নভেম্বর ১৮, ২০১৭ ১১:৫৯ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা! ১৮ নভেম্বর শনিবারের কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। শুরুতেই ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের অনলাইন শিরোনাম।

বাংলাদেশের শিরোনাম:

  • বাংলাদেশ ভারতের তথাকথিত বন্ধু: ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী-দৈনিক ইত্তেফাক
  • বন্য প্রাণী পাচারের তালিকায় বাংলাদেশ-প্রথম আলো
  • প্যারাডাইস পেপার্সে বিএনপি নেতা মিন্টুসহ বাংলাদেশিদের নাম-দৈনিক যুগান্তর
  • এমসি কলেজ ছাত্রাবাসে আগুন দেয় ছাত্রলীগ : তদন্ত প্রতিবেদন-দৈনিক নয়া দিগন্ত
  • নাগরিকের নামে রাজনৈতিক সমাবেশ, মানুষকে আসতে বাধ্য করা হচ্ছে -ফখরুল-দৈনিক ইনকিলাব
  • ছোট্ট শিশুদের দুর্নীতির প্রশিক্ষণ-দৈনিক মানবজমিন

ভারতের শিরোনাম:

  • রাজ্য নেতৃত্ব পাশে নেই, ক্ষুব্ধ মুকুল-দৈনিক আনন্দবাজার
  • নির্বাচনের আগেই গুজরাটে ছড়াল বিস্ফোরক ভিডিও-সংবাদ প্রতিদিন
  • ধোঁয়াশায় দিল্লিতে ট্রেন পরিষেবা বিঘ্নিত-দৈনিক আজকাল

প্রিয় পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-

প্যারাডাইস পেপার্সে বিএনপি নেতা মিন্টুসহ বাংলাদেশিদের নাম-দৈনিক যুগান্তর

প্যারাডাইস পেপার্স

বারমুডাভিত্তিক কয়েকটি প্রতিষ্ঠান থেকে ফাঁস হওয়া প্যারাডাইস পেপার্সখ্যাত গোপন নথিতে বিদেশে গোপনে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগকারীদের তালিকায় উঠে এসেছে ১০ বাংলাদেশির নাম।

তারা হলেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল আউয়াল মিন্টু, স্ত্রী নাসরিন ফাতিমা আউয়াল এবং তিনপুত্র তাবিথ আউয়াল, তাফসির আউয়াল ও তাজওয়ার মোহাম্মদ আউয়াল। আরও রয়েছেন তাজওয়ারের অভিভাবক হিসেবে আব্দুল আওয়াল মিন্টুর নাম।

শুক্রবার কর ফাঁকি দিয়ে পাঁচ লাখ ২০ হাজার অফশোর প্রতিষ্ঠান, এসবে গোপনে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগকারী ও এর মধ্যস্থতাকারীদের নাম প্রকাশ করে অনুসন্ধানী সাংবাদিকদের প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অব ইনভেস্টিগেটিভ জার্নালিস্টস (আইসিআইজে)। উল্লেখ্য, চলতি মাসের শুরুতে কর ফাঁকি দিয়ে অফশোর কোম্পানিতে বিনিয়োগের কেলেঙ্কারির তথ্য প্রকাশ করে আইসিআইজে। এতে বাংলাদেশি ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম উঠে আসে।

সেমিনারে বক্তারা-একটি অংশগ্রহণমূলক নির্বাচন গুরুত্বপূর্ণ-দৈনিক মানবজমিন

রাজধানীতে আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, রাজনৈতিক সঙ্কট দূর করতে একটি অংশগ্রহণমূলক নির্বাচন গুরুত্বপূর্ণ। তা না হলে দীর্ঘ মেয়াদী বেসামরিক কর্তৃত্ববাদী শাসনের মধ্যে ঢুকে যেতে হবে। একই সঙ্গে রাজনীতিতে প্রয়োজনীয় সংস্কার আনারও পরামর্শ দিয়েছেন তারা। সেন্টার ফর গর্ভনেন্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত সেমিনারে ‘বাংলাদেশের নতুন মধ্যবিত্ত, গণতন্ত্র ও ধর্মের প্রশ্ন’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির রাজনীতি ও সরকার বিভাগের অধ্যাপক ড. আলী রীয়াজ। আলোচনায় অংশ নিয়ে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. আকবর আলি খান বলেন, সারা বিশ্বের নির্বাচনগুলোর দিকে লক্ষ্য করলে দেখা যাবে যে বেশিরভাগ ক্ষেত্রে সংখ্যালঘিষ্ঠ ভোট পেয়ে রাজনৈতিক দলগুলোর সরকার গঠন করছে। এতে করে সকল জনগণের সরকার হচ্ছে না।

বাংলাদেশ ভারতের তথাকথিত বন্ধু: ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী-দৈনিক ইত্তেফাক

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হাঁসরাজ গঙ্গারাম আহির

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হাঁসরাজ গঙ্গারাম আহির বাংলাদেশকে ভারতের ‘তথাকথিত বন্ধু’ আখ্যা দিয়ে বলেছেন, জাতীয় নিরাপত্তায় পাকিস্তান ও চীনের মতো বাংলাদেশও বড় চ্যালেঞ্জ।

 বৃহস্পতিবার বিজনেস চেম্বার অ্যাসোচাম আয়োজিত হোমল্যান্ড সিকিউরিটি কনফারেন্সে হাঁসরাজ বলেন, ভারতের নিরাপত্তার ক্ষেত্রে চীন ও পাকিস্তানের পাশাপাশি বাংলাদেশও হুমকি তৈরি করছে। বাংলাদেশ আমাদের শুধু তথাকথিত বন্ধু দেশ, যেখান থেকে অবৈধ অনুপ্রবেশের মাধ্যমে ভারতের সবচেয়ে বড় ক্ষতি করা হচ্ছে। তাই শুধু চীন বা পাকিস্তান নয়, বাংলাদেশও আমাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। খুব কাছ থেকে দেখেছি বলেই আমি জানি।

 গত সপ্তাহে হাঁসরাজ আসাম সফর করেছিলেন। সফরে তিনি বাংলাদেশের সঙ্গে সীমান্তে বেষ্টনী নির্মাণের বিষয়টি পরিদর্শন করেন। বাংলাদেশ প্রসঙ্গে তিনি বলেন, অবৈধ প্রবেশের মাধ্যমে ভারতকে অনেক ক্ষতিগ্রস্ত করেছে বাংলাদেশ। শুধু আধুনিক প্রযুক্তিই এ প্রবণতা রোধ করতে পারে।

বন্য প্রাণী পাচারের তালিকায় বাংলাদেশ-প্রথম আলো

বিশ্বজুড়ে বন্য প্রাণী পাচারের ক্ষেত্রে বিশেষ নজরদারি বা ‘ফোকাস’ দেশের তালিকায় বাংলাদেশ

বিশ্বজুড়ে বন্য প্রাণী পাচারের ক্ষেত্রে বিশেষ নজরদারি বা ‘ফোকাস’ দেশের তালিকায় বাংলাদেশসহ ২৬টি দেশের নাম অন্তর্ভুক্ত করেছে যুক্তরাষ্ট্র। এই দেশগুলোতে বন্য প্রাণী নিয়ে তিন ধরনের অপরাধ হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। প্রথমত, দেশগুলো থেকে বন্য প্রাণী পাচার হচ্ছে। দ্বিতীয়ত, বন্য প্রাণী পাচারের পথ বা রুট হিসেবে এগুলোর ভূখণ্ড ব্যবহৃত হচ্ছে। তৃতীয়ত, ওই দেশে পাচার হওয়া বন্য প্রাণী ব্যবহৃত হচ্ছে। এই তিনটি অপরাধের যেকোনো একটি যদি কোনো দেশে সংঘটিত হয় তাহলে সেই দেশের নাম ফোকাস দেশের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। শুক্রবার বাংলাদেশ সময় রাত ১২টায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে সে দেশের পার্লামেন্ট বা কংগ্রেসে প্রতিবেদনটি উত্থাপন করা হয়েছে।

রাজনীতির তিনটি খবর ছাপা হয়েছে ইত্তেফাকে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ

খবরগুলো এরকম- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, আওয়ামী লীগ যদি দেশে উন্নয়নের জোয়ার এনে থাকে, তারা যদি এতই জনপ্রিয় দল হয় তবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নিরপেক্ষ নির্যাচন দিতে এত ভয় কেন? ষড়যন্ত্রের নির্বাচন নিয়ে ব্যস্ত আওয়ামী লীগ বলে গতকাল তিনি মন্তব্য করেছেন।

আইনমন্ত্রী আনিসুল হক

আর আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, সংবিধান অনুযায়ী আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন নির্বাচন করবে। সংবিধান অনুযায়ী তখন যে সরকার থাকার কথা সে সরকারই দেশ চালাবে। আর সংবিধান অনুযায়ী শেখ হাসিনার অধীনেই আগামী জাতীয় নির্বাচন হবে।

অন্যদিকে জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বিএনপি যতদিন সংবিধানের চারনীতি এবং জাতির পিতা ও স্বাধীনতার ঘোষণাকে বিশ্বাস করবে না ততদিন পর্যন্ত একটি বিপজ্জনক রাজনৈতিক প্রতিষ্ঠান হিসেবে পরিণত হবে।

অপহৃত ছাত্রীর ‘সন্ধান’, আন্দোলন চলছে-দৈনিক প্রথম আলো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হলের সামনে থেকে তুলে নিয়ে যাওয়া ছাত্রীকে অক্ষত অবস্থায় উদ্ধারের দাবিতে আজ শনিবার দ্বিতীয় দিনের মতো আন্দোলন করছেন শিক্ষার্থীরা। তবে ওই ছাত্রীর সন্ধান পাওয়া গেছে বলে দাবি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গতকাল শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের তাপসী রাবেয়া হল থেকে বের হয়ে পরীক্ষা দিতে যাওয়ার সময় অপহৃত হন বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের এক ছাত্রী। একটি সাদা মাইক্রোবাসে করে ওই ছাত্রীর ‘সাবেক স্বামী’ সোহেল রানাসহ তিন-চারজন যুবক তাঁকে জোর করে তুলে নিয়ে যায় বলে প্রত্যক্ষদর্শী ছাত্রীরা অভিযোগ করেছে। এ ঘটনায় গতকাল সন্ধ্যায় নগরের মতিহার থানায় অপহরণ মামলা করেছেন ওই ছাত্রীর বাবা।

এমসি কলেজ ছাত্রাবাসে আগুন দেয় ছাত্রলীগ : তদন্ত প্রতিবেদন-দৈনিক নয়া দিগন্ত

সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে ছাত্রলীগ অগ্নিসংযোগ করেছে বলে প্রতিবেদন দিয়েছে বিচার বিভাগীয় তদন্ত কমিটি। প্রতিবেদনে 

ছাত্রাবাসে অগ্নিসংযোগকারী হিসেবে ২৯ জনকে চিহ্নিত করা হয়েছে। এদের সবাই সরকারি দলের রাজনীতির সঙ্গে যুক্ত ও অধিকাংশই ছাত্রলীগের নেতা-কর্মী। তাদের সবার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

নাগরিকের নামে রাজনৈতিক সমাবেশ, মানুষকে আসতে বাধ্য করা হচ্ছে -ফখরুল-দৈনিক ইনকিলাব

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে নাগরিক সমাবেশের নামে রাজনৈতিক সমাবেশের আয়োজন করে এতে সাধারণ মানুষকে আসতে বাধ্য করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।শনিবার দুপুরে একটি অনুষ্ঠানে মির্জা ফখরুল এ মন্তব্য করেন।মির্জা ফখরুল বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে নাগরিক সমাবেশের নামে ক্ষমতাসীনরা রাজনৈতিক সমাবেশ করছে। লোকজনকে বাধ্য করে সমাবেশে আনা হচ্ছে।তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচনী পরিবেশ তৈরি করতে হবে। বিরোধীদলগুলোর নেতাদের মামলা প্রত্যাহার করতে হবে।

সড়ক-মহাসড়কের দুরবস্থা-দৈনিক ইনকিলাব

গত অর্থবছরে সংস্কার কাজে ব্যয় হয়েছে ১২ হাজার কোটি টাকা : ৫ বছরে শুধুমাত্র রাজশাহী অঞ্চলে ব্যয় সাড়ে ৩ হাজার কোটি টাকা : বিভিন্ন সংসদীয় কমিটির বৈঠকে জনপ্রতিনিধিরা সড়ক-মহাসড়কের বেহাল দশার চিত্র তুলে ধরছেন

চলতি বর্ষা মৌসুমের আগে থেকে চলছে সড়ক-মহাসড়কের সংস্কার কাজ। ধীর গতির এই কাজ কবে শেষ হবে তার নির্ধারিত কোনো দিন তারিখ নেই। তবে ঈদ এলে সংস্কার কাজের গতি বেড়ে যায়। তখন কোনো মতে জোড়াতালি দিয়ে কাজ করে সড়ক-মহাসড়কগুলো যান চলাচলের উপযোগী করা হয়। ক’দিন পরেই সেগুলো আবার ভাঙাচোরা, খানাখন্দে ভরে যায়। সারাদেশে সড়ক-মহাসড়কের বেহাল দশা সেই জোড়াতালিমার্কা কাজেরই সাক্ষী। প্রতি বছর সড়ক-মহাসড়ক সংস্কারে হাজার হাজার কোটি টাকা ব্যয় করা হচ্ছে। তারপরেও দেশজুড়ে সড়ক-মহাসড়কের করুণ দশা। মহাসড়কে ঘণ্টার পর ঘণ্টা যানজট এখন নিত্যদিনের ঘটনা। ঢাকা-টাঙ্গাইল, ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট, ঢাকা-গাজীপুর, ঢাকা-আরিচা, ঢাকা-রাজশাহীসহ দেশের বেশিরভাগ মহাসড়কে যানজট এখন নিত্যসঙ্গী।

ছোট্ট শিশুদের দুর্নীতির প্রশিক্ষণ-দৈনিক মানবজমিন

একটা সময় পাবলিক পরীক্ষায় নকল মহামারি আকার ধারণ করেছিল। নকলের সেই প্রবণতা ছিল এসএসসি, এইচএসসি বা তার উপরের শ্রেণিতে। পরে তা আস্তে আস্তে নিয়ন্ত্রণে আসে। গত কয়েক বছরে নতুন এক ক্যানসারের মুখোমুখি  হয়েছে বাংলাদেশের শিক্ষাব্যবস্থা। সবচেয়ে আশ্চর্যজনক হচ্ছে ছোট ছোট শিশুরাও আক্রান্ত এই ক্যানসারে। খুব ছোট বেলাতেই তাদের দুর্নীতির প্রশিক্ষণ দিচ্ছেন অভিভাবকরা। নীতি আর নৈতিকতার কোনো বালাই নেই। পরীক্ষায় ভালো ফলই একমাত্র চাওয়া। নীতিনির্ধারকদেরও অবশ্য কোনো বিকার নেই। কখনও তারা প্রশ্ন ফাঁসের অভিযোগ উড়িয়ে দেন। কখনো বলেন, শিক্ষকরা দায়ী। নৈতিকতার এই মৃত্যুর সময়ে যেন তাদের কিছুই করার নেই।

শিক্ষাবিদ অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম মানবজমিনকে বলেন, প্রশ্ন ফাঁস হওয়া, মুখস্থ করা, কোনো না কোনোভাবে পরীক্ষায় পাস করা- একটা অনৈতিক ও অসুন্দর প্রতিযোগিতা চলছে। এটি সমাজের জন্য অত্যন্ত ভয়াবহ ঘটনা ঘটছে। এতে করে শিক্ষার সঙ্গে আমাদের যে নৈতিক সম্পর্ক সেটা নষ্ট হয়ে যাচ্ছে। শিক্ষা এখন আর মানুষকে আলোকিত করছে না। মনে হচ্ছে শিক্ষা এখন আর সম্পদ নয় বোঝা।

এবারে কোলকাতার বাংলা দৈনিকগুলোর বিস্তারিত খবর

রাজ্য নেতৃত্ব পাশে নেই, ক্ষুব্ধ মুকুল-দৈনিক আনন্দবাজার

দলবদলটা হয়েছিল ঘটা করেই। বিজেপি নেতারা আশা করেছিলেন, এ বার পশ্চিমবঙ্গে তৃণমূল নিধনে হইহই করে ঝাঁপিয়ে পড়বেন মুকুল রায়। কিন্তু কোথায় কী! এ নিয়ে দলের রাজ্য স্তরে যখন ফিসফিসানি শুরু হয়েছে, তখন দিল্লিতে মুকুল বিজেপির শীর্ষ নেতৃত্বকে বলেছেন, তিনি মুখ্যমন্ত্রীর ভাইপোর বিরুদ্ধে দুর্নীতি সংক্রান্ত বোমা ফাটিয়েছেন। অথচ তাকে হাতিয়ার করে পথে নামার ব্যাপারে তেমন উৎসাহী নয় রাজ্য বিজেপি।

মুকুল-ঘনিষ্ঠদের অভিযোগ, রাজ্য বিজেপির একাংশ বিষয়টিকে মুকুল ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সংঘাত বলে এড়িয়ে যাচ্ছেন। দলের এই মনোভাবে ক্ষুব্ধ মুকুল। তা ছাড়া, যে ভাবে রাজ্য সভাপতি দিলীপ ঘোষ মুকুলের সঙ্গে কথা না বলেই তাঁর ছেলে শুভ্রাংশুর বিজেপিতে যোগদান নিয়ে মন্তব্য করেছেন, তাতেও অসন্তোষ জানিয়েছেন মুকুলবাবু। কেন্দ্রীয় নেতৃত্বকে মুকুল জানিয়েছেন, মুরলীধর লেনে দলীয় দফতরে এখনও তাঁকে কোনও ঘর দেওয়া হয়নি। পাশাপাশি রাজ্যে তাঁকে কী করতে হবে, তা নিয়ে দিশাহীন তিনি।

ধোঁয়াশায় দিল্লিতে ট্রেন পরিষেবা বিঘ্নিত-দৈনিক আজকাল

তীব্র বায়ুদূষণের সঙ্গে শীতের কুয়াশার মেলবন্ধনে ভারী ধোঁয়াশার চাদরে গত এক মাস ধরে মুড়ে রয়েছে দেশের রাজধানী। তার জেরে দৃশ্যমানতা একেবারে কমে যাওয়ায় শনিবার সকালে দিল্লি স্টেশন থেকে ৪৯টি দূরপাল্লার ট্রেন দেরিতে ছেড়েছে, ১৪টি ট্রেনের সময়সীমা পরিবর্তিত হয়েছে এবং একটি ট্রেন বাতিল করা হয়েছে। এয়ার কোয়ালিটি ইনডেস্ক বা একিউআই–এর মাপকাঠির একেবারে নিম্নস্তরে রয়েছে রাজধানীর বেশিরভাগ এলাকা। যদিও শুক্রবার সন্ধ্যা এবং শনিবার সকালে এসসিআর অঞ্চলে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হওয়ায় কিছুটা স্বস্তি  মিলেছে দিল্লিবাসীর। তবে বায়ুদূষণের প্রকোপ কমেনি বলেই জানিয়েছেন আবহাওয়াবিদরা। দূষণ রুখতে ইটভাটা এবং রাজ্যের যাবতীয় নির্মাণকাজ আপাতত স্থগিত রাখতে নির্দেশ দিয়েছে কেজরিওয়াল সরকার।

নির্বাচনের আগেই গুজরাটে ছড়াল বিস্ফোরক ভিডিও-সংবাদ প্রতিদিন

শুনসান সড়ক। হেঁটে আসছে ভীত-সন্ত্রস্ত যুবতী। চোখে-মুখে তীব্র আতঙ্কের ছাপ। নেপথ্যে শোনা যাচ্ছে আজানের সুর’। সম্প্রতি, গুজরাটে শোরগোল ফেলে দিয়েছে এমনই এক ভিডিও। নির্বাচনের আগে নেট দুনিয়ায় ভাইরাল হওয়া ভিডিওটির নিশানায় সংখ্যালঘু সম্প্রদায়। এই ফুটেজের বার্তা স্পষ্ট ‘গুজরাটে বিজেপি ক্ষমতায় না এলে নিরাপত্তাহীনতায় ভুগবেন হিন্দু মহিলারা’।

রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে সোশ্যাল মিডিয়ায় জোর লড়াই চলছে কংগ্রেস ও বিজেপির মধ্যে। কাদা ছোড়ায় কম যাচ্ছে না কেউই। অভিযোগ, সংখ্যালঘুদের টার্গেট করে সদ্য প্রকাশ্যে আসা ভিডিওটি গেরুয়া শিবিরের কারসাজি। এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া দেয়নি রাজ্যের বিজিপি নেতারা। তবে এ নিয়ে সরব হয়েছেন গোবিন্দ পারমার নামে এক আইনজীবী। ভিডিওটি নিয়ে ইতিমধ্যে নির্বাচন কমিশন ও রাজ্য পুলিশে অভিযোগ দায়ের করেছেন তিনি। ওই আইনজীবীর দাবি, সাম্প্রদায়িক হিংসা উসকে রাজনৈতিক মুনাফা লুটের উদ্দেশ্যেই ভিডিওটি প্রকাশ করা হয়েছে।

ভিডিওটিতে দেখা যাচ্ছে, ফাঁকা রাস্তায় একা হেঁটে যাচ্ছেন এক যুবতী। ভেসে আসছে আজানের সুর। নিচে লেখা, ‘সন্ধ্যে ৭টার পর গুজরাটে এমন পরিস্থিতি হতে পারে।’ যুবতী বাড়ি পৌঁছলে ক্যামেরার দিকে তাকিয়ে তাঁর বাবা বলেন, ‘২২ বছর আগে গুজরাটে এমনটাই হত।’ তবে এখানেই শেষ নয় তিনি আরও বলেন, ‘ওই লোকগুলি ক্ষমতায় এলে আবারও সেই ভয়াবহ পরিস্থিতি ফিরে আসবে।’ তারপরই মা-বাবাকে আশ্বস্ত করে যুবতীর বয়ান, ‘ভয়ের কিছু নেই। মোদি আছেন।’ একই সঙ্গে ফুটেজের নিচে লিখা রয়েছে ‘আমার ভোট, আমার সুরক্ষা’।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৮