আগস্ট ৩০, ২০১৭ ১৬:২০ Asia/Dhaka

প্রিয় পাঠক / শ্রোতা! ৩০ আগস্ট বুধবারের কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। শুরুতেই ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম। ঢাকা থেকে প্রকাশিত দৈনিকগুলোতে টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বাংলাদেশের ঐতিহাসিক জয়ের খবরটি গুরুত্বের সাথে ছাপা হয়েছে। তারপরই রোহিঙ্গা মুসলমানদের বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টার খবর,নৌকাডুবি, রোহিঙ্গাদেরকে স্বদেশে ফেরত পাঠানোর খবর গুরুত্ব দিয়ে প্রকাশিত হয়েছে।

ঢাকার দৈনিকগুলোর কয়েকটি গুরুত্বপূর্ণ শিরোনাম হচ্ছে:

  • রোহিঙ্গাবোঝাই নৌকাডুবি, ৪ লাশ উদ্ধার: প্রথম আলো।
  • এ বিষয়ে পত্রিকাটির আরেকটি শিরোনাম: ৮৫ জন রোহিঙ্গা আটক
  • পুশ ইন’ বন্ধে মিয়ানমারকে চাপ দিতে যুক্তরাষ্ট্রকে অনুরোধ: ইত্তেফাক, অনুপ্রবেশকারী ৭৫ রোহিঙ্গাকে স্বদেশ ফেরত: মানব জমিন
  • নাফ নদে সুচির নোবেলের মৃত্যু: পত্রিকাটির আরেকটি শিরোনাম
  • বন্যায় বাংলাদেশ, ভারত ও নেপালে প্রায় ১২শ’ জনের মৃত্যু, পোপের প্রার্থনা:ইত্তেফাক
  • কিংবদন্তি কণ্ঠশিল্পী আবদুল জব্বার আর নেই: যুগান্তরসহ প্রায় সকল পত্রিকাতেই এসেছে খবরটি।  
  • ষোড়শ সংশোধনী রায়কে কেন্দ্র করে প্রতিক্রিয়া অনেক ক্ষেত্রে অশোভন ঔদ্ধত্যপূর্ণ: নয়াদিগন্ত

এবার ভারতের শিরোনাম:

  • গোর্খাল্যান্ড চেয়েও সুর বেশ নরমই: আনন্দবাজার পত্রিকা
  • অচলাবস্থা কাটাতে অনুরোধ মুখ্যমন্ত্রীর পাহাড় নিয়ে ইতিবাচক বৈঠক, ফের কথা ১২ই: বর্তমান পত্রিকা
  • লালফৌজের জন্য ডোকলামে চক্রব্যূহ তৈরি করেছিলেন সেনাপ্রধান রাওয়াত: সংবাদ প্রতিদিন

এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-

রোহিঙ্গাবোঝাই নৌকাডুবি, ৪ লাশ উদ্ধার: প্রথম আলো

রোহিঙ্গাবোঝাই নৌকাডুবি, ৪ লাশ উদ্ধার

বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপের কাছে রোহিঙ্গাবোঝাই একটি নৌকা ডুবে গেছে। আজ বুধবার সকাল আটটার দিকে উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ সমুদ্রসৈকত এলাকা থেকে চারটি লাশ উদ্ধার করেছে স্থানীয় লোকজন। এর মধ্যে দুজন নারী ও দুটি শিশু। ওই নৌকায় আরও যাত্রী ছিল বলে ধারণা করা হচ্ছে।

একই সীমান্ত পয়েন্ট দিয়ে অনুপ্রবেশের চেষ্টাকালে ভোর সাড়ে পাঁচটা পর্যন্ত রোহিঙ্গা শিশু, নারী, পুরুষসহ ৭৫ জনকে আটক করে বিজিবির হেফাজতে রাখা হয়েছে।

অন্যদিকে, টেকনাফ উপজেলার হ্নীলার জাদিমুরা এলাকা দিয়ে অনুপ্রবেশের চেষ্টাকালে গতকাল মঙ্গলবার নাফ নদীতে আরও একটি নৌকাডুবির ঘটনা ঘটে। এতে কয়েকজন নিখোঁজ রয়েছে বলে খবর পাওয়া গেছে।

অপর একটি শিরোনামে পত্রিকাটি জানিয়েছে, ৮৫ জন রোহিঙ্গা আটক। কক্সবাজারের সেন্ট মার্টিন ও উখিয়া দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশকালে বাংলাদেশ কোস্টগার্ড ও উখিয়া থানার পুলিশ ৮৫ জন রোহিঙ্গাকে আটক করেছে। আটক ব্যক্তিদের মধ্যে পুরুষ, নারী ও শিশু রয়েছে। গতকাল মঙ্গলবার রাত ১১টা থেকে আজ বুধবার ভোর ৫টা পর্যন্ত উখিয়া ও বঙ্গোপসাগর দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় তাদের আটক করা হয়।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের বলেন, মিয়ানমার থেকে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ১৩ জন রোহিঙ্গাকে কক্সবাজার ৩৪ বিজিবির কাছে সোপর্দ করা হয়েছে।

মানব জমিন জানিয়েছে, শাহপরীর দ্বীপের পশ্চিম বঙ্গোসাগরের উপকূলে ২ শিশুসহ ৪ জনের মৃতদেহ ভাসতে দেখেছে জেলেরা। এসব লাশ মিয়ানমারেরা রোহিঙ্গা নারীর মৃতদেহ বলে জানিয়েছেন স্থানীয়রা। অপরদিকে শাহপরীরদ্বীপের দু’টি সীমান্ত পয়েন্ট দিয়ে ৭৫ জন অনুপ্রবেশকারী রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠিয়েছি বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি)। স্বদেশে ফেরতের অপেক্ষায় আছেন আরো ৩১৫ জন রোহিঙ্গা।

পত্রিকাটি আরও জানিয়েছে বাংলাদেশে নতুন করে প্রবেশ করেছে ১৮০০০ রোহিঙ্গা।

পুশ ইন’ বন্ধে মিয়ানমারকে চাপ দিতে যুক্তরাষ্ট্রকে অনুরোধ: ইত্তেফাক এই শিরোনামে লিখেছে, বাংলাদেশে রোহিঙ্গাদের ‘পুশ ইন’ (অনুপ্রবেশ) বন্ধ করতে মিয়ানমারকে চাপ দিতে মার্কিন যুক্তরাষ্ট্রকে অনুরোধ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সেন্ট্রাল এশিয়ার ভারপ্রাপ্ত সহকারী পররাষ্ট্রমন্ত্রী এলিস ওয়েলস ও শেখ হাসিনা

প্রধানমন্ত্রী বলেন, মানবিক দৃষ্টিকোণ থেকে আমরা তাদের (রোহিঙ্গা) আশ্রয় দিয়েছি। কিন্তু এটা আমাদের জন্য বিশাল সমস্যা।
বুধবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও সেন্ট্রাল এশিয়ার ভারপ্রাপ্ত সহকারী পররাষ্ট্রমন্ত্রী এলিস ওয়েলস দেখা করতে এলে এ অনুরোধ করেন প্রধানমন্ত্রী। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।
রোহিঙ্গা সমস্যাকে একটি সিরিয়াস ইস্যু হিসেবে উল্লেখ করেন এলিস ওয়েলস। রোহিঙ্গা বিষয়ে মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের পলিটিক্যাল ডায়ালগ হচ্ছে কিনা জানতে চান তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয় রোহিঙ্গা বিষয়ে মিয়ানমারের সঙ্গে কথা-বার্তা বলছে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ত্রাস বিরোধী লড়াইয়ে বাংলাদেশের সঙ্গে এক হয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করেন এলিস ওয়েলস। তিনি সন্ত্রাস মোকাবেলায় সরকারের নেয়া পদক্ষেপগুলোর প্রশংসা করেন।
সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, কোন দেশের বিরুদ্ধে আমাদের দেশে মাটি ব্যবহার করতে দেবো না।

বন্যায় বাংলাদেশ, ভারত ও নেপালে প্রায় ১২শ’ জনের মৃত্যু, পোপের প্রার্থনা:ইত্তেফাক

বন্যায় বাংলাদেশ, ভারত ও নেপালে প্রায় ১২শ’ জনের মৃত্যু, পোপের প্রার্থনা

জলবায়ু পরিবর্তনের ফলে প্রাকৃতিক দুর্যোগের ভয়াবহতা দেখা দিয়েছে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে। সাম্প্রতিক সময়ের ভয়াবহ বন্যায় বাংলাদেশসহ ভারত ও নেপালে প্রায় ১২শ’ লোকের প্রাণহানি ঘটেছে।

এছাড়া এ বছর প্রবল মৌসুমি বায়ুর প্রভাবে দক্ষিণ এশিয়া জুড়ে স্বাভাবিকের চেয়ে অধিকমাত্রার বৃষ্টিপাত হয়েছে। এতে তলিয়ে গেছে এ অঞ্চলের বিস্তীর্ণ নিম্নাঞ্চল।

বাংলাদেশসহ ভারত ও নেপালে হাজার হাজার ঘরবাড়ি, বিদ্যালয় ও হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে। বিপর্যয়কর বন্যার প্রভাবে দিশেহারা হয়ে পড়েছে অন্তত ৪ কোটি মানুষ।

এই তিনটি দেশে বন্যার প্রভাবে এতো বেশি সংখ্যক মানুষের মৃত্যুতে শোক প্রকাশ করে প্রার্থনা করেছেন পোপ ফ্রান্সিস। রবিবার এক বিবৃতিতে পোপ বলেছেন, ‘প্রিয় ভাই ও বোনেরা, সম্প্রতি ভয়াবহ বন্যায় আক্রান্ত হয়েছে বাংলাদেশ, নেপাল ও ভারতের উত্তরাঞ্চল। এই অবর্ণনীয় দুর্যোগে অসহায় পরিবারগুলোর পাশে রয়েছি আমি। তাদের জন্য আমার প্রার্থনা অব্যাহত রয়েছে।’ ডেমোক্রেসি নাও।

ষোড়শ সংশোধনী রায়কে কেন্দ্র করে প্রতিক্রিয়া অনেক ক্ষেত্রে অশোভন ঔদ্ধত্যপূর্ণ: নয়াদিগন্ত

মানবাধিকার কর্মী অ্যাডভোকেট সুলতানা কামাল

এই শিরোনামে লিখেছে, বিচার বিভাগের স্বাধীনতা রক্ষা ও রাষ্ট্রের তিন অঙ্গের মধ্যে পারস্পরিক আস্থা ও শ্রদ্ধার সম্পর্কের স্বার্থে সংশ্লিষ্টদের প্রতি সংযত আচরণ করার আহ্বান জানিয়েছেন ১২ জন বিশিষ্ট নাগরিক। তারা বলেন, সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল-সংক্রান্ত রায়কে কেন্দ্র করে বিভিন্ন মহল থেকে এমনভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করা হচ্ছে যে তা অনেক ক্ষেত্রে অশোভন, ঔদ্ধত্যপূর্ণ, বিদ্বেষমূলক এবং সংবিধানপরিপন্থী।
আজ মানবাধিকার কর্মী অ্যাডভোকেট সুলতানা কামাল স্বাক্ষরিত বিবৃতিতে এ আহবান জানান হয়।

গোর্খাল্যান্ড চেয়েও সুর বেশ নরমই: আনন্দবাজার পত্রিকা

গোর্খাল্যান্ড চেয়েও সুর বেশ নরমই

পাহাড়ে অচলাবস্থা কাটাতে প্রথম সর্বদল বৈঠকে নমনীয় হল সব পক্ষই। এক দিকে বিনয় তামাঙ্গ-সহ পাহাড়ের সব নেতা জানিয়ে দিলেন, গোর্খাল্যান্ড তাঁদের প্রধান দাবি। তবে আলোচনার প্রক্রিয়া চলুক, সেটা তাঁরাও চান। উল্টো দিকে, একমত না হয়েও গোর্খাল্যান্ডের দাবির কথা শুনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরে নবান্নে সাংবাদিক বৈঠকে সে কথা জানিয়ে তিনি বলেন, ‘‘এটাই গণতন্ত্র।’’

যদিও বন্‌ধ তোলা নিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি, তবু এই নমনীয়তাকেই সাফল্য হিসেবে দেখছে প্রশাসন। তাদের মতে, প্রথমত, পাহাড়ের প্রধান দলগুলিকে আলোচনার টেবিলে আনা সম্ভব হয়েছে। সেখানে মোর্চার প্রধান প্রতিনিধি হিসেবে এসেছেন ‘নতুন মুখ’ বিনয় তামাঙ্গ। এটা বড় ঘটনা।

দ্বিতীয়ত, ওঁরা গোর্খাল্যান্ডের বিষয়টি উত্থাপন করেছেন। দাবি মানা হোক বা না হোক, কথাটা শোনার প্রয়োজন ছিল। পরে সাংবাদিক বৈঠকেও সে কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘গোর্খাল্যান্ড পাহাড়ের একটা আবেগের বিষয়। তবে আমার এ নিয়ে এক্তিয়ার নেই। আমি না চাইলেও ওঁদের দাবির কথা শুনতে পারি। এটাই গণতন্ত্র।’’ উল্টো দিকে বিনয়ের বক্তব্য, ‘‘আমরা গোর্খাল্যান্ডের দাবির কথা বলেছি। উনি সহমত না হলেও তা মন দিয়ে শুনেছেন। এটাই তো গণতন্ত্র।’’

বর্তমান একই খবরের শিরোনাম করেছে: অচলাবস্থা কাটাতে অনুরোধ মুখ্যমন্ত্রীর,পাহাড় নিয়ে ইতিবাচক বৈঠক, ফের কথা ১২ই সেপ্টেম্বর

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে অবশেষে গত ৭৮ দিন ধরে চলা পাহাড়ের অচলাবস্থার ‘বরফ’ গলতে শুরু করল। বাংলার মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে সেখানকার প্রধান রাজনৈতিক দল গোর্খা জনমুক্তি মোর্চা, গোর্খা ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট (জিএনএলএফ) এবং জনআন্দোলন পার্টির (জাপ) প্রতিনিধিরা মঙ্গলবার নবান্নের বৈঠকে এসে পাহাড়ে শান্তি ও স্বাভাবিক জীবনযাত্রা ফিরিয়ে আনার পক্ষে সওয়াল করে গেলেন। তবে পৃথক রাজ্যের যে দাবিকে সামনে রেখে তাঁরা আন্দোলন করছেন, তা দেওয়া বা না দেওয়ার এক্তিয়ার যে কোনওভাবেই রাজ্যের নয়, তাও সাফ করে দেন মুখ্যমন্ত্রী। বৈঠকে উপস্থিত সবপক্ষই অবশ্য জানিয়েছেন, অত্যন্ত ইতিবাচক পরিবেশে আলোচনা হয়েছে। এদিনের বৈঠকেই ঠিক হয়েছে, পাহাড়ের সংশ্লিষ্ট সবপক্ষ ফের আগামী ১২ সেপ্টেম্বর রাজ্য সরকারের উত্তরবঙ্গের সচিবালয় উত্তরকন্যায় আরেক দফার আলোচনায় বসবে।


লালফৌজের জন্য ডোকলামে চক্রব্যূহ তৈরি করেছিলেন সেনাপ্রধান রাওয়াত!:

লালফৌজের জন্য ডোকলামে চক্রব্যূহ তৈরি করেছিলেন সেনাপ্রধান রাওয়াত!

সংবাদ প্রতিদিন আরও লিখেছে, মোদির কূটনীতি ও ভারতীয় সেনার বাহুবলে বলীয়ান হয়ে ডোকলামে ‘ড্রাগন’কে কার্যত মাথা নোয়াতে বাধ্য করল ভারত, এমনটাই দাবি ভারতীয় প্রতিরক্ষা বিশেষজ্ঞ ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের একাংশের।

মন্ত্রকের মতে, যুদ্ধ শুরু হলে সিকিম-ভুটান-ভারত ত্রিদেশীয় সীমান্তে চরম বিপাকে পড়ত লালফৌজ। সেটা বিলক্ষণই বুঝতে পেরেছিল বেজিং। চিনা সেনার জন্য চক্রব্যূহ তৈরিই রেখেছিলেন ভারতের সেনাপ্রধান বিপিন রাওয়াত। স্বরাষ্ট্রমন্ত্রককে উদ্ধৃত করে একটি রিপোর্টে বলা হয়েছে, ডোকলাম সীমান্তে এক চুল জমিও চিনকে না ছাড়তে কেন্দ্রকে আরজি জানিয়েছিলেন রাওয়াত। যুদ্ধ শুরু হলে চিনা যুদ্ধবাজদের গুঁড়িয়ে দিতে তৈরিই ছিল ভারতীয় সেনাবাহিনী, দিল্লিকে এমনটাই জানিয়েছিলেন তিনি।

পার্সটুডে/নাসির মাহমুদ/৩০