সেপ্টেম্বর ০১, ২০১৭ ১৩:১০ Asia/Dhaka

শ্রোতাবন্ধুরা, ১ সেপ্টেম্বর শুক্রবারের কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ ঢাকা ও কোলকাতা থেকে প্রকাশিত বাংলা দৈনিকগুলোতে ভিন্ন ভিন্ন খবরকে শীর্ষ শিরোনাম করা হয়েছে।

ঢাকার দৈনিকগুলোর কয়েকটি শিরোনাম:

•    আবারো রোহিঙ্গাবাহী নৌকাডুবি, ১৭ লাশ উদ্ধার: ইত্তেফাক
•    রাখাইন রাজ্য ছাড়ছেন হিন্দুরাও: প্রথম আলো
•    রোহিঙ্গা হত্যার ঘটনা গণহত্যার শামিল: মির্জা ফখরুল: যুগান্তর
•    গুম-খুন-সন্ত্রাসে বিএনপির রেকর্ড কেউ ভাঙ্গতে পারবে না : ওবায়দুল কাদের- বাংলাদেশ প্রতিদিন
•    রাজধানীতে প্রবেশে ১৩টি চেক পোস্ট : ডিএমপি কমিশনার: কালেরকণ্ঠ
•    ঢাকায় কোরবানির পশু জবাইয়ের স্থান ১ হাজার ১৭৪টি- ইনকিলাব
•    ফিরতেই হচ্ছে ইউরোপে অবৈধ ৯৩ হাজার বাংলাদেশিকে : মানবজমিন
•    বাংলাদেশ ও চীনের সম্পর্ক ভিন্ন মাত্রায় উত্তীর্ণ—চীনা রাষ্ট্রদূত: ইত্তেফাক

কোলকাতার বাংলা দৈনিকগুলোর কয়েকটি উল্লেখযোগ্য শিরোনাম:  

•    পাঁচ মন্ত্রীর ইস্তফা, মোদী ক্যাবিনেটে রদবদল হতে পারে রবিবার সকালেই: আনন্দবাজার
•    মুখ্যমন্ত্রীর ডাকে বন্‌ধ তোলার: ঘোষণা বিনয়ের, অনড় গুরুং  : বর্তমান পত্রিকা
•    প্রধানমন্ত্রীর উদ্যোগে নদীসংযোগ প্রকল্প: আজকাল
•    রাম রহিমের জন্মভূমিতে ক্ষুব্ধ ভক্তরা, ধর্ষক বাবার ছবি পড়ে নর্দমায়: সংবাদ প্রতিদিন

পাঠক! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-

আবারো রোহিঙ্গাবাহী নৌকাডুবি, ১৮ লাশ উদ্ধার: ইত্তেফাক

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে আবারো রোহিঙ্গাবাহী নৌকাডুবির ঘটনা ঘটেছে। নাফ নদীর হ্নীলা, ওয়াব্রাং, মৌলভীবাজার, খারাংখালী পয়েন্ট থেকে আজ শুক্রবার সকালে ১৮ জন রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশুর ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে গত তিন দিনে নাফ নদী দিয়ে অনুপ্রবেশকালে রোহিঙ্গাবাহী নৌকাডুবিতে ৪১ জনের লাশ উদ্ধার করা হয়।

রাখাইন রাজ্য ছাড়ছেন হিন্দুরাও: প্রথম আলো

রোহিঙ্গা মুসলমানদের পাশাপাশি এবার মিয়ানমারের রাখাইন রাজ্য ছাড়ছেন সে দেশের সংখ্যালঘু হিন্দুরাও। গত কয়েক দিনে রাখাইন রাজ্যে ফকিরাবাজারে বসবাসকারী ৭৫টি হিন্দু পরিবারের ঘরবাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে অন্তত ৮৬ জন হিন্দু সম্প্রদায়ের মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে।

রাখাইন রাজ্য ছেড়ে পালিয়ে আসা ৪১২ জন হিন্দু নারী-পুরুষ-শিশু কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা শিবির থেকে দুই কিলোমিটার দূরে পশ্চিম হিন্দুপাড়ার একটি মুরগির খামারে আশ্রয় নিয়েছেন। তাঁরা সবাই রাখাইনের মংডুর ফকিরাবাজার গ্রামের বাসিন্দা।

রোহিঙ্গা হত্যার ঘটনা গণহত্যার শামিল: মির্জা ফখরুল: যুগান্তর

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মিয়ানমারে রোহিঙ্গা হত্যার ঘটনা গণহত্যার শামিল। এটা বন্ধ করা উচিত।  শুক্রবার সকালে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।  তিনি বলেন, মানবিক দৃষ্টিকোন থেকে হলেও রোহিঙ্গাদের আশ্রয় দেয়া উচিত। অবিলম্বে মিয়ানমারের এই গণহত্যা বন্ধ হওয়া দরকার।  

গুম-খুন-সন্ত্রাসে বিএনপির রেকর্ড কেউ ভাঙ্গতে পারবে না : কাদের- বাংলাদেশ প্রতিদিন

গুম-খুন-সন্ত্রাসে বিএনপির নজিরবিহীন রেকর্ড কেউ ভাঙ্গতে পারবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ শুক্রবার সকালে নোয়াখালী যাওয়ার পথে ফেনীর মহিপাল এলাকায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সেতুমন্ত্রী এমন মন্তব্য করেন।
মন্ত্রী এসময় বলেন, ঈদ যাত্রায় মহাসড়কে এবার ভয়-ভীতি ছিলো অনেক বেশি। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও প্রকৌশলীরা ২৪ ঘণ্টা মহাসড়কে সর্বাত্মক কাজ করেছে। স্বয়ং প্রধানমন্ত্রী সাতদিন ধরে বিষয়টি মনিটরিং করছেন।

রাজধানীতে প্রবেশে ১৩টি চেক পোস্ট : ডিএমপি কমিশনার: কালেরকণ্ঠ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানী ঢাকাতে প্রবেশের মুখে প্রবেশের ১৩টি পয়েন্টে চেক পোস্ট থাকবে বলে জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আসাদুজ্জামান মিয়া। ঈদগাহ ও বিপণী বিতানসহ ঢাকার বিভিন্ন পয়েন্ট আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সক্রিয় তো থাকছেনই।  

আজ শুক্রবার বেলা ১১টায় রাজধানীর মেরুল বাড্ডার আফতাবনগর গরুর হাট পরিদর্শনে আসেন ডিএমপি কমিশনার। সেখানেই তিনি রাজধানী প্রবেশের মুখে নিরাপত্তা গ্রহণের ব্যবস্থা সম্পর্কে বলেন। আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় এবার ঈদুল আজহায় নিরাপত্তা পরিস্থিতি সন্তোষজনক বলে মন্তব্য করেন তিনি।

ঢাকায় কোরবানির পশু জবাইয়ের স্থান ১ হাজার ১৭৪টি

যত্রতত্র কোরবানির পশু জবাইয়ের কারণে পরিবেশ দূষণ এড়াতে রাজধানীতে ১ হাজার ১৭৪টি স্থান নির্ধারণ করে দিয়েছে দুই সিটি করপোরেশন।
এর মধ্যে দক্ষিণ সিটি করপোরেশনে ৬২৫টি এবং উত্তর সিটি করপোরেশনে ৫৪৯টি স্থান। এসব স্থানগুলোয় পশু কোরবানি দেয়ার প্রয়োজনীয় ব্যবস্থা থাকবে।

এবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় প্রায় আড়াই লাখের বেশি পশু কোরবানি হতে পারে বলে ধারণা করছেন করপোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর শফিকুল আলম।

ফিরতেই হচ্ছে ইউরোপে অবৈধ ৯৩ হাজার বাংলাদেশিকে : মানবজমিন

ইউরোপে ‘অবৈধ’ হয়ে পড়া ৯৩,০০০ বাংলাদেশিকে ফিরতেই হচ্ছে! এরই মধ্যে তাদের ফেরতের প্রক্রিয়া চূড়ান্ত করেছে ঢাকা সফর করে যাওয়া ইইউ প্রতিনিধি দল। গত ২৯ ও ৩০শে আগস্ট রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় ঢাকা ও ব্রাসেলসের মধ্যে দীর্ঘ দেনদরবার (নেগোশিয়েশন) শেষে এ সংক্রান্ত ‘স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউরস’ (এসওপি)-এর খসড়া চূড়ান্ত হয়। বিস্তৃত ওই আলোচনার যৌথ সম্মতিপত্র সইয়ের আনুষ্ঠানিকতাও সম্পন্ন হয়েছে। কূটনৈতিক সূত্রগুলো বলছে, এসওপি’র খসড়া চূড়ান্তকরণের মধ্য দিয়ে ইউরোপ থেকে অবৈধ বাংলাদেশিদের ফেরানো নিয়ে যে টানাপড়েন চলছিল, তার ইতি ঘটতে যাচ্ছে। আগামী দু’মাসের মধ্যে উভয়পক্ষ নিজের অভ্যন্তরীণ প্রস্তুতি সম্পন্ন করে এ বিষয়ে একটি চূড়ান্ত সমঝোতায় উপনীত হবে।  

বাংলাদেশ ও চীনের সম্পর্ক ভিন্ন মাত্রায় উত্তীর্ণ—চীনা রাষ্ট্রদূত: ইত্তেফাক

বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত মা মিংকিয়াং বলেছেন, ঢাকা ও বেইজিং এর সম্পর্ক এখন ভিন্ন মাত্রায় উত্তীর্ণ। দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যুতে সম্পর্ক ও বোঝাপড়ায় দিনে দিনে এগিয়ে যাচ্ছে। দেশের জনগণের মধ্যেও সম্পর্ক বিস্তৃতি লাভ করছে। যার সম্পর্কের ভীত গভীর ও মজবুত হচ্ছে।

চীনা রাষ্ট্রদূত বৃহস্পতিবার বিকালে চীনা দূতাবাস আয়োজিত এক অনুষ্ঠানে একথা বলেন। চলতি সেপ্টেম্বর মাসে চীনের ইউনান প্রদেশে অনুষ্ঠেয় ‘বাংলাদেশ-চীন ইয়ুথ সামার ক্যাম্প ২০১৭’ এর উদ্বোধনী উপলক্ষে গতকাল দূতাবাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

•    পাঠক! বাংলাদেশের পর এবার ভারতের বাংলা দৈনিকগুলোর কয়েকটি বিশেষ খবরের বিস্তারিত তুলে ধরছি:

পাঁচ মন্ত্রীর ইস্তফা, মোদী ক্যাবিনেটে রদবদল হতে পারে রবিবার সকালেই: আনন্দবাজার

বড়সড় রদবদল হতে চলেছে নরেন্দ্র মোদীর মন্ত্রিসভায়। উমা ভারতী, রাজীবপ্রতাপ রুডি-সহ পাঁচ জন মন্ত্রী ইতিমধ্যেই পদত্যাগ করেছেন বলে সাউথ ব্লক সূত্রের খবর। সরকারের তরফে রদবদলের বিষয়ে এখনও কিছু ঘোষণা করা হয়নি। তবে বিজেপি সূত্রের খবর, আসন্ন রদবদল নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপি সভাপতি অমিত শাহ চূড়ান্ত আলোচনা সেরে ফেলেছেন। রবিবার ক্যাবিনেটের রদবদল হতে পারে।

মুখ্যমন্ত্রীর ডাকে বন্‌ধ তোলার: ঘোষণা বিনয়ের, অনড় গুরুং : বর্তমান পত্রিকা

হাড়ে বন্‌ধ তোলার ইস্যুতে তীব্র মতভেদ ও বিরোধই প্রকট হল মোর্চায়। বৃহস্পতিবারই মোর্চার চিফ কো-অর্ডিনেটর বিনয় তামাং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সাড়া দিয়ে বন্‌ধ তোলার কথা ঘোষণা করেন। শুক্রবার থেকেই আবার সব স্বাভাবিক হয়ে যাবে বলেও তিনি জানান। কিন্তু তার কয়েক মিনিটের মধ্যেই মোর্চা সভাপতি বিমল গুরুং পালটা হুঁশিয়ারি দেন, শুক্রবার থেকে বন্‌ধ আরও জোরদার হবে। শুধু ঘোষণা নয়, রাতে দার্জিলিংয়ের ডালিতে বিনয় তামাংয়ের বাড়ি ঘেরাও করে গুরুং বাহিনী। উত্তেজনা বাড়তে থাকায় বিনয় তামাংয়ের বাড়ির সামনে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী। এদিন বিনয় বাগডোগরা পৌঁছতেই দুই শতাধিক গাড়ির কনভয় বিনয় তামাংকে বিমানবন্দর থেকে কার্শিয়াংয়ে নিয়ে যায়। তারপর তঁার ঘোষণায় টানা ৮০ দিনের বন্‌ধ স্থগিত হওয়ার কথা প্রকাশ্যে আসতেই বিভিন্ন মহলে খুশির হাওয়া ছড়ায়। কিন্তু নিমেষেই সেই ছবি পালটে যায় বিমলের হুংকারে। মোর্চার এই বিভাজনকে ঘিরে দার্জিলিং সহ গোটা পাহাড়ে গোলমাল বাধার আশঙ্কাও করছেন অনেকে। 

প্রধানমন্ত্রীর উদ্যোগে নদীসংযোগ প্রকল্প: আজকাল

গোটা ‌দেশে খরা–বন্যা মোকাবিলায় দৃঢ় পদক্ষেপ করতে চলেছে নরেন্দ্র মোদির সরকার। বন্যা–খরা ঠেকাতে দেশের নদীগুলিকে ‌যুক্ত করা হবে এই প্রকল্পে। খরচ হবে ৫.৫ লক্ষ কোটি টাকা। এমনকী আগামী একমাসের মধ্যেই এই কাজ শুরু হবে বলে খবর। দেশের ৬০টি নদীকে ‌যুক্ত করে এই সমস্যার মোকাবিলা করা হবে। তার মধ্যে গঙ্গাও রয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে দেশের কৃষকদের আর বর্ষার ওপরে নির্ভরশীল হয়ে থাকতে হবে না। পাশাপাশি প্রত্যেক বছর বন্যাও ঠেকানো ‌যাবে। গত দু’বছর ভারী বৃষ্টির জেরে ভারতের বেশ কয়েকটি রাজ্যে ব্যাপক ক্ষতি হয়েছে। প্রতিবেশী দেশ বাংলাদেশ, নেপালেও বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। যদিও এই উদ্যোগের বিরোধীতা করেছেন পরিবেশবিদ, ব্যাঘ্রপ্রেমী–সহ প্রাক্তন একটি রাজ পরিবার। তবে তিনি নিজের উদ্যোগে এই মেগা প্রকল্পের অনুমোদন দিয়েছেন। প্রথম ধাপে খরচ হবে ৫.৫ লক্ষ কোটি টাকা বলে কেন্দ্রীয় জলসম্পদমন্ত্রক সূত্রে খবর।#

পার্সটুডে/আশরাফুর রহমান/১