ঘূর্ণিঝড়ে যেন ক্ষতি না হয় সেজন্য দোয়া চাইলেন প্রধানমন্ত্রী
-
ঢাকা ও কোলকাতার পত্রপত্রিকার সব গুরুত্বপূর্ণ খবর
সুপ্রিয় পাঠক/শ্রোতা! ৯ নভেম্বর শনিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।
বাংলাদেশের শিরোনাম:
- কয়েকটি ফ্লাইট বাতিল, বিকেলে চট্টগ্রামে ওঠানামা বন্ধণা-দৈনিক প্রথম আলো
- ঘূর্ণিঝড়ে যেন ক্ষতি না হয় সেজন্য দোয়া চাইলেন প্রধানমন্ত্রী - কালেরকণ্ঠ
- খালেদা জিয়াকে মুক্ত করতে রাস্তায় নামতে হবে: মির্জা ফখরুল- দৈনিক যুগান্ত
- ‘বুলবুল’ মোকাবেলায় ১৩ জেলায় স্থানীয় সরকার বিভাগের ছুটি বাতিল-দৈনিক ইত্তেফাক
- বৈরি আবহাওয়ার কারণে খোকার কুলখানির তারিখ পরিবর্তন-দৈনিক মানবজমিন
- ভয়কে জয় করে প্রধানমন্ত্রী এগিয়ে যাচ্ছেন : কাদের-দৈনিক নয়াদিগন্ত
ভারতের শিরোনাম:
- সুপ্রিম কোর্টের রায়: অযোধ্যার বিতর্কিত জমিতে রামমন্দির হবে, মসজিদ বিকল্প জায়গায়-দৈনিক আনন্দবাজার পত্রিকা
- করতারপুরের দরজা খুলে দিলেন মোদি, ধন্যবাদ জানালেন ইমরান খানকে-দৈনিক আজকাল
- অযোধ্যার রায়কে স্বাগত জানিয়ে টুইট অমিতের, সৌহার্দ্যের বার্তা দিলেন মোদি-দৈনিক সংবাদ প্রতিদিন
- ক্রিকেট থেকে নির্বাসিত, ফুটবল পায়েই মাঠে নামলেন শাকিব-দৈনিক সংবাদ প্রতিদিন
পাঠক/শ্রোতা! এবারে গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব। জনাব সিরাজুল ইসলাম কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি।
কথাবার্তার প্রশ্ন
১.বাকশাল ছিলো ঐক্যের প্ল্যাটফর্ম। একথা বলেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার এ বক্তব্যকে আপনি কিভাবে দেখছেন?
২. সিরিয়া থেকে অন্য দেশ সেনা প্রত্যাহার না করলে তুরস্কও করবে না-এমন মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান। কতটা যৌক্তিক তার এ বক্তব্য?
জনাব সিরাজুল ইসলাম আপনাকে আবারো ধন্যবাদ
কয়েকটি ফ্লাইট বাতিল, বিকেলে চট্টগ্রামে ওঠানামা বন্ধণা-দৈনিক প্রথম আলো
ঘূর্ণিঝড় ‘বুলবুলের’ প্রভাব পড়েছে আকাশপথেও। দেশের অভ্যন্তরীণ বেশ কিছু রুটে কয়েকটি ফ্লাইট বাতিল করা হয়েছে। আজ বিকেল থেকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ।
এ ছাড়া চট্টগ্রাম থেকে দুবাইগামী বিমানের একটি ফ্লাইটের যাত্রীদের ঢাকায় আনা হবে। তাঁদের নিয়ে ঢাকা থেকে ফ্লাইটটি দুবাই যাবে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রধান নির্বাহী (সিইও) মোকাব্বির হোসেন প্রথম আলোকে বলেন, আজ শনিবার সন্ধ্যার পর ঢাকা থেকে চট্টগ্রামগামী বিমানের অভ্যন্তরীণ ফ্লাইট বিজি ৪১৫ ও ৪১৬ বাতিল করা হয়েছে। চট্টগ্রাম থেকে দুবাইগামী বিমানের একটি ফ্লাইট ঢাকা থেকে ছেড়ে যাবে। ফ্লাইটটি আজ রাত সোয়া আটটার দিকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাওয়ার কথা ছিল। এই ফ্লাইটের যাত্রীদের খবর দেওয়া হয়েছে। তাঁদের বিমানের ফ্লাইটে করেই ঢাকায় আনা হচ্ছে। ঢাকা থেকে দুবাইয়ের এই ফ্লাইট আজ বিকেলে রওনা হবে। বেসরকারি বিমান সংস্থা নভোএয়ারের সন্ধ্যা সাড়ে ছয়টার ঢাকা-যশোর ফ্লাইট বাতিল করা হয়েছে।
হজরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার সারোয়ার ই আলম প্রথম আলোকে বলেন, দুপুর পর্যন্ত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম স্বাভাবিক রয়েছে। বিকেল চারটার পর থেকে এই বিমানবন্দরের ফ্লাইট চলাচল বন্ধ থাকবে।
আজ বিকেল থেকে বরিশাল, কক্সবাজারের অভ্যন্তরীণ রুটের ফ্লাইট বন্ধ হয়ে যাবে বলে জানান বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান। প্রথম আলোকে তিনি বলেন, ‘আমরা ওই সব বিমানবন্দরে সার্বিক প্রস্তুতি নিয়ে রেখেছি। বিকেলে ঢাকা থেকে ওই দুই বিমানবন্দরে কোনো ফ্লাইট যাবে না। যশোরের বিমানবন্দরে জলোচ্ছ্বাসের কোনো আশঙ্কা না থাকলেও এখানে ফ্লাইট চলাচল করবে না।’
ঘূর্ণিঝড়ে যেন ক্ষতি না হয় সেজন্য দোয়া চাইলেন প্রধানমন্ত্রী - কালেরকণ্ঠ
রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় শ্রমিক লীগের ১২তম জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে ঘূর্ণিঝড় ‘বুলবুলে’ যেন ক্ষয়ক্ষতি না হয় সে জন্য দেশবাসীকে দোয়া করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ শনিবার দুপুরে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় শ্রমিক লীগের ১২তম জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
এ সময় ঘূর্ণিঝড় পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি সরকারের রয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।

বক্তব্যের শুরুতেই প্রধানমন্ত্রী বলেন, দোয়া করবেন ঝড়ে যেন ক্ষয়ক্ষতি না হয়। এ সময় ঝড় মোকাবিলায় সরকারের প্রস্তুতির কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, আমাদের সব রকম প্রস্তুতি নেওয়া আছে। ঝড় পরবর্তী সময়ে ত্রাণসহ সব প্রস্তুতিও আমাদের রয়েছে।
এর আগে সকালে শ্রমিক লীগের ১২তম জাতীয় সম্মেলন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতীম সংগঠনটির জাতীয় সম্মেলন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। শান্তির প্রতীক সাদা পায়রা ও বেলুন উড়িয়ে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলন করে সম্মেলন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
খালেদা জিয়াকে মুক্ত করতে রাস্তায় নামতে হবে: মির্জা ফখরুল-দৈনিক যুগান্তর
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্ত করতে হলে, গণতন্ত্রকে মুক্ত করতে হলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, রাস্তায় নামতে হবে। এর কোনো বিকল্প নেই।
কোনো ফ্যাসিস্ট শক্তিকে এককভাবে পরাজিত করা যায় না। তাই দেশপ্রেমিক সব শক্তিকে এক জায়গায় আনতে হবে। আমরা সেই লক্ষ্যেই যাচ্ছি। আমরা মনে করি, সব দেশপ্রেমিক, গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ করে একনায়ক ফ্যাসিস্ট সরকারকে সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে সক্ষম হব।
রাজধানীর মহানগর নাট্যমঞ্চে শুক্রবার সন্ধ্যায় এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস (৭ নভেম্বর) উপলক্ষে এ সভার আয়োজন করে বিএনপি।
সভার নির্ধারিত সময় বিকাল ৩টার আগেই নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে উপস্থিত হলেও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অনুমতি না থাকায় তারা নাট্যমঞ্চের ভেতরে ঢুকতে পারেননি। পরে অনুমতি পেলে বিকাল ৪টার দিকে নেতাকর্মীরা নাট্যমঞ্চ মিলনায়তনে প্রবেশ করেন। সাড়ে ৪টার দিকে সভা শুরু হয়।
সভাপতির বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন, যারা বিনা ভোটে নির্বাচিত হয়ে সরকারে আছেন তারা বলেন, ৭ নভেম্বর মানি না। মানবেন কেন? দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বে বিশ্বাস করেন না বলেই মানেন না। যারা বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বে বিশ্বাস করে, যারা একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে দেখতে চায়, তারা অবশ্য ৭ নভেম্বরকে মান্য করবে। কারণ ওইদিন ষড়যন্ত্রকে রুখে দিয়েছিলাম। সেদিন জনগণ বিপ্লবের মধ্য দিয়ে দেশপ্রেমিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বের করে নিয়ে এসে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছিল বলেই বাংলাদেশ অকার্যকর রাষ্ট্রে পরিণত হয়নি।
তিনি বলেন, এ সরকার অত্যন্ত সুপরিকল্পিতভাবে বাংলাদেশকে একটা অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায়। তারা রাষ্ট্রের সব প্রতিষ্ঠানকে ভেঙে দিচ্ছে, মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। তারা মানুষকে সুশাসন থেকে বঞ্চিত করেছে। নিজেদের দুর্নীতি এমন পর্যায়ে নিয়ে গেছে যে, তা ঢাকার জন্য চুনোপুঁটিগুলোকে ধরা হচ্ছে। একটা কথা পরিষ্কার করে বলতে চাই, চুনোপুঁটি ধরে, ক্যাসিনোর গল্প বানিয়ে মহাদুর্নীতি থেকে জনগণের দৃষ্টি সরাতে পারবেন না।

সরকারের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, হাজার হাজার কোটি টাকা লুট করছেন, তার হিসাব কোথায়? ব্যাংক, শেয়ারবাজার থেকে হাজার হাজার কোটি টাকা লুট করেছেন, তার হিসাব কোথায়? হিসাব থাকবে না এজন্য যে, লুটের সঙ্গে জড়িত কেউ মন্ত্রী, কেউ উপদেষ্টা, আবার কেউ আপনজন।
তিনি বলেন, আমাদের পানি নিয়ে যায়, পানি দেয় না। সীমান্তে আমাদের লোকজন গুলি করে মারে তার হিসাব হয় না। সমুদ্রে রাডার বসিয়ে পর্যবেক্ষণ করবে, আমার কি অবস্থা তা জানি না। আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র বিপন্ন। এ অবস্থায় ঐক্যবদ্ধ হয়ে সামনের দিকে যেতেই হবে। আসুন, সেই লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যাই। ইনশাআল্লাহ বিজয় আমাদের হবেই।
প্রধান অতিথি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, দেশের উপর থেকে শুরু করে সর্বস্তরে পচন ধরেছে। দানব সরকারের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। আর এজন্য প্রয়োজন গণতন্ত্র। গণতন্ত্রের মাতা খালেদা জিয়াকে মুক্তি করা ছাড়া গণতন্ত্র আসবে না। আমি বিশ্বাস করি, রাজপথের আন্দোলনের মাধ্যমে এই সরকারকে হটাতে হবে। খালেদা জিয়াকে মুক্ত করতে হবে।
স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, আমরা খালেদা জিয়াকে মুক্ত করতে পারিনি, ব্যর্থ হয়েছি। ১ বছর ৯ মাস হয়ে গেছে তিনি কারাবন্দি। তার শারীরিক অবস্থা অত্যন্ত খারাপ। আদালতের ওপর রাজনৈতিক প্রভাবের কারণে তার জামিনের ব্যবস্থা করা সম্ভব হচ্ছে না। তাই খালেদা জিয়ার মুক্তি রাজপথে আন্দোলনের মাধ্যমেই হতে হবে। নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, সময় এসে গেছে। আর বেশি সময় হাতে নেই। আমরা যদি দেশনেত্রীর মুক্তির দাবিতে কঠোর কর্মসূচি দেই, আপনাদের রাজপথে নামতে হবে। আমরা যারা আছি তারা রাজপথে থাকব।
স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, সম্প্রতি আমাদের এক সহকর্মীর ৫ বছর জেল হল, তিনি ৭ দিনের মাথায় জামিনে বের হলেন। আর আমার নেত্রীর যখন ৫ বছর জেল হয়, তখন ২ মাসে নকলের কপি পাই না। যখন জামিন চাই, বিচারক বলেন নথি তলব, তার মানে আরও ৩ মাস। এখান থেকে বুঝতে হবে আদালত আদালতের মতো চলে না। আদালত চলে শেখ হাসিনার নির্দেশে। সুতরাং সেই আদালতের ওপর নির্ভর করে আমরা নেত্রীর মুক্তির কথা কেন ভাবব? সে কারণে বলছি, জেলে যেতে হয় যাই, খালেদা জিয়াকে মুক্ত করেই যাই। কারণ গণতন্ত্রের অপর নাম খালেদা জিয়া।
তিনি বলেন, খালেদা জিয়াকে মুক্ত করার জন্য আন্দোলন করুন। দেশের মানুষ মুক্তি পাবে। নেত্রী মুক্তি পাবে। আদালত নয়, রাজপথে ফয়সালা হবে খালেদা জিয়ার। যাদের ধৈর্যের বাধ ভেঙে গেছে তারা চলে যাক, তাদের নিয়ে আমাদের সময় কাটানো দরকার নেই। কিন্তু যারা আছি তাদের মধ্যে কোনো মোনাফেকির ভাব আছে কিনা, আমরা সঠিকভাবে রাজপথে নামতে চাই কিনা- আগে দেখে আন্দোলনের ডাক দেন। খালেদা জিয়ার মুক্তি হবেই।
বিএনপির প্রচার সম্পাদক শহীদউদ্দিন চৌধুরী এ্যানি ও সহ-প্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলিমের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, মহিলা দলের হেলেন জেরিন খান, শ্রমিক দলের অনোয়ার হোসেন, যুবদলের সুলতান সালাউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের শফিউল বারী বাবু, ঢাকা মহানগর উত্তর বিএনপির মুন্সি বজলুল বাছিদ আঞ্জু প্রমুখ। উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুর রহমান হাবিব, আহমেদ আজম খান, নিতাই রায় চৌধুরী, খায়রুল কবীর খোকন, ফজলুল হক মিলন, শিরিন সুলতানা, মোস্তাফিজুর রহমান বাবুল, আবদুস সালাম আজাদ, সেলিমুজ্জামান সেলিম প্রমুখ।
‘বুলবুল’ মোকাবেলায় ১৩ জেলায় স্থানীয় সরকার বিভাগের ছুটি বাতিল-দৈনিক ইত্তেফাক
ঘূণিঝড় ‘বুলবুল’-এর সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে এবং এর মোকাবিলায় আগাম প্রস্তুতি হিসেবে ১৩ উপকূলীয় জেলার স্থানীয় সরকার বিভাগের সকল কর্মকর্তা-কর্মচারীর আজ শনিবার ও আগামীকাল রবিবার সরকারি ও সাপ্তাহিক ছুটি বাতিল এবং কর্মস্থলে থাকার নির্দেশ দেয়া হয়েছে। এলজিআরডি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার এ কথা জানানো হয়।
এতে বলা হয়, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূণিঝড় ‘বুলবুল’ এর সম্ভাব্য প্রভাব মোকাবিলার জন্য আগাম প্রস্তুতি হিসেবে ১৩টি উপকূলীয় জেলার স্থানীয় সরকার বিভাগের আওতাধীন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানে (জেলা পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ) কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারীর আজ শনিবার ও আগামীকাল রবিবার ছুটি (সাপ্তাহিক ও সরকারি) বাতিলসহ কর্মস্থল ত্যাগ না করার নির্দেশনা দিয়ে আদেশ জারি করেছে স্থানীয় সরকার বিভাগ।
জেলাগুলো হলো- সাতক্ষীরা, বাগেরহাট, পটুয়াখালী, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, খুলনা, চাঁদপুর, কক্সবাজার ও চট্টগ্রাম।
এক পৃথক আদেশে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে একটি নিয়ন্ত্রণ কক্ষ খোলাসহ মাঠ পর্যায়ের সকল কর্মকর্তা-কর্মচারীকে স্থানীয় প্রশাসনের সাথে নিবিড় যোগাযোগ রক্ষাসহ যথাযথ কার্যক্রম গ্রহণের নির্দেশনা প্রদান এবং প্রয়োজনে ঘূণিঝড় পরবর্তী রাস্তা-ঘাট-কালভার্ট সংস্কার-মেরামতপূর্বক সচল রাখার কার্যকরি ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দেয়া হয়েছে।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরকে উপদ্রুত এলাকা ও আশ্রয়কেন্দ্রে পর্যাপ্ত বিশুদ্ধ পানীয় জলের সরবরাহ নিশ্চিত করতে বলা হয়েছে। এছাড়া দুর্গত এলাকায় সকল স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে সমন্বয়পূর্বক কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশনাও দেয়া হয়েছে।
বৈরি আবহাওয়ার কারণে খোকার কুলখানির তারিখ পরিবর্তন-দৈনিক মানবজমিন
সদ্য প্রয়াত বীর মুক্তিযোদ্ধা ও অবিভক্ত ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার কুলখানি আগামীকাল রোববার হওয়ার কথা ছিলো। কিন্তু বৈরি আবহাওয়ার কারণে তারিখ পরিবর্তন করা হয়েছে। রোববারের পরিবর্তে ১৫ই নভেম্বর শুক্রবার কুলখানি করার সিদ্ধান্ত নিয়েছে তার পরিবার।১৫ই নভেম্বর ব্রাদার্স ইউনিয়ন ক্লাব মাঠে বাদ আসর মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

সাদেক হোসেন খোকার ছেলে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, বৈরী আবহাওয়ার সংকেত পাওয়ায় তারিখ পরিবর্তন করা হয়েছে। গত ৪ঠ নভেম্বর নিউইয়র্কে চিকিৎসাধীন অবস্থায় বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা মারা যান। সেখানে প্রথম দফা জানাজা শেষে গত বৃহস্পতিবার এমিরাটস এয়ারলাইন্সের একটি বিমানে তার মরদেহ দেশে আনা হয়।লাখো মানুষের শ্রদ্ধা ও ভালবাসায় সিক্ত হয়ে চার দফা জানাজা শেষে তাকে জুরাইন কবরস্থানে বাবা-মায়ের পাশে অন্তিম শয্যায় শায়িত করা হয়।
ভয়কে জয় করে প্রধানমন্ত্রী এগিয়ে যাচ্ছেন : কাদের-দৈনিক নয়াদিগন্ত
ভয়কে জয় করে প্রধানমন্ত্রী এগিয়ে যাচ্ছেন বলে মন্তব্য করেছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার দুপুরে সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত জাতীয় শ্রমিক লীগের ১২তম জাতীয় সম্মেলনে তিনি এসব কথা বলেন।
শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আমন্ত্রিত বিদেশি অতিথির মধ্যে বক্তব্য রাখেন আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)র কান্ট্রি ডিরেক্টর তুমো জোহানেস পুটিয়ানেন, আই টি ইউ সি এপিএর জেনারেল সেক্রেটারি শুইয়া ইয়াশিদা, সার টুক এর জেনারেল সেক্রেটারি লাক্সমেন বাহাদুর বাসনেট। এছাড়া শ্রম প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান, বাংলাদেশ আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, আমরা পাপের বোঝা বয়ে বেড়াচ্ছিলাম। সে অপরাধ, বঙ্গবন্ধু হত্যার কলঙ্কের কালিমা আমরা বয়ে বেড়াচ্ছিলাম। বাংলার মাটিতে রাজনৈতিক অঙ্গনে সেদিন জীবনের ঝুঁকি নিয়ে স্বদেশ প্রত্যাবর্তন করেন বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা আমাদের নেত্রী শেখ হাসিনা। তিনি এসেছিলেন বলে বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে। জাতীয় চার নেতার বিচার, যুদ্ধাপরাধীদের বিচার করে বাংলাকে পাপের বোঝা থেকে মুক্তি দিয়েছিলেন।
সেতুমন্ত্রী বলেন, শেখ হাসিনা শুধু পলিটিশিয়ান নন তিনি পরবর্তী জেনারেশনের আশা ভরসা। এদেশে গত ৪৪ বছরে সবচেয়ে দক্ষ প্রশাসকের নাম শেখ হাসিনা। সবচেয়ে সাহসী রাজনীতিকের নাম শেখ হাসিনা। পঁচাত্তর-পরবর্তী গত ৪৪ বছরে সবচেয়ে সফল কূটনীতিকের নাম হচ্ছে শেখ হাসিনা।
চলমান শুদ্ধি অভিযানে সহযোগিতার আহ্বান জানিয়ে কাদের বলেন, আসুন শেখ হাসিনা যে শুদ্ধি অভিযান আপন ঘর থেকে শুরু করেছেন তাতে সহযোগিতা করি। তিনি যে শুদ্ধি অভিযান চালাচ্ছেন বাংলাদেশের কেউ তা করতে পারেনি। তিনি সৎসাহসের এক অনন্য উদাহরণ সৃষ্টি করেছেন। আপন ঘর থেকে শুদ্ধি অভিযান শুরু করেছেন প্রধানমন্ত্রী।
এবার ভারতের বিস্তারিত খবর তুলে ধরছি
অযোধ্যার বিতর্কিত জমিতে রামমন্দির হবে। বিকল্প পাঁচ একর জমি পাবে মুসলিমদের পক্ষের ‘সুন্নি ওয়াকফ বোর্ড’। বিতর্কিত অযোধ্যা মামলায় ঐতিহাসিক রায় দিল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি রঞ্জন গগৈ-এর নেতৃত্বে শীর্ষ আদালতের পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ শনিবার এই রায় দিয়েছে। সর্বসম্মতিক্রমে এই রায় বলে আদালত সূত্রে খবর।
সুন্নি ওয়াকফ বোর্ডের আইনজীবী জাফরাইব জিলানি বলেন, ‘‘আমরা সুপ্রিম কোর্টের রায়কে সম্মান জানাই। তবে এই রায়ে আমরা সন্তুষ্ট নই। পরবর্তী পদক্ষেপ নিয়ে আমরা চিন্তাভাবনা করব।’’ তবে কাউকে কোনও প্রতিবাদ-প্রতিরোধের রাস্তায় না যাওয়ার আর্জিও জানিয়েছেন জাফরাইব। অন্য দিকে হিন্দু মহাসভার আইনজীবী বরুণ কুমার সিংহ বলেছেন, ‘‘এটা ঐতিহাসিক রায়। এই রায়ের মধ্যে দিয়ে সুপ্রিম কোর্ট বৈচিত্রের মধ্যে ঐক্যের বার্তা দিয়েছে।’’

প্রধান বিচারপতি ছাড়াও বেঞ্চে ছিলেন বিচারপতি এসএ বোবদে, ডিওয়াই চন্দ্রচূড়, অশোক ভূষণ এবং এস আব্দুল নাজির। রায় পড়ে শোনান প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। রায়ে শীর্ষ আদালত জানিয়েছে, মূল বিতর্কিত জমি পাবে ‘রাম জন্মভূমি ন্যাস’। এই জমিতে মন্দির তৈরিতে কোনও বাধা নেই। তবে কেন্দ্রকে সুপ্রিম কোর্টের নির্দেশ তিন মাসের মধ্যে একটি ট্রাস্ট গঠন করতে হবে। ওই ট্রাস্টের তত্ত্বাবধানেই থাকবে বিতর্কিত মূল জমি। কী ভাবে, কোন পদ্ধতিতে মন্দির তৈরি হবে, তারও পরিকল্পনা করবে ট্রাস্ট।
অন্য দিকে সুন্নি ওয়াকফ বোর্ডকে বিকল্প ৫ একর জমি দেওয়ার নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির বেঞ্চ। নির্দেশে বলা হয়েছে, গুরুত্বপূর্ণ কোনও জায়গায় ওই জমির বন্দোবস্ত করতে হবে সরকারকে।
রায়ে উল্লেখ করা হয়েছে, বাবরের সেনাপতি মির বাকিই যে মসজিদ তৈরি করেছিলেন, তার প্রমাণ রয়েছে। তবে সেটা কোন সালে, তা নির্ধারিত নয় এবং তারিখ গুরুত্বপূর্ণও নয়। ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণের খননে অন্য কাঠামোর প্রমাণ মিলেছে। তবে সেই কাঠামো থেকে এমনও দাবি করা যায় না যে, সেগুলি মন্দিরেরই কাঠামো। আবার সুন্নি ওয়াকফ বোর্ডের দাবি খারিজ করে শীর্ষ আদালত বলেছে, শুধুমাত্র বিশ্বাসের ভিত্তিতে কোনও অধিকার দাবি করা যায় না। জমির মালিকানা আইনি ভিত্তিতেই ঠিক করা উচিত।
করতারপুরের দরজা খুলে দিলেন মোদি, ধন্যবাদ জানালেন ইমরান খানকে-দৈনিক আজকাল
বহু প্রতীক্ষিত অযোধ্যা জমি বিতর্ক মামলার রায় ঘোঘিত হয়ে গিয়েছে। আর এদিনই করতারপুর করিডর খুলে দিল পাকিস্তান। এই করিডরের মধ্যে দিয়ে শিখ তীর্থযাত্রীরা পাকিস্তানের দরবার সাহিবে যাবেন। শিখ ধর্মের প্রবর্তক গুরু নানকের ৫৫০তম জন্মবার্ষিকীর আর তিন দিন বাকি। তার আগেই ৯ নভেম্বর এই করিডরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রথম ৫৫০ জন শিখ তীর্থযাত্রী কর্তারপুর যাবেন সেই দলে রয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং, অভিনেতা–রাজনীতিবিদ সানি দেওল এবং দুই কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ পুরী ও হরসিমরত কউর বাদল। কংগ্রেস বিধায়ক নভজোত সিং সিধুকেও দরবার সাহিবে যাওয়ার ব্যাপারে বৃহস্পতিবার ছাড়পত্র দিয়েছে বিদেশমন্ত্রক।

এদিকে সীমান্তের ওপারে করতারপুর করিডরের সূচনা করবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। করতারপুর করিডর উদ্বোধন করতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে অনেক ধন্যবাদ। পাঞ্জাব প্রদেশের করতারপুর করিডর আস্থা–ধর্মবিশ্বাসের স্থান। আস্থা–ধর্মবিশ্বাস নিয়ে রাজনীতি করা একেবারেই উচিত নয়। গুরু নানকের দর্শনের কথা মাথায় রেখেই পাঞ্জাব প্রদেশকে আরও উন্নত করে তোলা হবে। অমৃতসরে তৈরি করা হবে বিশ্ববিদ্যালয়।’ সাড়ে চার কিলোমিটার দীর্ঘ করিডর পাঞ্জাবের গুরদাসপুরের ডেরা বাবা নানক ও করতারপুরের দরবার সাহিবকে সংযুক্ত করেছে। সীমান্ত থেকে মাত্র ৪ কিমি দূরে ছোট্ট শহর করতারপুর। এটি পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের নারোয়াল জেলায় অবস্থিত। কথিত যে, এখানেই জীবনের শেষ ১৮ বছর কাটান শিখ ধর্মের প্রবর্তক গুরু নানক।
অযোধ্যার রায়কে স্বাগত জানিয়ে টুইট অমিতের, সৌহার্দ্যের বার্তা দিলেন মোদি-দৈনিক সংবাদ প্রতিদিন
অযোধ্যার ঐতিহাসিক রায়ের পর দেশবাসীকে সৌহার্দের বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রায় বেরনোর প্রায় ঘণ্টাখানেক পর একটি টুইট করে প্রধানমন্ত্রী বলেন, এই রায় সবদিক থেকে গুরুত্বপূর্ণ। এর ফলে ভারতের বিচারব্যবস্থার উপর মানুষের আস্থা আরও বাড়বে। সেই সঙ্গে রামভক্তি এবং রহিমভক্তি সরিয়ে রেখে, ভারতভক্তিতে ব্রতী হতে আহ্বান করেছেন প্রধানমন্ত্রী। এদিকে, সুপ্রিম কোর্টের এই রায়কে স্বাগত জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও।

অযোধ্যার রায় নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে নিজের নিরপেক্ষ ভাবমূর্তিকে আরও একবার তুলে ধরার চেষ্টা করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “দেশের সর্বোচ্চ আদালত অযোধ্যা মামলায় নিজের সিদ্ধান্ত শুনিয়ে দিয়েছে। এই সিদ্ধান্তকে কারও হার বা কারও জয় হিসেব দেখা ঠিক নয়। রামভক্তি হোক, কিংবা রহিমভক্তি, এখন সময় এসে গিয়েছে ভারতভক্তি ভাবনাকে আরও শক্তিশালী করার। দেশবাসীর কাছে আমার আবেদন আপনারা শান্তি, সদ্ভাব এবং একতা বজায় রাখুন। সুপ্রিম কোর্টের এই রায় একাধিক কারণে গুরুত্বপূর্ণ। এতেই বোঝা যায় যে কোনও সমস্যার আইনি প্রক্রিয়ায় সমাধান করা যায়। সব পক্ষকেই নিজেদের কথা বলার সময় দেওয়া উচিত। ন্যায়ের মন্দির বহু দশক পুরনো মামলার সমাধান সৌহার্দ্যের সঙ্গেই করে দিল।” মোদি আরও বলেন, “এই রায় আইনি প্রক্রিয়ার উপর সাধারণ মানুষের আস্থা আরও দৃঢ় করবে। আমাদের দেশের হাজার বছরের পুরনো ঐতিহ্য অনুসারে আমাদের ১৩০ কোটি ভারতবাসীকে ভ্রাতৃত্ব, শান্তি এবং সংযমের পরিচয় দিতে হবে।”
ক্রিকেট থেকে নির্বাসিত, ফুটবল পায়েই মাঠে নামলেন শাকিব-দৈনিক সংবাদ প্রতিদিন
বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার (আইসিসি) নির্দেশে আপাতত ক্রিকেটের বাইরে শাকিব আল হাসান। নির্বাসনের মেয়াদ কাটিয়ে বাইশ গজে ফিরতে ফিরতে সেই ২০২০ সালের অক্টোবর মাস। কিন্তু বাংলাদেশি অলরাউন্ডারের মন তো পড়ে রয়েছে মাঠেই। ক্রিকেট খেলায় নিষেধাজ্ঞা। তাই বিকল্প হিসেবে ফুটবলার হিসেবেই মাঠে নেমে পড়েছেন শাকিব!

একবার নয়, তিন-তিনবার বুকিদের থেকে ম্যাচ গড়াপেটার প্রস্তাব পেয়েছিলেন শাকিব। কিন্তু কোনওবারই সায় দেননি। তবে সেই তথ্য লুকিয়েছিলেন বলেই কড়া শাস্তি ভোগ করতে হচ্ছে বাংলাদেশের তারকাকে। আইসিসি’র দুর্নীতি দমন শাখা আগামী দুবছরের জন্য (একবছরের জন্য বলবৎ) সব ধরনের ফর্ম্যাটের ক্রিকেট থেকে নির্বাসিত করেছে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডারকে। আইসিসি’র সিদ্ধান্ত মাথা পেতে নিয়েছিলেন তিনি। নির্বাসনের পরই ব্যবসায় মনোনিবেশ করার ইচ্ছেও প্রকাশ করেছিলেন। একাধিক ব্যবসার সঙ্গে যুক্ত থাকলেও সম্প্রতি জানা যায়, কাঁকড়ার চাষ শুরু করছেন ক্রিকেটার। তবে এবার তাঁকে দেখা গেল ফুটবলারের অবতারে।
ফুটি হ্যাগস নামের ফুটবল দলের হয়ে কোরিয়ান এক্সপ্যাট দলের বিরুদ্ধে খেলতে নামেন শাকিব।ঢাকার বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে শুক্রবার আয়োজিত হয় সেই ম্যাচ। যেখানে ৩-২ গোলে কোরিয়ান দলকে হারিয়ে দেন শাকিবরা। ফেসবুকে একটি পোস্টে ফুটি হ্যাগস লেখে, “শাকিবকে দলে ফিরে পেয়ে দারুণ লাগছে।” ওই দলে শাকিবের সতীর্থ রিয়াদ শাহির আহমেদ হুসেনও সোশ্যাল মিডিয়ায় ম্যাচের বেশ কিছু ছবি পোস্ট করেন।
ক্রিকেট থেকে নির্বাসিত হওয়ায় আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলাও অনিশ্চিত হয়ে পড়েছে শাকিবের। ভারতে চলতি টি-টোয়েন্টি সিরিজেও শাকিবের অনুপস্থিতিতে মহম্মদুল্লার নেতৃত্বে খেলছে বাংলাদেশ। টেস্টে অধিনায়কত্ব করবেন মমিনুল হক। প্রথমবার বাংলাদেশের দিন-রাতের টেস্ট দলের অংশও হতে পারবেন না তিনি। তবে খেলার মধ্যে থেকেই নিজেকে ফিট রাখারই চেষ্টা করছেন অলরাউন্ডার।#
পার্সটুডে/এমবিএ/9
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।