দেশের ভেতর ও বাইরে থেকে গুজব ছড়ানো হচ্ছে: আইজিপি
সুপ্রিয় পাঠক/শ্রোতা! ২৪ জুলাই বুধবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।
বাংলাদেশের শিরোনাম:
- দেশের ভেতর ও বাইরে থেকে গুজব ছড়ানো হচ্ছে: আইজিপি-দৈনিক প্রথম আলো
- 'রূপপুর বালিশ দুর্নীতিতে ৩৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা': দৈনিক কালেরকণ্ঠ
- গুজব সৃষ্টিকারীদের শাস্তি পেতেই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী-দৈনিক যুগান্তর
- ছেলেধরা আতঙ্কে ইশ্বরদীর স্কুলগুলোতে কমেছে উপস্থিতি-দৈনিক ইত্তেফাক
- প্রিয়া সাহা অন্যায় করেননি: সীতাংশু গুহ-দৈনিক মানবজমিন
- ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক ঈদের আগেই সংস্কার: ওবায়দুল কাদের-দৈনিক নয়া দিগন্ত
ভারতের শিরোনাম:
- বন্ধ হোক ধর্মের নামে গণপিটুনি, মুক্ত চিন্তার পক্ষে সওয়াল করে প্রধানমন্ত্রীকে পত্রাঘাত বিদ্বজ্জনদের-দৈনিক আনন্দবাজার পত্রিকা
- পাকিস্তানে ছিল ৪০ জঙ্গি গোষ্ঠী, এতদিন মিথ্যে বলেছিল পাক প্রশাসন: ইমরান খান -দৈনিক আজকাল
- অসমে নাগরিকপঞ্জি প্রকাশের সময়সীমা এক মাস বাড়াল সুপ্রিম কোর্ট-দৈনিক সংবাদ প্রতিদিন
পাঠক/শ্রোতা! এবারে গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব। জনাব সিরাজুল ইসলাম কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি
কথাবার্তার প্রশ্ন: ২৪ জুলাই, ২০১৯
১. ‘পদ্মা সেতু নির্মাণে মানুষের মাথা লাগবে’ ---এমন একটি গুজবকে কেন্দ্র বাংলাদেশে এই মুহূর্তে এক ধরনের সামাজিক অস্থিরতা দেখা দিয়েছে। এরইমধ্যে কয়েকজনকে ছেলেধরা সন্দেহে পিটিয়ে হত্যা করা হয়েছে। কী বলবেন বিষয়টি নিয়ে?
২. আমেরিকা বিশ্বকে অস্থিতিশীল করে তুলছে- নতুন শ্বেতপত্রে একথা বলেছে চীন। কতটি সত্য এ বক্তব্য?
জনাব সিরাজুল ইসলাম আপনাকে আবারো ধন্যবাদ
দেশের ভেতর ও বাইরে থেকে গুজব ছড়ানো হচ্ছে: আইজিপি-দৈনিক প্রথম আলো
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, পরিকল্পিতভাবে দেশের ভেতর ও বাইরে থেকে গুজব ছড়ানো হচ্ছে। উন্নয়নের অগ্রগতি রুখতে স্বার্থান্বেষী মহল তৎপরতা চালাচ্ছে। জাবেদ পাটোয়ারি বলেছেন, তাদের সব আন্দোলন ব্যর্থ হওয়ার পর এই সহজ পথটি, অর্থাৎ ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে গুজব ছড়ানোর পথ বেছে নিয়েছে। গুজব প্রতিরোধে পুলিশের করণীয় জানাতে আজ বুধবার রাজধানীর পুলিশ সদর দপ্তরের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলননম হয়। সেখানে এসব কথা বলেন জাবেদ পাটোয়ারী।
তিনি বলেন, গুজব সৃষ্টিকারীদের মধ্যে এক ব্যক্তি দুবাইয়ে থাকেন। তাঁকে পুলিশ শনাক্ত করেছে। সম্প্রতি পদ্মা সেতু নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের গুজবের জেরে গণপিটুনিতে দেশের বিভিন্ন স্থানে মৃত্যুর ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন অনেকে। গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জানান, এ-যাবৎ গণপিটুনিতে ছয়জন নিহত হয়েছেন। আহত ১৫ জন। আজ সেই গণপিটুনির ঘটনা প্রসঙ্গে পুলিশ মহাপরিদর্শক বলেন, ‘গণপিটুনির ঘটনায় যাঁরা নিহত হয়েছেন, তাঁরা সবাই নিরীহ, কেউ ছেলেধরা নন।’
'রূপপুর বালিশ দুর্নীতিতে ৩৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা': দৈনিক কালেরকণ্ঠ
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পে আলোচিত 'বালিশ দুর্নীতি'র ঘটনায় ৩৪ জন কর্মকর্তাকে দায়ী করে এ সংক্রান্ত তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে সরকার। আজ বুধবার (২৪ জুলাই) সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিবেদন প্রকাশ করেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম।
মন্ত্রী বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পে 'বালিশ দুর্নীতি'র ঘটনায় দুটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছিল। দুটি কমিটির প্রতিবেদন পর্যালোচনায় আমাদের কাছে প্রতীয়মান হয়েছে, ৩৪ জন কর্মকর্তা বা ব্যক্তি ওই ঘটনায় নানা অনিয়ম ও দু্র্নীতির সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত। তিনি বলেন, এর মধ্যে চার কর্মকর্তা বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের। তাঁদের বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ব্যবস্থা গ্রহণ করবেন, আমরা সেই মন্ত্রণালয়কে লিখেছি।
গণপূর্তমন্ত্রী আরো বলেন, আমাদের মন্ত্রণালয় ও মন্ত্রণালয়ের অধীন্যস্ত দপ্তরের কর্মকর্তাদের মধ্যে কয়েকজন কর্মকর্তা এরইমধ্যে এলপিআর (অবসরোত্তর ছুটি) বা অবসরে গেছেন। একজন অবসরে আর তিনজন পিআরএলে রয়েছেন। তাঁদের ক্ষেত্রে ভিন্ন আইনি ব্যবস্থা হবে। যেহেতু তাঁরা দায়িত্বে নেই। এ জন্য আমরা সংশ্লিষ্ট বিভাগকে আইনি ব্যবস্থা নিতে বলেছি
গুজব সৃষ্টিকারীদের শাস্তি পেতেই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী-দৈনিক যুগান্তর
সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন মাধ্যমে গুজব সৃষ্টিকারীদের হুশিয়ারি দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, পরিস্থিতি অস্থিতিশীল করতে ছেলেধরার গুজব ছড়িয়ে মানুষ হত্যা করা হচ্ছে। যারাই এ ঘটনা ঘটাচ্ছেন, তাদের শাস্তি পেতেই হবে। সচিবালয়ে মঙ্গলবার সমসাময়িক ইস্যুতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সোশ্যাল মিডিয়ায় গুজব সৃষ্টির মাধ্যমে কতগুলো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। ঘটনাগুলো কারও কাছে কাম্য নয়। সবই নিছক গুজব, এগুলোর কোনো ভিত্তি নেই।
আমি এর সঙ্গে জানাতে চাচ্ছি, যারা এই ধরনের গণপিটুনিতে অংশ নেন, একজন যদি এই ধরনের হত্যাকাণ্ড ঘটান কিংবা ১০০ জনে ঘটান- শাস্তি কিন্তু একই রকম হবে। এই ধরনের হত্যাকাণ্ড ঘটালে অবশ্যই আমরা আইনের মুখোমুখি করব। আইন অনুযায়ী তাকে শাস্তি পেতেই হবে।
পদ্মা সেতুতে মানুষের মাথা লাগার গুজব। এর মধ্যে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ছেলেধরা সন্দেহে মানুষকে পিটিয়ে হত্যা করা হচ্ছে- এর পেছনে কী উদ্দেশ্য আছে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অস্থিতিশীল পরিস্থিতি, একটা কনফিউশন, মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করার জন্যই এগুলো।
ছেলেধরা আতঙ্কে ইশ্বরদীর স্কুলগুলোতে কমেছে উপস্থিতি-দৈনিক ইত্তেফাক
পদ্মা সেতুতে মাথা লাগবে’ এমন ছেলেধরা গুজবে পাবনার ঈশ্বরদীর স্কুলগুলোতে শিক্ষার্থী উপস্থিতি কমে গেছে। বুধবার উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে সরেজমিনে গিয়ে দেখা যায়, ছাত্র-ছাত্রীর উপস্থিতি অনেক কম। পুলিশ প্রশাসন ও স্থানীয় সংবাদপত্রগুলোতে নিয়মিত এই গুজবে কান না দেয়ার জন্য বারবার প্রচরণা চালিয়েও কোনো কাজ হচ্ছে না।
জানা গেছে, গুজবকে কেন্দ্র করে ছাত্র-ছাত্রীদের বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দিয়েছে অভিভাবকরা। বিশেষ করে প্রাথমিক বিদ্যালয়েই বেশী প্রভাব পড়েছে। গত দুই দিনে একটি শিশু ও নারীর লাশ পদ্মানদী হতে উদ্ধারের পর ঈশ্বরদীজুড়ে চরম আতঙ্ক বিরাজ করছে। এরমধ্যে সোমবার সন্ধ্যার পর এক নারী মানসিক রোগী ও মঙ্গলবার এক দিন মজুরকে ছেলেধরা সন্দেহে পিটুনি দিয়ে থানায় সোপর্দের ঘটনা ঘটেছে।

এই দুজনের ঘটনায় রঙ লাগিয়ে শহর ও গ্রাম এলাকায় প্রচারিত হয়। দাশুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুন্নাহার জানান, ছেলেধরা গুজব ভালোভাবেই কাজ করছে। যে কারণে মঙ্গলবার ও বুধবার উপস্থিতি কম। স্কুলপাড়া সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম জানান, এসেম্বলিতে সচেতন করার পরও ছেলেধরা গুজবের কারণে অভিভাবকরা বিদ্যালয়ে শিক্ষার্থীদের আসতে দিচ্ছে না। এয়ারপোর্ট স্কুলের প্রধানশিক্ষক পূর্নিমা রায় বলেন, ছাত্র-ছাত্রী উপস্থিতি ৪০ শতাংশ কম।
প্রিয়া সাহা অন্যায় করেননি: সীতাংশু গুহ-দৈনিক মানবজমিন
প্রিয়া সাহা কোন অন্যায় করেননি, কোন অন্যায় দাবিও করেননি, অন্যায় কথাও বলেননি বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্র হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের অন্যতম নেতা সাংবাদিক সীতাংশু গুহ। ট্রাম্পের কাছে প্রিয়া সাহার অভিযোগ প্রসঙ্গে ‘ভয়েস অব আমেরিকা’র কাছে তিনি এ মন্তব্য করেন। সীতাংশু গুহ বলেন, প্রিয়া সাহা অন্যায় করেননি, অন্যায় করেছেন তার বিরুদ্ধে জোটবদ্ধ প্রতিবাদকারীরা।
‘প্রিয়া সাহার অভিযোগ ও বাংলাদেশ সংখ্যালঘু সম্প্রদায়ের সমস্যা’ শীর্ষক অনুষ্ঠানে সীতাংশ গুহ বলেন, এ বিষয়ে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ যুক্তরাষ্ট্র একটি স্টেটমেন্ট ইতিমধ্যে দিয়েছে- সেখানে তারা স্পষ্টভাবেই প্রিয়া সাহা এবং প্রিয়া সাহার বক্তব্যকে সমর্থন করেছে। আমি এর সাথে যেটুকু যোগ করতে চাই এবং এটা আমাদের সবারই বক্তব্য প্রায় যে, প্রিয়া সাহার প্রশ্নে আমরা আবার অবাক হয়ে দেখলাম, বাংলাদেশের সাম্প্রদায়িক চরিত্রটি। যেটি অত্যন্ত বীভৎসভাবে উন্মোচিত হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশের আগে মন্ত্রী এবং নেতৃবৃন্দের দায়িত্বহীন কথাবর্তা- এটি একটি জাতির জন্য অত্যন্ত লজ্জাষ্কর।
তিনি বলেন, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ যে, তিনি একটি নির্দেশনা দিয়েছেন এবং প্রিয়া সাহার বক্তব্য শুনতে চেয়েছেন। প্রিয়া সাহা কোন অন্যায় করেননি, কোন অন্যায় দাবিও করেননি, অন্যায় কথাও বলেননি।
ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক ঈদের আগেই সংস্কার : ওবায়দুল কাদের-দৈনিক নয়া দিগন্ত
বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক আসন্ন ঈদুল আজহার আগেই সংস্কার করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘দেশের জেলা-উপজেলায় বন্যায় যে সমস্ত রাস্তাঘাট, সড়ক-মহাসড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে তা ঈদের অন্তত এক সপ্তাহ আগেই সংস্কার শেষ করা হবে। ইতোমধ্যে মন্ত্রণালয় থেকে একটি মনিটরিং কমিটি গঠন করা হয়েছে, এই কমিটি রাস্তাঘাটগুলোর সংস্কার কাজ তদারকি করবে।’ ওবায়দুল কাদের আজ বুধবার সচিবালয়ে ঈদুল আজহার প্রস্তুতি, বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক সংস্কার এবং সমসাময়িক ইস্যু নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।
গুজব রটিয়ে যাতে গণপিটুনির মতো ঘটনা আর না ঘটে সে বিষয়ে সরকার কঠোর অবস্থান নিয়েছে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ইতোমধ্যে সরকারি ও দলীয়ভাবে আমরা বেশ কিছু পদক্ষেপ নিয়েছি। গুজব রটিয়ে যাতে গণপিটুনির মতো কোনো ঘটনা না ঘটে সে ব্যাপারে সতর্ক থাকতে সারাদেশে দলের নেতা-কর্মী ও সংসদ সদস্যদের (এমপি) নির্দেশ দেয়া হয়েছে।
এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি।
বন্ধ হোক ধর্মের নামে গণপিটুনি, মুক্ত চিন্তার পক্ষে সওয়াল করে প্রধানমন্ত্রীকে পত্রাঘাত বিদ্বজ্জনদের-দৈনিক আনন্দবাজার পত্রিকা
‘জয় শ্রীরাম’ এখন যুদ্ধের স্লোগান। মুসলিম-দলিত ও অন্যান্য সংখ্যালঘুদের গণপিটুনি অবিলম্বে বন্ধ হওয়া উচিত। গণপিটুনিতে দোষীদের জামিন অযোগ্য ধারা এবং যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তির বিধান করতে হবে। এটা মধ্যযুগ নয়। এক ঝাঁক বিদ্বজ্জনের লেখা চিঠিতে এমনই সব মন্তব্যে তোলপাড় গোটা দেশ।
আদুর গোপালকৃষ্ণন, মণিরত্নম, অনুরাগ কাশ্যপ, অপর্না সেন, সৌমিত্র চট্টোপাধ্যায়ের মতো ৪৯ জন সেলিব্রিটি তথা বিশিষ্ট জনের সই করা এই চিঠি পাঠানো হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। কেন্দ্র তথা মোদী সরকারকে কাঠগড়ায় তুলে অবিলম্বে ধর্মের নামে এই উন্মাদনা বন্ধ করার আবেদন জানিয়েছেন সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিখ্যাতরা। আদুর গোপালকৃষ্ণন, শ্যাম বেনেগালের মতো চিত্র পরিচালকরা যেমন রয়েছেন, তেমনই এ রাজ্য থেকে সৌমিত্র চট্টোপাধ্যায়, অপর্ণা সেন, কৌশিক সেনের মতো বিশিষ্টরা।
পাকিস্তানে ছিল ৪০ জঙ্গি গোষ্ঠী, এতদিন মিথ্যে বলেছিল পাক প্রশাসন: ইমরান খান -দৈনিক আজকাল
একেই বলে ধর্মের কল বাতাসে নড়ে। এতদিন তারাই বলে আসছিল পাকিস্তানে জঙ্গি নেই। এখন বিপাকে পড়ে সব সত্যি কথা স্বীকার করে নেওয়া হচ্ছে। দেশের মাটিতে জঙ্গি কার্যকলাপের কথা নিজ মুখে স্বীকার করে নিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।
ওয়াশিংটনে বসে সোজাসাপটা ইমরান খান বলেন, ‘১৫ বছর ধরে মিথ্যা বলেছে আগের পাক সরকার। পাকিস্তানের মাটিতে সক্রিয় ৪০টি জঙ্গি সংগঠন।’ এটা তিনি নিজের সরকারকে বাঁচাতে স্বীকার করলেন নাকি আগের সরকারকে ফাঁসাতে এমন মন্তব্য—তা নিয়ে সন্দিহান কূটনৈতিক বিশেষজ্ঞরা।ওয়াশিংটন ডিসিতে ক্যাপিটল হলে বক্তৃতার সময় ইমরান খান বলেন, ‘সন্ত্রাসের বিরুদ্ধে আমেরিকার যুদ্ধে হাত মিলিয়েছিল পাকিস্তান। ৯/১১’র সঙ্গে পাকিস্তানের কোনও লেনদেন ছিল না। আল–কায়দা আফগানিস্থানে ছিল। পাকিস্তানে কোনও তালিবান জঙ্গি ছিল না। কিন্তু আমরা মার্কিন যুদ্ধে যোগ দিই।
অসমে নাগরিকপঞ্জি প্রকাশের সময়সীমা এক মাস বাড়াল সুপ্রিম কোর্ট-দৈনিক সংবাদ প্রতিদিন
অসমে নাগরিকপঞ্জি প্রকাশের সময়সীমা এক মাস বাড়াল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের নির্দেশে চূড়ান্ত তালিকা ৩১ জুলাই থেকে পিছিয়ে প্রকাশিত হবে আগস্ট মাসের ৩১ তারিখ।
জাতীয় নাগরিকপঞ্জির কো-অর্ডিনেটর প্রতীক হাজেলার আবেদনের ভিত্তিতেই এই সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের। আগামী ৭ অগস্টের মধ্যে সংশ্লিষ্ট সব পক্ষকে সুপ্রিম কোর্টে হাজির হয়ে নিজেদের বক্তব্য প্রকাশের সুযোগ দিয়েছে প্রধান বিচারপতি রঞ্জন গগৈ-এর বেঞ্চ। তবে তালিকায় অন্তর্ভুক্ত হওয়া এবং বাদ পড়াদের মধ্যে ২০ শতাংশ নাগরিকের তথ্যপঞ্জি নতুন করে খতিয়ে দেখার যে আরজি করেছিল কেন্দ্র এবং অসম সরকার, সেই আর্জি খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত।

কেন্দ্র এবং অসম সরকারের দাবি ছিল, জাতীয় নাগরিকপঞ্জিতে এমন অনেকেই বাদ পড়েছেন, যাঁরা প্রকৃতপক্ষে ভারতীয় নাগরিক। আবার অনেক অনুপ্রবেশকারী বা প্রবাসীও তালিকায় ঢুকে পড়েছেন। বিশেষত অসম-বাংলাদেশ সীমান্তের কিছু এলাকায় স্থানীয় আধিকারিকদের যোগসাজশে এমনটা হয়েছে। তাই আরও অন্তত ২০ শতাংশ নাগরিকের নথিপত্র খতিয়ে দেখে চূড়ান্ত তালিকা তৈরি করা প্রয়োজন। সেই জন্যই অতিরিক্ত সময় প্রয়োজন। তাই চূড়ান্ত তালিকা প্রকাশের দিন পিছিয়ে দেওয়া হোক।
এই সংক্রান্ত মামলাটি মঙ্গলবার প্রধান বিচারপতি রঞ্জন গগৈ এবং বিচারপতি আর এফ নরিমানের বেঞ্চে ওঠে। শুনানিতে এনআরসি কো-অর্ডিনেটর প্রতীক হাজেলা জানান, নতুন করে আর নথিপত্র যাচাইয়ের প্রয়োজন নেই। কারণ ইতিমধ্যেই তালিকা থেকে বাদ পড়া এবং তালিকায় অন্তর্ভুক্ত হওয়া ৭২ লক্ষ মানুষের নথিপত্র দ্বিতীয় বার যাচাই করা হয়েছে। তবে খসড়া তালিকা থেকে চূড়ান্ত তালিকা তৈরিতে আরও কিছুটা সময় লাগবে বলে তিনি জানান। সেই আরজি মেনেই আরও এক মাস সময় দিয়েছে প্রধান বিচারপতির বেঞ্চ।#
পার্সটুডে/বাবুল আখতার/২৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।