রংধনু আসর: জিপিএ-৫ প্রাপ্তদের নিয়ে বিশেষ অনুষ্ঠান
রংধনু আসরের শিশু-কিশোর বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি যে যেখানে আছো ভালো ও সুস্থ আছো। আর ভালো তো থাকারই কথা। কারণ তোমাদের মধ্যে অনেকেই এবারের প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি), ইবতেদায়ি শিক্ষা সমাপনী (ইইসি), জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) এবং জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি)- পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে পাস করেছ অথবা তোমাদের পরিবারের কেউ না কেউ এ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।
আমরা লক্ষ্য করেছি যে, ভালো রেজাল্টের কারণে অনেকের পরিবারেই বয়ে গেছে আনন্দের বন্যা। কিশোর মনগুলোতে দেখা গেছে উল্লাসের প্লাবন, চোখে চোখে ছিল আনন্দের ঝিলিক। শিক্ষার্থীদের নির্মল হাসিতে ভরে ওঠেছে স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান। বসে থাকেননি শিক্ষক-অভিভাবকরাও, তারাও তাল মিলিয়েছেন শিক্ষার্থীদের আনন্দ উদযাপনে। সর্বত্র দেখা গেছে মিষ্টি বিতরণ আর শুভেচ্ছা বিনিময়ের ধুম। এ যেন সাদা কালো রসালো মিষ্টির উৎসব।
বন্ধুরা, তোমাদের এ আকাশছোঁয়া সাফল্যে আমরাও আনন্দিত। তবে এত দূর থেকে তোমাদের জন্য তো মিষ্টি পাঠাতে পারব না, তাই আমরা তোমাদের জানাতে চাই- ইরানের বিভিন্ন রঙের গোলাপ ও টিউলিপ ফুলের শুভেচ্ছা। সেইসঙ্গে জানাচ্ছি কুমিল্লার রসমালাই, বগুড়ার দই, টাঙ্গাইলের পোড়াবাড়ির চমচম, নাটোরের কাচাগোল্লা, ময়মনসিংহের মুক্তাগাছার মণ্ডা, নেত্রকোণার বালিশ মিষ্টি, যশোরের জামতলার মিষ্টি, সাতক্ষীরার সন্দেশ, রাজশাহীর তিলের খাজা ও শেরপুরের ছানার পায়েসের শুভেচ্ছা।
আর তোমাদের এ আনন্দকে বাড়িয়ে দিতে এবার যারা জিপিএ-ফাইভ পেয়েছে তাদের মধ্য থেকে তিনজন বন্ধুকে নিয়ে আমরা একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছি।
এতে অংশ নিচ্ছে ঢাকার বারিধারা থেকে আলী জাওয়াদ দোহা, গাজীপুর থেকে ফাতিমা বিনত ফিরোজ এবং কুমিল্লার বন্ধু ইব্রাহিম মজুমদার সিয়াম। তারা আমাদেরকে শুনিয়েছে পড়াশোনার পদ্ধতি, সাফল্যের রহস্য, ফলাফল জানার পরের অনুভূতি ইত্যাদি। তাছাড়া তারা গান ও কবিতাও শুনিয়েছে। অনুষ্ঠানটি শোনার জন্য উপরের ছবিতে ক্লিক করুন। এছাড়া ডাউনলোড করতে চাইলে ছবির নিচে ডানপাশে 'ডাউনলোড' অপশনে ক্লিক করুন।#
পার্সটুডে/আশরাফুর রহমান/৬