সেপ্টেম্বর ১৫, ২০১৭ ১৩:৩৭ Asia/Dhaka

শ্রোতাবন্ধুরা! ১৫ সেপ্টেম্বর শুক্রবারের কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আশরাফুর রহমান। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ঢাকা থেকে প্রকাশিত বাংলা দৈনিকগুলো রোহিঙ্গা সংকট নিয়ে নানামুখী খবর বিশেষ গুরুত্ব পেয়েছে। তবে কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোতে ভিন্ন ভিন্ন খবরকে শীর্ষ শিরোনাম করা হয়েছে।

ঢাকার দৈনিকগুলোর কয়েকটি শিরোনাম:

  • রোহিঙ্গাদের নামে চাঁদাবাজি সহ্য করা হবে না: ওবায়দুল কাদের- মানবজমিন
  • বিএনপি কেন ত্রাণ দিতে পারবে না: প্রশ্ন ফারুকের- কালেরকণ্ঠ
  • সরকারের ভুল নীতির কারণে প্রতিদিন ১০/১২ জন রোহিঙ্গা মারা যাচ্ছে: রিজভী
  • রোহিঙ্গা মুসলিমদের নির্যাতনের প্রতিবাদে উত্তাল বায়তুল মোকাররম
  • সেনাবাহিনী পরিকল্পিতভাবে রোহিঙ্গাদের গ্রাম পোড়াচ্ছে: অ্যামনেস্টি- সমকাল
  • রোহিঙ্গা বিষয়ে বাংলাদেশের প্রশংসা করে ইইউ পার্লামেন্টে প্রস্তাব- ইত্তেফাক
  • মিথ্যা প্রচারণায় চালের বাজার অস্থিতিশীল করার চেষ্টা হচ্ছে: তোফায়েল- মানবজমিন

কোলকাতার বাংলা দৈনিকগুলোর শিরোনাম

  • পাহাড়ে বন্ধ তুলতে মরিয়া বিনয় তামাং: বর্তমান পত্রিকা
  • হিন্দুদেরও তাড়ানো হচ্ছে মিয়ানমারে: আজকাল
  • বাল্মিকীদের বয়কট নাপিতদের, অস্পৃশ্যতা প্রশ্নে তোলপাড় যোগীর রাজ্য 

প্রিয় পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-

রোহিঙ্গাদের নামে চাঁদাবাজি সহ্য করা হবে না: ওবায়দুল কাদের- মানবজমিন

মিয়ানমারের সেনাবাহিনীর হত্যাযজ্ঞ থেকে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের সহায়তার নামে চাঁদাবাজি সহ্য করা হবে না বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ শুক্রবার সকালে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের দুর্যোগ ও ত্রাণ উপকমিটির সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন ওবায়দুল কাদের।

বিএনপির ত্রাণ কার্যক্রমে বাধা দেয়ার অভিযোগের বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি তো ত্রাণ দিতে যায় না, তারা যায় কয়েকটা নিউজ আর ছবির জন্য। এরপর দলীয় কার্যালয়ে এসে সংবাদ সম্মেলন করে। শৃঙ্খলা না মানায় বিএনপি বাধার সম্মুখীন হয়েছে।

আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘একটা রুলস আছে, জেলা প্রশাসকের নেতৃত্বে কমিটির মাধ্যমে সবাই ত্রাণ দিচ্ছে। প্রধানমন্ত্রীসহ আমি নিজেও সেভাবে দিয়েছি। কিন্তু বিএনপি নিয়ম মানতে চায় না। তারা ত্রাণের নামে দায়সারা গোছের লোক-দেখানো প্রতারণা করতে চেয়েছে।

বিএনপি কেন ত্রাণ দিতে পারবে না: প্রশ্ন ফারুকের- কালেরকণ্ঠ

মিয়ানমার থেকে পালিয়ে আসা নির্যাতিত রোহিঙ্গাদের মাঝে বিএনপির ত্রাণ সামগ্রী বিতরণে বাধা দেওয়ার তীব্র সমালোচনা করেছেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। তিনি প্রশ্ন রাখেন, শুধু তারাই ত্রাণ দেবে? বিএনপি ত্রাণ দিতে পারবে না কেন? রোহিঙ্গারা কি আওয়ামী লীগ ও কক্সবাজার জেলা প্রশাসকের আত্মীয় হয়? আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রোহিঙ্গা সংখ্যালঘু মুসলিম জাতিগোষ্ঠীকে ধ্বংস ও উচ্ছেদ করতে মিয়ানমার সরকার হত্যা, গুম, অগ্নিসংযোগ, ধর্ষণমূলক মানবতাবিরোধী অপরাধ চালাচ্ছে। যা বন্ধের দাবিতে এই মানববন্ধনের আয়োজন করে তারেক জিয়া সাইবার ফোর্স। ফারুক বলেন, বিএনপির ত্রাণ বিতরণে বাধা দিয়ে আওয়ামী লীগ ও কক্সবাজার জেলা প্রশাসক যা করেছেন তা অত্যন্ত নিন্দনীয় কাজ। বিএনপি কেন ত্রাণ দিতে পারবে না। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।

সরকারের ভুল নীতির কারণে প্রতিদিন ১০/১২ জন রোহিঙ্গা মারা যাচ্ছে: রিজভী

বাংলাদেশ সরকারের ভুল নীতির কারণেই প্রতিদিন ১০ থেকে ১২ জন রোহিঙ্গা বৃদ্ধ ও শিশু মারা যাচ্ছে বলে অভিযোগ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ সকালে জাতীয় প্রেসক্লাবে জাতীয় নাগরিক সংসদ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন।  রোহিঙ্গাদের ব্যাপারে রুহুল কবির রিজভী বলেন, প্রতিদিন ১০ থেকে ১২ জন বৃদ্ধ ও শিশু রোহিঙ্গা মারা যাচ্ছে। সরকারের নীতির কারণে তারা মারা যাচ্ছে। এজন্য বাইরে থেকে যে ত্রাণ আসবে তা বিতরণের বিষয়ে গণমাধ্যমে যাতে জানতে না পারে, কারণ সেখানে লুটপাটের একটি সুযোগ থাকবে। আর বিএনপি ও অন্যান্য সামাজিক সংগঠন ত্রাণ নিয়ে সেখানে যাতে যেতে না পারে, সরকার সেই ব্যবস্থাও করেছে। অর্থাৎ অং সান সূচির কর্মকান্ডের সাথে শেখ হাসিনার কর্মকান্ডের কোনো গরমিল নেই। একই কর্মকাণ্ড।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গা শিশুদের গলা জড়িয়ে ধরে আপ্লুত হচ্ছেন উল্লেখ করে তিনি বলেন, আসলে তিনি খুশিতে আপ্লুত হচ্ছেন। উনার মনের মধ্যে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। সুতরাং রোহিঙ্গা বেঁচে আছে না মরে গেছে সেটা দেখতেই প্রধানমন্ত্রী কক্সবাজার গিয়েছিলেন- বলে মনে করেন রিজভী। খবরটি দৈনিক নয়াদিগন্তে ছাপা হয়েছে।

রোহিঙ্গা মুসলিমদের নির্যাতনের প্রতিবাদে উত্তাল বায়তুল মোকাররম

মিয়ানমারে রোহিঙ্গা মুসলিমদের নির্বিচারে হত্যা ও নির্যাতনের প্রতিবাদে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করছেন কয়েকটি ইসলামী দল।

আজ (শুক্রবার) জুমার নামাজ শেষে হেফাজতে ইসলাম আয়োজিত বিক্ষোভ সমাবেশকে ঘিরে হাজারো জনতার প্রতিবাদে মুখর হয়ে উঠে বায়তুল মোকাররম প্রাঙ্গণ।

হেফাজতে ইসলামের পূর্বঘোষিত এই কর্মসূচিকে ঘিরে জুমার নামাজের আগ থেকেই হাজার হাজার কর্মী জড়ো হতে থাকেন। হেফাজতের এই কর্মসূচিতে অংশ নিয়েছেন সাধারণ মানুষও।

সেনাবাহিনী পরিকল্পিতভাবে রোহিঙ্গাদের গ্রাম পোড়াচ্ছে: অ্যামনেস্টি- সমকাল

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, মিয়ানমারের সেনাবাহিনী পরিকল্পিতভাবে রোহিঙ্গা মুসলিমদের গ্রামগুলো জ্বালিয়ে দিচ্ছে। এর অনেক প্রমাণ তাদের কাছে আছে।

স্যাটেলাইট থেকে তোলা রাখাইন রাজ্যের অনেক ছবি বিশ্লেষণ করে সংস্থাটি আরও জানায়, রাখাইনে গত ৩ সপ্তাহে ৮০টির বেশি স্থানে বিশাল এলাকা পুড়িয়ে দেওয়া হয়। মিয়ানমার সেনাবাহিনী ও তাদের সহযোগী স্থানীয় গোষ্ঠীগুলো এ কাজ করছে।

এ বিষয়ে রাখাইনে মিয়ানমার সরকারের জ্বালাওপোড়াও নীতির ওপর সাক্ষ্যপ্রমাণ ভিত্তিক অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের  দেওয়া রিপোর্টটি বেশ উদ্বেগজনক।

স্যাটেলাইটে তোলা ছবি, স্যাটেলাইটে আগুন সনাক্ত করতে পারে এমন প্রযুক্তির ব্যবহার করে, ওই অঞ্চল থেকে পাওয়া ছবি ও মানুষের বক্তব্য বিশ্লেষণ করে অ্যামনেস্টি জানায়, গত ২৫ আগস্টের পর থেকে মোট ৮০টি জায়গায় ব্যাপক মাত্রায় অগ্নিসংযোগ করা হয়েছে। মিয়ানমারের আইনশৃঙ্খলা বাহিনী ও তাদের সহযোগী স্থানীয় সংঘবদ্ধ দলগুলো মিলে এ সহিংস আক্রমণ চালাচ্ছে। তারা গ্রামের পর গ্রাম পুড়িয়ে দিয়েছে ও পলায়নপর মানুষের ওপর নির্বিচারে গুলি চালিয়েছে।

রোহিঙ্গা বিষয়ে বাংলাদেশের প্রশংসা করে ইইউ পার্লামেন্টে প্রস্তাব- ইত্তেফাক

ইউরোপীয় পার্লামেন্ট মিয়ানমার থেকে পালিয়ে আসা বিশাল রোহিঙ্গা জনস্রোত সামলানোর ক্ষেত্রে বাংলাদেশের মানবিক পদক্ষপের প্রশংসা করে বৃহস্পতিবার একটি প্রস্তাব গ্রহণ করেছে। একইসঙ্গে ইইউভুক্ত দেশগুলোর প্রতি মিয়ানমারের ওপর অবরোধ আরোপের বিষয় বিবেচনার আহ্বান জানিয়েছে।

 ব্রাসেলসে অনুষ্ঠিত ইইউ পার্লামেন্ট অধিবেশনের প্রস্তাবে বলা হয়, ইউরোপীয় পার্লামেন্ট এই মানবিক বিপর্যয়ের মুখে কয়েক লাখ রোহিঙ্গা শরণার্থীর সুরক্ষা দিতে বাংলাদেশের প্রচেষ্টার স্বীকৃতি দিচ্ছে।

ইউরোপীয় পার্লামেন্ট প্রতিবেশী অন্যান্য দেশের প্রতি রাখাইন রাজ্যে সহিংসতার কারণে পালিয়ে আসা সকল রোহিঙ্গা শরণার্থীকে ঢুকতে দেয়ার আহ্বান জানিয়েছে। তারা এসব শরণার্থীর জন্য আর্থিক ও বস্তুগত সহযোগিতা বৃদ্ধি করতে (ইউরোপীয়) কমিশন ও ইইউভুক্ত দেশগুলোর প্রতিও আহ্বান জানিয়েছে।

রোহিঙ্গা শরণার্থীর সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে যেতে পারে : জাতিসঙ্ঘ

মিয়ানমারের রাখাইনে পরিস্থিতির উন্নতি না হলে কয়েক মাসের মধ্যে বাংলাদেশে শরণার্থীর সংখ্যা এক মিলিয়ন বা ১০ লাখ ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে জাতিসঙ্ঘ।

ঢাকায় এক সংবাদ সম্মেলনে জাতিসঙ্ঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা বলছে, চলতি সঙ্কটের সবচেয়ে খারাপ দিক হতে পারে এটাই যে, মিয়ানমার থেকে সব রোহিঙ্গাই বাংলাদেশে চলে আসতে পারে। সংস্থা দুটি আন্তর্জাতিক সম্প্রদায়কে আরো দ্রুততার সাথে সহায়তায় এগিয়ে আসার আহবান জানিয়েছে।

 মিথ্যা প্রচারণায় চালের বাজার অস্থিতিশীল করার চেষ্টা হচ্ছে: তোফায়েল- মানবজমিন

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, দেশে চালের কোনো সংকট নেই। প্রয়োজনীয় চাল মজুদ রয়েছে। বাজারে পর্যাপ্ত চালের সরবরাহ রয়েছে। হাওর এলাকায় পানি প্রবেশ এবং বন্যার কারণে যে ক্ষতি হয়েছে, চাল আমদানি করে তা পূরণ করা হচ্ছে। সরকার ইতিমধ্যে সবধরনের পদক্ষেপ গ্রহণ করেছে। ভারতসহ বিভিন্ন দেশ থেকে প্রতিদিন চাল আমদানি হচ্ছে। বেসরকারি পর্যায়ে প্রতিদিন ট্রাকে করে চাল আসছে। গতকাল বাণিজ্যমন্ত্রী সচিবালয়ে তার কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, একটি কুচক্রি মহল ভারত সরকারের একটি স্বাক্ষরবিহীন মিথ্যা চিঠির মাধ্যমে বাংলাদেশে চাল রপ্তানি বন্ধের বিষয়ে অপপ্রচার চালাচ্ছে। অসাধু ব্যবসায়ীরা এ অপপ্রচার চালাতে পারে। তিনি বলেন, কিছু পত্র-পত্রিকায়ও এর উপর ভিত্তি করে এ সংবাদ প্রচার করা হয়েছে, যা সঠিক নয়। দেশ ও জাতির স্বার্থে সাংবাদিকদের সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আরো দায়িত্বশীল ও যত্নবান হওয়া প্রয়োজন। ভারত সরকার চাল রপ্তানি বন্ধ করেনি বা এ ধরনের কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি। প্রতিদিন ভারত থেকে বাংলাদেশে বিপুল পরিমাণ চাল আমদানি হচ্ছে। কিছু অসাধু ব্যবসায়ী চালের বাজার অস্থিতিশীল করার উদ্দেশ্যে এ ধরনের মিথ্যা চিঠির মাধ্যমে অপপ্রচার চালানোর চেষ্টা করছে। এ ধরনের স্বাক্ষরবিহীন মিথ্যা চিঠিতে বিভ্রান্ত হওয়ার কারণ নেই।

এবারে কোলকাতার বাংলা দৈনিকগুলোর বিস্তারিত খবর

পাহাড়ে বন্ধ তুলতে মরিয়া বিনয় তামাং: বর্তমান পত্রিকা

পাহাড়ে বন্‌ধ তুলতে মরিয়া মোর্চার বিদ্রোহী নেতা বিনয় তামাং এবার রাস্তায় নামলেন। বৃহস্পতিবার তিনি উদ্যোগ নিয়ে খুললেন দোকানপাটও। মোর্চা নেতার উদ্যোগেই পুজোর আগে ক্রমশ স্বাভাবিক হতে শুরু করেছে পাহাড়। এদিন জিটিএ’র দপ্তরেও ৯০ শতাংশ কর্মী কাজে যোগ দেন। দার্জিলিং বাজার খোলারও উদ্যোগ নেন ব্যবসায়ীরা। কার্শিয়াংয়ে এদিন ২০ শতাংশ দোকানপাট খুলে গিয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করার সবরকম চেষ্টা চলছে। এদিকে বিনয়ের উদ্যোগে শঙ্কিত হয়ে এদিন ফের অডিও বার্তা পাঠিয়ে হুংকার দিয়েছেন কোণঠাসা মোর্চা সুপ্রিমো বিমল গুরুং। শুক্রবার থেকে আরও কর্মী নামিয়ে বন্‌ধ জোরদার করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

এদিকে বুধবার গ্যাংটকে এক ফুটবল প্রতিযোগিতার আসরে গিয়ে গোর্খাল্যান্ডের সমর্থনে সওয়াল তুলে বিতর্কে জড়িয়েছেন তৃণমূল কংগ্রেসের দার্জিলিং জেলা কোর কমিটির সদস্য তথা ভারতীয় ফুটবলের আইকন বাইচুং ভুটিয়া। একটি ইংরেজি সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি বলেন, গোর্খাল্যান্ডই পাহাড়ে স্থায়ী শান্তি আনতে পারে। গোর্খাল্যান্ডের পক্ষে সওয়াল করার জন্য তিনি সিকিমের মুখ্যমন্ত্রীর উদ্যোগেরও প্রশংসা করেন। বলেন, গোর্খাল্যান্ড নিয়ে দলনেত্রীর মতকে আমি সমর্থন করি না।

হিন্দুদেরও তাড়ানো হচ্ছে মিয়ানমারে: আজকাল

মিয়ানমারে শুধু রোহিঙ্গা মুসলিমদেরই ধরে ধরে খুন করা হচ্ছে না, তালিকায় রয়েছেন হিন্দুরাও। রাখাইন প্রদেশে বৌদ্ধ ছাড়া সকলকেই মিয়ানমার সেনার নির্যাতনের শিকার হতে হচ্ছে। সেখান থেকে পালিয়ে আসা মানুষজন জানাচ্ছেন, শুধুমাত্র সেনা নয়, মুখোশ ঢাকা স্থানীয় দুষ্কৃতিরাও নির্যাতনে হাত লাগাচ্ছে। ‌আর সেনা–দুষ্কৃতি তাণ্ডবে ঘর ছাড়তে বাধ্য হচ্ছেন হিন্দুরাও। বাংলাদেশের উখিয়া ত্রাণ শিবিরে এমন বেশ কয়েকজন হিন্দুর দেখা মিলল। 

বাল্মিকীদের বয়কট নাপিতদের, অস্পৃশ্যতা প্রশ্নে তোলপাড় যোগীর রাজ্য: সংবাদ প্রতিদিন

আজীবন অস্পৃশ্যতার বিরুদ্ধে লড়াই চালিয়েছেন মহাত্মা গান্ধী। তথাকথিত নিম্নশ্রেণির মানুষকে অচ্ছুৎ বলে দাগিয়ে দেওয়া হয়েছিল। তাদেরকে হরিজন বলে কাছে টেনেছিলেন জাতির জনক। তবে গান্ধীজির মৃত্যুর পর এখনও অস্পৃশ্যতা দেশের নানা প্রান্তে চেপে বসেছে। এই যেমন আগ্রার বাল্মিকী সম্প্রদায়। তাদের ছুঁলে নাকি জাত যাবে। এই অজুহাতে বাল্মিকীদের বয়কট করেছেন নাপিতরা। প্রশাসনের দ্বারস্থ হয়ে পথ পাননি বাল্মিকীরা।

এই আগ্রা থেকে সাংসদ হয়েছেন রামশঙ্কর কাঠেরিয়া। যাঁকে প্রধানমন্ত্রী জাতীয় এসসি-এসটি কমিশনের চেয়ারম্যান করেছেন। অথচ তাঁর নির্বাচনী এলাকার মধ্যে থাকা বাল্মিকী সম্প্রদায়ের প্রতি এই বৈষম্য নিয়ে সাংসদ চুপ বলে অভিযোগ উঠেছে। আগ্রার বরহান শহরের কয়েকটি জায়গায় ছড়িয়ে-ছিটিয়ে রয়েছেন বাল্মিকীরা। অভিযোগ ওই শহরের সেলুন ইউনিয়ন একত্রিত হয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন। যার প্রতিবাদ জানিয়ে জেলাশাসকের হস্তক্ষেপ চেয়েছে বাল্মিকী সম্প্রদায়ের লোকজন।

পার্সটুডে/আশরাফুর রহমান/১৫