বাংলাদেশ-ভারত সাড়ে ৪শ কোটি ডলারের ঋণচুক্তি স্বাক্ষর
প্রিয় পাঠক/শ্রোতা! ৪ অক্টোবর বুধবারের কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। শুরুতেই ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম।
বাংলাদেশের শিরোনাম:
- বাংলাদেশ-ভারত সাড়ে ৪শ কোটি ডলারের ঋণচুক্তি স্বাক্ষর- দৈনিক ইত্তেফাক
- সু চির অক্সফোর্ডের ‘ফ্রিডম অব দ্য সিটি’ খেতাব প্রত্যাহার- দৈনিক যুগান্তর
- কাকরাইল গির্জার ফাদার অপহরণ, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার- দৈনিক প্রথম আলো
- দ্বিতীয়বার অংশগ্রহণকারীদের নম্বর কাটা যাবে- দৈনিক প্রথম আলো
- কৃষকদের পুনর্বাসনে ১৩৭ কোটি টাকা দেয়া হবে : কৃষিমন্ত্রী দৈনিক ইত্তেফাক
- ক্যাম্পেও ভয়ে থাকেন যারা- দৈনিক মানবজমিন
- ৯২ সালের যৌথ ঘোষণার ভিত্তিতে রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়া হবে: মিয়ানমার দৈনিক মানবজমিন
- বসানো হচ্ছে মানি এক্সচেঞ্জ বুথ হুন্ডির 'কিয়েটে' আসছে ইয়াবা ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি বেশ কয়েকটি দেশ - দৈনিক যায়যায়দিন
- দু'দিনে এসেছে আরও ৩০ হাজার শরণার্থী নানা কৌশলে ছড়িয়ে পড়ছে রোহিঙ্গারা-সমকাল
- দেশে ফিরবেন ৭ অক্টোবর : প্রধানমন্ত্রী এখন লন্ডনে-ইনকিলাব
- তিন মাসেই ছাড়িয়েছে গত দুই বছরের চাল আমদানির রেকর্ড- দৈনিক ইনকিলাব
ভারতের শিরোনাম:
- সব রোহিঙ্গাকে সন্ত্রাসবাদী বলা হয়নি, সুর বদলেও আপত্তি বহাল রাখল কেন্দ্র -দৈনিক আনন্দবাজার
- তাজমহলের অবেহলা নিয়ে চিন্তিত আন্তর্জাতিক সংবাদমাধ্যম-দৈনিক আজকাল
- বিএসএফ ক্যাম্প নয়, শ্রীনগর বিমানবন্দরই ছিল জঙ্গিদের আসল টার্গেট-কোলকাতা ২৪ ডট কম।
প্রিয় পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক।
প্রথমেই বাংলাদেশ-
বাংলাদেশ-ভারত সাড়ে ৪শ কোটি ডলারের ঋণচুক্তি স্বাক্ষর- দৈনিক ইত্তেফাক
এ খবরটি আজকের প্রধান খবর হিসেবে দৈনিকগুলোতে ছাপা হয়েছে। বিস্তারিত খবরে বলা হয়েছে, ভারতের সঙ্গে বাংলাদেশ সরকার সাড়ে ৪শ কোটি ডলারের ঋণচুক্তি সই করেছে। টাকার হিসেবে তা প্রায় ৩৬ হাজার কোটি টাকা। এ চুক্তির আওতায় বাস্তবায়নের লক্ষ্যে প্রাথমিকভাবে ১৭টি উন্নয়ন প্রকল্প চিহ্নিত করা হয়েছে।
সু চির অক্সফোর্ডের ‘ফ্রিডম অব দ্য সিটি’ খেতাব প্রত্যাহার- দৈনিক যুগান্তর
মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর বর্বর নির্যাতনের মুখে অং সান সু চিকে দেয়া ব্রিটেনের অক্সফোর্ড শহরের নগর কাউন্সিল কর্তৃপক্ষের সম্মান প্রত্যাহার করে নেয়া হয়েছে।
অক্সফোর্ড শহরের নগর কাউন্সিল সু চিকে দেয়া সম্মান প্রত্যাহার করে নেয়ার পক্ষে ভোট দিয়েছে।
এর আগে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সেন্ট হিউ কলেজ কর্তৃপক্ষ গত সপ্তাহে শান্তিতে নোবেল জয়ী নেত্রী অং সান সু চির পোট্রেট সরিয়ে নিয়েছিল।
ক্যাম্পেও ভয়ে থাকেন যারা-- দৈনিক মানবজমিন
বাংলাদেশে রাত-বিরাতে টোকা পড়ে না দরোজায়। কোনো বাড়িতে সেয়ানা মেয়ে আছে সে খবর মিলিটারির কাছে পৌঁছে দেয়ার থাব্বেও (দালাল) নেই এদেশে। যখন-তখন হানা দিয়ে জোর করে তুলে নেয়া হয় না মেয়েদের। সে বাস্তবতা পড়ে আছে নাফ নদের ওপারে। তবু সুন্দরী মেয়েদের নিয়ে আতঙ্ক কাটছে না রোহিঙ্গাদের। বাংলাদেশে নিরাপদ পরিবেশ থাকলেও বিচ্ছিন্ন কিছু ঘটনা তাদের মনে উসকে দিচ্ছে সে ভয়। সুন্দরী রোহিঙ্গা মেয়েদের মা-বাবার সামনে দেয়া হচ্ছে বিয়ে ও চাকরির টোপ। বিয়ে ও চাকরির কথা বলে ইতিমধ্যে কিছু মেয়েকে কক্সবাজার শহর ও ঢাকা-চট্টগ্রামে পাচার করেছে বিশেষ একটি চক্র। আর এ কাজে দালালের ভূমিকা পালন করছে রোহিঙ্গা ক্যাম্পের মাঝি (সর্দার) ও স্থানীয় কিছু দুর্বৃত্ত। হোটেল-মোটেলে জোনে পর্যটক ধরার জন্য দালালরা টোপ হিসেবে ব্যবহার করে সুন্দরী রোহিঙ্গা মেয়েদের- এমন অভিযোগ রয়েছে কক্সবাজারে। পলিথিনের তৈরি ঝুপড়ি ঘরের ভেতরে তাদের দিন কাটছে অন্ধকার দমবদ্ধ পরিবেশে।
৯২ সালের যৌথ ঘোষণার ভিত্তিতে রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়া হবে: মিয়ানমার-মানবজমিন
রাখাইন রাজ্যে সেনা অভিযানের মুখে পালিয়ে সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার (প্রত্যাবাসন) প্রক্রিয়া ১৯৯২ সালের ঘোষণাকে ভিত্তি ধরেই এগিয়ে নিতে চায় মিয়ানমার। মঙ্গলবার দেশটির স্টেট কাউন্সেলরের কার্যালয়ের এক বিবৃতিতে এমনটাই জানানো হয়েছে। সোমবার স্টেট কাউন্সেলর অং সান সু চির কার্যালয়ের মন্ত্রী চাও থিন সোয়ের ঢাকা সফর এবং পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীর সঙ্গে বৈঠকের পর এ বিবৃতি এলো। ১৯৯২ সালের দুই দেশের মধ্যেকার যৌথ ঘোষণায় বলা হয়েছে, বাংলাদেশে নিবন্ধিত রোহিঙ্গারা মিয়ানমারের বৈধ কাগজপত্রসহ ফিরতে পারবে রাখাইনে।
দু'দিনে এসেছে আরও ৩০ হাজার শরণার্থী নানা কৌশলে ছড়িয়ে পড়ছে রোহিঙ্গারা-সমকাল
রাত তখন ১টা, আশুরা ও দুর্গাপূজার ছুটিতে পর্যটননগরী কক্সবাজারে মানুষের ঢল নেমেছে। জেগে আছে পুরো শহর। শত শত মানুষের ভিড়ে একটি রিসোর্টের সামনে দেখা হয় এক তরুণীর সঙ্গে। তার গতিবিধি দেখে সন্দেহ জাগে। পরে স্থানীয় এক ব্যক্তির সহায়তায় কৌশলে কথা হয় তার সঙ্গে। ১৪ ভাইবোনের মধ্যে হালিমারা তিন বোন সপ্তাহ দুই আগে মিয়ানমারের মংডুর কোমালি থেকে উখিয়ায় এসেছেন। দুই বোন এখনও আছেন উখিয়ার একটি শরণার্থী শিবিরে। তরুণীর স্বামীকে গুলি করে হত্যা করেছে মিয়ানমারের সেনারা। এখনও বাবা-মাসহ পরিবারের ১৩ সদস্য রয়ে গেছেন ওই দেশে।
উখিয়ায় এসে মফিজ আলী নামের এক দালালের সহায়তায় তিনি কক্সবাজার আসেন। এখানে দালালের মাধ্যমে কক্সবাজার পৌরসভার নামে নেওয়া জন্মনিবন্ধন সনদে ঠিকানা দেওয়া হয়েছে 'বিকাশ বিল্ডিং, আদর্শ গ্রাম, কলাতলী, কক্সবাজার'। সনদে নিজের নাম দিয়েছেন রেহানা বেগম এবং এটি যে তার প্রকৃত নাম নয়, নিজেই স্বীকার করেছেন তিনি। মায়ের নাম দেওয়া হয়েছে লায়লা বেগম ও বাবার নাম মাজেদ আলী। দুই হাজার টাকা মাসিক ভাড়ায় একটি ঘরে থাকছেন বোনের ছেলেকে সঙ্গে নিয়ে। এর পর ওই দালাল চক্রের হাত ধরে এখন হোটেলে হোটেলে পতিতাবৃত্তি করছেন। গত দুই সপ্তাহে মা-বাবার সঙ্গে কথা হয়েছে কয়েকবার, আর দুই বোনকে দেখতে মাঝে মধ্যেই উখিয়ায় যান। বাধ্য হয়েই এমন পেশায় নিজেকে জড়িয়েছেন বলে জানান তিনি। কাম্না চেপে বলেন, 'মা-বাবা ও ভাইবোনগুলোকে মৃতু্যর পথ থেকে উদ্ধার করতে হবে। কক্সবাজারের পুলিশ সুপার একেএম ইকবাল হোসেনও বিষয়টি স্বীকার করে বলেন, রোহিঙ্গাদের ছড়িয়ে পড়া রোধ করতে সবার সহযোগিতা প্রয়োজন। তিনি বলেন, দালাল চক্রের সহযোগিতায় ছড়িয়ে পড়ার চেষ্টারত প্রায় ২০ হাজার শরণার্থীকে ক্যাম্পে ফিরিয়ে দিয়েছে পুলিশ। কক্সবাজারের প্রধান সড়ক ছাড়াও সীমান্তের গ্রামগুলোর হাঁটা রাস্তা দিয়ে রোহিঙ্গারা বিভিম্ন দিকে চলে যায়। সব পক্ষ থেকে সহযোগিতা না পেলে এটা ঠেকানো যাবে না।
এদিকে জ্যামিতিক হারে বাড়ছে শরণার্থী। আন্তর্জাতিক বিভিম্ন সংস্থার হিসাবে এ সংখ্যা এখন পাঁচ লাখের মতো। স্থানীয়রা বলছে, বাস্তবে সংখ্যাটা সাত লাখেরও বেশি হবে।
বসানো হচ্ছে মানি এক্সচেঞ্জ বুথ হুন্ডির 'কিয়েটে' আসছে ইয়াবা - দৈনিক যায়যায়দিন
ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি বেশ কয়েকটি দেশ মিয়ানমারের ওপর বাণিজ্য অবরোধ আরোপ করায় আন্ত্মর্জাতিক বাজারে মিয়ানমারের মুদ্রা 'কিয়েটে'র চাহিদা কমার পাশাপাশি মানও ১২ শতাংশের বেশি কমেছে। এ কারণে রোহিঙ্গা শরণার্থীদের কাছ থেকে সংগ্রহ করা 'কিয়েট' হুন্ডির মাধ্যমে মিয়ানমারে পাঠিয়ে তা দিয়ে ইয়াবা কেনা হচ্ছে। উদ্বিগ্ন এ পরিস্থিতিতে শরণার্থীদের সঙ্গে থাকা কিয়েট যাতে হুন্ডি ব্যবসায়ীদের মাধ্যমে ইয়াবা সিন্ডিকেটের হাতে না যায় এ জন্য সরকার কক্সবাজার, উখিয়া ও টেকনাফে মানি এক্সচেঞ্জ বুথ বসানোর চিন্ত্মা-ভাবনা করছে
কৃষকদের পুনর্বাসনে ১৩৭ কোটি টাকা দেয়া হবে : কৃষিমন্ত্রী দৈনিক ইত্তেফাক
কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, উত্তর, মধ্য ও হাওর অঞ্চলে কৃষকদের পুনর্বাসনে ১৩৭ কোটি টাকা দেয়া হবে। তিনি বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত দেশের ২৪টি জেলার কৃষকদের মধ্যে সরকার ১৩৬ কোটি ৯৯ লাখ ৯৯ হাজার ৫শত ৫১ টাকার সার, বীজ ও নগদ সহায়তা বিতরণ করা হবে।মঙ্গলবার কৃষি মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
মতিয়া চৌধুরী জানান, সরকার বর্তমান অর্থবছরে ইতোমধ্যে ৬৪ জেলায় ৫ লাখ ৪১ হাজার ২ শত ১ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে ১০টি ফসলের আবাদ বৃদ্ধির জন্য বীজ, ডিএপি ও এমওপি সার সহায়তা প্রদানের লক্ষ্যে ৫৮ কোটি ৭৫ লাখ ৭৯ হাজার ৩ শত ৮৫ টাকার প্রণোদনা প্রদান করেছে।
তিন মাসেই ছাড়িয়েছে গত দুই বছরের চাল আমদানির রেকর্ড- দৈনিক ইনকিলাব
চলতি বছরের প্রথম তিন মাসেই ছাড়িয়েছে বিগত দুই বছরের চাল আমদানির রেকর্ড। চলতি ২০১৭-১৮ অর্থ বছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত ভারতসহ বিভিন্ন দেশে থেকে ৬ লাখ মেট্রিক টন চাল আমদানি করা হয়েছে। এর মধ্যে জুলাই ও আগস্ট মাসে আমদানি হয়েছে ৫ লাখ ২২ হাজার ৪৮৪ দশমিক ৩১ মেট্রিক টন। বিগত ২০১৬-১৭ অর্থ বছরে ২লাখ ২৯ হাজার ৬৪৫ দশমিক ৭৩ মেট্রিক টন ও ২০১৫-১৬’তে ৩ লাখ ৬১ হাজার ৭৬০ মেট্রিক টন চাল আমদানি করা হয়েছিল।
তবে এত চাল আমদানির পরও চালের দামে তেলেসমাতি নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে।সরকারি উদ্যোগও তেমন কোনো কাজে আসছে না। বাড়তি মূল্য কমেছে খুবই কম।
দিনভর উৎকণ্ঠা, উদ্বেগ প্রকাশ সুপ্রিম কোর্ট আইনজীবীদের
হঠাৎ প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার এক মাস ছুটি নেয়া ইস্যুতে আইনজীবী ও সাধারণ মানুষের মধ্যে দেখা গেছে উদ্বেগ উৎকণ্ঠা। গতকালই ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ফুলকোট সভা করে বিচারকার্য পরিচালনার দিক নির্দেশনা দেন। উদ্বেগ থেকেই সিনিয়র আইনজীবীরা একের পর এক বৈঠক করেন। দফায় দফায় মিছিল ও সমাবেশ : ফের জরুরি বৈঠকে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার হঠাৎ করে এক মাসের ছুটিতে যাওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবীরা।
দ্বিতীয়বার অংশগ্রহণকারীদের নম্বর কাটা যাবে- দৈনিক প্রথম আলো
২০১৭-১৮ শিক্ষাবর্ষে এমবিবিএস-বিডিএস ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বার অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের ৫ নম্বর কাটার বিষয়ে চেম্বার বিচারপতির দেওয়া আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। ৫ নম্বর কাটার সিদ্ধান্ত স্থগিত করে হাইকোর্ট যে আদেশ দিয়েছিলেন, তা চেম্বার বিচারপতির আদালতে স্থগিত হয়েছিল।
বুধবার আপিল বিভাগ চেম্বার বিচারপতির স্থগিতাদেশ চলমান রাখার আদেশ দিয়েছেন। এতে ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বার অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের ৫ নম্বর কাটায় আইনগত কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।
হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদন নিষ্পত্তি করে দায়িত্বরত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বিভাগ এ আদেশ দেন। আদালত বলেন, আবেদন নিষ্পত্তি করা হলো।
এবারে কোলকাতার বাংলা দৈনিকগুলোর বিস্তারিত খবর
সব রোহিঙ্গাকে সন্ত্রাসবাদী বলা হয়নি, সুর বদলেও আপত্তি বহাল রাখল কেন্দ্র -দৈনিক আনন্দবাজার
পাকিস্তান বা বাংলাদেশ থেকে পালিয়ে আসা হিন্দু, শিখ, জৈন বা বৌদ্ধদের ভারতে আশ্রয় দেয়া হয়েছে বলেই রোহিঙ্গারা এ দেশে আশ্রয় চাইতে পারেন না— মঙ্গলবার সুপ্রিম কোর্টে নরেন্দ্র মোদী সরকার এমন যুক্তি দিয়ে বলেছে, এমন বিষয়ে প্রতিটি ক্ষেত্রে পৃথক ভাবে সিদ্ধান্ত হয়। একটির সঙ্গে আর একটির তুলনা চলে না।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত অগস্ট মাসে রাজ্য সরকারগুলোকে চিঠি দিয়ে জানিয়েছে, মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের চিহ্নিত করে ফেরত পাঠানোর ব্যবস্থা করতে হবে। তার বিরোধিতা করে রোহিঙ্গাদের পক্ষে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা হয়েছে।
তাজমহলের অবেহলা নিয়ে চিন্তিত আন্তর্জাতিক সংবাদমাধ্যম-দৈনিক আজকাল
তাজমহলকে পর্যটনস্থলের তালিকা থেকে আগেই বাদ পড়েছিল তাজমহল। এবার আন্তর্জাতিক সংবাদমাধ্যমে তাজমহলকে অবহেলা করার জন্য সমালোচনা করা হল উত্তরপ্রদেশ সরকারের। দীর্ঘদিন ধরেই দূষণ ইত্যাদির কারণে তাজমহলের ক্ষতি হচ্ছে। সেই দিকে নাকি খেয়াল নেই সরকারের। আর এই চূড়ান্ত অবহেলা শুরু হয়েছ শেষ কয়েকবছর। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের মত, মুসলিম রাজার স্মৃতি সৌধ বলেই এভাবে অবহেলা করা হচ্ছে তাজমহলকে। কারণ, ভারতে এখন ক্ষমতায় রয়েছে বিজেপি সরকার। উত্তরপ্রদেশেও যোগী আদিত্যনাথের নেতৃত্বে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছে গেরুযা শিবির। তাঁদের হিন্দুত্ববাদী নীতির কারণেই নাকি মুসলিম ইতিহাসকে অস্বীকার করার প্রবণতা তৈরি হয়েছে প্রশাসনের মধ্যে।
দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ভারতের নিউক্লিয়ার সাবমেরিন?-কোলকাতা ২৪ ডট কম
একটি দুর্ঘটনায় কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে ভারতের নিউক্লিয়ার সাবমেরিন আইএনএস চক্র৷ একে ফের কাজে ফেরাতে কিছুটা সংস্কারের প্রয়োজন৷ এমনই তথ্য তুলে ধরেছে দ্য প্রিন্ট৷এই সাবমেরিনটি রাশিয়া থেকে ১০বছরের জন্য লিজে নেয়া হয়েছে৷ তবে, বিশাখাপত্তনমে এর সংস্কারের জন্য একে ১মাস বেরও করা হয়নি৷
বিএসএফ ক্যাম্প নয়, শ্রীনগর বিমানবন্দরই ছিল জঙ্গিদের আসল টার্গেট-কোলকাতা ২৪ ডট কম।
শ্রীনগর বিমানবন্দরের কাছে বিএসএফ ক্যাম্পে মঙ্গলবার সকালে জঙ্গি হামলা হয় বলে জানা যায়৷ জানা যায়, বিএসএফের ১৮২তম ব্যাটেলিয়নের প্রধান কার্য্যালয়ে হামলা চালায় জয়েশ ই মহম্মদের জঙ্গিরা, তবে তাদের আসল উদ্দেশ্যে ছিল বিমানবন্দরে হামলা করা৷ এই হামলায় নিহত হন বিএসএফের সাব-ইনস্পেক্টর বি কে যাদব৷ আহত হন আরও তিন জন৷
প্রিয় পাঠক/শ্রোতা! আবারও আমরা কথাবার্তার আসর নিয়ে হাজির হবো আগামীকাল। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৪