কথাবার্তা
পেঁয়াজ বিমানে উঠে গেছে, চিন্তার কারণ নেই: প্রধানমন্ত্রী
-
ঢাকা ও কোলকাতার পত্রপত্রিকার সব গুরুত্বপূর্ণ খবর
সুপ্রিয় পাঠক/শ্রোতা! ১৬ নভেম্বর শনিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।
বাংলাদেশের শিরোনাম:
- পেঁয়াজ বিমানে উঠে গেছে, চিন্তার কারণ নেই: প্রধানমন্ত্রী-দৈনিক প্রথম আলো
- দুর্নীতি দমনে কাউকে ছাড় নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী -দৈনিক কালেরকণ্ঠ
- স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল, সম্পাদক বাবু-দৈনিক যুগান্তর
- শেখ হাসিনা নির্বাচনভিত্তিক রাজনীতি করেন না: ওবায়দুল কাদের-দৈনিক ইত্তেফাক
- রাবি শিক্ষার্থীকে ছাত্রলীগের মারধরতিন দফা দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ-দৈনিক মানবজমিন
- পেঁয়াজের বাজারে ম্যাজিস্ট্রেটের উপর ব্যবসায়ীদের হামলা: -দৈনিক নয়া দিগন্ত
ভারতের শিরোনাম:
- বিধায়ক কেনাবেচায় নেমেছে বিজেপি! অভিযোগ শিবসেনার-দৈনিক আনন্দবাজার পত্রিকা
- রাফালে মন্তব্যে রাহুলের ক্ষমা চাওয়ার দাবিতে শহরে তাণ্ডব বিজেপির-দৈনিক আজকাল
- স্বামীরা বন্দি, চিনা পুরুষদের শয্যাসঙ্গিনী হতে বাধ্য করা হচ্ছে মুসলিম মহিলাদের-দৈনিক সংবাদ প্রতিদিন
পাঠক/শ্রোতা! এবারে গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব। জনাব সিরাজুল ইসলাম কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি।
কথাবার্তার প্রশ্ন
১. বাংলাদেশে পিয়াজের দাম বৃদ্ধি নিয়ে হুলস্থুল কাণ্ড চলছে। এ অবস্থায় কারসাজির সঙ্গে জড়িতদের খুঁজে বের করা হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিষয়টি আপনি কীভাবে দেখছেন?
২. ইরানের সর্বোচ্চ নেতা ঘোষণা করেছেন, কোনো রকমের দ্বিধা-দ্বন্দ্ব ছাড়াই ফিলিস্তিনিদের সাহায্য করবে ইরান। তার এ ঘোষণা সম্পর্কে আপনার পর্যবেক্ষণ কী?
জনাব সিরাজুল ইসলাম আপনাকে আবারো ধন্যবাদ
পেঁয়াজ বিমানে উঠে গেছে, চিন্তার কারণ নেই: প্রধানমন্ত্রী-দৈনিক প্রথম আলো
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পেঁয়াজ বিমানে উঠে গেছে, চিন্তার কারণ নেই। প্রধানমন্ত্রী জানিয়েছেন, পেঁয়াজের অস্বাভাবিক দাম বাড়ার পেছনে কোনো চক্রান্ত আছে কি না, সরকার তা খুঁজে দেখতে চায়।শেখ হাসিনা বলেছেন, ‘পেঁয়াজের দাম এখন একটা সমস্যা হয়ে দেখা দিয়েছে… এটা সত্য যে বিভিন্ন দেশে পেঁয়াজের মূল্যবৃদ্ধি পেয়েছে, কিন্তু আমি জানি না আমাদের দেশে কেন অস্বাভাবিকভাবে মূল্যবৃদ্ধি পেয়েছে। আমরা এই মূল্যবৃদ্ধির পেছনে কারও চক্রান্ত আছে কি না, তা খুঁজে দেখতে চাই।’প্রধানমন্ত্রী আজ শনিবার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের তৃতীয় জাতীয় সম্মেলন উদ্বোধনকালে এসব কথা বলেন।
প্রসঙ্গত, আজ বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, মিসর থেকে কার্গো বিমানযোগে আমদানি করা পেঁয়াজের প্রথম চালান ঢাকায় পৌঁছাবে মঙ্গলবার। এস আলম গ্রুপ মিসর থেকে বিপুল পরিমাণে পেঁয়াজ আমদানি করছে, এটি তার প্রথম চালান। পর্যায়ক্রমে অন্যান্য আমদানিকারকের আমদানি করা পেঁয়াজ কার্গো বিমানযোগে দেশে আসবে।
স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনে মোট ১ হাজার ৯৭৫ জন কাউন্সিলর ও প্রায় ১৮ হাজার প্রতিনিধি অংশ নিয়েছেন এবং প্রায় ১৫ হাজার অতিথি উপস্থিত ছিলেন বলে জানিয়েছে আয়োজকেরা।
প্রধানমন্ত্রী জানান, সরকার দেশে পেঁয়াজের দাম কমিয়ে আনতে বিদেশ থেকে কার্গো বিমানে করে পেঁয়াজ আমদানি করছে।
এ সময় শেখ হাসিনা বলেন, ‘এ সমস্যার সমাধান করতে আমরা কার্গো বিমানে করে পেঁয়াজ আমদানি করছি। পেঁয়াজভর্তি বিমান আগামীকাল বা তার পরের দিন দেশে এসে পৌঁছাতে পারে বলে আশা করা যাচ্ছে। পেঁয়াজ বিমানে উঠে গেছে, চিন্তার কারণ নেই।’
প্রসঙ্গত, আজ বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, মিসর থেকে কার্গো বিমানযোগে আমদানি করা পেঁয়াজের প্রথম চালান ঢাকায় পৌঁছাবে মঙ্গলবার। এস আলম গ্রুপ মিসর থেকে বিপুল পরিমাণে পেঁয়াজ আমদানি করছে, এটি তার প্রথম চালান। পর্যায়ক্রমে অন্যান্য আমদানিকারকের আমদানি করা পেঁয়াজ কার্গো বিমানযোগে দেশে আসবে।
আবহাওয়ার কারণে পণ্যের উৎপাদন বাড়তে বা কমতে পারে উল্লেখ করে প্রধানমন্ত্রী আরও বলেন, কেউ কেউ আছেন, যাঁরা পেঁয়াজ মজুত করে দাম বাড়ানোর মাধ্যমে দ্রুত টাকা উপার্জন করতে চান। কিন্তু তাঁদের মাথায় রাখা উচিত পেঁয়াজ বেশি দিন মজুত রাখা যায় না, এগুলো পচে যায়।
প্রধানমন্ত্রী অভিযোগ করে বলেন, ‘দেশ যখন এগিয়ে যাচ্ছে ও মানুষ শান্তিতে বসবাস করছে, তখন কিছু স্বার্থান্বেষী মহল সমস্যা তৈরি করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আমি মানুষকে বিভ্রান্ত না হওয়ার ও আসল কারণ খুঁজে বের করার অনুরোধ জানাচ্ছি।’
শেখ হাসিনা বলেন, ভারতেও পেঁয়াজের দাম এখন খুব বেশি এবং বর্তমানে ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে সে দেশে এমন একটি রাজ্য রয়েছে, যেখান থেকে পেঁয়াজ রপ্তানির অনুমতি নেই...সেই রাজ্যে পেঁয়াজের দাম কম।
স্বেচ্ছাসেবক লীগের কাউন্সিল প্রস্তুতি কমিটির আহ্বায়ক নির্মল রঞ্জন গুহের সভাপতিত্বে কাউন্সিলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও আ ফ ম বাহাউদ্দিন নাছিম উপস্থিত ছিলেন।
এর আগে প্রধানমন্ত্রী জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কাউন্সিলের উদ্বোধন করেন। এ সময় জাতীয় সংগীত বাজানো হয়। পরে পায়রা ও বেলুন ওড়ান প্রধানমন্ত্রী।
দুর্নীতি দমনে কাউকে ছাড় নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী -দৈনিক কালেরকণ্ঠ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্ধৃতি দিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, দেশের উন্নয়নে দুর্নীতি দমন করার জন্য কাউকে ছাড় দেওয়া হবে না। দুর্নীতির বিরুদ্ধে সরকার কঠোর।
আজ শনিবার সকালে রাজশাহীর বাঘা উপজেলার মোজাহার হোসেন মহিলা ডিগ্রি কলেজ চত্বরে মাঠে আয়োজিত বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি 'বাঘা উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে' প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এদিন সকাল ১১টায় কলেজের অধ্যক্ষ ও উপজেলা শিক্ষক সমিতির আহ্বায়ক নছিম উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত সভায় মন্ত্রী বলেন, বাঙালি জাতির মাঝে শিক্ষার বীজ বপন করেছেন বঙ্গবন্ধু। শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, খাদ্য এগুলো যে মানুষের সাংবিধানিক অধিকার তা নিশ্চিত করেছেন জাতীর পিতা। একটা সময় ছিল যখন কয়েকটি অঞ্চল মিলে একটি শিক্ষা প্রতিষ্ঠান (কলেজ) গড়ে উঠতো। কিন্তু এখন সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠানের অভাব নেই। তিনি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে সন্তানদের পড়ালেখা না করার আহ্বান জানান।
সভায় শিক্ষকদের পক্ষ থেকে বেতন-বৈষম্য, সকল প্রতিষ্ঠান জাতীয়করণ, পূর্ণাঙ্গ পেনশন ভাতা চালু প্রসঙ্গে মন্ত্রী বলেন, জাতীয়ভাবে আপনাদের যে দাবি আছে আমি সে বিষয়ে ওয়াকিবহাল। তবে শিক্ষা ক্ষেত্রে পার্শ্ববর্তী দেশগুলোর সাথে আমাদের মিল নেই। বর্তমানে দেশে জনসংখ্যার তুলনায় শিক্ষা প্রতিষ্ঠান অনেক বেশি। তার পরেও আমাদের সরকার সম্প্রতি ২ হাজার ৭ শ’ শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করেছে।
শাহরিয়ার বলেন, বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। এই উন্নয়নকে যারা বাধাগ্রস্ত করবে তাদের ছাড় নেই। আমাদের সরকার দেশের আর্থ সামাজিক উন্নয়নে শিক্ষিত বেকারদের জন্য (টিটিসি) প্রশিক্ষণ চালু করেছেন। এই প্রশিক্ষণের মাধ্যমে বিদেশে চাকরির ব্যবস্থা হবে এবং যারা চাকরি পাবে তাদের সর্বনিম্ন বেতন হবে ১ লক্ষা টাকা।
তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, আপনাদের সততা, নিষ্ঠা ও উপদেশ শুধু একজন ভালো শিক্ষার্থীই তৈরি করবে না, একজন মানুষের জন্য নিয়ামত হিসেবে কাজ করবে। তিনি আগামীতে যে প্রতিষ্ঠান ভালো ফালফল অর্জন করবে তাদেরকে পুরস্কৃত কারার আহ্বান জানান।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মো. শফিকুর রহমান বাদশা, সভাপতি বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি, রাজকুমার সরকার, সাধারণ সম্পাদক বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি, অধ্যক্ষ হাবিবুর রহমান রাজশাহী কলেজ ও বাঘা উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল।
এ ছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির নেতা আশরাফুল ইসলাম, অধ্যক্ষ আব্দুল আজিজ, মাহাবুবুর রহমান, মোস্তাফুজিুর রহমান, ওয়াহেদ সাদিক কবির প্রমুখ।
সভায় উপস্থিত ছিলেন বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা, অফিসার ইনচার্জ নজরুল ইসলাম, বিভিন্ন শিক্ষক প্রতিষ্ঠান প্রধান ও আওয়ামী লীগসহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং সুধী মহল।
এর আগে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোজাহার হোসেন মহিলা ডিগ্রিকলেজের নবনির্মিত দ্বিতীয় তলা ভবনের ফলক উন্মোচনসহ পায়রা ও বেলুন উড়িয়ে প্রতিষ্ঠানের সাফল্য কামনা করেন। সভার দ্বিতীয় পর্বে সর্বসম্মতিক্রমে মোজাহার হোসেন মহিলা ডিগ্রি কলেজের অক্ষ্যক্ষ নছিম উদ্দিনকে সভাপতি ও তেঁথুলিয়া শরিফাবাদ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ সাইফুল ইসলামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা করে কমিটি গঠন করা হয়।
স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল, সম্পাদক বাবু-দৈনিক যুগান্তর
আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হয়েছেন নির্মল রঞ্জন গুহ এবং সাধারণ সম্পাদক হয়েছেন একেএম আফজালুর রহমান বাবু। শনিবার সংগঠনটির তৃতীয় কেন্দ্রীয় সম্মেলনে কাউন্সিল শেষে নতুন কমিটি ঘোষণা করা হয়।
কমিটি ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।কমিটির অন্য পদগুলো পরে ঘোষণা করা হবে বলে জানানো হয়।
কেন্দ্রীয় কমিটির পাশাপাশি ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তরের কমিটির নাম ঘোষণা করা হয়। কমিটিতে ঢাকা মহানগর উত্তরের সভাপতি হয়েছেন ইসহাক মিয়া ও সাধারণ সম্পাদক আনিসুর রহমান নাঈম।
আর দক্ষিণের সভাপতি হয়েছেন কামরুল হাসান রিপন ও সাধারণ সম্পাদক হয়েছেন তারিক সাঈদ।এর আগে শনিবার বেলা ১১টায় সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রথম অধিবেশন শেষে দুপুর আড়াইটায় পর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়।
শেখ হাসিনা নির্বাচনভিত্তিক রাজনীতি করেন না: ওবায়দুল কাদের-দৈনিক ইত্তেফাক
প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনভিত্তিক রাজনীতি করেন না উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘শেখ হাসিনার ভিশন শুধু পরবর্তী নির্বাচন নয়। তার চিন্তা ভবিষ্যৎ নিয়ে। এটা আমাদের মনে রাখতে হবে।’
শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলনে তিনি একথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘সৎ সাহস আছে বলেই বঙ্গবন্ধু কন্যা নিজের ঘর থেকে শুদ্ধি অভিযান শুরু করেছেন। দুর্নীতিবাজ, মাদকসেবী, চাঁদাবাজ, টেন্ডারবাজ ও ভূমিদস্যুদের না বলুন। এটাই হচ্ছে শেখ হাসিনার শুদ্ধি অর্জন। আমরা তাকে স্যালুট করি।’
শেখ হাসিনা সবচেয়ে সফল রাষ্ট্রনায়ক উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আমরা আজকে গর্ব করে বলতে পারি, গত ৪৪ বছরে বাংলাদেশের সবচেয়ে সাহসী নেতার নাম শেখ হাসিনা। আমরা আজ একথা বুক ফুলিয়ে বলতে পারি, শেখ হাসিনার মতো সৎ রাজনীতিক ও রাষ্ট্রনায়ক এদেশে আগে আসেনি। দেশের সবচেয়ে সফল কূটনীতিকের নাম শেখ হাসিনা।’
রাবি শিক্ষার্থীকে ছাত্রলীগের মারধরতিন দফা দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ-দৈনিক মানবজমিন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) এক শিক্ষার্থীকে ছাত্রলীগের মারধরের অভিযোগে তিন দফা দাবিতে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শনিবার বেলা সোয়া ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে তারা এ কর্মসূচি শুরু করেন। এ সময় তারা তিন দফা দাবি না আদায় হওয়া পর্যন্ত মহাসড়ক অবরোধ রাখার ঘোষণা দেন।তাদের দাবিগুলো হলো- অনতিবিলম্বে মারধরকারী নাহিদ ও আসিফসহ যারা হত্যা চেষ্টায় জড়িত ছিল তাদের গ্রেপ্তার ও স্থায়ীভাবে বিশ্ববিদ্যালয় থেকে বহিস্কার, হল প্রশাসন নিরাপত্তা প্রদানে ব্যর্থ হওয়ায় হল প্রাধ্যক্ষের পদত্যাগ, আহত শিক্ষার্থীর চিকিৎসার সকল ব্যয়ভার বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বহন করতে হবে।জানা যায়, মারধরের শিকার সোহরাব হোসেন বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ও শামসুজ্জোহা হলের আবাসিক ছাত্র।
সোহরাবের মাথা ও হাতে গুরুতর জখম হয়েছে। বর্তমানে সে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের আট নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। অভিযুক্ত দুই ছাত্রলীগ কর্মীর নাম আসিফ লাক ও হুমায়ুন কবির নাহিদ। তারা দুইজনই শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়ার অনুসারী।হল সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে আসিফ লাকের নেতৃতে কয়েজন ছাত্রলীগ কর্মী সোহরাবকে ল্যাপটপ চুরির অভিযোগে হলের তৃতীয় ব্লকের ২৫৪ নাম্বার কক্ষে নিয়ে যায়।সেখানে তাকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসা করেন আসিফ লাক ও হুমায়ন কবির নাহিদ। একপর্যায়ে তারা দুইজন মিলে সোহরাবকে রড দিয়ে বেধড়ক মারধর করতে থাকেন। সোহরাব রক্তাক্ত হলে তারা মারধর বন্ধ করেন। পরে সোহরাবের বন্ধুরা গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে ও পরে রামেকে ভর্তি করেন।সোহরাবের বন্ধু তনয় জানান, সোহরাবের বাম হাতের কনুইয়ের ওপর ও নিচে দুই জায়গায় ভেঙে গেছে। চিকিৎসক জানিয়েছে মাথার তিন জায়গায় মোট ১৫ টি সেলাই দেওয়া হয়েছে। এছাড়া তার পায়েও গুরুতর যখম হয়েছে। এক্সরের রিপোর্ট পেলে জানা যাবে পা ভেঙ্গেছে কি না জানা যাবে।এ ব্যাপারে শহীদ শামসুজ্জোহা হলের প্রাধ্যক্ষ মো. জুলকার নায়েন বলেন, ‘রাতে আমাকে কেউ ঘটনাটি জানায়নি। তবে শনিবার সকালে হলে এসে ওই কক্ষে গিয়ে খোঁজখবর নিয়েছি। তবে অভিযুক্ত দুইজনকে হলে পাইনি। এ ব্যাপারে তদন্তের জন্য হল প্রশাসন থেকে একটি কমিটি করে দেওয়া হয়েছে।’অভিযুক্ত ছাত্রলীগকর্মী আসিফ লাক এবং হুমায়ুন কবীরের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের ফোন বন্ধ পাওয়া যায়।প্রক্টর মো. লুৎফর রহমান জানান, তিনি ঢাকায় আছেন। তবে এই ঘটনার ব্যাপারে খোঁজখবর রাখছেন।সহকারী প্রক্টর মো. হুমায়ুন কবীর বলেন, ‘আমি বিক্ষোভরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার চেষ্টা করছি। তাদের অভিযোগ ও দাবি-দাওয়া শুনে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।’
পেঁয়াজের বাজারে ম্যাজিস্ট্রেটের উপর ব্যবসায়ীদের হামলা: -দৈনিক নয়া দিগন্ত
চুয়াডাঙ্গায় পেঁয়াজের বাজারে মনিটরিং টিমের উপর হামলা চালিয়েছে স্থানীয় ব্যবসায়ীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে গিয়ে লাঞ্ছিত হয়েছেন সাথে থাকা পুলিশ সদস্যরা। ছবি ও ভিডিও মুছে ফেলতে ভেঙে ফেলা হয়েছে সাংবাদিকের একটি মোবাইল। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে চুয়াডাঙ্গা ফেরিঘাট রোডের নিচের বাজারে এ ঘটনা ঘটে।
পেঁয়াজের উর্দ্ধগতি মূল্য নিয়ন্ত্রণে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও এনডিসি সিব্বির আহমেদ এর নেতৃত্বে বাজার মনিটরিং অভিযান চালায় জেলা প্রশাসন ও পুলিশের সমন্বিত একটি দল। অভিযানের সময় নিচের বাজারের নাফিসা বানিজ্যালয়ে মূল্য তালিকা না থাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আড়ৎদার আব্দুল বাতেনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ও ৩৯ ধারায় ২০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সিব্বির আহমেদ।
এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি।
বিধায়ক কেনাবেচায় নেমেছে বিজেপি! অভিযোগ শিবসেনার-দৈনিক আনন্দবাজার পত্রিকা
মহারাষ্ট্রে এ বার বিজেপির বিরুদ্ধে বিধায়ক কেনাবেচার অভিযোগ তুলল শিবসেনা। তাদের দাবি, রাষ্ট্রপতি শাসনের সুযোগ নিয়ে বিধায়ক কেনাবেচায় নেমেছে বিজেপি।
২৮৮ আসনের মহারাষ্ট্র বিধানসভায় ম্যাজিক সংখ্যা ১৪৫। বিজেপির সমর্থন ছাড়া সেখানে কোনও দলের পক্ষে সরকার গড়া সম্ভব নয় বলে শুক্রবার মন্তব্য করেন দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। আবার ১৪ জন নির্দল প্রার্থী-সহ মোট ১১৯ বিধায়কের সমর্থন তাঁদের সঙ্গে রয়েছে বলে দাবি করেন রাজ্য বিজেপির সভাপতি চন্দ্রকান্ত পাটিল।
তার পরই শনিবার দলের মুখপাত্র ‘সামনা’য় বিজেপিকে একহাত নেয় শিবসেনা। বলা হয়, ‘১০৫টি আসন থাকা সত্ত্বেও রাজ্যপালের ডাকে যারা সরকার গড়তে পারেনি, হঠাৎ করে তাদের মধ্যে এত আত্মবিশ্বাস এল কী ভাবে যে, দাবি করছে মহারাষ্ট্রে তারাই সরকার গড়বে? রাষ্ট্রপতি শাসন জারি হতেই আচমকা ম্যাজিক সংখ্যার কাছাকাছি পৌঁছে গেল কী ভাবে? ওদের ঘোড়া বেচাকেনার অভিসন্ধি সামনে চলে এসেছে। স্বচ্ছ শাসন ব্যবস্থার প্রতিশ্রুতি যে আদতে মিথ্যা ছিল, তা-ও স্পষ্ট। মরাঠা সংস্কৃতিতে এমন অনৈতিকতা শোভা পায় না।’
শুক্রবার মহারাষ্ট্রের পরিস্থিতি বর্ণনা করতে গিয়ে রাজনীতিকে ক্রিকেটের সঙ্গে তুলনা করেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকড়ী। ক্রিকেটের মতো রাজনীতিতেও যে কোনও মুহূর্তে খেলা পাল্টে যেতে পারে বলে মন্তব্য করেছিলেন তিনি। বিজেপির বিরুদ্ধে তাঁর সেই মন্তব্যকেও হাতিয়ার করেছে শিবসেনা। তাদের দাবি, ‘আজকের দিনে ক্রিকেট খেলা কম ব্যবসা হয়ে দাঁড়িয়েছে। নানা কৌশল এবং ম্যাচ ফিক্সিং শুরু হয়েছে সেখানে, যাতে জয় নিয়ে কোনও সন্দেহই না থাকে। তাই মহারাষ্ট্রের পরিস্থিতিকে ক্রিকেটের সঙ্গে তুলনা করে ঠিকই করেছেন গডকড়ী।’ শিবসেনার অভিযোগ নিয়ে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া দেয়নি বিজেপি।
অন্য দিকে, মহারাষ্ট্রে সরকার গড়া নিয়ে এনসিপি এবং কংগ্রেসের সঙ্গে শিবসেনার বোঝাপড়া প্রায় ‘পাকা’ হয়ে গিয়েছে। আগামী পাঁচ বছরের জন্য শিবসেনাকে মুখ্যমন্ত্রীর পদ ছেড়ে দিতে এনসিপি এবং কংগ্রেস-দুই দলই রাজি হয়েছে বলে খবর। শনিবার দুপুরে রাজ্যপাল ভগৎ সিংহ কোশিয়ারির সঙ্গে একজোটে সাক্ষাৎ হওয়ার কথা তাঁদের। বেকারত্ব এবং কৃষকদের দুরাবস্থা নিয়ে সেখানে কথা হবে তাঁদের মধ্যে।
রাফালে মন্তব্যে রাহুলের ক্ষমা চাওয়ার দাবিতে শহরে তাণ্ডব বিজেপির-দৈনিক আজকাল
রাফালে চুক্তি নিয়ে মিথ্যা বলেছিলেন রাহুল গান্ধী। সেজন্য তাঁকে ক্ষমা চাইতে হবে। এই দাবিতে শনিবার কলকাতায় বিক্ষোভ দেখাল বিজেপির যুব মোর্চা। এদিন রামলীলা ময়দান থেকে মিছিল করে কংগ্রেসের প্রদেশ সদর দপ্তর বিধানভবনের সামনে গিয়ে বিক্ষোভ দেখায় কমপক্ষে ১৫০ জন বিজেপি যুব মোর্চার সদস্যরা। অভিযোগ, রাহুলের পোস্টার ছিঁড়ে, বিধানভবনের গেটে কালি ছিটিয়ে তাণ্ডব চালায় তারা।
কালি লাগে দপ্তরের কেয়ারটেকারের গায়ে। দপ্তরের সামনে রাস্তায় ছেঁড়া ব্যানার–পোস্টার আগুন লাগিয়ে দেয়। ঘটনাস্থলে পুলিস গেলে তাদের ইউনিফর্মেও কালি ছেটায় বিজেপি কর্মীরা বলে অভিযোগ। পুলিসের সঙ্গে ধ্বস্তাধ্বস্তি শুরু করে তারা। বিজেপি যুব মোর্চার উত্তর কলকাতার সদস্য শ্যাম জয়সোয়াল বললেন, ‘রাফালে নিয়ে দেশবাসীকে মিথা বলেছিলেনরাহুল। প্রধানমন্ত্রীকে নিশানা করেছিলেন। এখন তো আদালত প্রধানমন্ত্রীকে ক্লিন চিট দিয়ে দিয়েছে।
ওনাকে প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চাইতে হবে।’ পরে ঘটনাস্থলে বিশাল পুলিসবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিজেপির বিক্ষোভের প্রতিবাদে পাল্টা বিক্ষোভ দেখায় প্রদেশ কংগ্রেসও। শনিবার বেলার দিকে সেন্ট্রাল অ্যাভিনিউয়ে প্রদেশ বিজেপির সদর দপ্তরে গিয়ে বিক্ষোভ দেখায় কংগ্রেস কর্মী–সমর্থকরা। সেখানেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল পুলিসবাহিনী পৌঁছলে তাদের সঙ্গে বচসা, হাতাহাতিতে জড়িয়ে পড়েন তাঁরা।
স্বামীরা বন্দি, চিনা পুরুষদের শয্যাসঙ্গিনী হতে বাধ্য করা হচ্ছে মুসলিম মহিলাদের-দৈনিক সংবাদ প্রতিদিন
চিনে সংখ্যালঘু উইঘুর মুসলিমদের উপর ক্রমেই বাড়ছে নির্যাতন৷ জিনজিয়াং প্রদেশে উগ্রপন্থা নির্মূল করতে ‘সরকার সমর্থিত’ এই কাণ্ডকারখানায় এবার প্রকাশ্যে এসেছে আরও এক চাঞ্চল্যকর তথ্য৷ জানা গিয়েছে, চিনা পুরুষদের শয্যাসঙ্গিনী হতে বাধ্য করা হচ্ছে উইঘুর মহিলাদের৷
আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘Radio Free Asia’ সূত্রে খবর, কমিউনিস্ট পার্টির প্রচারের অংশ হিসেবে ২০১৭ সাল থেকে ‘ঐক্য এবং পরিবার’ প্রকল্প হাতে নেয় বেজিং। নয়া প্রোগ্রামে হান গোষ্ঠীর চিনা পুরুষদের শয্যাসঙ্গিনী হতে বাধ্য করা হচ্ছে উইঘুর মহিলাদের৷ ওই মহিলাদের স্বামীরা বন্দি রয়েছেন বিভিন্ন ডিটেনশন ক্যাম্পে৷ চিন সরকারের নথিপত্রে উইঘুর পরিবারে থাকা চাইনিজ পুরুষদের ‘রিলেটিভস’ বলে নথিভুক্ত করা হয়েছে। প্রশাসনের দাবি, উইঘুর সম্প্রদায় অধ্যুষিত জিনজিয়াং প্রদেশ থেকে সন্ত্রাসবাদ নির্মূল করতেই এই ডিটেনশন ক্যাম্পের ব্যবস্থা৷ এখানে বন্দিদের ঐক্যবদ্ধ হওয়া ও কম্যুনিস্ট পার্টির প্রতি আনুগত্যের পাঠ দেওয়া হয়৷
জানা গিয়েছে, উইঘুর পরিবারে অনুপ্রবেশ করা হান চাইনিজ পুরুষরা সদস্যদের সঙ্গে কমিউনিস্ট পার্টির রাজনৈতিক মতাদর্শ নিয়ে আলোচনা করেন। তাঁদের সঙ্গে নানা বিষয়ে কথা বলেন এবং সমাজপন্থার দিকে পরিবারের সদস্যদের আগ্রহী করে তোলার চেষ্টা করেন। কাশি প্রদেশের ইংজিশা কাউন্টির প্রফেসর ও ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির এক ক্যাডার জানান, তিনি যে জনপদটির তত্ত্বাবধানে রয়েছেন, সেখানে প্রায় ৮০টি পরিবারে হান চাইনিজ পুরুষরা প্রতি দু’মাসে ছয়দিন করে থাকেন। তাঁদের সঙ্গে খাবার খান, দিনরাত তাঁদের সঙ্গে থাকেন। জীবন সম্পর্কে কথা বলে একে অপরের প্রতি অনুভূতি জাগ্রত করার চেষ্টা করেন। বিশেষত শীতকালে একসঙ্গে কথা বলা, খাওয়া ছাড়াও তারা একই বিছানায় ঘুমোন। অভিযোগ, যে সমস্ত উইঘুর মহিলারা ‘ঐক্য ও ফ্যামিলি’ প্রোগ্রামের আওতায় পাঠানো পুরুষদের বিরুদ্ধে প্রতিবাদ করেন তাঁদের ডিটেনশন ক্যাম্পে বন্দি করার হুমকি দেওয়া হয়।
উল্লেখ্য, যত দিন যাচ্ছে, চিনে ততই কোণঠাসা হচ্ছে সংখ্যালঘু উইঘুর সম্প্রদায়৷ শিক্ষা দেওয়ার নামে তাঁদের ‘ডিটেনশন ক্যাম্পে’ নিয়ে গিয়ে দীর্ঘদিন ধরেই অত্যাচার চালাচ্ছে চিনা প্রশাসন৷ এমনকী, ক্যাম্পগুলিকে ‘শিক্ষা প্রতিষ্ঠান’ আখ্যা দিয়ে, এদের স্বীকৃতিও দিয়েছে বেজিং৷ তবে এ তো হিমশৈলের চূড়া মাত্র। অভিযোগ, জোর করে উইঘুর মুসলিমদের শরীর থেকে হৃদপিণ্ড, কিডনির মতো অঙ্গ বের করে নিচ্ছে চিন।
শ্রোতাবন্ধুরা কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি। কথা হবে আবারো আগামী আসরে। #
পার্সটুডে/এমবিএ/১৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।