কথাবার্তা: অঘোষিত লকডাউনে বাংলাদেশ,মীরজাদী ওসব কী বলছেন?
-
পত্রপত্রিকার পাতার গুরুত্বপূর্ণ খবর
সুপ্রিয় পাঠক/শ্রোতা: ২৬ মার্চ বৃহস্পতিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
বাংলাদেশের শিরোনাম :
- আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-দৈনিক মানবজমিন
- স্বাধীনতা দিবসে চিরচেনা স্মৃতিসৌধ এখন নিস্তদ্ধ-বাংলাদেশ প্রতিদিন
- একাত্তরের শপথ ছিল ঘর ছাড়ার, এবার ঘরে থাকার-দৈনিক সমকাল
- অঘোষিত লকডাউনে বাংলাদেশ,দশ দিনের অবরুদ্ধ পরিস্থিতি শুরু-দৈনিক কালের কন্ঠ
- ডিসি সুলতানাসহ ৪ কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় মামলা-দৈনিক যুগান্তর
- করোনা যুক্তরাষ্ট্রে একদিনেই ১৩ হাজারের বেশি আক্রান্ত-দৈনিক ইত্তেফাক
ভারতের শিরোনাম:
- ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৬৫০ জন -দৈনিক আনন্দবাজার পত্রিকা
- দিল্লিতে করোনা আক্রান্ত চিকিৎসক! সংস্পর্শে আসা ৯০০ জনকে কোয়ারেন্টাইনে রাখা হল, বাড়ছে চিন্তা-দৈনিক আজকাল
- গরিব দেশবাসীর জন্য ১.৭ লক্ষ কোটি টাকার প্যাকেজ ঘোষণা কেন্দ্রের-দৈনিক সংবাদ প্রতিদিন
পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক।
বিশ্বজুড়ে করোনার বিরুদ্ধে যুদ্ধ চলছে। বৈশ্বিক মহামারি করোনাভাইরাস এখন মহা আতঙ্ক সৃষ্টি করেছে এ বিশ্বজনপদে। প্রতিদিন বাড়ছে মৃত এবং আক্রান্তের সংখ্যা। সেইসাথে চলছে করোনা প্রতিরোধ ও প্রতিকারের চেষ্টা।করোনার প্রভাব পড়েছে অর্থনীতি, রাজনীতি, সংস্কৃতিসহ সবক্ষেত্রে। এই রোগের কোনো প্রতিষেধক বা টিকা এখনও আবিষ্কৃত হয়নি। তবে বিজ্ঞানীরা করোনা প্রতিরোধে আশার কথা শোনাচ্ছেন আর আজও বিশ্বজুড়ে প্রধান খবর হচ্ছে করোনা। বাংলাদেশে করোনাভাইরাসে এ পর্যন্ত ৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদফতর। আক্রান্ত হয়েছেন ৪৪ জন। সুস্থ হয়ে উঠেছেন ৭ জন। গতরাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে করোনা সম্পর্কে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন- অতি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাবেন না।যেকোনো কঠিন পরিস্থিতি মোকাবেলায় সরকার প্রস্তুত রয়েছে বলে তিনি জানান। দৈনিক ইত্তেফাকসহ প্রায় সব দৈনিকে খবরটি পরিবেশিত হয়েছে।
আর মানবজমিন লিখেছে, করোনা নিয়ে বাড়ির পাশে ভারতে লকডাউন কার্যত বাংলাদেশেও লকডাউন
এ খবরে বলা হয়েছে, শুরুটা উহানে। ভয়াল করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে বন্ধ করে দেয়া হয় সবকিছু। উহানকে বিচ্ছিন্ন করে ফেলা হয় চীন এবং দুনিয়া থেকে। নাম দেয়া হয় লকডাউন। চীনে আপাত স্বস্তি ফিরেছে। কিন্তু করোনার বিস্তার ঠেকানো যায়নি। ভয়ঙ্কর এই ভাইরাস ছড়িয়ে পড়েছে সারা দুনিয়াতে। এর কোনো ওষুধ এখনও আবিষ্কার হয়নি। দেশে দেশে সেই একই প্রক্রিয়ায় ঠেকানোর চেষ্টা হচ্ছে করোনাকে।বাড়ির পাশে ভারতেও চলছে লকডাউন। কার্যত বাংলাদেশও যোগ দিয়েছে এ তালিকায়। বাংলাদেশে যদিও আনুষ্ঠানিকভাবে কোনো লকডাউনের ঘোষণা দেয়া হয়নি। সরকারের পক্ষ থেকে জনসাধারণকে আহ্বান জানানো হয়েছে ঘরে থাকার। আজ থেকে সরকারি-বেসরকারি অফিসে ১০ দিনের ছুটি শুরু হয়েছে। গণপরিবহন বন্ধ। রেল আর নৌযোগাযোগ আগেই বন্ধ হয়েছে। সব মিলিয়ে বাংলাদেশে দৃশ্যত লকডাউনই চলছে। সকাল থেকে ঢাকার রাস্তা একেবারেই ফাঁকা। লোকজনের উপস্থিতি নেই বললেই চলে। দুই/এক জন মানুষ বেশ কিছুক্ষণ পর দেখা যায়। গাড়ি চলাচল নেই । রাস্তায় সক্রিয় দেখা গেছে আইনশৃঙ্খলা বাহিনীকে। সেনা সদস্যদের তৎপরতাও দেখা গেছে।
করোনা সম্পর্কে বাংলাদেশের দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম-করোনায় দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল, আক্রান্ত বেড়ে ৪৭১৫৩৯
বিস্তারিত খবরে লেখা হয়েছে, প্রাণঘাতী করোনাভাইরাস বিশ্বময় ছড়িয়ে পড়েছে। এই সংক্রমণে মৃতের সংখ্যা ২১ হাজার ছাড়িয়েছে। আক্রান্ত হয়েছে সাড়ে চার লাখেরও বেশি মানুষ। করোনাভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী আজ বেলা ১১ টা ১৫ মিনিট পর্যন্ত করোনাভাইরাসে মারা গেছেন ২১ হাজার ২৯৬ জন। আর আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৭১ হাজার ৫৩৯ জন। আর সুস্থ হয়ে উঠেছেন ১ লাখ ১৪ হাজার ৬৯৪ জন। করোনাভাইরাসের জরিপ পর্যালোচনাকারী সংস্থাটির ওয়েবসাইটে বলা হয়েছে, করোনাভাইরাস বৈশ্বিক মহামারিতে এ পর্যন্ত বিশ্বের ১৯৮টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে।
করোনা সম্পর্কিত অন্যান্য খবর- দৈনিক মানবজমিনের খবর অক্সফোর্ডের গবেষণা অর্ধেক বৃটিশ করোনায় আক্রান্ত হতে পারেন।করোনায় এক বৃটিশ কূটনীতিকের মৃত্যু হয়েছে।যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ১০৪১।সেখানে বিপর্যয় ঘটতে পারে বলে সতকর্তা জারি। একদিনের মৃত্যুর রেকর্ডে চীনকে ছাড়ালো স্পেন। গত ২৪ ঘন্টায় ৭৩৮ জনের মৃত্যু হয়েছে। ইতালিতে আজও ৬৮৩ জনের মৃত্যু হয়েছে। দৈনিকটি মীরজাদী ওসব কী বলছেন?-এমন জিজ্ঞাসাসূচক শিরোনামে অন্য একটি খবরে লিখেছে, করোনা বিষয়ক সরকারের মুখপাত্র ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। প্রতিদিন টেলিভিশনে আসেন। নতুন নতুন তথ্য ও হরেক রকমের পরামর্শ দেন। কিন্তু যারা মারা যান তাদের সম্পর্কে বলতে গিয়ে আপত্তিকর ও অসম্মানজনক শব্দ ব্যবহার করেন। বলেন, যিনি মারা গেছেন তিনি বয়স্ক। ৬০ এর উপর বয়স। এর অর্থ কি?
এ খবরে আরও লেখা হয়েছে, ৬০ এর উপরে মারা গেলে অসুবিধা নেই? তিনি বিনা চিকিৎসায় মারা গেলেও আপত্তি করার কিছু নেই? ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা কি জানেন, ৬০ এর উপরে মানুষের সংখ্যা কত? যারা রাষ্ট্র পরিচালনা করেন তাদের সবার বয়স ৬০ এর উর্ধ্বে। এমনিতে ফ্লোরা প্রতিদিন মানুষকে মৃত্যুর সংখ্যা নিয়ে ভুল তথ্য দেন।অনেকেই করোনা উপসর্গ নিয়ে মারা যান। আইইডিসিআরের স্বীকৃতি ছাড়া। তথাকথিত হটলাইনে তার দপ্তর থেকে ভুল তথ্যও দেয়া হয়। পরীক্ষা ছাড়াই সেব্রিনা নিজেই নাকি বলেন, যা শুনলাম তাতে মনে হয়, আপনার করোনা হয়নি। প্রতিদিন আমাদের দপ্তরে এ ধরনের অসংখ্য অভিযোগ আসছে। দুনিয়ার শক্তিমান প্রেসিডেন্ট-প্রধানমন্ত্রীরা প্রায় প্রতিদিন জাতিকে খবরা খবর জানাচ্ছেন, সাহস দিচ্ছেন। সেখানে একজন যুগ্ম সচিব পদমর্যাদার কর্মকর্তার ওপর এই দায়িত্ব ছাড়ার মধ্যে কি আনন্দ আছে তা বলা সত্যিই কঠিন। অনেকেই বলেন, তিনি নাকি ইতিমধ্যে ‘তথ্য গোপনে’ বিশ্বাসযোগ্যতার সার্টিফিকেট পেয়ে গেছেন।
এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি
ভারতের করোনা আপডেট সম্পর্কিত খবর এক নজরে-দৈনিক আনন্দবাজার পত্রিকার শিরোনাম ভারতে আক্রান্তের সংখ্যা বেড়ে ৬৫০জন।
এ খবরে লেখা হয়েছে, গোটা পৃথিবী জুড়েই রাতারাতি সব হিসাব বদলে দিয়েছে করোনা। তাতে আরও গভীর হচ্ছে আশঙ্কা ও উদ্বেগ। বৃহস্পতিবারই রাজ্যে নতুন এক করোনা রোগীর সন্ধান মিলেছে। যার ফলে এই মুহূর্তে রাজ্যে করোনা রোগীর সংখ্যাটা দাঁড়িয়েছে ১০। করোনা আক্রান্ত এক বৃদ্ধের মৃত্যু হয়েছে কাশ্মীরে। করোনা আক্রান্তের খবর মিলেছে গোয়া থেকেও। সেখানে ৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন।সব মিলিয়ে দেশে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৬৫০। মৃত্যু হয়েছে ১৪ জনের।গোটা দেশজুড়ে লকডাউন চলছে।
করোনা মোকাবিলায় ১ লক্ষ ৭০ হাজার কোটির প্যাকেজ ঘোষণা কেন্দ্রের-সংবাদ প্রতিদিন/আজকাল/ গণশক্তি/আন্দবাজার
এ খবরে লেখা হয়েছে, করোনা পরিস্থিতিতে দরিদ্র মানুষের জন্য বিশেষ অর্থনৈতিক প্যাকেজ ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। পরিযায়ী শ্রমিক এবং দরিদ্র মানুষের জন্য ১ লক্ষ ৭০ হাজার কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্র। জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের জন্য আগামী তিন মাস মাথাপিছু ৫০ লক্ষ টাকার বিমা ঘোষণা করা হল যে সমস্ত সংস্থার কর্মীসংখ্যা ১০০-র কম এবং সংস্থার ৯০ শতাংশ কর্মীর বেতন ১৫ হাজারের কম, তাদের হয়ে কর্মচারী প্রভিডেন্ট ফান্ডে ২৪ শতাংশ টাকাই জমা দেবে কেন্দ্র। অর্থাৎ নিয়োগকর্তা এবং কর্মী, দু’পক্ষের হয়েই কেন্দ্র টাকা দেবে করোনা পরিস্থিতিতে ইপিএফ আইনও সংশোধন করতে প্রস্তুত সরকার। এর ফলে কোনও কর্মী চাইলে প্রভিডেন্ট ফান্ডের ৭৫ শতাংশ অথবা তিন মাসের বেতন আগাম তুলতে পারবেন।
এ খবরে আরও লেখা হয়েছে, জনধন অ্যাকাউন্ট রয়েছে যে মহিলাদের, তাঁদের আগামী তিন মাসের জন্য ৫০০ টাকা করে দেওয়া হবে। এতে ২০ কোটি মহিলা উপকৃত হবেন।
ষাটোর্ধ্ব ব্যক্তি, বিধবা এবং প্রতিবন্ধিদের অতিরিক্ত ১০০০ টাকা করে দেওয়া হবে প্রতিমাসে। দু’দফার কিস্তিতে এই টাকা মিলবে।১০০ দিনের কাজের আওতায় শ্রমিকদের পারিশ্রমিক বাড়িয়ে ২০২ টাকা করে দেওয়া হবে।প্রধানমন্ত্রী কৃষি যোজনার আওতায় বছরে ৬ হাজার টাকা করে পান কৃষকরা। বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে এপ্রিলের প্রথম সপ্তাহেই তা থেকে কৃষকদের অ্যাকাউন্টে ২ হাজার টাকা করে জমা পড়বে। প্রতি পরিবার পিছু বিনামূল্যে ১ কেজি করে ডালও দেওয়া হবে। দেশের ৮০ কোটি দরিদ্র মানুষ এতে উপকৃত হবেন।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৬