নভেম্বর ০৩, ২০১৮ ১২:৫৭ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: ৩ নভেম্বর শনিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ । আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।

বাংলাদেশের শিরোনাম

  • জেলহত্যা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন-দৈনিক ইত্তেফাক
  • ৭ নভেম্বরের পর আর আলোচনা নয়: কাদের-দৈনিক প্রথম আলো
  • দাবি বাস্তবায়িত হবে কিনা বলতে পারব না: বি. চৌধুরী-দৈনিক যুগান্তর
  • ময়মনসিংহে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২-দৈনিক মানবজমিন
  • নির্বাচন কমিশনকে জরুরি চিঠি দিচ্ছেন ডা. কামাল-দৈনিক নয়া দিগন্ত

ভারতের শিরোনাম:

  • তিনসুকিয়া গণহত্যার প্রতিবাদে অসমে চলছে বনধ, স্তব্ধ বরাক উপত্যকা -দৈনিক সংবাদ প্রতিদিন
  • ‌ মোদির নতুন উদ্যোগ, মাত্র ৫৯ মিনিটে মিলবে ১ কোটির ঋণ-দৈনিক আজকাল
  • অসমের পরিস্থিতি খারাপ হচ্ছে মমতার উস্কানিতেই, বললেন অনুপ চেতিয়া-দৈনিক আনন্দবাজার

পাঠক/শ্রোতা! এবারে গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব। 

কথাবার্তার বিশ্লেষণের বিষয়:

১. বাংলাদেশের চলমান রাজনৈতিক সংকট উত্তরণের জন্য সরকারের সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টের সংলাপ হয়েছে গত বৃহস্পতিবার। এরই ধারাবাহিকতায় গতকাল বি. চৌধুরীর নেতৃত্বে  আরেকটি সংলাপ হয়েছে। সংলাপের আপাতত ফলাফল কী বলে মনে হচ্ছে?

২. আগামীকাল ৪ নভেম্বর ইরানের ওপর দ্বিতীয় দফার নিষেধাজ্ঞা দেবে আমেরিকা কিন্তু ইরানি তেল ক্রেতাদের প্রায় সবাইকে নিষেধাজ্ঞার বাইরে রাখছে আমেরিকা- এমন একটি খবর রয়েছে। বিষয়টিকে আপনি কীভাবে দেখছেন?

বিশ্লেষণের বাইরের গুরুত্বপূর্ণ কিছু খবর

জেলহত্যা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

জেলহত্যা দিবসে বঙ্গবন্ধু ও চার নেতার প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেলহত্যা দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং চার জাতীয় নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। চার জাতীয় নেতার স্মৃতির উদ্দেশ্যে তিনি আজ শনিবার সকালে ধানমন্ডী ৩২ নম্বরে বঙ্গবন্ধু ম্মৃতি জাদুঘরের সামনে রক্ষিত জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে এই শ্রদ্ধা নিবেদন করেন।

৭ নভেম্বরের পর আর আলোচনা নয়: কাদের-দৈনিক প্রথম আলো

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ৭ নভেম্বরের পর আর কোনো আলোচনা নয়। সংলাপ দীর্ঘ সময় চালিয়ে যাওয়া সম্ভব নয়, কারণ নির্বাচনের তফসিল ঘোষণা এর মধ্যেই হয়ে যাবে। সব মিলিয়ে ৮৫টির মতো রাজনৈতিক দল সংলাপ চেয়েছে।

আজ শনিবার জেলহত্যা দিবস উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সংলাপ কত দিন চলবে, জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘এ পর্যন্ত আমরা ঐক্যজোট, যুক্তফ্রন্টের সঙ্গে সংলাপ করেছি। ৪ তারিখ ১৪ দলের সঙ্গে, ৫ তারিখ জাতীয় পার্টির সঙ্গে। এর বাইরে আরও অন্তত ৩১টি আবেদন পেয়েছি। তিনি বলেন, তবে ৮ তারিখ পর্যন্ত যেতে পারছি না, ৭ তারিখে শেষ করব। ইসলামি দল, সিপিবির জোটের সঙ্গে বসব।’

সংলাপ বিষয়ে ওবায়দুল কাদের আরও বলেন, ‘আমরা সব সময় একটি নিরপেক্ষ নির্বাচন চাই, যেখানে সব দলের অংশগ্রহণ থাকবে এবং সেখানে নিবন্ধিত সব রাজনৈতিক দল অংশ নেবে, এটাই আমাদের প্রত্যাশা। এর বাইরে সহিংসতার পথ বেছে নিলে সমুচিত জবাব দেওয়া হবে।’ তিনি আরও বলেন, ‘এর কোনো ব্যত্যয় দেশের জন্য শুভ নয়। আমরা সতর্ক আছি, কারণ কারও মনে যদি হীন কোনো মতলব থাকে, কেউ যদি আজকে সংলাপে এসে লোক–দেখানো অংশ নিয়ে ভেতরে-ভেতরে নির্বাচনের প্রস্তুতির পাশাপাশি নাশকতার ছক আঁকে, সহিংসতার দিকে পা বাড়ায়, সেদিকেও আমরা সতর্ক আছি।’

দাবি বাস্তবায়িত হবে কিনা বলতে পারব না: বি. চৌধুরী-দৈনিক যুগান্তর

প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে যুক্তফ্রন্ট নেতারা

যুক্তফ্রন্টের নেতা এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংলাপে যেসব দাবি তুলে ধরা হয়েছে তা বাস্তবায়িত কিনা বলতে পারব না।

শুক্রবার রাতে গণভবন থেকে বারিধারার বাসায় ফিরে যুক্তফ্রন্টের অন্য নেতাদের সঙ্গে নিয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।

বি চৌধুরী বলেন, দাবি বাস্তবায়িত হবে কি না তা আমি বলতে পারব না। তবে তারা স্বীকার করেছেন যে এ দাবিগুলো বাস্তব। তারা স্বীকার করেছেন, এগুলো প্রণিধানযোগ্য, তারা স্বীকার করেছেন এগুলো তারা বিবেচনা করবেন এবং কোনো কোনো জায়গায় তারা স্বীকৃতি দিয়েছেন এটা এটা গ্রহণ করা হবে।

যুক্তফ্রন্টের অনেক দাবির সঙ্গেই সরকার একমত: ওবায়দুল কাদের-দৈনিক যুগান্তর

যুক্তফ্রন্টের দেয়া অনেক দাবির সঙ্গেই সরকার একমত বলে জানিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার রাতে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যুক্তফ্রন্টের সংলাপ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এর আগে সন্ধ্যা সাড়ে ৭টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সংলাপে বসেন সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারা বাংলাদেশের সভাপতি ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বাধীন যুক্তফ্রন্ট। যুক্তফ্রন্টের নেতারা আলোচনায় বসেছিলেন সাত দফা দাবি নিয়ে। তাদের প্রথম দাবি ছিল- নির্বাচনে প্রার্থীদের জন্য ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করা। সংসদ ভেঙে দেয়া, সম্ভব না হলে নিষ্ক্রিয় রাখা।

নির্বাচন কমিশনকে জরুরি চিঠি দিচ্ছেন ডা. কামাল-দৈনিক নয়া দিগন্ত

জাতীয় ঐক্যফ্রন্ট নেতা ডা. কামাল হোসেন

জাতীয় ঐক্যফ্রন্ট নেতা ডা. কামাল হোসেন জরুরি চিঠি দিতে যাচ্ছেন নির্বাচন কমিশনকে। জানা গেছে, জাতীয় সংসদ নির্বাচন স্থগিতের আহ্বান থাকছে এই চিঠিতে। কিছুক্ষণের মধ্যেই চিঠিটি নির্বাচন কমিশনের কাছে পৌঁছার কথা রয়েছে। গণফোরাম নেতা আ হ ম শফিউল্লাহ নয়া দিগন্তকে এ তথ্য নিশ্চিত করেছেন।

পরীক্ষায় জালিয়াতি-প্রশ্নপত্র ফাঁস করে কোটিপতি-দৈনিক প্রথম আলো

পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করে জনতা ব্যাংক কর্মকর্তা হাফিজুর কোটিপতি

জনতা ব্যাংকের জ্যেষ্ঠ কর্মকর্তা হাফিজুর রহমান (৩৬) জনতা ব্যাংকসহ বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও পরীক্ষায় জালিয়াতি করে তিন বছরে ১০ কোটি টাকার সম্পদের মালিক হয়েছেন। এ হিসাব পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি)।

সিআইডির কর্মকর্তারা বলছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও জালিয়াতির অভিযোগে প্রায় ৪০ জনকে গ্রেপ্তারের পর হাফিজুরের নাম পাওয়া যায়। গত ২৮ অক্টোবর হাফিজুরকে গ্রেপ্তার করে সিআইডি। তিন দিন রিমান্ডে থাকার পর গতকাল শুক্রবার তিনি ঢাকার মহানগর হাকিমের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

সিআইডির বিশেষ পুলিশ সুপার মোল্যা নজরুল ইসলাম বলেন, হাফিজুরের প্রায় ১০ কোটি টাকার সম্পদ পাওয়া গেছে, যা তিনি প্রশ্নপত্র ফাঁসের মাধ্যমে অর্জন করেছেন।

ময়মনসিংহে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২-দৈনিক মানবজমিন

বন্দুকযুদ্ধে নিহত ২

ময়মনসিংহে ডিবি পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মো. আবদুল্লাহ হেল কাফি (৩১) ও আলমাগীর (২৭) নামে দুই ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার মধ্যরাতে সদর ও মুক্তাগাছা উপজেলায় পৃথক ঘটনায় তারা নিহত হন। ময়মনসিংহ ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ কামাল আকন্দ এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশের দাবি, নিহতরা মাদক ব্যবসায়ী ও ডাকাত দলের সদস্য। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

অধিকারের প্রতিবেদন-১০ মাসে বিচারবহির্ভূত হত্যাকান্ড ৪২২-দৈনিক মানবজমিন

চলতি বছরের প্রথম ১০ মাসে বিচারবহির্র্ভূত হত্যাকান্ডের শিকার হয়েছেন ৪২২ জন। এদের মধ্যে ক্রয়ফায়ারে ৪১৫ জন, গুলিতে ২ জন এবং নির্যাতনে ৫ জন নিহত হয়েছেন। এছাড়া এই সময়ের মধ্যে গুমের শিকার হয়েছে ৭১ জন এবং কারাগারে নিহত হয়েছেন ৫৭ জন। এ তথ্য দিয়েছে মানবাধিকার সংস্থা অধিকার। গতকাল প্রকাশিত এক প্রতিবেদনে তারা এ তথ্য তুলে ধরে। প্রতিবেদনে বাংলাদেশের বর্তমান মানবাধিকারের সার্বিক চিত্র তুলে ধরা হয়েছে। যার মধ্যে সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি ঘটনা স্থান পেয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের জানুয়ারী মাসে ১৯ জন, ফেব্রুয়ারীতে ৭ জন, মার্চে ১৮ জন, এপ্রিলে  ২৯ জন, মে মাসে ১৫১ জন, জুনে ৫০ জন,  জুলাইয়ে ৬৯ জন, আগস্টে ২৪ জন, সেপ্টেম্বরে ৩৬ জন  এবং গতমাসে ১৯ জন বিচারবহির্ভূত হত্যাকান্ডের শিকার হয়েছেন।

এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি

তিনসুকিয়া গণহত্যার প্রতিবাদে অসমে চলছে বনধ, স্তব্ধ বরাক উপত্যকা -দৈনিক সংবাদ প্রতিদিন

তিনসুকিয়া গণহত্যার প্রতিবাদে চলছে ২৪ ঘণ্টার বরাক বনধ

তিনসুকিয়া গণহত্যার প্রতিবাদে চলছে ২৪ ঘণ্টার বরাক বনধে ব্যাপক প্রভাব পড়েছে৷ সারা ভারত নমঃশূদ্র বিকাশ পরিষদ-সহ রাজ্যের ১৪টি সংগঠনের ডাকা বনধে স্তব্ধ কাছাড়, করিমগঞ্জ ও হাইলাকান্দি জেলা৷ বন্ধ দোকান-বাজার-স্কুল-কলেজ ও সরকারি দপ্তর৷ তবে, বনধের আওতা থেকে জরুরি পরিষেবাগুলি ছাড় দেওয়া হয়েছে৷ এদিন সকালে বনধের সমর্থনে কংগ্রেস ও সিপিএম-সহ বেশ কিছু গণ সংগঠনের কর্মীদের মিছিল করতে দেখা যায়৷ অসমের তিনসুকিয়ায় পাঁচ বাঙালি যুবক হত্যার ঘটনা ঘটেছিল গত বৃহষ্পতিবার।

অসমের পরিস্থিতি খারাপ হচ্ছে মমতার উস্কানিতেই, বললেন অনুপ চেতিয়া-দৈনিক আনন্দবাজার

অনুপ চেটিয়া

তিনসুকিয়ায় গণহত্যা কারা ঘটিয়েছে, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার পরেই জঙ্গি সংগঠন আলফা (ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব অসম)-র পরেশ বরুয়া গোষ্ঠী তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছিল। এ বার আলফা-র আলোচনাপন্থী অংশও দায় ঝেড়ে ফেলল। যদিও অসমের অধিকাংশ বাঙালি সংগঠনের সন্দেহ, আলফা-ই রয়েছে এই ঘটনার পিছনে।

শনিবার সংগঠনের আলোচনাপন্থী অংশের শীর্ষ নেতা অনুপ চেতিয়া আনন্দবাজার ডিজিটালকে জানান, সঠিক তদন্ত হলেই এই ঘটনার পিছনে কারা রয়েছে, তা জানা যাবে। তবে হিংসার মূল কারণ হিসাবে তিনি উস্কানিমূলক মন্তব্যকেই দায়ী করেছেন। আর সেই তালিকায় প্রথমেই রাখছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম। তাঁর মতে, তৃণমূল আসলে গোটা বিষয়টার ফায়দা তুলতে চাইছে।

মোদির নতুন উদ্যোগ, মাত্র ৫৯ মিনিটে মিলবে ১ কোটির ঋণ-দৈনিক আজকাল

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

শিয়রে ভোট!‌ দেশের ছোট ও মাঝারি শিল্প–উদ্যোগীদের খুশির খবর দিলেন প্রধানমন্ত্রী। এবার থেকে মাত্র ৫৯ মিনিটেই ঋণ পাবেন তাঁরা। শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই বিষয়ক এক ওয়েব পোর্টালের উদ্বোধন করলেন। এই পোর্টালে লগ–ইন করে মাত্র ৫৯ মিনিটেই মিলতে পারে ১ কোটি টাকা পর্যন্ত ঋণ। তবে, এই সুযোগ শুধু শিল্পোদ্যোগীদের জন্য।

প্রধানমন্ত্রীর দাবি, পোর্টালের মাধ্যমে ঋণ মঞ্জুরির ফলে উপকৃত হবেন ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগীরা। দিল্লির বিজ্ঞানভবনে এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী অরুণ জেটলি এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প মন্ত্রকের প্রতিমন্ত্রী গিরিরাজ সিং। নরেন্দ্র মোদি বলেন, ‘এত অল্প সময়ে ঋণ মঞ্জুরির ফলে ছোট ও মাঝারি শিল্পোদ্যোগীদের সমস্যা দূর হবে। আগে ঋণ পেতে দেরি হত, এখন শিল্পের জন্য ঋণ পাওয়া সহজ হয়ে গেল। 

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৩