আগস্ট ১৬, ২০১৭ ১৩:৩৩ Asia/Dhaka

প্রিয় শ্রোতা/পাঠক, ১৬ আগস্ট বুধবারের কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। ঢাকা থেকে প্রকাশিত আজকের জাতীয় দৈনিকগুলোতে একক কোনো খবর শীর্ষ শিরোনাম হিসেবে ছাপা হয়নি। তবে বন্যা পরিস্থিতির খবরকে অধিকাংশ দৈনিকে বিশেষ গুরুত্ব দিয়ে ছাপা হয়েছে।

বাংলাদেশের শিরোনাম:  

যমুনায় পানি বৃদ্ধিতে শত বর্ষের রেকর্ড: বিভিন্ন স্থানে বাঁধ ভেঙে নতুন নতুন এলাকা প্লাবিত, বিশুদ্ধ পানির তীব্র সংকট : দৈনিক ইত্তেফাক
প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সরকার প্রস্তুত- মায়া : কালের কণ্ঠ
বন্যা পরিস্থিতির সংকট মোকাবিলায় সরকার সক্ষম- অর্থমন্ত্রী : প্রথম আলো
গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে ইসির সংলাপ- অংশগ্রহণমূলক নির্বাচনের পরামর্শ- মানবজমিন
ষোড়শ সংশোধনীর রায় : সার্টিফায়েড কপি চেয়ে সরকারের আবেদন : দৈনিক নয়াদিগন্ত
প্রশাসনের সঙ্গে আপস করে চলছেন, অ্যাটর্নি জেনারেলকে প্রধান বিচারপতি: এনটিভি অনলাইন
নাইকো দুর্নীতি মামলায় খালেদার বিরুদ্ধে অভিযোগ গঠন ২৫ সেপ্টেম্বর: বাংলাদেশ প্রতিদিন
জঙ্গি সাইফুলের সঙ্গে সহযোগীরাও ছিল- ডিএমপি কমিশনার : প্রথম আলো
মেয়র আনিসুল হক লন্ডনে আইসিইউতে: সমকাল

ভারতের শিরোনাম:

উত্তপ্ত ভারত-চীন সীমান্ত, লাদাখে পাথর ছুড়ে সংঘর্ষ দুই বাহিনীর মধ্যে
ভারতের সীমান্ত ঘেঁষে বাড়ল চীনা ফাইটার জেটের দাপট: কোলকাতা টুয়েন্টিফোর অনলাইন
উপত্যকার ১২টি জায়গায় তল্লাশি করল এনআইএ: দৈনিক আজকাল
এবং অবসাদে আত্মহত্যা করেছিলেন রোহিত ভেমুলা, বলল তদন্ত কমিশনের রিপোর্ট- জিনিউজ বাংলা

প্রিয় পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই নজর দিচ্ছি বাংলাদেশের বন্যা পরিস্থিতির খবরের দিকে।

'যমুনায় পানি বৃদ্ধিতে শত বর্ষের রেকর্ড'

দৈনিক ইত্তেফাক লিখেছে, পানি হ্রাস পেয়ে তিস্তা ও সুরমা অববাহিকায় কিছুটা বন্যা পরিস্থিতির উন্নতি হলেও যমুনায় পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ইতিমধ্যে যমুনার পানি বৃদ্ধিতে শত বর্ষের রেকর্ড ভঙ্গ করেছে বলে জানিয়েছেন সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। এছাড়া বিভিন্ন স্থানে বাঁধ ভেঙে নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। জামালপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, নীলফামারী, লালমনিরহাট ও কুড়িগ্রামে বিচ্ছিন্ন রয়েছে রেল যোগাযোগ। তবে বন্যা কবলিত এলাকায় বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিয়েছে।

'জামালপুরে বন্যা; ৮১৩ শিক্ষা প্রতিষ্ঠান ও ট্রেন চলাচল বন্ধ'

এদিকে বাংলাদেশ প্রতিদিন লিখেছে, আজ সকালে বাহাদুরাবাদ পয়েন্টে যমুনার পানি বিপদসীমার ১৩৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। রেল লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় আজ সকাল থেকে বন্ধ হয়ে গেছে জামালপুর-তারাকান্দি-বঙ্গবন্ধু সেতু রুটে ট্রেন চলাচল। বিভিন্ন স্থানে সড়ক তলিয়ে যাওয়ায় বন্ধ হয়ে গেছে জামালপুর-মাদারগঞ্জ সড়ক যোগাযোগ। বন্ধ ঘোষণা করা হয়েছে জেলার ৮১৩টি শিক্ষা প্রতিষ্ঠান।

বন্যা পরিস্থিতির সংকট মোকাবিলায় সরকার সক্ষম: অর্থমন্ত্রী

বন্যা পরিস্থিতি নিয়ে সরকারের মন্ত্রী ও বিএনপি নেতাদের বক্তব্যও দৈনিকগুলোর অনলাইনে গুরুত্ব পেয়েছে। দৈনিক প্রথম আলো লিখেছে, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন,  আকস্মিক বন্যার কারণে সাময়িক অসুবিধা হচ্ছে। চালের দাম বেড়ে গেছে। এ জন্য সামনে অনেক চাল আমদানি করা হচ্ছে। এতে অনেক ব্যয় বেড়ে যাচ্ছে। তবে দেশের মানুষের জন্য সরকার উচ্চ ব্যয়েই চাল আমদানি করবে।

আজ সকালে রাজধানীর একটি হোটেলে সোনালী ব্যাংকের সঙ্গে প্রাণ ডেইরির এক চুক্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী এসব কথা বলেন।

‘প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সরকার প্রস্তুত’

এদিকে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম বলেছেন, দেশে যেকোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সরকার সর্বদা প্রস্তুত রয়েছে। তিনি আরো বলেন, বন্যা ও দুর্যোগ মোকাবিলায় পর্যাপ্ত সাইক্লোন সেন্টার গড়ে তোলা হবে। ইতোমধ্যে মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে নানা পরিকল্পনা হাতে নিয়েছে বর্তমান সরকার।

‘বানবাসী মানুষের সরকার নেই’

অন্যদিকে বিএনপির বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ অভিযোগ করেন, ‘বানবাসী মানুষের সরকার নেই। দেশে পর্যাপ্ত খাদ্য-শষ্য নেই।’ তিনি বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দিকে সরকার কোনো নজর না দিয়ে ক্ষমতাসীনরা আজকে ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় ষোড়শ সংশোধনী বাতিলের রায়ে ছুটোছুটি করছেন। দ্রুততার সঙ্গে মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি আহ্বান জানান বিএনপির এই নেতা।

'গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে ইসির সংলাপ- অংশগ্রহণমূলক নির্বাচনের পরামর্শ'

এই শিরোনামে দৈনিক মানবজমিনের অনলাইন সংস্করণে প্রকাশিত খবরে বলা হয়েছে, একাদশ জাতীয় নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে অংশ নিয়ে দেশের বিশিষ্ট সাংবাদিক ও গণমাধ্যম প্রতিনিধিরা সব দলের অংশগ্রহণে অবাধ নিরপেক্ষ নির্বাচন আয়োজনের পরামর্শ দিয়েছেন। একই সঙ্গে নির্বাচন অবাধ করতে প্রয়োজনে সেনা মোতায়েন, স্বচ্ছতার সঙ্গে ভোটার তালিকা হালনাগাদ করাসহ বেশ কিছু পরামর্শ দিয়েছেন।

'নির্বাচনে সেনা মোতায়েনের প্রয়োজন নেই'

এ সম্পর্কে দৈনিক যুগান্তরের খবরে বলা হয়েছে, নির্বাচন কমিশনের সঙ্গে গণমাধ্যমের সংলাপে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি শফিকুর রহমান বলেছেন, 'জাতীয় সংসদ নির্বাচনে সামরিক বাহিনী মোতায়েনের প্রয়োজন নেই। আমাদের দেশে আইন-শৃঙ্খলা কন্ট্রোলের জন্য পুলিশ, বিজিবি, র‌্যাব ও আনসার ভিডিপি আছে। তারাই সুষ্ঠু নির্বাচনের জন্য সক্ষম।'  

ষোড়শ সংশোধনীর রায় : সার্টিফায়েড কপি চেয়ে সরকারের আবেদন

সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায়ের সার্টিফাইড কপি (সত্যায়িত) চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ।

আজ বুধবার আবেদন করার বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হক টুটুল।

এর আগে গত ১ আগস্ট সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়।

সুপ্রিম কোর্টের বিচারকদের অপসারণের ক্ষমতা জাতীয় সংসদের হাতে ন্যস্ত করে আনা সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে রায় দিয়েছিলেন হাইকোর্ট। এর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল ৩ জুলাই খারিজ করে দিয়েছে সর্বোচ্চ আদালত। খবরটি দৈনিক নয়াদিগন্তে প্রকাশিত হয়েছে।

জঙ্গি সাইফুলের সঙ্গে সহযোগীরাও ছিল: ডিএমপি কমিশনার

ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) আছাদুজ্জামান মিয়া জানিয়েছে, রাজধানীর পান্থপথে হোটেল ওলিও ইন্টারন্যাশনালে জঙ্গি সাইফুল ইসলামের সঙ্গে আরও কয়েক সহযোগী ছিল। ঘটনাস্থলের আশপাশে এদের অবস্থান ছিল।  

আজ দুপুরে মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে ‘শব্দ দূষণ ও হাইড্রলিক হর্ন বন্ধে করণীয়' শীর্ষক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। খবরটি প্রথম আলোসহ কয়েকটি দৈনিকের অনলাইন সংস্করণে প্রকাশিত হয়েছে।

পাঠক! বাংলাদেশের পর এবারে কোলকাতার বাংলা দৈনিকগুলোর বিস্তারিত খবর

'উত্তপ্ত ভারত-চীন সীমান্ত, লাদাখে পাথর ছুড়ে সংঘর্ষ দুই বাহিনীর মধ্যে'

-এই শিরোনামে দৈনিক আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে:

সংঘর্ষের খবর এল ভারত-চীন সীমান্ত থেকে। যে ডোকলামে আড়াই মাস ধরে মুখোমুখি অবস্থানে দু’দেশের বাহিনী, সংঘর্ষ সেখানে হয়নি। অপ্রীতিকর পরিস্থিতির খবর এল লাদাখ থেকে। প্যাংগং লেক সংলগ্ন এলাকা দুই বাহিনী পরস্পরের দিকে পাথর ছুড়েছে বলে জানা গিয়েছে। সেনার তরফে বা প্রতিরক্ষা মন্ত্রকের তরফে এ নিয়ে কোনও মন্তব্য করা হয়নি। তবে লাদাখে সংঘর্ষের খবর সেনার তরফে অস্বীকারও করা হয়নি।

ভারতের সীমান্ত ঘেঁষে বাড়ল চীনা ফাইটার জেটের দাপট

এদিকে, কোলকাতা টুয়েন্টিফোর অনলাইন জানিয়েছে, ক্রমশ উত্তেজনা বাড়ছে ভারত-চীন সীমান্তে।  ভারতের সীমান্ত ঘেঁষে বাড়ল চীনা ফাইটার জেটের দাপট। গোয়েন্দা সূত্রে খবর, তিব্বতের লাসায় প্রচুর চীনা ফাইটার জেট মোতায়েন করা হয়েছে।

উপত্যকার ১২টি জায়গায় তল্লাশি করল এনআইএ

দৈনিক আজকাল লিখেছে, বুধবার সকালে জম্মু–কাশ্মীরে তল্লাশি শুরু করল জাতীয় তদন্তকারী সংস্থা (‌এনআইএ)‌। উপত্যকার প্রায় ১২টি জায়গা জুড়ে গোয়েন্দাদের তল্লাশি শুরু হয়েছে। পাকিস্তানের জঙ্গি গোষ্ঠীগুলিকে অর্থ জোগান দেওয়া হচ্ছে এই অভিযোগে বারামুলা, হান্ডাওয়ারা–সহ শ্রীনগরের বিভিন্ন এলাকায় তল্লাশি শুরু করা হয়েছে বলে খবর। জম্মু– কাশ্মীরের যে সমস্ত এলাকা থেকে পাক জঙ্গি গোষ্ঠীগুলিকে অর্থ সরবরাহের কাজ করা হয় সেখানেই তল্লাশি করা হচ্ছে। একইসঙ্গে হুরিয়ত নেতা সৈয়দ আলি শাহ গিলানীর সঙ্গে আর্থিকভাবে যুক্ত ব্যক্তিদের বাড়িতেও তল্লাশি চালানো হয়েছে বলে জানা গেছে।#

পার্সটুডে/আশরাফুর রহমান/১৬