সেপ্টেম্বর ১৩, ২০১৯ ১২:২৫ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ১৩ সেপ্টেম্বর শুক্রবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম

  • পুলিশের সঙ্গে ‘গোলাগুলিতে’ ২ রোহিঙ্গা নিহত -দৈনিক প্রথম আলো
  • সরকারের ষড়যন্ত্রে ছাত্রদলের কাউন্সিল বন্ধ: মোশাররফ -দৈনিক যুগান্তর
  • দানবীয় রূপ ধারণ না করে নিয়মতান্ত্রিক রাজনীতির পথে হাঁটুন: বিএনপিকে তথ্যমন্ত্রী -দৈনিক ইত্তেফাক
  • ধুঁকছে ব্যাংক খাত-১১ ব্যাংকে মূলধন ঘাটতি ১৬০০০ কোটি টাকা -দৈনিক মানবজমিন
  • উইপোকা-ইঁদুরের মতো উন্নয়ন বরাদ্দের টাকা কেটে খাওয়া হচ্ছে : ইনু -দৈনিক নয়া দিগন্ত

ভারতের শিরোনাম:    

  • কাশ্মীর তো ‘ট্রেলার’ মাত্র, সিনেমা এখনও বাকি, ৩৭০ রদ নিয়ে বললেন মোদী -দৈনিক আনন্দবাজার
  • অর্থনৈতিক সংকট কাটাতে মোদিকে পাঁচ দফা পরামর্শ মনমোহনের -দৈনিক সংবাদ প্রতিদিন
  • যোগীর রাজ্যে বোরখা পড়ায় কলেজে ঢুকতে দেওয়া হল না ছাত্রীদের -দৈনিক আজকাল

পাঠক/শ্রোতা ! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশের কয়েকটি খবরের দিকে নজর দেব।

দানবীয় রূপ ধারণ না করে নিয়মতান্ত্রিক রাজনীতির পথে হাঁটুন: বিএনপিকে তথ্যমন্ত্রী-দৈনিক ইত্তেফাক

বাংলাদেশের তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ

বিএনপিকে ভবিষ্যতে দানবীয় রূপ ধারণ করার পরিকল্পনা থেকে সরে এসে জন্য নিয়মতান্ত্রিকভাবে রাজনীতির পথে হাঁটার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বিএনপিকে বলেছেন, নিয়মতান্ত্রিকভাবে রাজনীতির পথে হাঁটলে সেটিই সবার জন্য শুভ হবে। জনগণের জন্যও শুভ হবে। তথ্যমন্ত্রী বৃহস্পতিবার তার মন্ত্রণালয়ে অফিস কক্ষে সাংবাদিকদের প্রেস ব্রিফিংকালে এসব কথা বলেন।

ছাত্রদলের কাউন্সিল স্থগিত করেছে আদালত-দৈনিক ইত্তেফাক

নির্বাচনের মাত্র একদিন আগে জাতীয়তাবাদী ছাত্রদলের কাউন্সিল বৃহস্পতিবার স্থগিত করেছে আদালত। একইসঙ্গে মির্জা ফখরুলসহ দশ নেতাকে আদালত শোকজ করেছে। আমান উল্লাহ আমান নামে সাবেক এক নেতার আবেদনের প্রেক্ষিতে ঢাকার ঢাকার ৪র্থ সহকারি জজ আদালতের বিচারক নুসরাত জাহান বীথি এই স্থগিতাদেশ দেন।

তবে এ সম্পর্কে দৈনিক যুগান্তরের শিরোনাম এরকম-সরকারের ষড়যন্ত্রে ছাত্রদলের কাউন্সিল বন্ধ: মোশাররফ

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন

খবরটিতে লেখা হয়েছে, জাতীয়তাবাদী ছাত্রদলের কাউন্সিল বন্ধ হওয়ার জন্য সরকারকে দায়ী করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে স্বাধীনতা ফোরাম আয়োজিত অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

দৈনিকটির অন্য একটি খবরে লেখা হয়েছে, ‘বালিশ-পর্দা দুর্নীতি ছিঁচকে কাজ’- আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের এমন বক্তব্যের জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, এর (বালিশ-পর্দাকাণ্ড) থেকে বড় বড় দুর্নীতি যে সরকার করেছে ওবায়দুল কাদেরের কথায় সেটি প্রমাণিত।

পুলিশের সঙ্গে ‘গোলাগুলিতে’ ২ রোহিঙ্গা নিহত-দৈনিক প্রথম আলো

পুলিশের সঙ্গে ‘গোলাগুলিতে’ ২ রোহিঙ্গা নিহত

কক্সবাজারের টেকনাফ উপজেলায় পুলিশের সঙ্গে গোলাগুলিতে দুইজন রোহিঙ্গা নাগরিক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত ১২টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমোরা চাইল্ড ফ্রেন্ডলি স্পেস অফিসের পেছনে পাহাড়ে পানির ট্যাংকি এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ বলছে, নিহত ব্যক্তিরা যুবলীগের নেতা মো. ওমর ফারুক হত্যা মামলার পলাতক আসামি। তাঁরা বিভিন্ন সময় ডাকাতির সঙ্গে জড়িত ছিলেন। তাঁদের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, অপহরণসহ একাধিক মামলা রয়েছে।

দৈনিকটির অন্য একটি খবরে লেখা হয়েছে, কুষ্টিয়া সদর উপজেলার মোল্লাতেঘরিয়া ক্যানাল পাড়ায় ‘বন্দুকযুদ্ধে’ সুজন মালিথা (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশ বলছে, ত্রিমুখী ‘বন্দুকযুদ্ধে’ নিহত সুজন মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তাঁর বাড়ি সদর উপজেলার টাকিমারা গ্রামে।

ধুঁকছে ব্যাংক খাত-১১ ব্যাংকে মূলধন ঘাটতি ১৬০০০ কোটি টাকা-দৈনিক মানবজমিন

Image Caption

লাগামহীনভাবে বাড়ছে খেলাপি ঋণ। ফলে ঝুঁঁকিভিত্তিক সম্পদের বিপরীতে প্রয়োজনীয় মূলধন সংরক্ষণে ব্যর্থ হয়েছে দেশের ১১টি ব্যাংক। তিন মাস আগেও এসব ব্যাংকের সংখ্যা ছিল ১০টি। সর্বশেষ তথ্য অনুযায়ী ব্যাংক খাতে প্রয়োজনীয় ন্যূনতম মূলধন ঘাটতির পরিমাণ ১৬ হাজার ১ কোটি ৪৯ লাখ টাকা। সংশ্লিষ্টরা বলছেন, অনিয়ম, দুর্নীতি আর নানা অব্যবস্থাপনায় চলছে ব্যাংকিং খাত। যাচাই-বাছাই না করে ভুয়া প্রতিষ্ঠানে ঋণ দেয়া হয়েছে, যা পরবর্তী সময়ে খেলাপি হয়ে পড়ছে। এসব ঋণের বিপরীতে নিরাপত্তা সঞ্চিতি বা প্রভিশন সংরক্ষণ করতে হচ্ছে ব্যাংকগুলোকে। বাড়তি অর্থ যোগাতে হাত দিতে হচ্ছে মূলধনে। ফলে সৃষ্টি হচ্ছে সংকট।

উইপোকা-ইঁদুরের মতো উন্নয়ন বরাদ্দের টাকা কেটে খাওয়া হচ্ছে : ইনু-দৈনিক নয়া দিগন্ত

জাসদ সভাপতি ও তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু

জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি ও তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু এমপি বলেছেন, শেখ হাসিনার সরকার দেশের সামগ্রিক উন্নয়নের জন্য সাধ্যাতিত চেষ্টা করে যাচ্ছেন। উন্নয়নের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দিচ্ছেন। কিন্তু কিছু কিছু দুর্নীতিবাজ-লুটেরারা উইপোকা-ইঁদুরের মতো উন্নয়ন বরাদ্দের টাকা কেটে খাচ্ছে। এই দুর্নীতিবাজ-লুটেরা উইপোকা-ইঁদুরগুলোকে বিষ দিয়ে মারতে হবে।

এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি

কাশ্মীর তো ‘ট্রেলার’ মাত্র, সিনেমা এখনও বাকি, ৩৭০ রদ নিয়ে বললেন মোদী-দৈনিক আনন্দবাজার

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

কাশ্মীর থেকে ৩৭০ অনুচ্ছেদ বাতিলকে ‘ট্রেলার’ বলে বর্ণনা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানালেন, ‘‘গোটা সিনেমাটা এখনও বাকি রয়েছে!’’ বৃহস্পতিবার ঝাড়খণ্ডের কৃষক এবং ছোট ব্যবসায়ীদের পেনশন প্রকল্প চালু করলেন প্রধানমন্ত্রী। তার পরে রাঁচীর জগন্নাথপুর ময়দানের জনসভায় বক্তৃতা দেন। বলেন, তাঁর দ্বিতীয় সরকার দুর্নীতি ও সন্ত্রাসবাদকে দেশ থেকে উচ্ছেদ করতে বদ্ধপরিকর। সিবিআইয়ের হাতে গ্রেফতার প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরমের নাম উল্লেখ না করে মোদী বলেন, কেউ কেউ নিজেকে আইন ও আদালতের ঊর্ধ্বে ভাবতেন। এখন জামিন চেয়ে তাঁরা কোর্টে দৌড়চ্ছেন।

অর্থনৈতিক সংকট কাটাতে মোদিকে পাঁচ দফা পরামর্শ মনমোহনের-দৈনিক সংবাদ প্রতিদিন

ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং

প্রতিহিংসার রাজনীতি বন্ধ করে দেশের অর্থনীতির হাল ফেরানোর জন্য আগেই পরামর্শ দিয়েছিলেন। এবার বেহাল অর্থনীতিকে চাঙ্গা করতে বর্তমানকে প্রাক্তনের পরামর্শ। প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পাঁচ দফা উপায় বাতলে দিলেন অর্থনীতির হাল ফেরানোর জন্য। দুটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মনমোহন এই সংকট থেকে মুক্তির পথ বাতলেছেন। তাঁর কথায়, পরিকাঠামোয় সংস্কার নাহলে এই সংকট ঘুরেফিরে আসবে।

মনমোহন বলেন, ‘এটা অস্বীকার করার উপায় নেই, যে ভারত অর্থনৈতিক সংকটের মধ্যে রয়েছে। ইতিমধ্যে অনেকটা সময় নষ্ট হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে সুযোগ-সুবিধা দিয়ে এবং নোটবাতিলের মতো বিষয়ে সময় নষ্ট না করে কেন্দ্রের উচিত পরিকাঠামোগত সংস্কারে মন দিয়ে পরবর্তী প্রজন্মের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা।’ তিনি এও বলেছেন, এই মুহূর্তে সরকার বিবেচকের মতো কাজ না করলে বেহাল অর্থনীতি আগামী কয়েক বছর আরও ভোগাবে।

এবার দেখে নেওয়া যাক কী কী পরামর্শ দিয়েছেন তিনি-

১- জিএসটিকে আরও বাস্তবমুখী করতে হবে। তাতে রাজস্ব আদায় কম হলেও তা হবে সাময়িক।

২- বাজারে নগদের জোগান কীভাবে আরও বাড়ানো যায় সেদিকে নজর দিতে হবে।

৩- কৃষিক্ষেত্রকে চাঙ্গা করা এবং গ্রামীণ উপভোক্তাদের পরিধি বাড়ানো। প্রাক্তন প্রধানমন্ত্রীর পরামর্শ, এ বিষয়ে কেন্দ্র সরকার কংগ্রেসের ইস্তেহার দেখতে পারে। সেখানেই কৃষিক্ষেত্রকে চাঙ্গা করার উপায় বলা আছে।

৪- বস্ত্র, গাড়ি, ইলেকট্রনিক্স শিল্প ও রিয়েল এস্টেট ক্ষেত্রের পুনরুজ্জীবন দরকার। এসব শিল্পে কুটির-ক্ষুদ্র-মাঝারি উদ্যোগপতিরা যাতে সহজে ঋণ পান সেদিকেও নজর দিতে হবে।

৫- আমেরিকা-চিনের ট্রেড ওয়ারের ফলে বাণিজ্যিকভাবে অসুবিধায় পড়েছে ভারত। এখন দেশের উচিত আমদানির নয়া ক্ষেত্র খুঁজে বের করা।

উল্লেখ্য, মনমোহন সিং নিজেই বিশ্বের প্রথম সারির অর্থনীতিবিদদের অন্যতম হিসেবে গণ্য। তাঁর হাত ধরেই ভারতীয় অর্থনীতির উদারীকরণ হয়। মনমোহন প্রধানমন্ত্রী থাকাকালীন ভারতের আর্থিক বৃদ্ধি ১০ শতাংশ ছাড়িয়েছিল। যা এখনও রেকর্ড। তিনি অর্থমন্ত্রী থাকাকালীন ১৯৯১ সালে ভারত এবং ২০০৮ সালে বিশ্বজোড়া অর্থনৈতিক সংকটের প্রভাব কাটিয়ে উঠেছিলেন সেকথাও তিনি তাঁর সাক্ষাৎকারে নরেন্দ্র মোদিকে স্মরণ করিয়ে দেন।

যোগীর রাজ্যে বোরখা পড়ায় কলেজে ঢুকতে দেওয়া হল না ছাত্রীদের-দৈনিক আজকাল

ফের শিরোনামে যোগী আদিত্যনাথের রাজ্য উত্তরপ্রদেশ। এবার বোরখা পড়ে কলেজে আসায় ঢুকতে দেওয়া হল না ছাত্রীদের। ফিরোজাবাদের এসআরকে কলেজে এমনই অভিযোগ উঠেছে। কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, বোরখা পড়ে কলেজে আসা নিষিদ্ধ করা হয়েছে। কারণ বোরখা কলেজ ইউনিফর্ম এর মধ্যে পড়ে না। কলেজের অধ্যক্ষ প্রভাকর রাই বলেছেন, ‘এটা কলেজের পুরনো নিয়ম। ইউনিফর্ম ও পরিচয়পত্র সহ কলেজে আসতে হবে। ভর্তি প্রক্রিয়া চলার সময় সব নিয়ম মানা হয় না। কিন্তু ভর্তি প্রক্রিয়া এখন শেষ হয়ে গেছে। তাই ১১ সেপ্টেম্বর থেকে কলেজ ইউনিফর্ম ও পরিচয়পত্র সহ আসতে হবে। বোরখা ইউনিফর্মের অন্তর্গত নয়। কলেজ যে ইউনিফর্ম ঠিক করে দিয়েছে তা পড়েই আসতে হবে পড়ুয়াদের।’ এক তরুণী এই ঘটনায় বেশ বিরক্ত। তিনি বলেছেন, ‘বোরখা পড়ে আসায় আমাকে ঢুকতে দেওয়া হয়নি। জোর করে কলেজের বাইরে বের করে দেওয়া হয়েছে।’ অবশ্য অতীতেও এই কলেজে এরকম ঘটনা ঘটেছে। বোরখা পড়ে আসায় ছাত্রীদের কলেজের ভিতরে ঢুকতে দেওয়া হয়নি। জেলাশাসক চন্দ্র বিজয় সিং গোটা বিষয়টি কলেজের অভ্যন্তরীণ বিষয় বলে এড়িয়ে গেছেন। তাঁর কথায়, ‘ঘটনাটি শুনেছি।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৩