জুলাই ১৪, ২০১৯ ১১:৫৭ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: ১৪ জুলাই রোববারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম

  • ঘোষণার পরও বন্যাকবলিত এলাকায় ত্রাণ দিচ্ছে না সরকার: রিজভী-দৈনিক যুগান্তর
  • মিন্নির গ্রেপ্তার দাবিতে মানববন্ধন-দৈনিক প্রথম আলো
  • এডিস মশা ধ্বংসে ২৪ ঘণ্টার মধ্যে পদক্ষেপ নিতে নির্দেশ-দৈনিক ইত্তেফা
  • ডিসিদের প্রতি ৩০ দফা নির্দেশনা প্রধানমন্ত্রীর-দৈনিক নয়া দিগন্ত
  • এরশাদকে নিয়ে বিদিশার স্ট্যাটাস-এ জন্মে আর দেখা হলো না-দৈনিক মানবজমিন

ভারতের শিরোনাম:    

  • নতুন মন্ত্রক নিয়ে অখুশি, পঞ্জাব মন্ত্রিসভা থেকে ইস্তফা সিধুর-দৈনিক আনন্দবাজার
  • পাহাড়ে প্রবল বর্ষণ, ভাসছে উত্তরবঙ্গ, বৃষ্টিহীন দক্ষিণ-দৈনিক আজকাল
  • কঙ্গনার আর কোনও খবর নয়, সাংবাদিকদের বয়কটকে সমর্থন জানাল প্রেস ক্লাব অফ ইন্ডিয়া-দৈনিক সংবাদ প্রতিদিন

পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশের কয়েকটি খবরের দিকে নজর দেব।

এরশাদ আর নেই-দৈনিক প্রথম আলো

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ  মারা গেছেন

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার সকাল পৌনে আটটায় এরশাদ মারা যান। 

এরশাদের মৃত্যুতে প্রেসিডেন্ট মো; আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিকল্পধারা বাংলাদেশের সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী। আজ রোববার এক শোকবার্তায় বি চৌধুরী বলেছেন, এইচ এম এরশাদ উত্থান-পতন এবং সাফল্য-ব্যর্থতায় বর্ণিল জীবনের অধিকারী ছিলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোক জানিয়েছেন।

সাবেক প্রেসিডেন্ট এরশাদকে নিয়ে তাঁর সাবেক স্ত্রী বিদিশার স্ট্যাটাস

এরশাদের মৃত্যুতে বিদিশার আবেগঘন স্ট্যাটাস-সেখানে তিনি লিখেছেন- সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের মৃত্যুতে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন তাঁর সাবেক স্ত্রী বিদিশা। সেখানে তিনি সদ্যপ্রয়াত এরশাদকে উদ্দেশ করে লিখেছেন, ‘আমিও আজমির শরিফে, আর তুমিও চলে গেলে। আবার হয়তো দেখা হবে অন্য এক দুনিয়ায়।’

ডিসিদের প্রতি ৩০ দফা নির্দেশনা প্রধানমন্ত্রীর-দৈনিক ইত্তেফাক

ডিসি সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেলা প্রশাসকদের ৩০ দফা নির্দেশনা দিয়েছেন। প্রধানমন্ত্রী আজ তাঁর তেজগাঁও কার্যালয়ে জেলাপ্রশাসক সম্মেলন-২০১৯-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এই নির্দেশনা দেন। মন্ত্রিপরিষদ বিভাগ ৫ দিনব্যাপী এই সম্মেলনের আয়োজন করছে।

মিন্নির গ্রেপ্তার দাবিতে মানববন্ধন-দৈনিক প্রথম আলো

বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যার ঘটনায় স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নির গ্রেপ্তার দাবিতে মানববন্ধন

বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যার ঘটনায় স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নির গ্রেপ্তার দাবিতে মানববন্ধন করা হয়েছে। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, রিফাত হত্যায় স্ত্রী মিন্নি জড়িত। ‘বরগুনার সর্বস্তরের জনগণ’–এর ব্যানারে আজ রোববার বেলা ১১টার দিকে এ মানববন্ধন করা হয়। এতে অংশ নেন রিফাতের বাবা আবদুল হালিম শরীফ। এর আগে গতকাল শনিবার রাত আটটার দিকে রিফাতের বাবা আবদুল হালিম শরীফ বরগুনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে মিন্নির গ্রেপ্তার দাবি করেন। মানববন্ধনে মিন্নিকে গ্রেপ্তার ও রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের দাবি করেন বক্তারা। তাঁরা এই হত্যাকাণ্ডে মিন্নি জড়িত বলে অভিযোগ আনেন।

এডিস মশা ধ্বংসে ২৪ ঘণ্টার মধ্যে পদক্ষেপ নিতে নির্দেশ-দৈনিক ইত্তেফাক

রাজধানীতে এডিস মশা ধ্বংসে ২৪ ঘণ্টার মধ্যে পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এছাড়া ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোধে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা ২২ জুলাইয়ের মধ্যে দুই সিটি করপোরেশনসহ বিবাদীদের জানাতে বলা হয়েছে। রবিবার বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. সোহরাওয়ারদির সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত রুলসহ এই আদেশ দেন।

রুলে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নিতে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না তা জানতে চাওয়া হয়েছে। এক সপ্তাহের মধ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের দুই মেয়র, দুই প্রধান নির্বাহী কর্মকর্তা, স্বাস্থ্যসচিব, এলজিআরডি সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে এর জবাব দিতে বলা হয়েছে।

ঘোষণার পরও বন্যাকবলিত এলাকায় ত্রাণ দিচ্ছে না সরকার: রিজভী-দৈনিক যুগান্তর

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

দেশের বন্যাদুর্গত এলাকার মানুষের পাশে থাকার ঘোষণা দেয়ার পরও ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার কোনো ত্রাণ দিচ্ছে না বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। রিজভী বলেন, লাখ লাখ মানুষ পানিবন্দি হয়ে খাদ্য ও বিশুদ্ধ খাবার পানির সংকটে হাহাকার করছেন। ত্রাণের জন্য লাইন ধরে দাঁড়িয়ে থেকেও কোনো ত্রাণ পাচ্ছেন না বন্যাকবলিত মানুষ।

তিনি বলেন, গত দুদিন আগে প্রধানমন্ত্রী তাদের দলীয় সভায় বন্যাদুর্গতদের পাশে থাকার ঘোষণা দিলেও এখনও পর্যন্ত ত্রাণ তৎপরতার কোনো উদ্যোগই দেখা যায়নি। ‘মিথ্যা চিৎকারসর্বস্ব দল আওয়ামী লীগ।

এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি

নতুন মন্ত্রক নিয়ে অখুশি, পঞ্জাব মন্ত্রিসভা থেকে ইস্তফা সিধুর-দৈনিক আনন্দবাজার

মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরেন্দ্র সিংহের বনিবনা তেমন ছিল না। গত মাসে মন্ত্রিসভায় রদবদল করে তাঁকে অন্য মন্ত্রকের দায়িত্ব দিলেও তাতে যোগ দেননি। এ বার পঞ্জাব মন্ত্রিসভা থেকেই ইস্তফা দিলেন নভজ্যোত সিংহ সিধু। রবিবার তাঁর ইস্তফাপত্রটি নিজের টুইটার অ্যাকাউন্টে পোস্ট করেছেন এই প্রাক্তন ক্রিকেটার তথা রাজনীতিক। এক লাইনের একটি চিঠিতে কংগ্রেসের বিদায়ী সভাপতি রাহুল গাঁধীকে উদ্দেশ্য করে সিধু লিখেছেন, ‘পঞ্জাব ক্যাবিনেট থেকে আমি পদত্যাগ করছি।’ ওই চিঠিতে লেখা তারিখ অবশ্য চলতি মাসের নয়। গত মাসের ১০ তারিখ তা লেখা হয়েছিল। তবে ঠিক কী কারণে সিধু ইস্তফা দিলেন, তার কোনও ব্যাখ্যা ওই চিঠিতে নেই। প্রকাশ্যে এ নিয়ে কোনও মন্তব্য না করলেও নতুন মন্ত্রকের দায়িত্বভার যে তাঁর পদাবনতির সমান, ঘনিষ্ঠ মহলে এমনটাই জানিয়েছেন সিধু।

পাহাড়ে প্রবল বর্ষণ, ভাসছে উত্তরবঙ্গ, বৃষ্টিহীন দক্ষিণ-দৈনিক আজকাল

হিমালয়ে লাগাতার প্রবল বর্ষণের ফলে তিস্তা, তোর্সা, ঘিস, জলঢাকা সহ উত্তরবঙ্গের সব কটি নদীর জলস্তর বেড়ে গিয়েছে। কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার সহ উত্তরের বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত। সেচ এবং জলপথ দপ্তরের তথ্য অনুযায়ী এপর্যন্ত জলপাইগুড়িতে ১৫৪.‌৬০ মিলিমিটার, কোচবিহারে ১৯৭.‌৪০ মিলিমিটার এবং শিলিগুড়িতে ৯৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে। তিস্তায় জারি রয়েছে হলুদ সতর্কতা। জলমগ্ন অঞ্চলগুলি থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরানো হচ্ছে। অনেকে নিজেরাই সরে গিয়েছেন। আলিপুরদুয়ারের চা বাগানেও জল ঢুকেছে। ব্যাহত সড়ক এবং উত্তরবঙ্গগামী রেল পরিষেবা।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৪