জুলাই ১০, ২০১৯ ১১:১৫ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: ১০ জুলাই বুধবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।

বাংলাদেশের শিরোনাম

  • সরকারের হাতে খালেদা জিয়াকে দুনিয়া থেকে সরানোর নীলনকশা: রিজভী-দৈনিক যুগান্তর
  • পাবনায় ‘বন্দুকযুদ্ধে’ হত্যা মামলার আসামি নিহত-দৈনিক প্রথম আলো
  • কুমিল্লায় চারজনকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে ঘাতক নিহত-দৈনিক ইত্তেফাক
  • রাজধানীতে বিএনপির বিক্ষোভ-খালেদা জিয়া রাজনীতির জন্য হুমকি: তথ্যমন্ত্রী-দৈনিক নয়া দিগন্ত
  • জলবায়ু পরিবর্তনে বিশ্বের সেরা শিক্ষক বাংলাদেশ: বান কি-মুন-দৈনিক মানবজমিন

ভারতের শিরোনাম:    

  • জঙ্গি দমনে এসেছে সাফল্য, দাবি কেন্দ্রের-দৈনিক আনন্দবাজার
  • কর্ণাটকের রাজনৈতিক নাটকের নয়া পর্ব মুম্বইতে, শিবকুমারকে হোটেলে ঢুকতে বাধা-দৈনিক সংবাদ প্রতিদিন
  • প্রধানমন্ত্রীর রাজ্যেই দলিত যুবককে খুন!‌ কেন -দৈনিক আজকাল

পাঠক/শ্রোতা! এবারে গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব। 

কথাবার্তার বিশ্লেষণের বিষয়:

 

বিশ্লেষণের বাইরের কয়েকটি খবর তুলে ধরছি

কুমিল্লায় চারজনকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে ঘাতক নিহত-দৈনিক ইত্তেফাক

গণপিটুনিতে চারজনের হত্যাকারী নিহত

কুমিল্লার দেবীদ্বার উপজেলায় চারজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। পরে ওই হত্যাকারী পালিয়ে যেতে চাইলে এলাকাবাসী তাকে পিটিয়ে হত্যা করে। উপজেলার সুলতানপুর ইউনিয়নের রাধানগর গ্রামে বুধাবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ জানা যায়নি।হত্যাকারীর নাম মোখলেছুর রহমান। তিনি পেশায় রিকশাচালক। তার বাবা নাম মোরতুন আলী।

জানা যায়, মুকলেসুর রহমান বেলা ১১টার দিকে আনোয়ারা বেগমের বাড়িতে হামলা চালায়। পরে আনোয়ারা ও তার ছেলেকে কুপিয়ে হত্যা করেন। এই দৃশ্য দেখে পাশের বাড়ির নাজমা ও মাজেদা এগিয়ে এলে তাদেরকেও কুপিয়ে হত্যা করেন মুকলেসুর রহমান। পরে হত্যাকারী পালিয়ে যেতে চাইলে এলাকাবাসী তাকে আটক করে। পরে তাকে পিটিয়ে হত্যা করে।

সরকারের হাতে খালেদা জিয়াকে দুনিয়া থেকে সরানোর নীলনকশা: রিজভী

বিএনপি নেতা রুহুল কবির রিজভী

কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হত্যার নীলনকশা সরকার করে রেখেছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।

রুহুল কবির রিজভী বলেন, দেশের মানুষের কাছে সবচেয়ে জনপ্রিয় নেত্রী খালেদা জিয়াকে দুনিয়া থেকে সরিয়ে দেয়ার নীলনকশা তৈরি করেছে সরকার। এ জন্য তাকে মিথ্যা মামলায় ক্ষমতার মত্ততায় দেড় বছর বন্দি রাখা হয়েছে। তার জামিনে বাধা সৃষ্টি করা হচ্ছে।

খালেদা জিয়া অসুস্থ উল্লেখ করে তিনি বলেন, দেশনেত্রী গুরুতর অসুস্থ। তার জামিনে এখন সরাসরি বাধা দিচ্ছেন মিডনাইট নির্বাচনের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আদালতে হস্তক্ষেপ করার পাশাপাশি দেশনেত্রীর আইনজীবীদেরও আইনি পদক্ষেপ নিতে বাধা দেয়া হচ্ছে। এমনকি দেশনেত্রীর ওকালতনামায় স্বাক্ষর করতে দেয়া হচ্ছে না। এর মাধ্যমে একজন নাগরিক হিসেবে সংবিধান প্রদত্ত আইনি অধিকার থেকেও তাকে বঞ্চিত করা হচ্ছে। এর থেকে জুলুম আর কি হতে পারে? এখানেই প্রমাণিত হয়-কর্তৃত্ববাদী সরকারের হাতের মুঠোয় থাকে রাষ্ট্রের সব প্রতিষ্ঠান।

খালেদা জিয়া রাজনীতির জন্য হুমকি: তথ্যমন্ত্রী-দৈনিক নয়া দিগন্ত

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ দা‌বি ক‌রে ব‌লেন, খা‌লেদা জিয়া রাজনী‌তির জন্য বড় হুম‌কি। ২১ আগস্টের নির্মমতা নিয়ে খালেদা জিয়া উপহাস শুরু করেছিলো ব‌লে জা‌নি‌য়ে‌ছেন তি‌নি। বুধবার দুপু‌রে জাতীয় প্রেসক্লাবে 'সাংবাদিকতা রাতে বিরাতে' এক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তি‌নি একথা বলেন ড. হাছান মাহামুদ। মন্ত্রী ব‌লেন, ক্ষমতায় লোভে পেট্রোলবোমার রাজনীতি করে সাধারণ মানুষকে আগুনে পুড়িয়ে মেরেছে। তাই খালেদা জিয়া রাজনীতির জন্য বড় হুমকি। দেশের জনগণ এখন তাদরে চায় না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচারও প্রকাশনা সম্পাদক তথ্যমন্ত্রী ড.হাছান মাহামুদ।

জলবায়ু পরিবর্তনে বিশ্বের সেরা শিক্ষক বাংলাদেশ: বান কি-মুন-দৈনিক মানবজমিন

বান কি মুন

জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়ানোর ব্যাপারে পুরো বিশ্বের জন্য সেরা শিক্ষক হচ্ছে বাংলাদেশ। বুধবার এমন মন্তব্য করেছেন জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি-মুন। ঢাকায় জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়ানো বিষয়ক দুই দিনব্যাপি আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় এই মন্তব্য করেন তিনি। আন্তর্জাতিক জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলন ‘গ্লোবাল কমিশন অন অ্যাডাপ্টেশন’-এ যোগ দিতে দুই দিনের সফরে  ঢাকায় এসেছেন তিনি ও নেদারল্যান্ডের রানী ম্যাক্সিমা।

এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি

৯৩% চাঁদা বিজেপিতে, বিদেশি কত-দৈনিক আনন্দবাজার

লোকসভা ভোটের আগের দু’বছরে রাজনৈতিক দলগুলি কর্পোরেট, ব্যবসায়িক সংস্থার থেকে ৯৮৫ কোটি ১৮ লক্ষ টাকা চাঁদা পেয়েছে। তার মধ্যে ৯১৫ কোটি ৫৯ লক্ষ টাকা অর্থাৎ প্রায় ৯৩%-ই পেয়েছে বিজেপি। কংগ্রেসের সিন্দুকে জুটেছে মাত্র ৫৫.৩৬ কোটি টাকা, ৫.৬%। অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস (এডিআর)-এর হিসেব বলছে, ২০১৬-১৭ ও ২০১৭-১৮-তে জাতীয় দলগুলির মধ্যে কর্পোরেট সংস্থার চাঁদা তৃণমূল পেয়েছে ২.০৩ কোটি টাকা। এই বিপুল চাঁদার কতটা বিদেশের, তার কোনও হিসেব নেই। নরেন্দ্র মোদীর জমানায় আইন বদলের ফলে সেই তথ্য এখন ধরাছোঁয়ার বাইরে।জনপ্রতিনিধিত্ব আইনে রাজনৈতিক দলগুলির বিদেশ থেকে চাঁদা নেওয়ায় বাধা রয়েছে।

প্রধানমন্ত্রীর রাজ্যেই দলিত যুবককে খুন!‌ কেন-দৈনিক আজকাল

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গড়ে পরিবারের সম্মান রক্ষার্থে নির্মমভাবে হত্যার ঘটনা ঘটল। সকলের অমতে উচ্চবর্ণের মেয়েকে বিয়ে করার খেসারত দিতে হল এক ২৫ বছরের দলিত যুবককে। ঘটনাটি ঘটেছে গুজরাটে। এমনকী সরকারি আধিকারিকদের সামনেই ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হল তাঁকে। আমেদাবাদ জেলার মণ্ডল তালুকার ভারমোর গ্রাম এই ঘটনায় হতচকিত। 

পুলিশ সূত্রে খবর, ২৫ বছরের দলিত সম্প্রদায়ের যুবক হর্ষ সোলাঙ্কি কয়েক মাস আগে বিয়ে করেন দারবার গোষ্ঠীর মেয়ে ঊর্মিলাবেনকে। দু’জনের মধ্যে আগে থেকেই প্রেমের সম্পর্ক ছিল। দলিত ছেলেকে বিয়ে করার প্রবল বিরোধী ছিল ঊর্মিলার পরিবার। তারই জের ধরে  হর্ষ সোলাঙ্কির ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় ঊর্মিলার দাদা। আহত সোলাঙ্কিকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।হর্ষ সোলাঙ্কির শ্বশুরবাড়ির আটজন সদস্যের নামে এফআইআর দায়ের করা হয়েছে।তবে সবাই পলাতক থাকায় কাউকে গ্রেপ্তার করা যায়নি। তাদের খোঁজে তল্লাশি চলছে।

জঙ্গি দমনে এসেছে সাফল্য, দাবি কেন্দ্রের-দৈনিক আনন্দবাজার

সন্ত্রাস দমনে কড়া নীতি নেওয়ায় সার্বিক ভাবে উপত্যকায় জঙ্গি নিয়ন্ত্রণে সাফল্য পাওয়া গিয়েছে বলে আজ লোকসভায় দাবি করল নরেন্দ্র মোদী সরকার। পাঁচ বছর আগে মোদী সরকার ক্ষমতায় এসেই জঙ্গি দমনে ‘জিরো টলারেন্স’ নীতি মেনে এগোনোর সিদ্ধান্ত নেয়। গত দু’বছরে সেই চাপ আরও বেড়েছে উপত্যকায়। প্রায় দু’দশক পরে উপত্যকায় শুরু হয়েছে ঘরে-ঘরে ঢুকে তল্লাশি অভিযান। তাতে অবশ্য উরি বা পুলওয়ামা হামলার মতো ঘটনা রোখা সম্ভব হয়নি। উল্টে বিরোধীদের একাংশের মতে, অতিরিক্ত দমননীতির কারণে পরিস্থিতি ভবিষ্যতে হাতের বাইরে চলে যাবে। বাড়বে জঙ্গি দলে যুবকদের নাম লেখানোর মতো ঘটনা। কেন্দ্রের যুক্তি, কড়া নীতি হাতে নেওয়ায় কারণেই সাফল্য এসেছে। লোকসভা নির্বাচন শান্তিতে হয়েছে। এ পর্যন্ত নির্বিঘ্নে চলছে অমরনাথ যাত্রাও।

কর্ণাটকের রাজনৈতিক নাটকের নয়া পর্ব মুম্বইতে, শিবকুমারকে হোটেলে ঢুকতে বাধা-দৈনিক সংবাদ প্রতিদিন

সরকার গঠন নিয়ে নাটকের মাঝেই কর্ণাটক রাজনীতির আরেক পর্ব মুম্বইতে৷ বুধবার সকালে মুম্বই পৌঁছান কংগ্রেসের অন্যতম শীর্ষ নেতা ডি কে শিবকুমার৷ ওঠার কথা ছিল একটি পাঁচতারা হোটেলে, যেখানে প্রায় সময়েই তিনি থাকেন৷ কিন্তু হোটেলে প্রবেশে তাঁকে বাধা দেওয়া হয় বলে অভিযোগ৷ কারণ,ওই হোটেলেই ‘বন্দি’ কর্ণাটকের বিদ্রোহী বিধায়করা৷

এনিয়ে সাতসকালেই উত্তপ্ত হয়ে উঠ পরিস্থিতি৷ পুলিশ সূত্রে খবর, মুম্বইয়ের ওই পাঁচতাবার হোটেলে আপাতত ‘বন্দি’ কর্ণাটকের বিধায়করা নিজেদের জন্য পুলিশি নিরাপত্তা চেয়ে একটি চিঠি পাঠিয়েছেন৷ সেইমতো হোটেলে পুলিশ মোতায়েন রয়েছে৷ তাঁরাই বুধবার সকালে শিবকুমারকে আটকান৷#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১০