমে বাংলাদেশ

মিরপুরে শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে সড়ক অবরোধ, পুলিশ-শ্রমিক সংঘর্ষ-ইত্তেফাক

রাজধানীর মিরপুরে শ্রমিক ছাটাইয়ের প্রতিবাদে মেরিডিয়ান গার্মেন্টের সাত’শ শ্রমিক বিক্ষোভ-সমাবেশ ও রাস্তা অবরোধ করেছে। অবরোধ সমাবেশ শেষে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটানায় শাহ আলী থানার পরিদর্শক (তদন্দ) মেহেদী হাসানসহ আহত হয়েছেন ৫ জন।  আজ সকাল ১০টায় মিরপুর-১ নম্বর গোল চক্করে বিক্ষোভ সমাবেশ ও রাস্তা অবরোধ শেষে শ্রমিকরা মিরপুর-২ নম্বর গোল চক্করে সনি সিনেমা হলের সামনে অবস্থান নেয়।

 আন্দোলনকারী গার্মেন্টকর্মীরা জানায়, কয়েকদিন আগে মেরিডিয়ান গার্মেন্টের ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন বিনা নোটিশে ২১ জন শ্রমিককে চাকরিচ্যুত করেন। এর প্রতিবাদে রবিবার বিকালে গার্মেন্ট শ্রমিকদের প্রতিনিধি দলের সঙ্গে গার্মেন্ট কর্তৃপক্ষের বৈঠক হয়। বৈঠকে শ্রমিকদের চাকরি ফিরিয়ে দেওয়ার কোনো আশ্বাস দেয়া হয়নি। এর প্রেক্ষিতে আজ সকালে শ্রমিকরা কাজে যোগ না দিয়ে মিরপুর-১ নম্বর গোল চক্করে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে।

একই পরিবারের পাঁচজনকে হত্যার দায়ে ভাগনে মাহফুজের মৃত্যুদণ্ড-নয়া দিগন্ত

নারায়ণগঞ্জে একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যার দায়ে আসামি মাহফুজকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। মাহফুজ সম্পর্কে ওই পরিবারের ভাগনে। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা ও দায়রা জজ হোসনে আরা আকতারের আদালতে এই আদেশ দেয়া হয়। এর আগে গত ৩০ জুলাই এই মামলায় রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক শেষে আদালত রায় ঘোষণার তারিখ ধার্য করেন। ২০১৬ সালের ১৫ জানুয়ারি দিবাগত রাতে শহরের বাবুরাইলে ‘আশেক আলী ভিলানামের একটি বাড়ির একটি ফ্ল্যাটে একই পরিবারের পাঁচজনকে নৃশংসভাবে গলা কেটে হত্যা করেন ভাগনে মাহফুজ।

সিরাজগঞ্জে কলেজছাত্রীকে গলাকেটে হত্যা-ইত্তেফাক

সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের জগতগাঁতী গ্রামে সাথী খাতুন (১৮) নামে এক কলেজছাত্রীকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে। নিহত সাথী জগতগাঁতী গ্রামের সাইদুর রহমান বাদলের মেয়ে ও শিয়ালকোল আব্দুল্লাহ আলমাহমুদ মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের এইসএসসি পরীক্ষার্থী।

মৃত্যুদণ্ড থেকে রেহাই পেল ছাত্রলীগের ছয় আসামি-বাংলাদেশ প্রতিদিন

পুরান ঢাকার দর্জি দোকানি বিশ্বজিৎ দাস হত্যা মামলায় নিম্ন আদালতে  ফাঁসির দণ্ডপ্রাপ্ত আট আসামির মধ্যে রফিকুল ইসলাম শাকিল ও রাজন তালুকদারের সাজা বহাল রেখেছে হাই কোর্ট। এ ছাড়া চারজনকে সাজা কমিয়ে যাবজ্জীবন ও বাকি দুজনকে খালাস দেয়া হয়েছে।

এই মামলার আপিল, জেল আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শেষে গতকাল বিচারপতি মো. রুহুল কুদ্দুস এবং বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ রায় দেয়। বিচারিক আদালতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১৩ আসামির মধ্যে যে দুজন আপিল করেছিলেন, তারা হাই কোর্টে খালাস  পেয়েছেন। পলাতক থাকা বাকি ১১ জনের বিষয়ে হাই কোর্ট কোনো মন্তব্য করেনি। ২০১২ সালের ৯ ডিসেম্বর বিএনপি-জামায়াতের ডাকা অবরোধ কর্মসূচির মধ্যে রাজধানীর বাহাদুর শাহ পার্কের কাছে বিশ্বজিেক প্রকাশ্যে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ ঘটনায় করা হত্যা মামলায় ২০১৩ সালের ১৮ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ২১ কর্মীর মধ্যে আটজনকে মৃত্যুদণ্ড ও ১৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এর বিচারক এ বি এম নিজামুল হক।

রায়ে সন্তুষ্ট নয় বিশ্বজিতের পরিবার-ইত্তেফাক

নিন্ম আদালতের সাজা হাইকোর্টে হ্রাস পাওয়ায় সন্তুষ্ট নয় নিহত দর্জি দোকানি বিশ্বজিতের পরিবারের সদস্যরা। ডেথ রেফারেন্স ও আপিলের রায়ের পর বিশ্বজিতের বাবা অনন্ত কুমার দাস ও মা কল্পনা রানী দাস কান্নায় ভেঙে পড়েন। এক প্রতিক্রিয়ায় অনন্ত দাস বলেন, আমরা কি যে দুঃখ পেয়েছি, তা বলার মতো না। সারাদিন না খেয়ে অপেক্ষায় ছিলাম রায় শোনার জন্য। কিন্তু এই রায় শুনে খাব কি করে? আমাদের আবেদন নিম্ন আদালতের রায় যেন বহাল থাকে।

 কল্পনা দাস বলেন, উচ্চ আদালতের রায়ে আমরা খুশি হতে পারিনি। আমার বিশ্বজিতকে যারা প্রকাশ্যে দিবালোকে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করেছে, তাদের শাস্তির রায় আমি যেন দেখে যেতে পারি। 

 বিশ্বজিতের বড় ভাই উত্তম দাস বলেন, সবাই আশা দিয়েছিল যে নিম্ন আদালত যে রায় দিয়েছে, তা উচ্চ আদালতেও বহাল থাকবে। কিন্তু এখন কি থেকে কি রায় আসল! এমনটা তো আমরা চাইনি।

অকার্যকর’ সংসদ ভাঙতে সোচ্চার বিএনপি-যুগান্তর

‘অকার্যকর’ সংসদ ভেঙে দিয়ে নিরপেক্ষ ব্যক্তিদের অধীনে নতুন সংসদ নির্বাচনের দাবিতে সোচ্চার হচ্ছে বিএনপি। এ দাবিতে দলের নেতারা উচ্চ আদালতে যাওয়ার চিন্তাভাবনা করছেন। ষোড়শ সংশোধনী বাতিলের রায় পর্যালোচনা শেষে এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন দলের হাইকমান্ড। এ লক্ষ্যে রায় পর্যালোচনাও শুরু হয়েছে। এজন্য সংশ্লিষ্টদের রায়ের কপি দেয়া হয়েছে। এরই মধ্যে একটি বৈঠক হয়েছে।

শিগগিরই ফের বৈঠকে বসবে।  চলছে রায়ের চুলচেরা বিশ্লেষণ। দলের বাইরেও আইনজ্ঞদের পরামর্শ নেয়া হচ্ছে।  এ ইস্যুকে অগ্রাধিকার দিয়ে কর্মপরিকল্পনা তৈরি করছে বিএনপি।

ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের পর্যবেক্ষণে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বর্তমান সংসদকে অকার্যকর হিসেবে উল্লেখ করেছেন। ১ আগস্ট মঙ্গলবার পর্যবেক্ষণসহ পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয়।

বিএনপির নীতিনির্ধারকরা মনে করেন, যেহেতু আদালত বর্তমান সংসদকে ডিসফাংশনাল (অকার্যকর) বলেছেন, তাই এ সংসদ বেশি দিন বহাল রাখা সরকারের জন্য কঠিন হবে।

সরকার যদি শেষ পর্যন্ত আদালতের রায় অগ্রাহ্য করে তবে বিএনপি এ ইস্যুকে গুরুত্ব দেবে। সংসদকে কিভাবে ফাংশনাল করতে হবে সেই প্রশ্নের উত্তর জানতেই আদালতের শরণাপন্ন হবে।

দৌলতদিয়া-পাটুরিয়ায় দুর্ভোগ বেড়েছে-প্রথম আলো

দেশের গুরুত্বপূর্ণ রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ফেরিস্বল্পতার কারণে যানবাহন পারাপার ব্যাহত হচ্ছে। নদীতে ফের পানি বৃদ্ধি পাওয়ায় প্রচণ্ড স্রোত দেখা দিয়েছে। এতে ফেরি পারাপারে সাধারণ সময়ের চেয়ে দ্বিগুণ সময় লাগছে। উভয় ঘাটে আটকা পড়ছে শত শত গাড়ি। অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীবাহী বাস ও কাঁচা পচনশীল পণ্যবাহী গাড়ি আগে পার হওয়ায় দুই-তিন ধরে ঘাটে আটকে থাকছে সাধারণ পণ্যবাহী গাড়ি। বেড়েছে দুর্ভোগ।আজ সোমবার সকালে দেখা যায়, দৌলতদিয়া ফেরিঘাট থেকে প্রায় সাড়ে তিন কিলোমিটার দীর্ঘ লম্বা সারি। সেখানে ৩০০-এর বেশি পণ্যবাহী ট্রাক, কাভার্ডভ্যান ও অন্যান্য গাড়ি রয়েছে। পাশাপাশি ফেরিঘাট থেকে ক্যানাল ঘাট পর্যন্ত শতাধিক যাত্রীবাহী বাসের সারি রয়েছে। তবে বেলা বাড়লে গাড়ির সারি আরও লম্বা হবে বলে মনে করছেন ঘাটের দায়িত্বে থাকা কর্মীরা।

চুয়াডাঙ্গায় পুলিশের বিশেষ অভিযানে আটক ৩৬-মানবজমিন

পুলিশের বিশেষ অভিযানে চুয়াডাঙ্গা থেকে ২৪ ঘণ্টায় ৩৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের  মধ্যে চুয়াডাঙ্গা সদর থানায় ১১ জন, দামুড়হুদায় ৭ জন, জীবননগরে ৫ জন, আলমডাঙ্গায় ১৩ জনকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে বিভিন্ন প্রকারের মাদক দ্রব্য উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতদের সোমবার আদালতে সোর্পদ করা হয়েছে।

বহাল থাকছে আশিয়ান সিটি প্রকল্পে নিষেধাজ্ঞার রায়-কালের কণ্ঠ

রাজধানীর উত্তরার দক্ষিণখান মৌজায় অবস্থিত আশিয়ান সিটি আবাসিক প্রকল্প অবৈধ ঘোষণার রায় বাতিল করে হাইকোর্টের রিভিউর রায় স্থগিত করেছেন আপিল বিভাগ। একই সঙ্গে আশিয়ান সিটি বিষয়ে হাইকোর্টের রিভিউর রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে তিন সদস্যের আপিল বেঞ্চ এই আদেশ দেন।

খুন আর ধর্ষণে আতঙ্কিত মানুষ-নয়া দিগন্ত

খুন আর ধর্ষণে আতঙ্কিত মানুষ। কোনো কোনো ক্ষেত্রে ঘটনার প্রতিবাদ জানাতে সাধারণ মানুষ রাস্তায় নেমে আসছেন। ভাঙচুর ও অগ্নিসংযোগও করছেন। আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষ হচ্ছে। ভুক্তভোগীরা বলেছেন, বিচার না পাওয়ার শঙ্কা নিয়ে তারা রাস্তায় নামছেন।

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে একের পর এক খুনের ঘটনা ঘটছে। বাবা-মায়ের হাতে সন্তান, সন্তানের হাতে বাবা-মা, স্বামীর হাতে স্ত্রী, স্ত্রীর হাতে স্বামী, ভাইয়ের হাতে ভাই- এভাবেই খুন হচ্ছে মানুষ। পরিসংখ্যানে দেখা গেছে প্রতিদিন গড়ে অন্তত ১২ জন মানুষ খুন হচ্ছে।

ধর্ষণের ঘটনা আরো মারাত্মক রূপ নিয়েছে। মানবাধিকার সংস্থা অধিকারের প্রতিবেদন অনুযায়ী, গত জানুয়ারি থেকে জুন পর্যন্ত ৩৭১ জন নারী ও শিশু ধর্ষণের শিকার হয়েছে। প্রায় প্রতিদিনই দেশের কোথাও-না-কোথাও ধর্ষণের ঘটনা ঘটছে।

এ দিকে, একের পর এক খুন ও ধর্ষণের ঘটনায় মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে। মানবাধিকার কর্মী আবুল বাসার বলেছেন, যার ঘরে কন্যাসন্তান রয়েছে তারা সব সময় উদ্বিগ্ন থাকেন।

শ্রোতা/পাঠক ! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।

মুম্বইয়ে নাশকতার ছক বানচাল-আজকাল

মুম্বইয়ে বড় ধরনের নাশকতার ছক বানচাল করল পুলিস। ঠাণে পুলিস, আরপিএফ ও সন্ত্রাস দমন শাখার আধিকারিকদের যৌথ উদ্যোগেই হামলা এড়ানো গিয়েছে। গ্রেপ্তার করা হয়েছে ৩ সন্দেহভাজনকে। ঠাণের কৌসা এলাকা থেকে প্রচুর পরিমাণ বিস্ফোরক ও আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। মুম্বাইয়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

রাতের পর রাত স্বামীর রক্তপান করত এই ‘পিশাচ’ স্ত্রী-সংবাদ প্রতিদিন

দেশবাসীকে ‘ডিজিটাল ইন্ডিয়া’ গড়ে তোলার স্বপ্ন দেখিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু এখনও যে দেশের প্রত্যন্ত প্রান্তে আম জনতার বাড়িতে পিশাচ, তন্ত্রসাধনার মতো বুজরুকি চলে, সেখানে এই স্বপ্ন কি আদৌ সফল হবে? এ রাজ্যেরই একটি নৃশংস ঘটনা এমন প্রশ্ন তুলে দিল। ঘটনাস্থল বীরভূমের সদাইপুর থানা এলাকা। এক মহিলার বিরুদ্ধে স্বামীর রক্তপানের অভিযোগকে ঘিরে শোরগোল পড়ে গিয়েছে গ্রামে।

অভিযোগ, অভিজিৎ বাগদির(২২) স্ত্রী সাবিত্রী বাগদি(১৮) সাধনার নামে নিয়মিত স্বামীর বুকের উপর উঠে বসে রক্তপান করত। তাঁর মা ছবি বাগদির অভিযোগ, পুত্রবধূর তন্ত্রসাধনার জেরেই অসুস্থ হয়ে পড়েন অভিজিৎ। নিয়মিত তাঁর রক্তপান করত অভিযুক্ত সাবিত্রী। শেষপর্যন্ত রবিবার রাতে হাসপাতাল থেকে খবর আসে, অভিজিৎবাবু শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

রাজ্যসভা ভোটে কাকে সমর্থন, চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি এনসিপি-আনন্দবাজার

রাজ্যসভা ভোটে গুজরাত কংগ্রেসের দুশ্চিন্তার মেঘ আরও ঘনীভূত হল। বিজেপি-র পর এ বার তাদের চিন্তা বাড়ল এক সময়ের জোটসঙ্গী এনসিপি।কারণ, রবিবার এনসিপি নেতা প্রফুল্ল পটেল জানান, গুজরাত রাজ্যসভা ভোটে কোন দলকে তাঁরা সমর্থন করবেন, সে বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি দল। গুজরাতের দায়িত্বপ্রাপ্ত এই এনসিপি নেতার কথায়, ‘‘পরিস্থিতির গুরুত্ব বিচার করেই রাজ্যসভা ভোটে সমর্থনের বিষয়টিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।’’#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৭