আগস্ট ৩১, ২০১৭ ১৩:১২ Asia/Dhaka

পাঠক! ৩১ আগস্ট বৃহস্পতিবারের কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ ঢাকা ও কোলকাতা থেকে প্রকাশিত বাংলা দৈনিকগুলোতে ভিন্ন ভিন্ন খবরকে শীর্ষ শিরোনাম করা হয়েছে।

প্রথমেই ঢাকার দৈনিকগুলোর কয়েকটি শিরোনাম:

•    খালেদার মুখে গুম-খুনের কথা শোভা পায় না: ওবায়দুল কাদের- দৈনিক সমকাল
•    হাওয়া বদলের আভাস পেয়ে গুম-অপহরণ : রিজভী- যুগান্তর
•    দুই দিনে ২৫ রোহিঙ্গা নিহত, আরো ৩৭৫ রোহিঙ্গাকে ফেরত পাঠাল বিজিবি
•    চলন্ত বাসে ধর্ষণের পর হত্যা: রূপার লাশ তুলে পরিবারের কাছে হস্তান্তরের আদেশ- নয়াদিগন্ত  
•    আগস্ট মাসে ধর্ষণের শিকার ১০২ নারী ও শিশু: বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা- মানবজমিন
•    ১৮ হজ এজেন্সির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক: ইত্তেফাক এবং
•    ছাত্রলীগ নেতা হত্যা মামলায় ওসির ১০ বছর কারাদণ্ড: কালেরকণ্ঠ

এবার কোলকাতা থেকে প্রকাশিত বাংলা দৈনিকগুলোর কয়েকটি উল্লেখযোগ্য শিরোনাম:

•    মুম্বইতে ভেঙে পড়ল ছয় তলা বাড়ি, মৃত ১০, আটকে অন্তত ২০ জন: আনন্দবাজার
•    দেনা না মেটালে পদ ছাড়তে হবে:‌ কর্পোরেট কর্তাদের প্রতি অরুণ জেটলি: দৈনিক আজকাল
•    মৃতকে ভেন্টিলেশন ঢুকিয়ে বিল বাড়ানোর অভিযোগ, কাঠগড়ায় হাসপাতাল: সংবাদ প্রতিদিন
•    বিনা চিকিৎসায় নার্সের মৃত্যুর অভিযোগ, মেদিনীপুর মেডিক্যালের অধ্যক্ষ ঘেরাও: সংবাদ প্রতিদিন
•    কৃষকদের মন পেতে জমি বিলে আবার সংশোধনী আনছে কেন্দ্র: বর্তমান পত্রিকা

পাঠক, এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-

খালেদার মুখে গুম-খুনের কথা শোভা পায় না: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুখে গুম-খুনের কথা শোভা পায় না। 
বৃহস্পতিবার রাজধানীর মহাখালী বাস টার্মিনালে ঘরমুখো যাত্রীদের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে এবং অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে ভিজিলেন্স টিমের কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 

ওবায়দুল কাদের বলেন, বিএনপির মুখে গুম খুনের কথা মানায় না। তাদের ইতিহাস ঘাটতে বেশি দূর যেতে হবে না। ২০০১ সালে তারা ক্ষমতায় ছিল, সে সময়ে আওয়ামী লীগের শত শত নেতাকর্মীকে হত্যা করেছে। তাদের ফিরিয়ে দিতে পারবেন? কাজেই কেঁচো খুঁড়তে বিষধর সাপ বেড়িয়ে আসবে।

হাওয়া বদলের আভাস পেয়ে গুম-অপহরণ : রিজভী

এদিকে, গুম ও অপহরণকে ভয়ঙ্কর মানবতাবিরোধী অপরাধ উল্লেখ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, উচ্চ আদালত ষোড়শ সংশোধনী বাতিল করে দেয়ার পর হাওয়া বদলের আভাস পেয়ে সরকার দিশেহারা হয়ে এখন মারমুখী হয়ে পড়েছে। বিরোধী দলের নেতা, রাজনীতিবিদ, ব্যবসায়ী, শিল্পপতিসহ গত এক সপ্তাহে ৬ জনের গুমের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

আজ সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে এসব কথা বলেন তিনি।

রোহিঙ্গাদের আরও দুটি নৌকাডুবি, ১৯ জনের মৃত্যু: প্রথম আলো

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গাবাহী আরও দুটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। গতকাল বুধবার দিবাগত রাত দেড়টা ও আজ বৃহস্পতিবার সকাল সাতটার দিকে এই নৌকাডুবির ঘটনা ঘটে। এই দুটি নৌকাডুবির ঘটনায় এখন পর্যন্ত ১০ শিশু ও ৯ নারীর লাশ উদ্ধার করেছে স্থানীয় লোকজন। সমুদ্রসৈকতের বিভিন্ন এলাকা থেকে লাশগুলো উদ্ধার করা হয়।
এর আগে গতকাল বুধবার সকাল ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত আরও তিনটি নৌকাডুবির ঘটনায় ছয়জনের লাশ উদ্ধার করা হয়। নিহত ওই ছয়জনের মধ্যে তিনজন নারী ও তিনজন শিশু।

আরো ৩৭৫ রোহিঙ্গাকে ফেরত পাঠাল বিজিবি: এনটিভি অনলাইন

রাখাইন রাজ্যে সহিংসতার মধ্যে জীবন বাঁচাতে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টার সময় ৩৭৫ রোহিঙ্গা মুসলিমকে মিয়ানমারে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ বৃহস্পতিবার সকালে বিজিবি-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট এস এম আরিফ হোসেন জানান, গতকাল বুধবার রাতে শাহপরীর দ্বীপের বিভিন্ন পয়েন্ট দিয়ে ৩৭৫ রোহিঙ্গা মুসলিম নাগরিককে ফেরত পাঠানো হয়েছে।

এদিকে স্থানীয়রা জানিয়েছেন, বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের বিভিন্ন শূন্যরেখায় (নো-ম্যানস ল্যান্ড) শত শত রোহিঙ্গা পরিবার অবস্থান করছে। তাঁরা খাবার ও পানীয় জলের সংকটে ভুগছেন।

মিয়ানমার সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, গত ২৪ আগস্ট রাতে রাখাইন রাজ্যে একসঙ্গে ২৪টি পুলিশ ক্যাম্প ও একটি সেনা আবাসে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে।

রূপার লাশ তুলে পরিবারের কাছে হস্তান্তরের আদেশ: নয়াদিগন্ত

টাঙ্গাইলে চলন্ত বাসে ধর্ষণের পর হত্যার শিকার বহুজাতিক প্রতিষ্ঠানের কর্মী রূপা খাতুনের লাশ কবর থেকে উত্তোলন করে পরিবারের কাছে হস্তান্তরের আদেশ দিয়েছেন আদালত।
পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার টাঙ্গাইলের জ্যেষ্ঠ বিচারিক হাকিম গোলাম কিবরিয়া এই আদেশ দেন।

চলন্ত বাসের মধ্যে এক তরুণীকে ধর্ষণের পর হত্যার পর টাঙ্গাইলের মধুপুরে তাকে বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছিল। মৃত তরুণীর ভাই তাকে পুনরায় দাফনের জন্য লাশ উদ্ধারের জন্য আদালতে আবেদন করেন। পরিবারের আবেদনের প্রেক্ষাপটে আজ বৃহস্পতিবার টাঙ্গাইলের জ্যেষ্ঠ বিচারিক হাকিম এই আদেশ দেন।

আগস্ট মাসে ধর্ষণের শিকার ১০২ নারী ও শিশু: বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা

দৈনিক মানবজমিন লিখেছে, চলতি বছরের আগস্ট মাসে ধর্ষণের শিকার হয়েছেন ১০২ জন নারী ও শিশু। এছাড়া  শিশু হত্যা ২৮ জন এবং বিভিন্ন কারনে আত্মহত্যা করেছেন ৬৬ জন। বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সংগৃহিত তথ্যের ভিত্তিতে এই উপাত্ত পাওয়া যায়।

বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার আগষ্ট মাসের মনিটরিং পাওয়া তথ্যানুযায়ী, এই বছর আগস্ট মাসে ১০২ জন ধর্ষণের শিকার এবং গণ ধর্ষণের শিকার ১৭ জন নারী। এর মধ্যে শিশু ধর্ষণের শিকার হয়েছে ৪০ জন। এছাড়া আত্মহত্যা করেছেন ৬৬ জন। আগস্ট মাসে শিশু হত্যার ঘটনা ঘটেছে ২৮টি, এর মাঝে মা বাবার দ্বারা খুন হয় ৫ শিশু। পারিবারিক কলহের জের ধরে নিহত হয়েছে ২৭ জন এবং খুন  হয়েছেন ৮৫ জন। এছাড়াও সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছেন ১৫০ জন এবং অজ্ঞাত লাশ উদ্ধার হয়েছে ২০টি।

১৮ হজ এজেন্সির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক: ইত্তেফাক

হজ ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগে ১৮টি হজ এজেন্সির বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বৃহস্পতিবার দুপুরের দিকে দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য এই তথ্য জানান।

প্রণব কুমার ভট্টাচার্য বলেন, ১৮ হজ এজেন্সির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে। দুদকের উপপরিচালক জুলফিকার আলীকে এজেন্সিগুলোর বিরুদ্ধে অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া অনুসন্ধানের সার্বিক বিষয় তদারক করবেন দুদকের মহাপরিচালক মুনীর চৌধুরী।

এর আগে ভিসা পাওয়ার পরেও ১৮ হজ এজেন্সির প্রতারণার কারণে এবার হজে যেতে পারেননি ৯৮ হজপ্রত্যাশী। এজেন্সিগুলোর বিরুদ্ধে হজক্যাম্পে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। ইতোমধ্যে প্রতারক এজেন্সিগুলোর বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছে ধর্ম মন্ত্রণালয়।

বাংলাদেশের পর এবার ভারতের বাংলা দৈনিকগুলোর কয়েকটি বিশেষ খবরের বিস্তারিত তুলে ধরছি:

মুম্বইতে ভেঙে পড়ল ছয় তলা বাড়ি, মৃত ১০, আটকে অন্তত ২০ জন: আনন্দবাজার

বৃহস্পতিবার সকাল পৌনে নটা নাগাদ মুম্বইয়ের পাকমোদিয়া স্ট্রিটের ভেন্ডি বাজার এলাকায় ভেঙে পড়ল ছয় তলা বাড়ি। ঘটনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে দশ জনের। এখনও অন্তত ২০ জনের আটকে থাকার আশঙ্কা করছে প্রশাসন। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ১০টি ইঞ্জিন। উদ্ধারকাজ শুরু করেছে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দলের কর্মীরা। পুরনো ওই বাড়িটিতে প্রায় ৩০জন বসবাস করতেন বলে জানা গিয়েছে।

দেনা না মেটালে পদ ছাড়তে হবে:‌ জেটলি: আজকাল

ব্যাঙ্কে দেনা না মেটালে কর্পোরেট কর্তাদের পদ ছাড়তে হবে। হুঁশিয়ারি কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির। অনাদায়ী ঋণ উদ্ধারে রিজার্ভ ব্যাঙ্ককে পূর্ণ ক্ষমতা দিয়ে নতুন আইন এনেছে কেন্দ্র। সেই আইন প্রয়োগ করেই এই ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জেটলি। কেবলমাত্র ১২ সংস্থার না মেটানো মোট দেনার পরিমাণ ২ লক্ষ কোটি টাকা দাঁড়িয়েছে। যা দেশের মোট অনাদায়ী ঋণের এক চতুর্থাংশ। আরও ঋণখেলাপিদের বিরুদ্ধে নোটিস দেওয়া হচ্ছে বলে তিনি জানিয়েছেন।

মৃতকে ভেন্টিলেশন ঢুকিয়ে বিল বাড়ানোর অভিযোগ, কাঠগড়ায় হাসপাতাল: সংবাদ প্রতিদিন

চিকিৎসায় অবহেলার রোগীমৃত্যু। এমনকী রোগী মারা যাওয়ার পর ভেন্টিলেশেন রেখে বিল বাড়ানোর অভিযোগ। ফের কাঠগড়ায় কলকাতার এক বেসরকারি হাসপাতাল। বাগুইআটি থানায় অভিযোগ দায়ের হয়েছে। তবে গাফিলতির কথা মানতে চায়নি হাসপাতাল কর্তৃপক্ষ।

মৃতের নাম সুশান্ত দত্ত। উত্তর ২৪ পরগনার নিউ বারাকপুরের এই বাসিন্দার ব্রেন স্ট্রোক হয়েছিল। তাঁকে ভিআইপি রোড লাগোয়া বাগুইআটির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। মৃতের পরিবারের অভিযোগ, ঠিকমতো ডাক্তার না দেখায় সুশান্তবাবু বুধবার সকালে মারা যান। এখানেই দুর্ভোগ থামেনি। পরিবারের দাবি প্রথমে রোগীকে আইসিইউতে রাখতে বলা হয়েছিল। এর জন্য ২১ হাজার টাকা বিল করা হয়। রোগী মারা যাওয়ার পরও অজ্ঞাত কারণে তাঁকে ভেন্টিলেশনে রেখে দেওয়া হয়। এর ফলে বিল বাড়তে থাকে চড়চড়িয়ে। মৃতের পরিবার জানায়, শেষ পর্যন্ত তাদের ৫৬ হাজার টাকা দিতে বলা হয়। কেন ৩৫ হাজার টাকা বাড়তি নেওয়া হল, এই প্রশ্নের কোনও সদুত্তর দেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ বলে জানায় মৃতের পরিবার।

কৃষকদের মন পেতে জমি বিলে আবার সংশোধনী আনছে কেন্দ্র: বর্তমান পত্রিকা

আবার জমি অধিগ্রহণ বিল নতুন রূপে ফিরিয়ে আনতে চাইছে কেন্দ্র। তবে এবারের লক্ষ্য কৃষক বান্ধব আইন নির্মাণ। ক্ষমতার আসার পর থেকেই মোদি সরকার ইউপিএ সরকারের আমলে তৈরি জমি অধিগ্রহণ বিলে বড়সড় সংশোধন করে বারংবার অর্ডিন্যান্স জারি করে সেই নয়া সংশোধনী আইনে পরিণত করার মরিয়া চেষ্টা করেছিল। সেই সময়ই বিরোধীরা সেই প্রয়াসের বিরোধিতা করে প্রচার শুরু করে এই নয়া বিল সম্পূর্ণভাবে কর্পোরেট বান্ধব। শিল্পপতিদের সুবিধা করে দিয়ে আরও বেশি জোর করে জমি অধিগ্রহণের ব্যবস্থাই পাকাপোক্ত করা হচ্ছে এই বিলে। এই অভিযোগ নিয়ে টানাপোড়েনের মধ্যেই বিহার বিধানসভা ভোটে বড়সড় ধাক্কা খায় বিজেপি। আর তারপরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘মন কী বাত’ অনুষ্ঠানে জানিয়ে দেন জমি বিল নিয়ে সরকার জোর জবরদস্তি করবে না। নতুন করে অর্ডিন্যান্সও জারি হবে না। 

কারণ বোঝাই যাচ্ছিল সাধারণ কৃষক, বিরোধী দল তো বটেই, এমনকী নিজের দলের মধ্যেই আপত্তি উঠেছে প্রবল। জমি অধিগ্রহণ বিলকে পাঠানো হয়েছিল একটি সংসদীয় যুগ্ম কমিটিতে। সেই কমিটির দায়িত্ব হল জমি অধিগ্রহণের প্রেক্ষিতে সামাজিক প্রভাব কী কী হতে পারে সেই ব্যবস্থাটি নিয়ে একটি গাইডলাইন প্রদান করে বিলের অন্তর্ভুক্ত করা। দীর্ঘদিন নীরব থাকার পর আবার জমি অধিগ্রহণ বিল নিয়ে ভাবনাচিন্তা শুরু হয়েছে।#

পার্সটুডে/আশরাফুর রহমান/৩১