সেপ্টেম্বর ০৮, ২০১৯ ১১:৪৮ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: ৮ সেপ্টেম্বর রোববারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম

  • খালেদা জিয়াকে ‘সুস্থ’ দেখিয়ে কারাগারে নেওয়ার ষড়যন্ত্র হচ্ছে: ফখরুল-দৈনিক প্রথম আলো
  • মানহানি মামলায় ব্যারিস্টার মইনুলের জামিন-দৈনিক যুগান্তর
  • ছাত্রলীগ নিয়ে ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, ভেঙে দিতে বললেন কমিটি-দৈনিক ইত্তেফাক
  • ছাত্রলীগের কমিটি ভাঙ্গার চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি : কাদের-দৈনিক নয়া দিগন্ত
  • মৃত্যুর আড়াই মাস পর সাক্ষ্য!-দৈনিক মানবজমিন

ভারতের শিরোনাম:    

  • এখনও ব্যর্থ বলার সময় আসেনি, ল্যান্ডিং না হোক যাত্রাটাও কম গুরুত্বপূর্ণ নয়-দৈনিক আনন্দবাজার
  • গোমূত্র থেকে ক্যানসারের ওষুধ বানাচ্ছে সরকার, চাঞ্চল্যকর দাবি কেন্দ্রীয় মন্ত্রীর-দৈনিক সংবাদ প্রতিদিন
  • চাকরি যাবে অন্তত ৩০০০ ব্যাঙ্ক কর্মীর-দৈনিক আজকাল

পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক।

শুরুতেই রাজনীতির খবর

খালেদা জিয়াকে ‘সুস্থ’ দেখিয়ে কারাগারে নেওয়ার ষড়যন্ত্র হচ্ছে: ফখরুল-দৈনিক প্রথম আলো

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি হচ্ছে এবং প্রচণ্ড অসুস্থ জানিয়ে তাঁর মুক্তির দাবিতে বিএনপি দুদিনের কর্মসূচি ঘোষণা করেছে। ১১ ও ১২ সেপ্টেম্বর মানববন্ধন করবে দলটি। আজ সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম এসব কর্মসূচির ঘোষণা দেন। তাঁর অভিযোগ, খালেদা জিয়াকে ‘সুস্থ’ দেখিয়ে তাঁকে কারাগারে পাঠানোর ষড়যন্ত্র করা হচ্ছে। ফখরুল বলেন, ‘মিথ্যা মামলা দিয়ে খালেদা জিয়াকে কারাগারে আটকে রেখে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। রাজনীতির প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করতেই এটা করা হচ্ছে। খালেদা জিয়াকে চিকিৎসার বিকল্প ব্যবস্থা থেকে বঞ্চিত করা হচ্ছে। এটা কখনোই মেনে নেওয়া যায় না। তাঁর মুক্তি দাবি করছি।

মানহানি মামলায় ব্যারিস্টার মইনুলের জামিন-দৈনিক যুগান্তর

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন

মানহানি মামলায় তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনের জামিন মঞ্জুর করেছেন আদালত। রোববার ঢাকা মহানগর হাকিম তোফাজ্জল হোসেনের আদালত তার জামিন মঞ্জুর করেন। গত মঙ্গলবার একই আদালতে তিনি আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। সেসময় আদালত শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন। গত বছরের ১৬ অক্টোবর রাতে একটি বেসরকারি টেলিভিশনে সাংবাদিক মাসুদা ভাট্টিকে নিয়ে করা মন্তব্য নিয়ে তার বিরুদ্ধে ঢাকার আদালতে মানহানির মামলা করেন ওই সাংবাদিক।

ছাত্রলীগ নিয়ে ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, ভেঙে দিতে বললেন কমিটি-দৈনিক ইত্তেফাক

ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে ক্ষুব্ধ আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফলে তিনি ছাত্রলীগের বর্তমান কেন্দ্রীয় কমিটি ভেঙে দিতে বলেছেন।শনিবার আওয়ামী লীগের স্থানীয় সরকার ও সংসদীয় মনোনয়ন বোর্ডের যৌথসভায় এ কথা বলেন প্রধানমন্ত্রী। যৌথসভায় উপস্থিত আওয়ামী লীগের একাধিক নেতা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তারা জানান, ছাত্রলীগের সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়ে সভায় বিরক্তি প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। তবে দৈনিক নয়া দিগন্তের একটি খবরে লেখা হয়েছে, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ছাত্রলীগের কিছু কর্মকাণ্ডে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষোভ থাকলেও কমিটি ভেঙে দেয়ার বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

এদিকে দৈনিক প্রথম আলোর একটি খবরের শিরোনাম এরকম- পরীক্ষা ছাড়াই ভর্তি হয়ে ডাকসু নেতা। এ খবরে লেখা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদের আট নেতার ছাত্রত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। তাঁরা সবাই ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতা। বিশ্ববিদ্যালয়ের নিয়মিত স্নাতক ও স্নাতকোত্তর পড়া শেষ হওয়ায় নির্বাচনের আগমুহূর্তে ব্যবসায় শিক্ষা অনুষদের একটি সন্ধ্যাকালীন মাস্টার্স প্রোগ্রামে তাঁরা ভর্তি হন। ভর্তির নীতিমালা অনুযায়ী, লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হলেই কেবল ওই প্রোগ্রামে ভর্তি হওয়া যায়। কিন্তু তাঁদের কেউই তাতে অংশ নেননি। ভর্তি হওয়া একাধিক ছাত্র এবং ছাত্রলীগের বর্তমান ও সাবেক নেতা প্রথম আলোর কাছে এ কথা স্বীকার করেছেন।

মৃত্যুর আড়াই মাস পর সাক্ষ্য!-দৈনিক মানবজমিন

২০ লাখ টাকা ঘুষ চেয়ে না পাওয়ায় মৃত ব্যক্তি, দেশের বাইরে থাকা লোককে সাক্ষী করে একটি হত্যা মামলার সম্পূরক চার্জশিট দেয়ার অভিযোগ ওঠেছে পুলিশ ব্যুরো অব ইনভেষ্টিগেশনের ইন্সপেক্টর মো. হারুনুর রশিদের বিরুদ্ধে। এছাড়া আরও ২৪ জন স্বাক্ষী আদালতে হলফনামা দিয়ে বলেছেন, তারা কোন সাক্ষ্য না দিলেও তাদেরকে সাক্ষী হিসেবে দেখিয়েছেন তদন্তকারী ওই কর্মকর্তা। আজ দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে এই অভিযোগ করেন আল আমিন হত্যা মামলার একজন আসামি নবীনগরের বিদ্যাকুট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল হান্নান ভূঁইয়া।

এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি

এখনও ব্যর্থ বলার সময় আসেনি, ল্যান্ডিং না হোক যাত্রাটাও কম গুরুত্বপূর্ণ নয়-দৈনিক আনন্দবাজার

বিক্রম হঠাৎ সিগন্যাল পাঠানো বন্ধ করে দিল কেন! শুক্রবার মাঝরাত থেকেই প্রশ্নগুলো ঘুরছে অনেকের মনে। কিন্তু চাঁদের দক্ষিণ মেরুর কাছাকাছি নামার ঠিক আগে বিক্রমের সঙ্গে যোগাযোগ কেন বিচ্ছিন্ন হয়ে গেল, ইসরো কিছু জানায়নি। তাই আসল কারণ বলা মুশকিল। তবে সংস্থার প্রধান কে শিবন শুধু জানিয়েছেন, তথ্য বিশ্লেষণ করা হচ্ছে। ‌এখন তাই অপেক্ষার পালা। 

তবে দৈনিকটির অন্য একটি খবরে লেখা হয়েছে, চাঁদের পিঠে ছবি মিলল নিখোঁজ বিক্রমের, যোগাযোগের চেষ্টা চলছে, জানাল ইসরো।

চাকরি যাবে অন্তত ৩০০০ ব্যাঙ্ক কর্মীর-দৈনিক আজকাল

ব্যাঙ্ক পরিষেবাকে চাঙ্গা করতে ও ঋণদানের ক্ষমতা বাড়াতে সম্প্রতি ১০টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ককে সংযুক্ত করে ৪টিতে করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক। ব্যাঙ্ক কর্তৃপক্ষও এই সরকারি সিদ্ধান্ত মেনে নিতে বাধ্য হয়েছে। আশ্বাস দেওয়া হচ্ছে, সংয়ুক্তির ফলে ব্যাঙ্ককর্মীরা ছাঁটাই হবেন না। কিন্তু কতটুকু ভরসা রাখা যায় এই সরকারি আশ্বাসে? কর্মীদের মধ্যে সংশয়, অসন্তোষ। স্রেফ গুজরাটেই ১০টি ব্যাঙ্কের সংযুক্তিকরণে ৩০০ শাখায় ঝাঁপ পড়বে। সারা দেশে ৩ হাজার কর্মী কর্মহীন হয়ে পড়বেন। এমন আশঙ্কা দেখা দিয়েছে রাতারাতি।

গোমূত্র থেকে ক্যানসারের ওষুধ বানাচ্ছে সরকার, চাঞ্চল্যকর দাবি কেন্দ্রীয় মন্ত্রীর-দৈনিক সংবাদ প্রতিদিন

লোকসভার সময় তাঁর ক্যানসার গোমূত্র খেয়ে সেরেছে বলে দাবি করেছিলেন ভোপালের বিজেপি সাংসদ প্রজ্ঞা সিং ঠাকুর। সেসময় তাঁর এই মন্তব্যকে ঘিরে হাসির রোল উঠেছিল দেশজুড়ে। আরএসএস ও বিজেপির সঙ্গে গোমূত্রের যোগসূত্র চিরন্তন বলেও কটাক্ষ করেছিলেন কেউ কেউ। কিন্তু, দলীয় সাংসদের সেই দাবিকেই মান্যতা দিলেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী অশ্বিনী কুমার চৌবে। জানালেন, ক্যানসারের ওষুধ তৈরিতে গোমূত্র ব্যবহারের বিষয় নিয়ে আয়ুষ মন্ত্রক গুরুত্ব সহকারে কাজ করছে। শনিবার তামিলনাড়ুর কোয়েম্বাটোরে সাংবাদিকের মুখোমুখি হয়ে কেন্দ্রীয়মন্ত্রী বলেন, ‘বেশ কয়েকটি ধরনের ওষুধ তৈরিতে গোমূত্র ব্যবহৃত হয়। এটি ক্যানসারে মতো ভয়ঙ্কর রোগের চিকিৎসার জন্যও ব্যবহৃত হয়।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৮