আগস্ট ০৮, ২০১৭ ১৩:০৮ Asia/Dhaka

শ্রোতা/পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি। আজ ৮ আগস্ট মঙ্গলবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।

বাংলাদেশের শিরোনাম: 

  • টাঙ্গাইলে কলেজছাত্র হত্যা: ১২ জনের ফাঁসির আদেশ-ইত্তেফাক
  • হাওরের হাহাকারে ত্রাণ পাচ্ছেন না অনেকে-প্রথম আলো
  • মালয়েশিয়ায় বাংলাদেশীসহ গ্রেফতার চার শতাধিক-নয়া দিগন্ত
  • ঢাবি শিক্ষককে বরখাস্তের সিদ্ধান্ত অবৈধ- যুগান্তর
  • জঙ্গি কর্মকাণ্ডে অর্থের শীর্ষ যোগানদাতা মোস্তাককে হবিগঞ্জে গ্রেপ্তার-মানবজমিন
  • ভিসা জটিলতায় ৩ হজ ফ্লাইট বাতিল-কালের কণ্ঠ

ভারতের শিরোনাম:

  • বিচার চাই’ বলে এজলাসে আত্মহত্যার চেষ্টা বৃদ্ধের-সংবাদ প্রতিদিন
  • পাথর আক্রান্ত রাহুলকেই দুষলেন রাজনাথ-আজকাল
  • এভারেস্টে আদৌ ওঠেননি কনস্টেবল দম্পতি, ভুয়ো দাবিতে চাকরি গেল-আনন্দবাজার

শ্রোতা/পাঠক! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত 

জঙ্গি কর্মকাণ্ডে অর্থের শীর্ষ যোগানদাতা মোস্তাককে হবিগঞ্জে গ্রেপ্তার-মানবজমিনের শিরোনাম

জঙ্গি কর্মকাণ্ডে অর্থের শীর্ষ যোগানদাতা মোস্তাক গ্রেফতার

বিস্তারিত খবরে লেখা হয়েছে, জঙ্গি কর্মকাণ্ডে অর্থ যোগানদাতাদের শীর্ষ স্থানীয় একজনকে হবিগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম মোস্তাক খা। সোমবার তাকে হবিগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি)। এ বিষয়ে সিআইডির স্পেশাল সুপারিনটেন্ডেন্ট মোল্লাহ নজরুল ইসলাম বলেছেন, গ্রেপ্তার করা মোস্তাক তুরস্কের বিভিন্ন সংগঠনের কাছ থেকে অর্থ সংগ্রহ করতো এবং তা ব্যবহার করতো বাংলাদেশে জঙ্গি কর্মকাণ্ডে। মিডিয়াকে সিআইডির এক কর্মকর্তা বলেছেন, দীর্ঘ সময় তুরস্কে অবস্থান করেছে মুস্তাক।

তুফান রাজনের মতো কর্মী আমাদের প্রয়োজন নেই'-ওবায়দুল কাদের-যুগান্তর

বাংলাদেশের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে ছাত্রলীগ নেতাকর্মীদের উদ্দেশে বলেন, বিশ্বজিতের হত্যাকাণ্ডে দণ্ডপ্রাপ্ত রাজনের মতো কর্মী ছাত্রলীগের দরকার নেই। তুফানের মতো কর্মী আমাদের প্রয়োজন নেই। তিনি আজ এক অনুষ্ঠানে বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ভুয়া জন্মদিনের নামে ১৫ আগস্ট কেক কাটেন। এটাকে আমরা ঘৃণা করি। সরকার কর্মসূচি পালনে বাধা দিচ্ছে’ বিএনপি নেতাদের এমন অভিযোগের জবাবে ওবায়দুল কাদের বলেন, তাদের অভিযোগ ভিত্তিহীন।

৩৩ হাজার টন গম হাওয়া-প্রথম আলোর শিরোনাম

গম চুরি

খবরটিতে লেখা হয়েছে, রীতিমতো আয়োজন করে ৩৩ হাজার মেট্রিক টন গম চুরি করা হয়েছে। ৫ হাজার ৯২টি ট্রাকে করে এই গম বন্দরের গুদাম থেকে সরিয়ে ফেলা হয়। চট্টগ্রামেরই কয়েকজন ব্যবসায়ীর কাছে এই গম বিক্রিও করা হয়। দক্ষিণ কোরিয়ার একটি বিমা কোম্পানি এই চুরির সুরাহা করতে আদালতের আশ্রয় নিয়েছে।

কেনার সময় ওই গমের দর ধরা হয়েছিল প্রতি টন ৩৪৬ দশমিক ৩৫ ডলার (২৭ হাজার ৭০৮ টাকা)। এ হিসাবে চুরি যাওয়া গমের দাম দাঁড়ায় প্রায় ৯০ কোটি টাকা। এই গম আমদানি হয়েছিল খাদ্য অধিদপ্তরের জন্য। কিন্তু তা সরকারি খাদ্যগুদামে সরবরাহের আগেই চুরি হয়ে যায়।

ভিসা জটিলতায় ৩ হজ ফ্লাইট বাতিল-কালের কণ্ঠ

হজে যাওয়ার ক্ষেত্রে ভিসা জটিলাত, আজও ফ্লাইট বাতিল

ভিসা জটিলতায় যাত্রী সংকটের কারণে বাংলাদেশ এয়ারলাইন্সের আরও তিনটি হজ ফ্লাইট বাতিল করা হয়েছে। এ নিয়ে মোট হজ ফ্লাইট বাতিলের সংখ্যা দাঁড়াল ২১টি। আজ মঙ্গলবার সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ সাংবাদিকদের এ তথ্য জানান। বাতিল হওয়া হজ ফ্লাইটগুলোর মধ্যে ১৭টি বাংলাদেশ এয়ারলাইন্সের, বাকি ৪টি সৌদি এয়ারলাইন্সের।

আর বাংলাদেশ প্রতিদিনের খবরে লেখা হয়েছে, আগামী ১০ আগস্টের মধ্যে হজযাত্রীদের জন্য কোনো এজেন্সি ভিসার আবেদন না করলে, তাদের লাইসেন্স বাতিল করা হবে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান।  মঙ্গলবার দুপুরে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে সাংবাদিকদের সঙ্গে আলোচনাকালে তিনি এ আল্টিমেটাম দেন।

আইন সচিবের চুক্তিভিত্তিক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট-নয়া দিগন্তের শিরোনাম

বাংলাদেশের হাইকোর্ট ভবন

বিস্তারিত খবরে লেখা হয়েছে, আইন ও বিচার বিভাগের সচিব আবু সালেহ শেখ মো: জহিরুল হকের চুক্তিভিত্তিক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। এই তথ্য নিশ্চিত করেন রিটকারী আইনজীবী মোহাম্মদ আশরাফ-উজ জামান। মঙ্গলবার সুপ্রিমকোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ আশরাফ-উজ জামান হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট দায়ের করেন।

টাঙ্গাইলে কলেজছাত্র হত্যা: ১২ জনের ফাঁসির আদেশ-ইত্তেফাক

টাঙ্গাইলে কলেজ ছাত্র রাজন হত্যাকাণ্ডের ঘটনায় ১২জনকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার টাঙ্গাইলের বিশেষ জজ আদালতের বিচারক ওয়াহিদুজ্জামান শিকদার এই আদেশ দেন।তাদের মধ্যে চারজন দণ্ডপ্রাপ্ত আসামি পলাতক রয়েছেন।

ঢাবি শিক্ষককে বরখাস্তের সিদ্ধান্ত অবৈধ-যুগান্তর

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. শাহাদাত হোসেনের বরখাস্তের সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট।  মঙ্গলাবার হাইকোর্টের বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. ফারুকের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ বিষয়ে জারি করা রুলের চূড়ান্ত শুনানি নিয়ে এ আদেশ দেন।২০১৬ সালের জুলাই মাসে সমাজবিজ্ঞান বিভাগের দুই ছাত্রী তাদের মাস্টার্সের ফল প্রকাশিত হওয়ার পর সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. শাহাদাত হোসেনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেন। ওই অভিযোগের ভিত্তিতে চলতি বছরের ৬ মার্চ তাকে বরখাস্তের সিদ্ধান্ত নেয় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

শ্রোতা/পাঠক ! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।

পাথর আক্রান্ত রাহুলকেই দুষলেন রাজনাথ-আজকাল

রাহুল গান্ধী ও রাজনাথ সিং

নিরাপত্তা সংক্রান্ত বিধিনিষেধ মানেননি রাহুল গান্ধী। নিজের গাফিলতিতেই গুজরাটে আক্রান্ত হয়েছেন তিনি। সংসদে বিরোধীদের প্রশ্নের জবাবে এমনটাই সাফাই দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী রাজনাথ সিং। গুজরাটে বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণে গিয়ে গত সপ্তাহে স্থানীয় বিজেপি নেতাদের হাতে আক্রান্ত হন রাহুল গান্ধী। মঙ্গলবার লোকসভা অধিবেশন শুরু হতেই তা নিয়ে সরব হন কংগ্রস সাংসদরা।

বিচার চাই’ বলে এজলাসে আত্মহত্যার চেষ্টা বৃদ্ধের-সংবাদ প্রতিদিনের শিরোনাম

কোলকাতা হাইকোর্ট

বিস্তারিত খবরটি এরকম যে, ভরা এজলাস। চলছে বিচার প্রক্রিয়া। বিচারকের আসনে বসে স্বয়ং প্রধান বিচারপতি নিশিথা মাত্রে। আচমকাই ঘটে গেল ঘটনাটা। গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করলেন এক বৃদ্ধ। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল কলকাতা হাইকোর্টের অন্দরে।ঘটনার সঙ্গে সঙ্গে এজলাস ছেড়ে বেরিয়ে যান প্রধান বিচারপতি। বৃদ্ধকে হেফাজতে নেয় পুলিশ।

এভারেস্টে আদৌ ওঠেননি কনস্টেবল দম্পতি, ভুয়ো দাবিতে চাকরি গেল-আনন্দবাজার

দিনেশ দম্পতি চাকরি হারাল

দেশের প্রথম দম্পতি হিসেবে এভারেস্ট জয়ের দাবি করেছিলেন। কিন্তু, মাস কয়েকের মধ্যেই সে দাবি ভুয়ো বলে অভিযোগ ওঠে। পুণে পুলিশে কর্মরত সেই কনস্টেবল দম্পতি দীনেশ ও তারকেশ্বরী রাঠৌরকে এ বার বরখাস্ত করল রাজ্য প্রশাসন। তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এক শীর্ষ কর্তা।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৮