মুসলিম হলেই ‘বাঙালি', হিন্দু হলে ‘ইন্ডিয়ান': নয়াদিগন্ত
প্রিয় পাঠক/শ্রোতা, ঈদ মোাবরক। ২ সেপ্টেম্বর শনিবারের কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বাংলাদেশ এবং ভারতে আজ পবিত্র ঈদুল আজহা পালিত হয়েছে। সুতরাং ঢাকা থেকে আজ কোনো পত্রিকা প্রকাশিত হয় নি। তাই অনলাইন সংস্করণের শিরোনাম দিয়েই সাজাতে হয়েছে আজকের কথাবার্তার বাংলাদেশ অংশ। প্রথমেই যথারীতি ঢাকার বাংলা দৈনিকগুলোর অনলাইন শিরোনাম:
- জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতির ঈদের নামাজ আদায়: ইত্তেফাক
- পরস্পর সম্প্রীতি গড়ে তোলার আহ্বান ফখরুলের: ইত্তেফাকের আরেকটি শিরোনাম
- রোহিঙ্গাদের কষ্টের ঈদ: প্রথম আলো
- ত্যাগের মহিমায় ঈদুল আজহা উদ্যাপন,প্রথম আলোর আরেকটি শিরোনাম।
- রাখাইনে গণহত্যা চলছে, সিএনএনকে রোহিঙ্গা শরণার্থীরা:ইত্তেফাক
- রোহিঙ্গা গণহত্যা, প্রেসিডেন্ট হামিদ, মুসলিম বিশ্বের নেতাদের ফোন এরদোগানের: মানব জমিন
- মুসলিম হলেই ‘বাঙালি', হিন্দু হলে ‘ইন্ডিয়ান': নয়াদিগন্ত
কোলকাতার বাংলা দৈনিকগুলোর কয়েকটি উল্লেখযোগ্য শিরোনাম:
- মোহভঙ্গ! ডেরা ছাড়ছেন ভক্তরা, ‘বাবা’র ছবির ঠাঁই হচ্ছে নর্দমায়: আনন্দবাজারপত্রিকা
- সিকিমের গোপন ডেরায় পুলিশি হানা, পালাল গুরুং, ধৃত ৬ সঙ্গী: বর্তমান
- গুরুং-অভিযানে রাজ্য পুলিশের সঙ্গে সংঘাতে সিকিম পুলিশ: সংবাদ প্রতিদিন
পাঠক! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-
জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতির ঈদের নামাজ আদায়: ইত্তেফাক
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ শনিবার সকালে রাজধানীতে জাতীয় ঈদগাহ ময়দানে সমাজের সর্বস্তরের কয়েকশ’ মুসুল্লির সঙ্গে ঈদের নামাজ আদায় করেছেন। সকাল আটটায় অনুষ্ঠিত এই ঈদ জামাতে মন্ত্রিপরিষদ সদস্যবর্গ, সুপ্রিম কোর্টের বিচারকগণ, সংসদ সদস্যবর্গ, সিনিয়র রাজনীতিবিদ, উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তাগণ নামাজ আদায় করেন।
জাতীয় মসজিদ বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান এই ঈদ জামাতের ইমামতি করেন। নামাজ শেষে বাংলাদেশের শান্তি ও সমৃদ্ধি কামনার পাশাপাশি মুসলিম উম্মাহ্র কল্যাণ চেয়ে বিশেষ মোনাজাত করা হয়।
নামাজের পর রাষ্ট্রপতি আবদুল হামিদ মুসুল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
পরস্পর সম্প্রীতি গড়ে তোলার আহ্বান ফখরুলের: ইত্তেফাক
দেশ ও সারা বিশ্বের মুসলমানসহ সর্বস্তরের মানুষকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ত্যাগের মহিমায় মানুষের অধিকার প্রতিষ্ঠিত হোক আর দুর হোক মানুষের কষ্ট, বিশেষ করে বন্যায় দুর্গত মানুষের কষ্ট লাঘব হোক। হিংসা বিদ্বেষ ভুলে ত্যাগের মহিমাকে সামনে রেখে সকলের পরস্পর ভাতৃত্ব-সৌহার্দ্য ও সম্প্রীতি গড়ে তুলে বাংলাদেশকে শান্তিময় গণতন্ত্রের রাষ্ট্রে পরিণত করার আহ্বানও করেন তিনি।
রোহিঙ্গাদের কষ্টের ঈদ: প্রথম আলোর শিরোনাম।
আজ ঈদের দিনে আশ্রয়ের আশায় টেকনাফের পথে পথে ঘুরতে হচ্ছে রোহিঙ্গাদের। সকালে ছেলেমেয়েরা কলা আর বিস্কুট খেয়েছে। দুপুরে মুখে দেওয়ার মতো কিছুই নেই। মিয়ানমারের সেনারা ঈদের আনন্দ মাটি করে দিয়েছে।
সেতারা বেগম বলেন, তাঁরা আরাকানের মুসলমান। এখন যেটাকে ‘রাখাইন রাজ্য’ বলা হচ্ছে, সেটি আসলে ‘আরাকান রাজ্য। সাম্প্রদায়িক হামলার শিকার হয়ে আরাকানের মুসলমানদের জন্মভূমি ছাড়তে হচ্ছে। আর ‘রোহিঙ্গা বলে হেয় করা হচ্ছে। সব জায়গাতেই তাঁরা পরিস্থিতির ‘শিকার’ বলে দাবি তাঁর। তিনি বলেন, বাংলাদেশে ঢুকতে এখন রোহিঙ্গাদের কেউ বাধা দিচ্ছে না। যানবাহনে চড়ে এদিক-সেদিক যেতেও সমস্যা হচ্ছে না। সমস্যা শুধু মাথা গোঁজার ঠাঁই ও খাওয়াদাওয়া।
রোহিঙ্গাদের একজন সৈয়দ করিম (৫৫) বলেন, জীবনে এই প্রথম খোলা আকাশের নিচে কোরবানির ঈদ কাটাচ্ছেন। এবার ঈদের নামাজও পড়া হয়নি। ছেলেমেয়েরা ক্ষুধার জ্বালায় কান্নাকাটি করছে।
রাখাইনে গণহত্যা চলছে, সিএনএনকে রোহিঙ্গা শরণার্থীরা:ইত্তেফাক
গত সপ্তাহে নতুন করে সহিংসতা শুরু হওয়ার পরে জাতিসংঘের হিসাবানুযায়ী প্রায় ৫০ হাজার রোহিঙ্গা মৃত্যুর হাত থেকে পালিয়ে বাংলাদেশ সীমান্তে প্রবেশ করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের গণমাধ্যম সিএনএন এর বিশেষ প্রতিবেদনে উঠে এসেছে মিয়ানমার সেনাবাহিনীর হাত থেকে প্রাণ নিয়ে বাংলাদেশে প্রবেশ করা ব্যক্তিদের করুণ ভাষ্য।
রোহিঙ্গাদের উপর মিয়ানমার সামরিক বাহিনীর নির্যাতনের যে বর্ণনা উঠে এসেছে তা রীতিমত রোমহর্ষক।
মোহাম্মদ হারুণ বলেন, মিয়ানমারে অসংখ্য জাতিগোষ্ঠীর মধ্যে শুধু রোহিঙ্গাদের প্রতিই সরকারের তীব্র বিদ্বেষ। উল্লেখ্য, রোহিঙ্গা মুসলিমরা কয়েক প্রজন্ম ধরে মিয়ানমারে থাকলেও তাদের নাগরিকত্ব প্রদান করেনি দেশটি।
রোহিঙ্গা গণহত্যা, প্রেসিডেন্ট হামিদ, মুসলিম বিশ্বের নেতাদের ফোন এরদোগানের: মানব জমিন
মিয়ানমারে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে হত্যাযজ্ঞকে গণহত্যা বলে আখ্যায়িত করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেফ তাইয়্যিপ এরদোগান। বিশ্ব মুসলিম দেশগুলোকে মিয়ানমারের ওপর চাপ বাড়ানোর জন্য আহ্বান জানিয়েছেন তিনি। এ জন্য বিশ্বের অনেক মুসলিম নেতাকে ফোন করেন তিনি। বাংলাদেশের প্রেসিডেন্ট আবদুল হামিদকেও ফোন করেন। তিনি কূটনৈতিকভাবে সমস্যা সমাধানের জন্যও ফোনে বিভিন্নজনের সঙ্গে কথা বলেন। তুরস্কের প্রেসিডেন্ট প্রাসাদের সূত্র বলেছেন, মিয়ানমারে মানবিক সঙ্কট সমাধানে এরদোগান ফোনে এসব নেতার প্রতি আহ্বান জানান মিয়ানমারের ওপর চাপ তীব্র করতে।
মুসলিম হলেই ‘বাঙালি', হিন্দু হলে ‘ইন্ডিয়ান': নয়াদিগন্ত
মুসলিম হলেই ‘বাঙালি', হিন্দু হলে ‘ইন্ডিয়ান'- রাখাইন রাজ্যে এমন নীতিতেই চলছে মিয়ানমার সরকার৷ রাষ্ট্রীয়ভাবেই রোহিঙ্গা মুসলিমদের অবৈধভাবে বসবাস করা ‘বাঙালি' বলে অভিহিত করা হয়৷ এমনকি প্রজন্মের পর প্রজন্ম ধরে সেদেশে বাস করা হিন্দুদেরও নাগরিক মানতে নারাজ মিয়ানমার৷
এদিকে সহিংসতা থেকে বাঁচতে এখনো দলে দলে নাফ নদী পেরিয়ে বাংলাদেশে ঢুকছেন রোহিঙ্গা মুসলমানরা৷
পাঠক! বাংলাদেশের পর এবার ভারতের বাংলা দৈনিকগুলোর কয়েকটি বিশেষ খবরের বিস্তারিত তুলে ধরছি:
মোহভঙ্গ! ডেরা ছাড়ছেন ভক্তরা, ‘বাবার ছবির ঠাঁই হচ্ছে নর্দমায়: আনন্দবাজারপত্রিকা
ভক্তদের কাছে তিনি এখন আর ‘বাবা’নন। আদালতের এক নির্দেশে এখন তাঁর পরিচয় শুধুই কয়েদি। নিত্য দিন একের পর এক কুকীর্তি ফাঁস হয়ে চলেছে গুরমিত রাম রহিমের। সেই সব খবর যত চাউর হচ্ছে, ততই খালি হচ্ছে ‘বাবা’র অতি সাধের ডেরা। এক দিন গুরমিতের টানে যাঁরা ডেরায় আশ্রয় নিয়েছিলেন আজ তাঁরাই বিমুখ। রোজই কেউ না কেউ ডেরা ছাড়ছেন। আর ঘরের দেওয়াল থেকে ‘বাবা’র ছবির ঠাঁই হয়েছে নর্দমায়।
সিকিমের গোপন ডেরায় পুলিশি হানা, পালাল গুরুং, ধৃত ৬ সঙ্গী: বর্তমান , বিমল-রোশনদের আশ্রয় দেবেন না, কড়া বার্তা রাজ্য সরকারের

সিকিমের নামচিতে গোর্খা জনমুক্তি মোর্চা প্রধান বিমল গুরুংয়ের গোপন ডেরায় হানা দিল রাজ্য পুলিশ এবং সিআইডি’র একটি দল। সে রাজ্যের শাসকদল সিকিম ডেমোক্রেটিক ফ্রন্টের এক শীর্ষনেতার মালিকানাধীন নামচির একটি রিসর্টে গত কয়েকদিন ধরে ডেরা বানিয়েছিল গুরুং অ্যান্ড কোম্পানি। শুক্রবার দুপুরে পুলিশ যখন হানা দেয়, সেখানে তখন মোর্চার কেন্দ্রীয় কমিটির বৈঠক চলছিল। ওই হানার আগাম খবর পেয়ে বিমল গুরুং পালাতে সক্ষম হলেও পাকড়াও করা হয় কেন্দ্রীয় কমিটির ছ’সদস্যকে।
গুরুং-অভিযানে রাজ্য পুলিশের সঙ্গে সংঘাতে সিকিম পুলিশ: সংবাদ প্রতিদিন
বিমল গুরুংকে ধরতে সিকিমে রাজ্য পুলিশের অভিযানে বিতর্ক। এই নিয়ে দুই রাজ্যের পুলিশের মধ্যে সংঘাত তৈরি হয়েছে। সিকিম পুলিশের অভিযোগ, পর্যটক সেজে বিনা অনুমতিতে গুলি চালায় পশ্চিমবঙ্গ পুলিশ। এই নিয়ে কালিম্পংয়ের এসপির বিরুদ্ধে তারা মামলা করেছে। শুরু থেকে রাজ্য সরকারের সঙ্গে আলোচনার বিরোধী হলেও আচমকা সুর বদলেছেন বিমল গুরুং। গোপন ডেরা থেকে মোর্চা সুপ্রিমো অডিও বার্তায় জানান, ১২ সেপ্টেম্বর রাজ্য সরকারের ডাকে বৈঠকে শিলিগুড়ির উত্তরকন্যায় থাকবেন মোর্চার প্রতিনিধিরা।
পার্সটুডে/নাসির মাহমুদ/২