জুলাই ০৯, ২০১৯ ১৩:২৪ Asia/Dhaka
  • পত্রপত্রিকার পাতার গুরুত্বপূর্ণ খবর
    পত্রপত্রিকার পাতার গুরুত্বপূর্ণ খবর

সুপ্রিয় পাঠক/শ্রোতা: ৯ জুলাই মঙ্গলবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।

বাংলাদেশের শিরোনাম:

  • সরকার কম চুরি করলে গ্যাসের দাম বাড়ত না: গণফোরাম-দৈনিক প্রথম আলো
  • সাতক্ষীরা সদর হাসপাতালে যন্ত্রপাতি ক্রয়ে জালিয়াতি-সাজানো টেন্ডারে শতভাগ লোপাটের ঘটনায় দুদকের মামলা-দৈনিক যুগান্তর
  • ফেনির ঘটনায়-ওসি মোয়াজ্জেমের জামিন আবেদন খারিজ-দৈনিক ইত্তেফাক
  • জাতীয় নির্বাচনে অনিয়মের বিচার বিভাগীয় তদন্ত দাবি সুজনের--দৈনিক মানবজমিন
  • কারাগার থেকে মুক্তি পেয়েছেন সাবেক এমপি রানা-দৈনিক নয়া দিগন্ত

ভারতের শিরোনাম:    

  • কলকাতার বুকে ভয়ঙ্কর কাণ্ড! বন্দুক দেখিয়ে ধর্ষণ নবম শ্রেণির ছাত্রীকে, গ্রেফতার গৃহশিক্ষক-দৈনিক আনন্দবাজার
  • নাটকীয় মোড় কর্ণাটকে, বিধায়কদের গণইস্তফা খারিজের ভাবনা স্পিকারের-দৈনিক সংবাদ প্রতিদিন
  • ‘হিন্দুরা মরছে, মরুক’, ভাইরাল দিলীপ ঘোষের ভিডিও -দৈনিক আজকাল

পাঠক/শ্রোতা! এবারে গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব। 
কথাবার্তার বিশ্লেষণের বিষয়:

১. মিয়ানমারের অস্থিতিশীল রাখাইন রাজ্যকে বাংলাদেশের সঙ্গে যুক্ত করতে মার্কিন কংগ্রেসম্যান ব্রাড শেরম্যানের যে প্রস্তাব দিয়েছেন তা প্রত্যাখ্যান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কীভাবে দেখছেন বিষয়টিকে?
২. ইরানি তেল ট্যাংকার আটকের জবাব দেওয়া হবে বলে সতর্ক করেছে ইরানি সেনাপ্রধান জেনারেল মুহাম্মাদ বাকেরি। কীভাবে ইরান এই জবাব দিতে পারে বলে মনে হয়?
 

বিশ্লেষণের বাইরে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর

সরকার কম চুরি করলে গ্যাসের দাম বাড়ত না: গণফোরাম-দৈনিক প্রথম আলো

Image Caption

বাজেটকে ‘গণবিরোধী’ উল্লেখ করে এবং গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে গণফোরাম সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে। জনগণের পকেট থেকে টাকা নিয়েও গ্যাসের দাম বাড়ানো হয়েছে বলে অভিযোগ করে দলটি। আজ বেলা ১১টার দিকে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে গণফোরাম এই সমাবেশের আয়োজন করে। দলের সাধারণ সম্পাদক রেজা কিবরিয়া বলেন, ‘এ সরকার নির্বাচিত সরকার নয়। গ্যাসের ও বিদ্যুতের দাম যে বাড়িয়েছে, আমাদের পকেট থেকে আট হাজার কোটি টাকা নিচ্ছে। সরকার যদি আট হাজার কোটি টাকা থেকে কম চুরি করত, তাহলে আমাদের এই টাকা দিতে হতো না। গ্যাস বিদ্যুতের দাম বাড়াতে হতো না। সরকারের প্রত্যেক পদক্ষেপে দুর্নীতি, অদক্ষতা এবং তারা যে দেশ পরিচালনায় অক্ষম এটা প্রমাণ পাচ্ছি।’ তিনি আরও বলেন, তারা যেখানে জায়গা পাবেন সরকারের অন্যায়, অবিচার, অত্যাচারের বিরোধিতা করবেন।

আইন আদালতের খবরে দৈনিক প্রথম আলোর শিরোনাম- রিফাত ফরাজী ফের সাত দিনের রিমান্ডে। খবরটিতে লেখা হয়েছে, বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার এজাহারভুক্ত দুই নম্বর আসামি রিফাত ফরাজীকে জিজ্ঞাসাবাদের জন্য ফের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পৃথক একটি অস্ত্র মামলায় জিজ্ঞাসাবাদের জন্য গতকাল সোমবার সন্ধ্যায় আদালতে সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই রিমান্ড মঞ্জুর করেন। দৈনিকটির অন্য একটি খবরে লেখা হয়েছে, ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার ফেনীর সোনাগাজী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন হাইকোর্টে জামিন পাননি। জামিন চেয়ে করা তাঁর আবেদনটি উত্থাপিত হয়নি বিবেচনায় খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

নুসরাতকে পুড়িয়ে হত্যা যৌন নিপীড়নের মামলায় অধ্যক্ষ সিরাজের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ-দৈনিক যুগান্তর

সরাতকে পুড়িয়ে হত্যা যৌন নিপীড়নের মামলায় অধ্যক্ষ সিরাজের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ

ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে যৌন নিপীড়নের মামলায় অধ্যক্ষ সিরাজউদ্দৌলার বিরুদ্ধে চার্জশিট গঠন করেছেন আদালত। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদ এ চার্জশিট গ্রহণ করেন। একইসঙ্গে আগামী ১৭ জুলাই এ সংক্রান্ত অভিযোগ গঠনের তারিখ ঘোষণা করেছেন আদালত। এদিকে, হারুনের জবানবন্দিতে নিপীড়নের লোমহর্ষক বর্ণনা সায়মা চিৎকার দিলে ওর নাক-মুখ চেপে ধরি। সে সায়মাকে হত্যার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছে।

দৈনিকটির অন্য একটি খবরে লেখা হয়েছে, ধর্ষণের বিচারে নতুন আইন প্রণয়নের দাবি জানিয়েছেন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের শরিক জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার।

তৃতীয় লিঙ্গের মানুষদেরও ভোটার তালিকায় অর্ন্তভুক্ত করা হচ্ছে: ইসি কবিতা খানম-দৈনিক ইত্তেফাক

Image Caption

নির্বাচন কমিশনার (ইসি) কবিতা খানম বলেছেন, আমরা এবার ভোটার তালিকায় নতুন কিছু যুক্ত করেছি। বর্তমানে তৃতীয় লিঙ্গের মানুষদেরও ভোটার তালিকায় অর্ন্তভুক্ত করা হচ্ছে। তারা ইচ্ছে করলে পুরষ কিংবা নারী যে কোন একটিতে নিজেদের নাম ভোটার তালিকায় অর্ন্তভুক্ত করতে পারবে। তৃতীয় লিঙ্গের যে ব্যক্তির মেয়েলী আচরণ বেশি তাকে মেয়ে হিসেবে এবং যার আচরণ পুরুষের মতো তাকে পুরুষের তালিকায় অর্ন্তভুক্ত করতে হবে। এটি আমাদের কাছে পাবলিক ডকুমেন্ট হিসেবে কাজ করবে।

জাতীয় নির্বাচনে অনিয়মের বিচার বিভাগীয় তদন্ত দাবি সুজনের-দৈনিক মানবজমিন

জাতীয় নির্বাচনে অনিয়মের বিচার বিভাগীয় তদন্ত দাবি সুজনের

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের অনিয়ম অভিযোগ এনে তা তদন্তে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের দাবি জানিয়েছে নাগরিক সংগঠন সুশাসনের জন্য নাগরিক-সুজন। সংবিধানের ৯৬ অনুচ্ছেদ অনুসারে এ কমিশন গঠন করতে প্রেসিডেন্টের প্রতি আহবান জানিয়েছে সংগঠনটি। এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল বিশ্লেষণ জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে সুজন। পরে সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, আমরা নির্দলীয় সংগঠন। আমরা  কোনো দলের পক্ষে বলছি না। আমরা এই দেশের জনসাধারণের পক্ষে।

কারাগার থেকে মুক্তি পেয়েছেন সাবেক এমপি রানা-দৈনিক নয়া দিগন্ত

জামিনে মুক্তি পেয়েছেন সাবেক এমপি রানা

জামিনে মুক্তি পেয়েছেন টাঙ্গাইলের আলোচিত আওয়ামী লীগ নেতা সাবেক সংসদ সদস্য আমানুর রহমান খান রানা।

দুটি হত্যা মামলায় প্রায় তিন বছর আটক থাকার পর আজ মঙ্গলবার সকাল পৌনে ৯টার দিকে তিনি কারাগার থেকে বের হয়ে আসেন। বিষয়টি নিশ্চিত করেছেন টাঙ্গাইল জেলা কারাগারের জেলার আবুল বাশার। মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলায় রানাকে হাইকোর্টের দেয়া জামিন গত ১ এপ্রিল আপিল বিভাগেও বহাল থাকে। কিন্তু টাঙ্গাইলের যুবলীগের দুই নেতা হত্যার মামলায় জামিন না হওয়ায় তার মুক্তি মিলছিল না।

রাজধানীতে ‘বন্দুকযুদ্ধে’ ১৬ মামলার আসামী নিহত-দৈনিক মানবজমিন

রাজধানীতে ‘বন্দুকযুদ্ধে’ ১৬ মামলার আসামী নিহত

রাজধানীতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আনোয়ার হোসেন নামে একজন নিহত হয়েছেন। সোমবার গভীররাতে উত্তরখান থানার শহীদনগর এলাকায় এ ‘বন্দুকযুদ্ধে’র ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে ইয়াবা, শর্টগান ও কার্তুজ উদ্ধার করা হয়। র‌্যাবের দাবি, নিহত আনোয়ার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বাড়ি কিশোরগঞ্জ। বিভিন্ন থানায় তার বিরুদ্ধে ১৬টি মাদক মামলা রয়েছে। বন্দুকযুদ্ধের সময় এক র‌্যাব সদস্য আহত হয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি।

এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি

নাটকীয় মোড় কর্ণাটকে, বিধায়কদের গণইস্তফা খারিজের ভাবনা স্পিকারের-দৈনিক সংবাদ প্রতিদিন

লোকসভা নির্বাচনের পর থেকে কর্ণাটক বিধানসভায় যে ডামাডোল পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে নাটকীয় পরিবর্তন ঘটল মঙ্গলবার৷ কংগ্রেস ও জেডিএস বিধায়কদের গণইস্তফা গ্রহণ করা হবে না বলে জানালেন কর্ণাটক বিধানসভার স্পিকার কে আর রমেশ কুমার৷ বললেন, এভাবে দেওয়া গণইস্তফা গৃহীত হবে না৷ প্রত্যেকের অভিযোগ খতিয়ে দেখে তবেই ইস্তফা গৃহীত হবে৷ বিক্ষুব্ধ বিধায়কদের ইস্তফা প্রসঙ্গে এদিন স্পিকার জানান, ‘‘এই বিষয়ে নির্দিষ্ট কিছু আইন রয়েছে৷ আমাকে সেই আইন মেনে চলতে হবে৷ এরপরই আমি কিছু সিদ্ধান্ত নিতে পারব৷ আমাকে নিজের দায়িত্ব পালন করতে হবে৷’

‘হিন্দুরা মরছে, মরুক'  ভাইরাল দিলীপ ঘোষের ভিডিও-দৈনিক আজকাল

বিজেপি নেতা দিলীপ ঘোষ

কৃষ্ণনগরে গিয়ে ক্ষোভ উগড়ে দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। একটি ভিডিও ভাইরাল হয়েছে ফেসবুকে। সেখানে দেখা যাচ্ছে বেশ কয়েকজন কর্মী বা সমর্থক, ভিডিওতে তা পরিষ্কার নয়। গলায় মালা পরে কোনও একটা সভা থেকে বেরিয়েই উষ্মা প্রকাশ করেন দিলীপ। তিনি বলছেন, ‘কৃষ্ণনগরে আরও কিছু হিন্দু মরুক। কৃষ্ণনগরের জন্য কোনও মায়া নেই। ওঁরা আমাদের ভোটে‌ হারিয়েছেন। আমরা কিছু করতে পারব না কৃষ্ণনগরের জন্য।’‌ অতীতেও এভাবে মেজাজ হারিয়েছেন দিলীপ ঘোষ। নানা বিতর্কিত মন্তব্য করেছেন।

দৈনিকটির অন্য একটি খবরে লেখা হয়েছে, দিনকয়েক আগের ভাটপাড়ার অশান্ত পরিস্থিতির জন্য সরাসরি বিজেপিকে দায়ী করল তৃণমূল। মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে পুরমন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম বলেছেন, ‘ভাটপাড়ার নতুন সাংসদ অর্জুন সিং–এর নেতৃত্বে তাঁর বাইকবাহিনী এবং গুন্ডাবাহিনী সেখানে সন্ত্রাসের আবহাওয়া তৈরি করছে।’

কলকাতার বুকে ভয়ঙ্কর কাণ্ড! বন্দুক দেখিয়ে ধর্ষণ নবম শ্রেণির ছাত্রীকে, গ্রেফতার গৃহশিক্ষক-দৈনিক আনন্দবাজার

কোলকাতায় নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ

বন্দুকের মুখে ধর্ষিত রানিকুঠির নামী ইংরেজি মাধ্যম স্কুলের নবম শ্রেণির এক ছাত্রী। কাঠগড়ায় গৃহশিক্ষক। কিশোরীর বাড়ির লোকের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত শিক্ষক রাজীব চক্রবর্তীকে গ্রেফতার করেছে বাঁশদ্রোণী থানার পুলিশ। ডিসি সাউথ সুবার্বান সুদীপ সরকার জানিয়েছেন, তার বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই শিক্ষকের বাড়িতে গত কয়েক বছর ধরে পড়তে যায় ছাত্রীটি। অভিযোগ, সেখানেই রীতিমতো বন্দুক দেখিয়ে তার উপর নিয়মিত যৌন নির্যাতন করতেন ওই গৃহশিক্ষক।আরও অভিযোগ, ঘটনার কথা জানাজানি হলে ছাত্রীকে গুলি করে প্রাণনাশের হুমকিও দেন তিনি।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৯