দুদক চেয়ারম্যানের ‘সরল বিশ্বাস কী, পরিষ্কার নয়: কাদের
সুপ্রিয় পাঠক/শ্রোতা! ১৯ জুলাই শুক্রবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
প্রথমে বাংলাদেশে:
- দুদক চেয়ারম্যানের ‘সরল বিশ্বাস কী, পরিষ্কার নয়: কাদের-দৈনিক প্রথম আলো
- ডেঙ্গু নিয়ন্ত্রণে নিজেদের আগে সচেতন হতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী-দৈনিক কালেরকণ্ঠ
- ফখরুল সাহেবরা কালো চশমা পরে উন্নয়নের কী দেখবেন: কাদের-দৈনিক যুগান্তর
- চার জেলায় বন্যা পরিস্থিতির আরো অবনতির আশঙ্কা: দৈনিক ইত্তেফাক
- খালেদা জিয়ার মুক্তির দাবিতে সহসাই কঠোর কর্মসূচি:ফারুক-দৈনিক মানবজমিন
- রিফাত হত্যা: রিশান ফরাজি রিমান্ডে-দৈনিক নয়াদিগন্ত
ভারতের খবর:
- গরু চোর সন্দেহে বিহারে তিন জনকে পিটিয়ে খুন করল উত্তেজিত জনতা-দৈনিক আনন্দবাজার পত্রিকা
- ট্রেন থামিয়ে লাইনেই প্রস্রাব মোটরম্যানের, ভাইরাল ভিডিও -দৈনিক আজকাল
- গেলকে ডেট এ যাওয়ার প্রস্তাব দিয়েছিলেন দিল্লির এক তরুণী: দৈনিক আজকাল
- স্কুলের মধ্যেই সদস্যতা অভিযান! পড়ুয়াদের গলায় দলীয় উত্তরীয় পরালেন বিজেপি বিধায়ক-দৈনিক সংবাদ প্রতিদিন
পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ
দুদক চেয়ারম্যানের ‘সরল বিশ্বাস কী, পরিষ্কার নয়: কাদের-দৈনিক প্রথম আলো
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান সরল বিশ্বাস বলতে কী বুঝিয়েছেন, তা পরিষ্কার নয়। এ বিষয়টি পরিষ্কার হতে হবে। তিনি বলেন, সরকার যেকোনো দুর্নীতিকে দুর্নীতি হিসেবেই দেখবে। আজ শুক্রবার সকালে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এ কথা বলেন। ঢাকায় ডিসি সম্মেলনে দুদক চেয়ারম্যানের বক্তব্যের বিষয়ে সাংবাদিকেরা জানতে চাইলে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের এ কথা বলেন। ডিসি সম্মেলনে দুদক চেয়ারম্যান বলেন, ফৌজদারি আইনে সরল বিশ্বাসে অপরাধ করলে তা অপরাধ হিসেবে গণ্য হয় না। তবে তিনি এও বলেন, সরল বিশ্বাস বিষয়টি প্রমাণিত হতে হবে। অবশ্য ওবায়দুল কাদের এও বলেন, দুদক চেয়ারম্যানের বক্তব্যকে ভিন্নভাবে দেখার সুযোগ নেই। এম এরশাদ পরবর্তী জাতীয় পার্টির রাজনৈতিক ভবিষ্যৎ সম্পর্কে বলতে গিয়ে মন্ত্রী কাদের বলেন, সংসদে জাতীয় পার্টির অনেকগুলো আসন আছে। এরশাদের অবর্তমানে তাদের দলীয় রাজনীতি কেমন হবে সেটা দলটির অভ্যন্তরীণ ব্যাপার। তিনি বলেন, রাজনীতিতে তারাই টিকে থাকবে, যারা সময়োপযোগী ও যুগোপযোগী রাজনীতি করবে।
ডেঙ্গু নিয়ন্ত্রণে নিজেদের আগে সচেতন হতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী-দৈনিক কালেরকণ্ঠ
ডেঙ্গু রোগ বহনকারী এডিস মশা নিধনে নিজেদের যার যার অবস্থান থেকে আগে সচেতন হতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ শুক্রবার রাজধানীর মানিক মিয়া এভিনিউতে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগের বাহক এডিস মশা সম্পর্কে নগরবাসীকে সচেতন করতে র্যালির আগে তিনি এমন মন্তব্য করেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘গেল বছরের আগ পর্যন্ত এটি (ডেঙ্গু ও চিকুনগুনিয়া) নিয়ে আমরা তেমন একটা চিন্তিত ছিলাম না। কিন্তু এখন চিন্তার বিষয় আছে। আর তাই এই এডিস মশা নিধনে সরকারের যেসব প্রচেষ্টা ছিল, সকল প্রচেষ্টা অব্যাহত থাকবে।’ তিনি বলেন, ‘বৃষ্টিতে কোথাও পানি জমে থাকলে এই মশা সহজে বিস্তার লাভ করে। আমাদের নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখতে হবে। নিজেদের আগে সচেতন হতে হবে। তাহলেই এই রোগ ও মশা থেকে আমরা মুক্তি পাব।’ র্যালিতে উপস্থিত ছিলেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম, লেখক সৈয়দ আবুল মকসুদ, ডিএনসিসি এলাকার কাউন্সিলর, নেতাকর্মী, চলচ্চিত্র, টেলিভিশন, ক্রীড়া ও অন্যান্য সাংস্কৃতিক ব্যক্তিরা।
ফখরুল সাহেবরা কালো চশমা পরে উন্নয়নের কী দেখবেন: কাদের-দৈনিক যুগান্তর
মেগাপ্রকল্পের নামে লুটপাট করছে সরকার- বিএনপি নেতাদের এমন বক্তব্যের কড়া জবাব দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, তারা তো কোনো দিন উন্নয়ন করেননি। উন্নয়নের রোল মডেলের কী বুঝবেন ফখরুল সাহেবরা? উনারা তো কালো চশমা পরেন। এ জন্য আওয়ামী লীগ সরকারের উন্নয়ন চোখে দেখেন না।
শুক্রবার সকালে আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
নেতাকর্মীদের চাঙ্গা রাখতে বিএনপি নেতারা এসব বক্তব্য রাখছেন মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি এমন একটি দল, তারা আন্দোলনে ব্যর্থ, নির্বাচনে ব্যর্থ। তারা শুধু নালিশ আর অভিযোগ করতে পারে। কর্মীদের চাঙ্গা রাখার জন্য মাঝে মধ্যে এমন কথা তারা বলে।
বিএনপির সাংগঠনিক কাজে সরকারি বাধার অভিযোগ উড়িয়ে দিয়ে কাদের বলেন, বিএনপির কোথাও কোনো সভায় পুলিশ বাধা দেয়নি। সবখানে তারা সভার অনুমতি পেয়েছে। কেই গতকাল তো বরিশালে জনসভা করেছে। তাদের কোথাও বাধা দেয়া হচ্ছে না। সরকারের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ বিএনপির কল্পিত।
চার জেলায় বন্যা পরিস্থিতির আরো অবনতির আশঙ্কা: দৈনিক ইত্তেফাক
আগামী ২৪ ঘণ্টা মানিকগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর ও মুন্সীগঞ্জে বন্যার পরিস্থিতি আরো অবনতির আশঙ্কা করা হয়েছে। এছাড়া ওই সময়ে বগুড়া, জামালপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, নেত্রকোনা, সুনামগঞ্জ ও সিলেটে বন্যা পরিস্থিতি উন্নতি হতে পারে। অপরদিকে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত দেশের বিভিন্ন নদীর পানি ২২ পয়েন্টে বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। শুক্রবার বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে এ তথ্য জানানো হয়।
এতে আরো বলা হয়, আগামী ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি সমতল হ্রাস পেতে পারে এবং ব্রক্ষপুত্র নদের পানি সমতল হ্রাস অব্যাহত থাকতে পারে। অপরদিকে গঙ্গা-পদ্মা নদীর পানি সমতল বৃদ্ধি আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এছাড়া আগামী ২৪ ঘণ্টা পুরাতন ব্রক্ষপুত্র নদ জামালপুর এবং পদ্মা নদীর সুরেশ্বর পয়েন্টে বিপৎসীমা অতিক্রম করতে পারে। ওই সময়ের মধ্যে টাঙ্গাইল এবং সিরাজগঞ্জ জেলায় বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে। যমুনা, গঙ্গা-পদ্মা ছাড়া প্রধান প্রধান নদীর পানি সমতলে হ্রাস পাচ্ছে।
খালেদা জিয়ার মুক্তির দাবিতে সহসাই কঠোর কর্মসূচি:ফারুক-দৈনিক মানবজমিন
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির আন্দোলন বেগবান করতে সহসাই দলটি কঠোর কর্মসূচি গ্রহণ করবে বলে জানিয়েছেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। আজ শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে অপরাজেয় বাংলাদেশ নামক একটি সংগঠন আয়োজিত ‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন নিয়ে নাটকীয়তার প্রতিবাদে এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জয়নুল আবদিন ফারুক বলেন, খালেদা জিয়ার মুক্তির আন্দোলন বেগবান করতে সহসাই কর্মসূচি গ্রহণ করা হবে। গতকাল বরিশালের মহাসমাবেশে সারা দেশবাসী লক্ষাধিক লোকের সমাগম দেখেছে। আগামীকাল চট্টগ্রামে হবে, ২৫ তারিখ খুলনায় হবে এখানেও লক্ষাধিক লোকের সমাগম সমাগম ঘটবে। আশা করব সরকার তার আগেই বেগম খালেদা জিয়ার মুক্তির ব্যবস্থা করবে। সেটি না করলে সারা দেশে যে তীব্র আন্দোলন হবে সেই আন্দোলনে অবশ্যই তাদের গদি নাড়িয়ে দেয়া হবে। তিনি আরও বলেন, সারা বাংলাদেশের মানুষ আজ মানবেতর জীবনযাপন করছে।
রিফাত হত্যা : রিশান ফরাজি রিমান্ডে-দৈনিক নয়াদিগন্ত
রগুনায় আলোচিত রিফাত শরীফকে কুপিয়ে হত্যার ঘটনায় আসামি রিশান ফরাজীকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে আদালত।আজ শুক্রবার বরগুনার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক মো: সিরাজুল ইসলাম গাজী এ আদেশ দেন। আজ রিশানকে আদালতে হাজির করে পুলিশের পক্ষ থেকে সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়েছিল। শুনানি শেষে বিচারক পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। গতকাল বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে রিশানকে গ্রেফতারের খবর দিয়েছিলেন বরগুনায় পুলিশ সুপার মো: মারুফ হোসেন। তবে কোথা থেকে তাকে ধরা হয়েছে, সে তথ্য তিনি দেননি। বরগুনা জেলা পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেনের ভায়রার ছেলে রিশান ও তার ভাই রিফাত ফরাজী এ মামলার প্রধান আসামি সাব্বির আহম্মেদ ওরফে নয়ন বন্ডের সহযোগী। গত ২ জুলাই নয়ন বন্ড ‘বন্দুকযুদ্ধে'নিহত হয়েছেন বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয় আর রিফাত ফরাজি গ্রেফতার হয় দুই সপ্তাহ আগে।
এবার ভারতে বিস্তারিত খবর তুলে ধরছি
গরু চোর সন্দেহে বিহারে তিন জনকে পিটিয়ে খুন করল উত্তেজিত জনতা-দৈনিক আনন্দবাজার পত্রিকা
গো-রক্ষার নামে দেশ জুড়ে স্বঘোষিত গোরক্ষকদের হুজ্জতি অব্যাহত। তার মধ্যেই এ বার নৃশংস হত্যাকাণ্ডের সাক্ষী থাকল বিহার। সেখানে একটি গ্রামে গরু চোর সন্দেহে তিন ব্যক্তিকে পিটিয়ে মারল উত্তেজিত জনতা।শুক্রবার ভোরে বিহারের সারণ জেলার বানিয়াপুর গ্রামে ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভোরের আলো ফোটেনি তখনও। সেইসময় এলাকায় পিকআপ ট্রাক-সহ তিন ব্যক্তির উপর নজর পড়ে স্থানীয় মানুষের।
ওই ট্রাকে একটি বাছুর ছিল বলে অভিযোগ। তা দেখে সন্দেহ জাগে স্থানীয়দের মনে। বাছুর চুরি করে পাচার করা হচ্ছে বলে ধারণা জন্মায়। আর তাতেই দলবল, লাঠিসোটা সমেত ওই তিনজনের উপর চড়াও হয় একদল উত্তেজিত মানুষ। তাদের বেধড়ক মারধর করা হয়। নৃশংস অত্যাচার সইতে না পেরে ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে পড়ে যান ওই তিন জন। সেই অবস্থায় ছাপরা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন।
ট্রেন থামিয়ে লাইনেই প্রস্রাব মোটরম্যানের, ভাইরাল ভিডিও -দৈনিক আজকাল
যান্ত্রিক ত্রুটি যা যাত্রী বিক্ষোভের জেরে ট্রেনের দেরি হওয়ার ঘটনা নতুন নয়। কিন্তু মোটরম্যানের প্রস্রাব করার জন্য ট্রেনের দেরি! বুধবার অবশ্য এমনই ঘটনার সাক্ষী থাকল মুম্বইয়ের একটি ট্রেনের যাত্রীরা। লাইনে দাঁড়িয়ে প্রস্রাব করার জন্য ট্রেন থামিয়ে লাইনেই দাঁড়িয়ে পড়লেন এক রেলকর্মী। সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
মুম্বইয়ে লোকাল ট্রেনে প্রতিদিন কয়েক লক্ষ মানুষ যাতায়াত করেন। তাই এই ঘটনা কেউ মানতে পারছেন না। ভিডিওটিতে স্পষ্ট দেখা গেছে, মোটরম্যান ট্রেন থামিয়ে লাফ দিয়ে নামলেন। তারপর ট্রেনের সামনে লাইনেই করলেন প্রস্রাব। এরপর প্রস্রাব শেষ করে ফের ট্রেনে উঠে পড়লেন। ছেড়ে দিল ট্রেন।
গোটা ঘটনায় বেশ অস্বস্তিতে পড়েছে রেল কর্তৃপক্ষ। রেলকর্তারা বলেছেন, সাধারণত দূরের যাত্রায় মোটরম্যানদের সমস্ত কাজ সেরে নেওয়ার জন্য খানিকটা সময় দেওয়া হয়। সেক্ষেত্রে এই ঘটনা ঘটা উচিত নয়। কিন্তু তা ঘটেছে। অম্বরনাথ ও উল্লাসনগর স্টেশনের মাঝে ঘটনাটি ঘটে। প্রশ্ন উঠেছে, শৌচকর্ম কি পরবর্তী স্টেশনে গিয়ে করা যেত না? অনেকে আবার মোটরম্যানের পাশে দাঁড়িয়েছেন। বলেছেন, এমন পরিস্থিতিতে তিনি কীই বা করতে পারতেন?
গেলকে ডেট এ যাওয়ার প্রস্তাব দিয়েছিলেন দিল্লির এক তরুণী: দৈনিক আজকাল
ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জেই শুধু নয়। বিশ্বের বিভিন্ন প্রান্তে ক্রিস গেল জনপ্রিয়। আর আইপিএল খেলার সুবাদে ভারতে তো বটেই। সেই গেলকেই ডেট এ যাওয়ার প্রস্তাব দিয়েছিলেন দিল্লির এক তরুণী। যা ফের একবার প্রকাশ্যে এসেছে। আইপিএলের নবম সংস্করণের সময় ঘটনাটি ঘটে। গেল তখন খেলছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বাঙ্গালোরে। জানা গেছে দিল্লির ওই তরুণীর নাম আরোহী। তিনি গেলকে ডেট এ যাওয়ার প্রস্তাব দেন। তরুণীকে জবাবও দিয়েছিলেন গেল। প্রথমে ক্যারিবিয়ান ব্যাটসম্যানকে উদ্দেশ্যে করে তরুণী লিখেছিলেন, ‘আমার হৃদয় আপনার জন্য ধুকপুক করে। আমরা কি ডেট এ যেতে পারি?’ জবাবে গেল টুইট করেছিলেন, ‘আমি তোমার সঙ্গে ডিনার করতে যেতে প্রস্তুত। কিন্তু খাবারের টাকা তোমাকে দিতে হবে।’ জবাবে আরোহী বলেছিল, ‘আমি খাবারের টাকা দেওয়ার জন্য প্রস্তুত। কিন্তু আপনাকে আরসিবির পরবর্তী ম্যাচে শতরান করতে হবে।’ জবাবে গেল ‘হ্যাঁ’ বলেছিলেন।
গেল ভক্ত ও তৎকালীন আরসিবি সতীর্থরা গেলের এই উদার মনের প্রশংসা করেছিলেন। এই টুইটটি ফের প্রকাশ্যে এসেছে। তবে জানা গেছে, গেল কিন্তু আরোহীর সঙ্গে ডেট এ যাননি।
বাবরি ধ্বংস মামলায় ৯ মাসের মধ্যেই ভাগ্য নির্ধারণ আডবানী-উমার -দৈনিক সংবাদ প্রতিদিন
বাবরি মসজিদ ধ্বংস মামলায় ৯ মাসের মধ্যেই বিচারপ্রক্রিয়া শেষ করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট৷ আজ, শুক্রবার থেকেই কার্যকরী হয়েছে এই নির্দেশ৷ ফলে অপরাধমূলক ষড়যন্ত্রের মামলায় বর্ষীয়ান বিজেপি নেতা লালকৃষ্ণ আডবানী, মুরলী মনোহর জোশী, উমা ভারতী, কল্যাণ সিং-সহ বাকি অভিযুক্তদের ভাগ্য নির্ধারণ হবে আগামী কয়েক মাসের মধ্যেই৷
বাবরি ধ্বংস মামলার শুনানি চলছে লখনউয়ের সিবিআই আদালতে৷ ২০১৭ সাল থেকে সুপ্রিম কোর্টের নির্দেশে এই মামলাটি চলছে বিচারক সুরেন্দ্র কুমার যাদবের এজলাসে৷ কয়েকদিন আগেই মামলাটির অগ্রগতি সম্পর্কে শীর্ষ আদালতকে জানিয়েছিলেন বিচারক যাদব৷ তিনি জানিয়েছিলেন, বিচারপ্রক্রিয়া অনেকটাই এগিয়ে গিয়েছে৷ আর মাস ছয়েক সময় পেলেই তিনি রায়দান করতে পারবেন৷ তবে আগামী সেপ্টেম্বর মাসের ৩০ তারিখ যেহেতু তাঁর অবসরের সময়সীমা, তাই রায়দান তাঁর পক্ষে সম্ভব হবে কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন তিনি৷ তারপরই এদিন উত্তরপ্রদেশ সরকার ও এলাহাবাদ হাই কোর্টকে, সিবিআই আদালতের বিচারকের মেয়াদ বাড়ানোর নির্দেশ দিয়েছে বিচারপতি আর এফ নরিমান ও বিচারপতি সূর্যকান্তের বেঞ্চ৷ শীর্ষ আদালত সাফ নির্দেশ দেয়, এই মামলায় প্রমাণ রেকর্ড ছয় মাসের মধ্যে এবং রায়দান নয় মাসের মধ্যে করতে হবে।
স্কুলের মধ্যেই সদস্যতা অভিযান! পড়ুয়াদের গলায় দলীয় উত্তরীয় পরালেন বিজেপি বিধায়ক-দৈনিক সংবাদ প্রতিদিন
বিজেপির সদস্য সংগ্রহ অভিযান চলছে। দলীয় নেতা-কর্মীদের পাশাপাশি সাংসদ এবং বিধায়কদের কোটা বেঁধে দিয়েছেন সর্বভারতীয় সভাপতি! কিন্তু, দেশের কাজ করার পর তাঁদের হাতে সময় কোথায়! তাই কেউ কেউ নিজের আত্মীয় ও বন্ধুদের দিয়ে ফর্ম পূরণ করিয়ে জমা করছেন। দলের কাছে নিজের দক্ষতার পরিচয় দিচ্ছেন! কেউ আবার নিচ্ছেন অন্য কোনও পথ। কিন্তু, এরই মাঝে স্কুল পড়ুয়াদের বিজেপির সদস্য বানিয়ে বিতর্ক তৈরি করলেন উত্তরপ্রদেশের এক বিজেপি বিধায়ক। চান্দৌলি জেলার সৈয়দ রাজা বিধানসভা কেন্দ্রের ওই বিধায়কের নাম সুশীল সিং। এই ঘটনার ভিডিও প্রকাশ্যে আসার পর, যাদের ভোট দেওয়ার বয়স হয়নি তাদের রাজনৈতিক দলের সদস্য বানানোর মানে কী? সেই প্রশ্নই উঠছে।#
পার্সটুডে/বাবুল আখতার/১৯