নভেম্বর ১০, ২০১৯ ১২:৪৭ Asia/Dhaka
  • ‘বিএনপিতে ফাটল ধরানোর চেষ্টা করলে নিজেরাই ফেটে যাবেন’- রিজভী

সুপ্রিয় পাঠক/শ্রোতা! ১০ নভেমম্বর রোববারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

প্রথমে বাংলাদেশে:

  • প্রবল বুলবুল' একেবারেই দুর্বল -দৈনিক প্রথম আলো
  • বিতর্কিতদের আওয়ামী লীগের সব কমিটি থেকে বাদ দিতে হবে’ -দৈনিক কালেরকণ্ঠ
  • ‘বুলবুলের’ কারণে নির্ঘুম রাত কাটিয়েছেন প্রধানমন্ত্রী: তথ্যমন্ত্রী-দৈনিক যুগান্তর
  • শহীদ নূর হোসেনের প্রতি বিভিন্ন সংগঠনের শ্রদ্ধা: দৈনিক ইত্তেফাক
  • সুন্দরবন বারবার প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করে: ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান-দৈনিক মানবজমিন
  • ‘বিএনপিতে ফাটল ধরানোর চেষ্টা করলে নিজেরাই ফেটে যাবেন’ - রিজভী-দৈনিক  নয়া দিগন্ত-দৈনিক  নয়া দিগন্ত

ভারতের খবর:

  • সকালেই মমতাকে ফোন মোদীর, আলোচনা বুলবুল নিয়ে, দিলেন সবরকম সাহায্যের আশ্বাসদৈনিক আনন্দবাজার পত্রিকা
  • দৈনিক আজকালের  খবর- রামমন্দির নির্মাণ করতে ২১টি মুসলিম সংগঠন দান করবে ৫ লাখ টাকা, সম্প্রীতির অনন্য নজির
  • কিছু বলার থেকে না বলাটা আরও শক্তিশালী’, কবিতার মাধ্যমে ফের বিরোধীদের খোঁচা মমতার!-দৈনিক সংবাদ প্রতিদিন

প্রবল বুলবুল' একেবারেই দুর্বল -দৈনিক প্রথম আলো

প্রবল ঘূর্ণিঝড় বুলবুল' একেবারে দুর্বল হয়ে গেছে। উপকূলীয় এলাকা থেকে মহাবিপৎসংকেত তুলে নিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে বুলবুলের রেশ আছে। এই রেশ আরও দুই দিন থাকবে। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আগামী দুই দিন বৃষ্টি হবে।

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক শামসুদ্দিন আহমেদ আজ রোববার সকালে রাজধানীর আগারগাঁওয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

শামসুদ্দিন আহমেদ বলেন, ঘূর্ণিঝড় বুলবুলএই মুহূর্তে একেবারেই দুর্বল। এটি ছিল একটি প্রবল ঘূর্ণিঝড়। শুরুর দিকে বাতাসের গতি ছিল ঘণ্টায় প্রায় ১০০ থেকে ১২০ কিলোমিটার। কখনো কখনো ঘণ্টায় ১৩০ কিলোমিটার। সেই জায়গা থেকে এখন বাতাসের গতি নেমে এসেছে ঘণ্টায় ৮০ কিলোমিটারে।

শামসুদ্দিন আহমেদ বলেন, বুলবুল এখন আর প্রবল ঘূর্ণিঝড়ের অবস্থানে নেই। এমনকি এটি এখন আর ঘূর্ণিঝড়ও নয়। এটি একটি স্থল নিম্নচাপ হিসেবে অবস্থান করছে।

ঘূর্ণিঝড় বুলবুল বাংলাদেশে আসার আগে গতকাল শনিবার মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১০ নম্বর মহাবিপৎসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছিল। একই মহাবিপৎসংকেতের আওতায় ছিল উপকূলীয় জেলা ভোলা, বরগুনা, পটুয়াখালী, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরগুলো। তবে এসব মহাবিপদসংকেত তুলে নিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক শামসুদ্দিন আহমেদ বলেন, ‘আগে ছিল মহাবিপৎসংকেত ১০। এটি ছিল পায়রা ও মোংলায়। এখন ওই দুই জায়গায় মহাবিপৎসংকেত নামিয়ে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে হবে। চট্টগ্রাম সমুদ্রবন্দরে ছিল মহা বিপদ সংকেত ৯। সেখানে মহাবিপৎসংকেত নামিয়ে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে হবে। কক্সবাজারের ছিল ৪। সেখানে হবে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত। নদীবন্দরে ছোট ছোট লঞ্চের জন্য ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত বিদ্যমান আছে।’

বঙ্গোপসাগরের উত্তর-পশ্চিম অংশে সৃষ্টি হয়ে বুলবুল ধেয়ে আসে উত্তর-পূর্ব দিকে। গতকাল শনিবার রাত সাড়ে ৮টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ঘণ্টায় ১১০ থেকে ১২০ কিলোমিটার বেগে বুলবুল বয়ে যায় সুন্দরবনের ভারতের পশ্চিমবঙ্গ অংশের ধানচি সংলগ্ন এলাকা দিয়ে। স্থলভাগে আছড়ে পড়ার আগেই বুলবুলের কিছুটা শক্তিক্ষয় হয়। তবে ভারতের পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড়ে বেশ ক্ষয়ক্ষতি হয়। পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনার বড় অংশ লন্ডভন্ড হয় বুলবুলের তাণ্ডবে।

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক শামসুদ্দিন আহমেদ জানান, প্রথমে ঘূর্ণিঝড়টি আঘাত হানে ভারতের পশ্চিমবঙ্গে। এই আঘাতের পর সেটি দুর্বল হয়ে যায়। সে জন্য বাংলাদেশে আসতে আসতে বুলবুলের বাতাসের গতিবেগ আরও কমে যায়।

শামসুদ্দিন আহমেদ বলেন, এখন স্থল নিম্নচাপ হিসেবে বুলবুলের প্রভাবে আগামী দুই দিন থেমে থেমে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হবে। আবহাওয়া স্বাভাবিক হতে আরও তিন চার দিন লাগবে।

চট্টগ্রামে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিবুলবুলের প্রভাবে আজ রোববার সকাল থেকে চট্টগ্রামে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রামে মাঝারি থেকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে।

পতেঙ্গা আবহাওয়া দপ্তরের আবহাওয়াবিদ ফরিদ আহম্মেদ বলেন, ঘূর্ণিঝড় বুলবুল দুর্বল হয়ে স্থল নিম্নচাপ হিসেবে পিরোজপুর ও বরিশাল এলাকায় অবস্থান করছে। আজ চট্টগ্রামে হালকা বাতাস এবং ২৪ ঘণ্টায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। মহাবিপদ সংকেত নামিয়ে সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ঝড়ের ভয়ে আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া লোকজন সকাল থেকেই নিজ ঘরে ফিরে গেছেন।

এদিকে, ১৫ ঘণ্টা পর চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর আজ সকাল ৭টা থেকে পুনরায় চালু হয়েছে।

বিতর্কিতদের আওয়ামী লীগের সব কমিটি থেকে বাদ দিতে হবে’ -দৈনিক কালেরকণ্ঠ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দলের বিতর্কিত ও খারাপ ব্যক্তিদের সব কমিটি থেকে বাদ দিতে হবে।

আজ রবিবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের নেতাদের এক মতবিনিময় সভায় তিনি এ নির্দেশ দেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুদ্ধি অভিযানের প্রেক্ষাপটে দলের যে কোনো শাখার বিতর্কিত ব্যক্তিদের বাদ দেওয়ার নির্দেশ দিয়েছেন বলে জানান ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের দল অনেক বড়, ভেতরে অনেক সমস্যা রয়েছে। কিন্তু, নেত্রীর আহ্বানে সাড়া দিয়ে দলের মধ্যে যদি কোনো সমস্যা থাকে, তা আমরা সমাধান করবো। এ কারণে শুদ্ধি অভিযানের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ বিতর্কিত ব্যক্তিদের দল থেকে বাদ দিতে হবে।’

ভারতের বাবরি মসজিদ প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে সেতুমন্ত্রী বলেন, বাবরি মসজিদের ব্যাপারে আমাদের স্পষ্ট বক্তব্য হলো, এটি ভারতের উচ্চ আদালতের রায়, যা তাদের দেশের অভ্যন্তরীণ বিষয়। কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোর প্রয়োজন আমরা মনে করি না। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম।

‘বুলবুলের’ কারণে নির্ঘুম রাত কাটিয়েছেন প্রধানমন্ত্রী: তথ্যমন্ত্রী-দৈনিক যুগান্তর

বল ঘূর্ণিঝড় বুলবুলের কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্ঘুম রাত কাটিয়েছেন বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ।

রোববার নূর হোসেন দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত আলোচনাসভায় তিনি এ কথা জানান। তথ্যমন্ত্রী বলেন, সরকারের প্রস্তুতির কারণেই ঘূর্ণিঝড় ‘বুলবুল’ কোনো ক্ষয়ক্ষতি করতে পারেনি। ঘূর্ণিঝড়টি উপকূলে আছড়ে পড়ার পর নির্ঘুম রাত কাটিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

হাছান মাহমুদ বলেন, ঘূর্ণিঝড় ‘বুলবুল’র ক্ষয়ক্ষতি এড়াতে সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ দায়িত্ব পালন করতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ এখন বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করেছেন।

বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমেদের মন্তব্যের নিন্দা জানিয়ে তিনি বলেন, আয়নায় আগে নিজেদের মুখ দেখুন। ১৯৯১ সালে বিএনপি ক্ষমতায় থাকার সময় যে ঘূর্ণিঝড় হয়েছিল তাতে পাঁচ লাখ মানুষ মারা গিয়েছিল। এরপর তারা সংসদে দাঁড়িয়ে বলেছিলেন, সরকারের প্রস্তুতির কারণে যত লোক মারা যাওয়ার কথা ছিল তত মারা যায়নি।

নূর হোসেন সম্পর্কে তথ্যমন্ত্রী বলেন, নূর হোসেনসহ স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহীদদের রক্ত বৃথা যায়নি। তাদের রক্তের বিনিময়ে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। সেইসঙ্গে ভাত ও ভোটের অধিকার পেয়েছে।

শহীদ নূর হোসেনের প্রতি বিভিন্ন সংগঠনের শ্রদ্ধা: দৈনিক ইত্তেফাক: দৈনিক ইত্তেফাক

স্বৈরাচার বিরোধী গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক শহীদ নূর হোসেনকে স্মরণ ও শ্রদ্ধা জানিয়েছে আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সংস্কৃতিক সংগঠন।

রবিবার সকালে রাজধানীর গুলিস্তানের নূর হোসেন স্কয়ারে (জিরো পয়েন্টে) সর্বসস্তরের রাজনৈতিক নেতাকর্মী ফুল দিয়ে শহীদ নূর হোসেনকে স্মরণ করেন ও শ্রদ্ধা জানান। সকাল ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত এ শ্রদ্ধা নিবেদন চলে।

সকাল সাড়ে ৯ টায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরে নেতৃত্বে নুর হোসেনের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এ সময় নূর হোসেনের স্মৃতিচারণ করে ওবায়দুল কাদের বলেন, যে গণতন্ত্রের জন্য নূর হোসেন রক্ত দিয়েছিলেন দেশে সেই গণতন্ত্র বর্তমানে অব্যাহত রয়েছে।

ঘূর্ণিঝড় বুলবুল মোকাবিলার প্রস্তুতি নিয়ে তিনি বলেন, ঘুর্ণিঝড় বুলবুল মোকাবিলায় সরকার ও আওয়ামী লীগ প্রস্তুত। সরকারের পাশাপাশি দলের নেতাকর্মীরা কাজ করছেন। পরিস্থিতি মোকাবিলায় সব ধরণের সহযোগিতা করা হচ্ছে।

এ সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহা উদ্দিন নাছিম ও খালিদ মাহমুদ চৌধুরী, সংস্কৃতি বিষয়ক সম্পাদক আসীম কুমার উকিল, দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দিলীপ রায় প্রমুখ উপস্থিত ছিলেন।

আওয়ামী লীগ ছাড়া শহীদ নূর হোসেনের প্রতি শ্রদ্ধা জানায়, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাসদ, বাংলাদেশের ওয়ার্কার্স পার্ট, বিপ্লবী ওয়ার্কার্স পাটি, বাম গণতান্ত্রিক জোট। এছাড়াও আওয়ামী যুব লীগ, স্বেচ্ছাসেবক লীগ, জাতীয় শ্রমিক লীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শহীদ নূর হোসেনের স্মৃতির প্রতি পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে শ্রদ্ধা জানায়।

১৯৮৭ সালের এই দিনে তৎকালীন সামরিক শাসকের বিরুদ্ধে রাজধানীর রাজপথে আন্দোলনে সামিল হয়ে নূর হোসেন নিহত হন। তার এই আত্মত্যাগে স্বৈরাচার বিরোধী আন্দোলন বেগবান এবং পরবর্তীতে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়।

সুন্দরবন বারবার প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করে: ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান-দৈনিক মানবজমিন

সুন্দরবন বারবার প্রাকৃতিক দুর্যোগ থেকে আমাদের রক্ষা করছে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান। তিনি বলেন, সুন্দরবনের প্রতি কেউ যেন অযত্ন-অবহেলা করতে না পারে, সে জন্য সংশ্লিষ্ট মহলকে উদ্যোগ নিতে বলবো। সুন্দরবনের যেন আরও যত্ন নেওয়া হয়, নতুন নতুন গাছ লাগিয়ে বনকে শক্তিশালী করা হয়।আজ সচিবালয়ে ঘূর্ণিঝড় বুলবুল নিয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে তিনি আরো বলেন, বুলবুলের সময় বাতাসের গতিবেগ ছিল গড়ে ৪০-৯০ কিলোমিটার। আজ বিকাল নাগাদ আবহাওয়ার উন্নতি হতে শুরু করবে। কাল রৌদ্রজ্জ্বল দিন পাবো বলে আশা করছি। ঘূর্ণিঝড়টি নিয়ে মানুষের মধ্যে যে ভীতি ছিল, তা সাংবাদিকরা দূর করতে পেরেছেন। মানুষকে সচেতন করতে পেরেছেন।তাই আমি তাদের ধন্যবাদ জানাই। তাদের তৎপরতার কারণে এবার সর্বোচ্চ সংখ্যক মানুষ আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে।এনামুর রহমান বলেন, এ বছর ২১ লাখ ৬ হাজার ৯১৮ জন মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়। বুলবুল মোকাবিলায় দেশের ১৪টি জেলায় আগেই পাঁচ লাখ করে টাকা ও পর্যাপ্ত পরিমাণে শুকনো খাবার পাঠনো হয়। নেভি ও কোস্টগার্ড ভালো কাজ করেছে। পটুয়াখালীতে হারিয়ে যাওয়া ১শ’ জেলেকে উদ্ধার করেছে তারা। আগে থেকেই রাসমেলা বাতিল করা হয়েছে। প্রধানমন্ত্রী সার্বক্ষণিক যোগাযোগ রেখেছেন, ডিসিদের সঙ্গে ফোনে কথা বলেছেন। এ কারণে আমরা উৎসাহ-উদ্দীপনা ও সহস পেয়েছি।প্রতিমন্ত্রী বলেন, আমরা এ পর্যন্ত দু’জনের মৃত্যুর খবর পেয়েছি। ৩০ জন আহত হয়েছেন।

পাঁচ থেকে ছয় হাজার কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। যে দু’জন মারা গেছেন, তাদের একজনের নাম প্রমিলা মন্ডল (৬৩), বাড়ি খুলনার দাকোপ উপজেলায়। তিনি অনুমতি না নিয়ে সাইক্লোন শেল্টার ছেড়ে বাড়ির দিকে রওনা দিয়ে পথে গাছচাপায় মারা যান। আরেকজনের নাম হামিদ কাজি (৬৫), বাড়ি পটুয়াখালীর মির্জাগঞ্জের মাধবখালী ইউনিয়নে। ঘর চাপা পড়ে তিনি মারা গেছেন।তিনি বলেন, আশ্রয়কেন্দ্রে এক শিশুর জন্ম হয়েছে। বাগেরহাটের মিঠাখালীর একটি আশ্রয়কেন্দ্রে বাচ্চাটির জন্ম হয়। তার নাম রাখা হয়েছে বুলবুলি। নিয়ম অনুযায়ী পুনর্বাসন কার্যক্রম শুরুর আগে ক্ষতিগ্রস্ত এলাকা আগে পরিদর্শন করতে হয়। কাল থেকে আমরা পরিদর্শনে যাবো। জেলা প্রশাসক ও থানা নির্বাহী অফিসাররাও ক্ষয়ক্ষতি নিরুপণ করছেন। এ কাজের জন্য সাত দিন সময় লাগবে। এবার ঝড়ে আমনের ক্ষতি হয়নি। কারণ পটুয়াখালী ছাড়া আক্রান্তদ জেলাগুলোতে আমন চাষ হয় না। পটুয়াখালীতে অল্পকিছু জমিতে আমনের চাষ হয়, সেখানে কিছুটা ক্ষতি হয়েছে। তবে শীতকালীন সবজির কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। কৃষি মন্ত্রণালয় এ ক্ষতি পুষিয়ে দিতে কাজ করবে।‘প্রাথমিকভবে যে তথ্য পাওয়া গেছে তাতে— সাতক্ষীরা ও বাগেরহাটে কিছু কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। খুলনায় গাছপালা ভেঙেছে বেশি। ভোলায় ৫-৬টি বাড়ি বিধ্বস্ত হয়েছে। ঝালকাঠিতে ধানের জমির ক্ষতি হয়েছে। বরিশালে তেমন কোনও ক্ষয়ক্ষতি হয়নি। বরগুনায় একটি স্কুলের চাল ভেঙে পড়েছে। পটুয়াখালীতে ৮৫টি কাঁচাঘর ভেঙে পড়েছে। পিরোজপুর ও কক্সবাজারে কোনও ক্ষয়ক্ষতি হয়নি।তিনি আরো বলেন, আশ্রয়কেন্দ্রে কেউ আসতে না চাইলে, জোর করে আনার বিধান রয়েছে। আমরা এবার বলপ্রয়োগ করে কিছু মানুষকে আশ্রয়কেন্দ্রে এনেছি। আগে নিরাপত্তার অভাব ও অব্যবস্থাপনার কারণে মানুষ আশ্রয়কেন্দ্রে আসতে চাইতো না।আবহাওয়া অধিদপ্তরের পরিচালক শামসুদ্দিন আহমেদ বলেন, আন্দামান সাগর থেকে বুলবুলের উৎপত্তি। এটি খুলনা হয়ে বাংলাদেশে প্রবেশ করে। ১০ নম্বর মহাবিপদ সংকেত দেওয়া হয়েছিল। রোববার  ভোর ৫টার দিকে ঝড়টি খুলনা, বরগুনা ও বাগেরহাটে আঘাত হানে। এরপর ক্রমান্বয়ে দুর্বল হয়ে পড়ে। সকাল সাড়ে ৯টায় ১০ নম্বর সংকেত নামিয়ে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত রাখতে বলা হয়েছে। এই সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, মন্ত্রণালয়ের সিনিয়র সচিব শাহ কামাল, দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি তাজুল ইসলামসহ আরো অনেকে।

‘বিএনপিতে ফাটল ধরানোর চেষ্টা করলে নিজেরাই ফেটে যাবেন’ -দৈনিক  নয়া দিগন্ত

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করে কোনো কাজ হবে না। অনেক তো ষড়যন্ত্র করা হয়েছে কিন্তু কোনোভাবেই তা সফল হয়নি। কারণ এই দেশের জাতীয়তাবাদী শক্তি দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে ঐক্যবদ্ধ, তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ। এই ঐক্যে যদি কেউ ফাটল ধরানোর চেষ্টা করেন তাহলে তাঁরা নিজেরাই ফেটে পড়বেন।

নিজের দলকে ‘হিমালয় পর্বতমালা’র সঙ্গে তুলনা করে বিএনপি নেতা রিজভী বলেন, ‘হিমালয় পর্বতমালা বলুন আর রকি পর্বতমালা বলুন। এসব বিশাল বিশাল পর্বতমালায় যদি ঘূর্ণিঝড় হয়, আর তাতে দু-একটা পাথর এদিক-সেদিক খসে পড়লে পর্বতের কোনো ক্ষতি হয় না। আজ বিএনপি পৃথিবীর শক্তিশালী পর্বতের মতো একটি পর্বত।’

আজ রোববার দুপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে রুহুল কবির রিজভী এসব কথা বলেন।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব আরো বলেন, হযরত মুহাম্মদ (সা.)কে সমগ্র বিশ্বের রহমত হিসেবে পাঠানো হয়েছে। তাঁর মতন একজন মহামানবের সম্পর্কে আলোচনা করা অত্যন্ত কঠিন। তৎকালীন সময়ে আরবের সমাজের যে অবস্থা ছিল, যে অনাচর, ব্যভিচার ছিল তা হযরত মুহাম্মদ (সা.)-এর মনকে ব্যথিত করত। ব্যথিত করতে বলে সেই অন্ধকারের যুগ, আইয়ামে জাহেলিয়া যুগের মধ্য থেকেও তাঁর পবিত্র আত্মা দিয়ে বুঝতে পেরেছিলেন সমাজে অনাচার চলছে। তখন থেকেই তিনি যুবকদের নিয়ে সংগঠন করেছেন, ন্যায়বিচার করেছেন।

বিএনপির শীর্ষ এ নেতা বলেন, আমরা মহানবীর (সা.) আদর্শ থেকে অনেক দূরে সরে গেছি। তাঁর আদর্শ ধরে রাখলে আমাদের সমাজে কোনো কদাচার-অনাচার আসন গেড়ে বসতে পারত না।

রিজভী বলেন, বারবার বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে। আপনারা দেখেছেন, ওয়ান-ইলেভেনের আগে থেকে ষড়যন্ত্র শুরু হয়েছে। ওয়ান-ইলেভেনের ষড়যন্ত্র হয়েছে। আবার এখন কিছু ষড়যন্ত্রের নানা কথাবার্তা, আভাস আমরা শুনতে পাই।

বিএনপি নেতা আরো বলেন, ‘আজ মানুষ রাস্তাঘাটে মরে পড়ে আছে। নদী-নালা-খাল-বিলের মধ্যে মানুষের লাশ ভাসছে। প্রতিদিন শুধু নারীরাই লাঞ্ছিত হচ্ছে না, শিশুরাও লাঞ্ছনা, ধর্ষণের শিকার হচ্ছে। এটাই তো আইয়ামে জাহেলিয়া যুগ। যে আইয়ামে জাহেলিয়া যুগের বিরুদ্ধে মহানবী রুখে দাঁড়িয়েছিলেন, সেই যুগের মধ্যে আমাদের বাস করতে হচ্ছে। আজ বাংলাদেশে ভিন্ন ধরনের একটা আইয়ামে জাহেলিয়া যুগ চলছে।’

সকালেই মমতাকে ফোন মোদীর, আলোচনা বুলবুল নিয়ে, দিলেন সবরকম সাহায্যের আশ্বাসদৈনিক আনন্দবাজার পত্রিকা

উপকূল এলাকায় রাতভর তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় বুলবুল। রবিবার সকাল হতেই তা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফোনে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। খোঁজ নিলেন রাজ্যের পরিস্থিতির। দুর্যোগ কাটিয়ে উঠতে মমতা বন্দ্যোপাধ্যায়কে সবরকম সাহায্যের প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।

এ দিন নিজের টুইটার হ্যান্ডলে প্রধানমন্ত্রী লেখেন, ‘ঘূর্ণিঝড় এবং ভারী বৃষ্টির পর পূর্ব ভারতের একাধিক এলাকার পরিস্থিতি সম্পর্কে খোঁজ নিয়েছি।  সাইক্লোন বুলবুলের তাণ্ডবে এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি কেমন, তা নিয়ে কথা হয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে।  কেন্দ্রীয় সরকারের তরফে ওঁকে সবরকম সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছি। সকলে সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই কামনাই করি।’

বুলবুলের প্রভাবে একটানা দু’দিন ধরে হাল্কা বৃষ্টিপাতের পর, গতকাল রাতে বাংলার স্থলভাগে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় বুলবুল। পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগণার বসিরহাট এবং দক্ষিণ ২৪ পরগণা জেলাতেই ঝড়ের প্রভাব পড়েছে।তাতে বেশ কিছু গাছ উপড়ে গিয়েছে। ভেঙে পড়েছে একাধিক মাটির বাড়ি। একাধিক জায়গায় বিঘ্নিত হয়েছে বিদ্যুৎ পরিষেবাও। 

রামমন্দির নির্মাণ করতে ২১টি মুসলিম সংগঠন দান করবে ৫ লাখ টাকা, সম্প্রীতির অনন্য নজির-দৈনিক আজকাল

অযোধ্যায় রামমন্দির হবে। শনিবার সুপ্রিম কোর্ট এই রায় দেওয়ার পরও শান্তি–সহাবস্থানে রয়েছে গোটা দেশ। আসলে ভারত শান্তিতেই থাকতে চায়। কেউ আবেদন করুক আর না–ই করুক। এটা দেশের স্বাভাবিক চিত্র। কিন্তু অযোধ্যা মামলার রায়ের পর একটা ব্যতিক্রম ঘটনাও চোখে পড়ল। কী সেই ঘটনা?‌ অযোধ্যায় রামমন্দির নির্মাণ করতে ২১টি মুসলিম সংগঠন অর্থ দান করবে। এটা ব্যতিক্রম ঘটনা বলার কারণ হল, সুপ্রিম কোর্টের রায়ে বলা হয়েছে, ওখানে মসজিদ ছিল না বলে হিন্দুদের তরফে যে দাবি করা হচ্ছে, তার ভিত্তি নেই। সেই দাবিকে বাতিল করে দেওয়া হল। তবে বাইরের অংশ (আউটার কোর্ড ইয়ার্ড) হিন্দুদের নিজস্ব মালিকানা। তিন মাসের মধ্যে একটি ট্রাস্ট তৈরি করতে হবে কেন্দ্রীয় সরকারকে। তারা জমির বিষয়ে দেখভাল করবে, অযোধ্যা আইন নির্ভর করে। সুন্নি ওয়াকফ বোর্ডকে ৫ একর জমি দিতে হবে। সেখানেই সুন্নি ওয়াকফ বোর্ড মসজিদ তৈরি করতে পারবে। মূল জমির বিতর্কিত ২.৭৭ একর জমি দেওয়া হবে রামজন্মভূমি ন্যাসকে। ফলে এই রায়ে মোটেই খুশি হয়নি মুসলিম সংগঠন। কিন্তু তারপরও সহাবস্থান ও সম্প্রীতির নজির দেখা গেল ভারতেই। রাম মন্দির নির্মাণের জন্য ৫ লাখ টাকা দেবে অসমের ২১টি মুসলিম সংগঠন৷ এই ব্যতিক্রমী সিদ্ধান্তই জানালেন মুসলিম সংগঠনের জনগোষ্ঠীয় সমন্বয় পরিষদের মুখ্য আহ্বায়ক মোমিনুল আওয়াল৷ অযোধ্যার বিতর্কিত জমিতে তৈরি হবে মন্দির। এমনকী মুসলিম ছাত্র সংগঠনের পক্ষ থেকে ১ লক্ষ টাকা দান করা হবে রামমন্দির নির্মাণের জন্য। সুপ্রিম কোর্টের দেওয়া ঐতিহাসিক রায়কে স্বাগত জানিয়েছে অসমের ওই মুসলিম সংগঠনগুলি।

কিছু বলার থেকে না বলাটা আরও শক্তিশালী’, কবিতার মাধ্যমে ফের বিরোধীদের খোঁচা মমতার!-দৈনিক সংবাদ প্রতিদিন

শনিবার সকাল, গোটা দেশ রুদ্ধশ্বাসে তাকিয়ে অযোধ্যা রায়ের দিকে। ৫০০ ধরে চলতে থাকা বিতর্কিত জমি নিয়ে দী্র্ঘ ২৭ বছরের মামলার নিষ্পত্তি ঘটাল রঞ্জন গগৈর ত্বত্তাবধানে পাঁচ বিচারকের ডিভিশন বেঞ্চ। জিতলেন রামলালা। সারা দেশ যখন উত্তাল, তখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমোর থেকে নিদেনপক্ষে একটা মন্তব্য আশা করেছিলেন অনেকেই। কিন্তু এ কী, তিনি চুপ কেন? ঐতিহাসিক রায় বেরনোর পর রাজনৈতিক মহলের ফিসফাসে ঘুরপাক খাচ্ছিল এই প্রশ্ন। তবে, সন্ধে কাটতেই নিজস্ব ভঙ্গির বাইরে গিয়ে মোক্ষমভাবে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরোক্ষভাবে বুঝিয়ে দিলেন, ‘অনেক সময় চুপ থাকাটাই শ্রেয়’।

না, অযোধ্যা রায় নিয়ে সোজাসুজি কোনও মন্তব্য করেননি মমতা বন্দ্যোপাধ্যায়। কিংবা তাঁর দলের কোনও নেতা-মন্ত্রীকেই আস্ফালন করতে দেখা যায়নি। তিনি মন্তব্য করলেন লিখে। অযোধ্যার বিতর্কিত জমি নিয়ে কবিতা লিখে ফেললেন মুখ্যমন্ত্রী। কবিতার নাম ‘না বলা’। সরাসরি কোনও রকম মন্তব্য না করে প্রতিবাদের যে এ এক অন্য ভাষা বেছে নিলেন মমতা, তা বলাই যায়।#

পার্সটুডে/এমবিএ/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।