জুলাই ২০, ২০১৯ ১০:৫৭ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: ২০ জুলাই শনিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।

বাংলাদেশের শিরোনাম

  • প্রিয়া সাহার বক্তব্যকে ‘দেশদ্রোহী’ বললেন কাদের-দৈনিক প্রথম আলো
  • অভিযোগ প্রমাণ করতে না পারলে প্রিয়ার বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী-দৈনিক যুগান্তর
  • নেত্রী ও গণতন্ত্র মুক্ত করার আন্দোলন শুরু করেছে বিএনপি : দুদু-দৈনিক নয়া দিগন্ত
  • মিন্নিকে আইনি সহায়তা দিতে বরগুনার পথে শতাধিক আইনজীবী-দৈনিক ইত্তেফাক
  • ‘দুদক বেশিরভাগ চুনোপুঁটিদের নিয়েই অনুন্ধান করে’-দৈনিক মানবজমিন

ভারতের শিরোনাম:    

  • সোনভদ্রে যেতে বাধা কংগ্রেস-তৃণমূলকে, বারাণসীতেই আটকে দিল পুলিশ-দৈনিক আনন্দবাজার
  • অনশনরত প্রাথমিক শিক্ষকদের পাশে এবার বিজেপি, সাহায্যের আশ্বাস দিলীপের-দৈনিক সংবাদ প্রতিদিন
  • জয় শ্রীরাম’ বলতে না চাওয়ায় ঔরাঙ্গাবাদে বেধড়ক মার মুসলিম ব্যক্তিকে-দৈনিক আজকাল

পাঠক/শ্রোতা! এবারে গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব। 

কথাবার্তার বিশ্লেষণের বিষয়:

 বিশ্লেষণের বাইরের গুরুত্বপূর্ণ কয়েকটি খবর

১. বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, দুদক বেশিরভাগই চুনোপুঁটিদের নিয়ে কাজ করে। রাঘব বোয়ালদের নিয়ে কাজ করতে সমস্যা হয়। দৈনিক মানবজমিনে প্রকাশিত এ খবরকে আপনি কীভাবে দেখছেন?

২. মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও আবারো বলেছেন, ইরানের সঙ্গে নিঃশর্ত সংলাপ চাই আমেরিকা। সংলাপের ব্যাপারে তিনি অনেকটা পীড়াপীড়ি করছেন। এর কারণ কী?

প্রিয়া সাহার বক্তব্যকে ‘দেশদ্রোহী’ বললেন কাদের-কাদের=দৈনিক প্রথম আলো

বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক প্রিয়া সাহার অভিযোগ অসত্য এবং গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, এ বক্তব্য শুধু নিন্দনীয় অপরাধ নয়, সাম্প্রদায়িক শক্তির জন্য উসকানিমূলক। দেশদ্রোহী এ বক্তব্যের জন্য ব্যবস্থা নিতে হবে এবং এর প্রক্রিয়া চলছে।

আজ শনিবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। সাধারণ সম্পাদক বলেন, মার্কিন রাষ্ট্রদূত এ নিয়ে বক্তব্য দেওয়ার পর আর কিছু বলার থাকে না। আওয়ামী লীগের কোনো পর্যায়ের কোনো সংগঠনে প্রিয়া সাহার প্রাথমিক সদস্য পদও নেই বলে জানান তিনি।

অভিযোগ প্রমাণ করতে না পারলে প্রিয়ার বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী-দৈনিক যুগান্তর

সংখ্যালঘুদের নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে করা অভিযোগ প্রমাণ করতে না পারলে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক প্রিয়া সাহার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ শনিবার (২০ জুলাই) সকালে রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি আরও বলেন, ‘প্রিয়া যা বলেছেন সম্পূর্ণ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত। এ বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।

‘দুদক বেশিরভাগ চুনোপুঁটিদের নিয়েই অনুন্ধান করে’-দৈনিক মানবজমিন

দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, দুদক বেশিরভাগই চুনোপুঁটিদের নিয়ে কাজ করে। রাগব বোয়ালদের নিয়ে কাজ করতে সমস্যা হয়। আর যাদেরকে ধরা হয় তাদের ৬০ থেকে ৭০ ভাগই চুনোপুঁটি। শনিবার জাতীয় প্রেসক্লাবে ‘দুর্নীতি দমনে আইনজীবী ও বিচার বিভাগের ভূমিকা শীর্ষক’ এক সেমিনারে তিনি এসব কথা বলেন। দুদক চেয়ারম্যান বলেন, ছোট গাছ উপরানো যতটা সহজ, বট গাছ উপরানো ততটা সহজ নয়। তবে আমরা যে বড়দের ধরছি না বিষয়টি এমন না।  বর্তমানে সরকারি দলের প্রায় ১৫জন এমপি মন্ত্রী আমাদের অনুসন্ধানে রয়েছে। তাছাড়া অন্য দুইদলের প্রায় ৩৭জন এবং আমলাদের মধ্যে প্রায় ১৫ জনের বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে আমরা অনুসন্ধান চালাচ্ছি। দুদকের চেয়ারম্যান আক্ষেপ করে বলেন, আমাদের এখান থেকে তথ্য পাচার হয়।

মিন্নিকে আইনি সহায়তা দিতে বরগুনার পথে শতাধিক আইনজীবী-দৈনিক ইত্তেফাক

আয়েশা সিদ্দিকা মিন্নিকে আইনি সহায়তা দিতে বরগুনা যাচ্ছেন একঝাঁক আইনজীবী। আজ শনিবার ঢাকা, বরিশাল, পটুয়াখালী, ঝালকাঠি থেকে শতাধিক আইনজীবীর একটি দল বরগুনার উদ্দেশে রওনা দিয়েছেন। রবিবার আইনজীবীরা কারাগারে মিন্নির সঙ্গে স্বাক্ষাত করে ওকালতনামায় স্বাক্ষর নেবে। এরপরই বরগুনা আদালতে মিন্নির জামিনের বিষয়ে আইনি পদক্ষপ নেবেন তারা। এ প্রসঙ্গে বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জেডআই খান পান্না ইত্তেফাককে বলেন, আজ ঢাকা থেকে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক) এর আইনজীবীরা, বরিশাল, পটুয়াখালী ও ঝালকাঠি থেকে বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) সহ বিভিন্ন মানবাধিকার সংগঠনের আইনজীবীরা বরগুনার পথে যাত্রা করেছেন । রবিবার থেকে মিন্নির জামিনের জন্য চেষ্টা চালানো হবে।

তিনি বলেন, বরগুনা থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত আইনি লড়াইয়ের প্রস্তুতি নিয়েছি। দেশের সকল আইনজীবীদের সহানুভূতির জন্য এবং মানবাধিকার প্রতিষ্ঠার ভূমিকা স্বরণীয় হয়ে থাকবে।

নেত্রী ও গণতন্ত্র মুক্ত করার আন্দোলন শুরু করেছে বিএনপি : দুদু-দৈনিক নয়া দিগন্ত

বিএনপি'র ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন,আন্দোলন শুরু হয়েছে নেত্রীকে মুক্ত করার মাধ্যমে গণতন্ত্রকে মুক্ত করে এদেশের মানুষের অধিকার ফিরিয়ে দিয়ে আমরা ঘরে ফির‌বো। তি‌নি ব‌লেন, ইতোমধ্যে বিএনপি রাস্তায় নেমেছে এই রাস্তার আন্দোলনকে বেগবান করার জন্য। বরিশালে আমরা সমাবেশ করেছি। আজ (শনিবার) সমাবেশ হবে চট্টগ্রামে। ২৫ তারিখে হবে খুলনায়, পর্যায় ক্রমে সব বিভা‌গে হ‌বে । তারপরে সব জেলাতে সমাবেশ করা হবে।শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি'র চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি

জয় শ্রীরাম’ বলতে না চাওয়ায় ঔরাঙ্গাবাদে বেধড়ক মার মুসলিম ব্যক্তিকে-দৈনিক আজকাল

ফের একবার ‘জয় শ্রীরাম’ বলতে না চাওয়ায় আক্রান্ত মুসলিম ব্যক্তি। এবার ঘটনাস্থল মহারাষ্ট্রের ঔরাঙ্গাবাদ। শুক্রবার ইমরান ইসমাইল প্যাটেল নামে এক হোটেলকর্মীকে বেধড়ক মারধর করে ‘জয় শ্রীরাম’ বলায় অজ্ঞাত পরিচয় কয়েকজন। ঘটনায় রীতিমতো উত্তেজনা ছড়িয়েছে ঔরাঙ্গাবাদের বেগমপুরা এলাকায়।

জানা গিয়েছে, শুক্রবার সকালে মোটরবাইকে চড়ে বাড়ি ফিরছিলেন ইসমাইল। সেসময় বেগমপুরা এলাকার হাডকো কর্নারে তাঁর রাস্তা আটকায় ১০ অজ্ঞাতপরিচয় দুষ্কৃতি। এরপর তাঁকে ‘জয় শ্রীরাম’ বলতে বলা হয়। ইসমাইল ওই দুষ্কৃতিদের দাবি মানতে না চাইলে, ওখানেই তাঁকে বেধড়ক মারধর করা হয় ‘জয় শ্রীরাম’। এই সময় ইসমাইলকে মার খেতে দেখে এগিয়ে আসে গনেশ নামে এক ব্যক্তি এবং তাঁর পরিবারের সদস্যরা। তাঁরাই ওই হোটেলকর্মীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিস। ইতিমধ্যে অজ্ঞাতপরিচয় ওই দুষ্কৃতিদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। গোটা বিষয়টি তদন্ত করা হচ্ছে। ভারতীয় দণ্ডবিধি ১৫৩–এ এবং ১৪৪ ধারায় মামলা দায়ের হয়েছে।‌‌

অনশনরত প্রাথমিক শিক্ষকদের পাশে এবার বিজেপি, সাহায্যের আশ্বাস দিলীপের-দৈনিক সংবাদ প্রতিদিন

ন্যায্য বেতনের দাবিতে সল্টলেকের বিকাশ ভবনের সামনে ধরনায় বসেছেন প্রাইমারি শিক্ষকরা৷ শনিবার অষ্টম দিনে পড়ল তাঁদের সেই ধরনা কর্মসূচি। আর এদিনই শিক্ষকদের পাশে দাঁড়িয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ৷ সাফ জানালেন, তাঁরা শিক্ষকদের পাশে রয়েছেন৷ রাজ্য সরকারের বিরুদ্ধে একটানা আন্দোলনের ফলে, শিক্ষকদের যে দুর্দশা হয়েছে তা অত্যন্ত লজ্জার৷ দ্রুত সরকারকে এই সমস্যা সমাধানের হুঁশিয়ারিও দিলেন মেদিনীপুরের সাংসদ৷

শুক্রবার উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফে ঘোষণা করা হয়েছে, রাজ্য সরকার পদক্ষেপ না করলে তাঁরা অনশন চালিয়ে যাবে। আন্দোলনকারীদের বক্তব্য, অন্যান্য রাজ্যের প্রাথমিকের শিক্ষক-শিক্ষিকারা যে হারে বেতন পান, সেই হারেই এ রাজ্যের প্রাথমিক শিক্ষকদের বেতন কাঠামো হওয়া উচিত। তা না হলে, ন্যায্য বেতনের দাবিতে তাঁরা অনশন আন্দোলন চালিয়ে যাবেন। সূত্রের খবর, এই অনশনে প্রায় প্রতিদিনই কেউ না কেউ অসুস্থ হয়ে পড়ছেন। এ দিনও সাত জন আন্দোলনকারী অসুস্থ হয়ে পড়েন।

সোনভদ্রে যেতে বাধা কংগ্রেস-তৃণমূলকে, বারাণসীতেই আটকে দিল পুলিশ-দৈনিক আনন্দবাজার

সোনভদ্রে যাওয়ার আগে মির্জাপুরের কাছে যে ভাবে আটকে দেওয়া হয়েছিল প্রিয়ঙ্কা গাঁধীকে, ঠিক একই কায়দায় বারাণসী বিমানবন্দরে কংগ্রেস ও তৃণমূলের প্রতিনিধি দলকে আটকে দিল উত্তরপ্রদেশ পুলিশ। তাঁদের প্রতিনিধি দলকে আটক করা হয়েছে বলে টুইটে জানান তৃণমূল সাংসদ ডেরেক ও’ ব্রায়েন। 

সোনভদ্র যাওয়ার জন্য শনিবার সকালে বারাণসীতে পৌঁছয় ডেরেকের নেতৃত্বাধীন তৃণমূলের তিন সদস্যের একটি প্রতিনিধি দল। অন্য দিকে, কংগ্রেসেরও একটি প্রতিনিধি দল পৌঁছয় বারাণসীতে। সেই দলে ছিলেন আরপিএন সিংহ, রাজীব শুক্ল ও যতীন প্রসাদ। বারাণসী বিমানবন্দরে নামতেই তাঁদের আটকে দেয় পুলিশ।

কেন তাঁদের আটকানো হল— এই প্রশ্ন করায় পুলিশ জানিয়েছে, শীর্ষ মহলের নির্দেশেই তাঁদের আটক করা হয়েছে। কিন্তু কোন ধারায় আটকানো হয়েছে, পুলিশ তার সুনির্দিষ্ট কোনও উত্তর দর্শাতে পারেনি বলে দাবি তৃণমূলের প্রতিনিধি দলটির।

শুক্রবার সোনভদ্র যাওয়ার পথে প্রিয়াঙ্কা গান্ধীকে আটক করে নিজেদের হেফাজতে নেয় উত্তরপ্রদেশ পুলিশ। উত্তপ্ত সোনভদ্রে তিনি যেতে পারবেন না বলে জানিয়ে দেওয়া হয়। কিন্তু, কোনও আইনে তাঁকে আটকানো হয়েছে, তা জানতে চান প্রিয়াঙ্কা। যদিও তা জানাতে পারেনি যোগী প্রশাসন। পাশাপাশি শুক্রবার রাতে ইচ্ছে করে মির্জাপুর গেস্ট হাউসে লোডশেডিং করিয়ে রাখা হয় বলে অভিযোগ কংগ্রেস নেতৃত্বের। গত বুধবার উত্তরপ্রদেশের সোনভদ্র এলাকার একটি গ্রামে জমি নিয়ে বিবাদের জেরে ভয়াবহ সংঘর্ষ হয়। খুন করা হয় ১০ জন আদিবাসীকে। ওই গ্রামের প্রধান বহিরাগত দুষ্কৃতীদের নিয়ে এসে জমি দখলের চেষ্টা করে। আর এর জেরেই প্রাণ হারান ১০ জন আদিবাসী।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২০