নভেম্বর ২২, ২০২০ ১২:৫৩ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ । আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ২২ নভেম্বর রোববারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম:

  • বারবার কেন বিদ্যুৎ উপকেন্দ্রে আগুন- দৈনিক ইত্তেফাক
  • গোল্ডেন মনিরের বিরুদ্ধে র‌্যাবের ৩ মামলা, পুলিশে হস্তান্তর -সমকাল
  • হলমার্কের ৩৮৩৪ শতক জমির মালিকানা পেল সোনালী ব্যাংক -কালের কণ্ঠঅর্থ পাচারে সম্পৃক্ত
  • দুর্বৃত্তদের তথ্য জানতে চেয়েছেন হাইকোর্ট -প্রথম আলো
  • ব্যাংকে সাইবার হামলার আশঙ্কায় সতর্কতা জারি অর্থ মন্ত্রণালয়ের-দৈনিক মানবজমিন
  • ৭৬ বার পেছাল সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন -দৈনিক যুগান্তর
  • এবার ট্রাম্পের বিরুদ্ধে মামলা করলেন ভোটাররা-বাংলাদেশ প্রতিদিন

ভারতের শিরোনাম:    

  • বিজেপি নেতাদের ভিন ধর্মে বিয়েও কি লাভ জেহাদ? প্রশ্ন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীর -সংবাদ প্রতিদিন
  • আমাদের মাটিতে সন্ত্রাসবাদী হামলা বন্ধ কর’ পাকিস্তানকে হুঁশিয়ারি ভারতের‌-দৈনিক আজকাল
  • পাহাড়ে রাজ্যপালের সঙ্গে প্রাতরাশ বৈঠকে বিরোধী দলনেতা মান্নান -দৈনিক আনন্দবাজার পত্রিকা

পাঠক/শ্রোতা ! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। 

অর্থ পাচারে সম্পৃক্ত দুর্বৃত্তদের তথ্য জানতে চেয়েছেন হাইকোর্ট-দৈনিক প্রথম আলো

বাংলাদেশের হাইকোর্ট

যারা অর্থ পাচার করছে, তারা দেশ ও জাতির শত্রু বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। দেশের বাইরে অর্থ পাচারে সম্পৃক্ত দুর্বৃত্তদের নাম, ঠিকানা, অর্থের পরিমাণ ও পাচারের অর্থে বাড়ি তৈরির তথ্য জানতে চেয়েছেন হাইকোর্ট।দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান, পররাষ্ট্রসচিব, স্বরাষ্ট্রসচিবসহ বিবাদীদের ১৭ ডিসেম্বরের মধ্যে এসব তথ্য জানাতে বলা হয়েছে।সরকারি কর্মচারীদের অর্থ পাচার নিয়ে সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের বক্তব্য গণমাধ্যমে আসে। গণমাধ্যমে আসা এ-সংক্রান্ত বিভিন্ন প্রতিবেদন বিবেচনায় নিয়ে আজ রোববার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত রুলসহ এই আদেশ দেন। একই সঙ্গে অর্থ পাচারে সম্পৃক্ত দুর্বৃত্ত ও এজেন্টদের দেশ থেকে অর্থ পাচার থেকে বিরত রাখতে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

দৈনিক মানবজমিনের একটি খবরে বলা হয়েছে, দেশের সরকারি-বেসরকারি ব্যাংকগুলোর ওপর নতুন করে সাইবার হামলার আশঙ্কায় সতর্কতা জারি করেছে অর্থ মন্ত্রণালয়। এ বিষয়ে ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

বারবার কেন বিদ্যুৎ উপকেন্দ্রে আগুন-দৈনিক ইত্তেফাক

বারবার কেন বিদ্যুৎ উপকেন্দ্রে আগুন

দেশে বিদ্যুৎ উপকেন্দ্রে (সাবস্টেশনে) আগুন দুর্ঘটনা বেড়ে গেছে। প্রাকৃতিক দুর্যোগ বা বিশেষ সমস্যা ছাড়া স্বাভাবিক সময়ে গুরুত্বপূর্ণ এ কাঠামোতে আগুন লাগা দেশীয় কিংবা আন্তর্জাতিক অঙ্গনেও অস্বাভাবিক। অথচ গত আট মাসে দেশে স্বাভাবিক সময়ে অন্তত চারটি এবং প্রাকৃতিক দুর্যোগে একটি উপকেন্দ্রে আগুন দুর্ঘটনা হয়েছে। এর ফলে বহুমুখী ভোগান্তিতে পড়েন স্থানীয় জনগণ। রক্ষণাবেক্ষণে দুর্বলতা, দায়িত্বে অবহেলা, আর্থিক দুর্নীতি এবং ট্রান্সফরমারসহ উপকেন্দ্রের অন্যান্য কেনাকাটায় সঠিক মান বজায় না রাখা—এ দুর্ঘটনার পেছনের কারণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

গোল্ডেন মনিরের বিরুদ্ধে র‌্যাবের ৩ মামলা, পুলিশে হস্তান্তর-দৈনিক সমকাল

গোল্ডেন মনিরের বিরুদ্ধে র‍্যাবের তিনটি মামলা

রাজধানীর মেরুল বাড্ডায় র‌্যাবের অভিযানে মাদক, অস্ত্র ও কোটি টাকাসহ গ্রেপ্তার মনির হোসেন ওরফে গোল্ডেন মনিরের বিরুদ্ধে তিনটি মামলা করেছে র‌্যাব। রোববার সকালে মনিরকে বাড্ডা থানায় হস্তান্তর করার পাশাপাশি মামলাগুলো দায়ের করা হয়। বাড্ডা থানার ওসি পারভেজ ইসলাম জানান, মামলাগুলো করা হয়েছে মাদক, অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনে। উল্লেখ্য, একসময় গাউছিয়ায় একটি কাপড়ের দোকানের বিক্রয়কর্মী ছিলেন মনির হোসেন। সেই মনির রাতারাতি হয়ে গেছেন কোটিপতি! একপর্যায়ে বনে যান ‘গোল্ডেন মনির’। আজ টাকা-পয়সা, বাড়ি-গাড়ি, সোনা-দানা, ঢাকায় অসংখ্য প্লট, কী নেই তার! শনিবার র‌্যাবের অভিযানে ধরা পড়ার পর বেরিয়ে এসেছে তার এই বিশাল সম্পদের পেছনে নানা অপকর্মের কথা।

৭৬ বার পেছাল সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন-দৈনিক  যুগান্তর

৭৬ বার পেছাল সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৯ ডিসেম্বর নতুন তারিখ ধার্য করেছেন আদালত। রোববার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু তদন্ত কর্মকর্তা প্রতিবেদন জমা না দেয়ায় ঢাকা ম্যাট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী নতুন এ দিন নির্ধারণ করেন। এ নিয়ে মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিল ৭৬ বারের মতো পেছাল। আদালতে সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন (জিআর) শাখা থেকে এসব তথ্য জানা গেছে।প্রসঙ্গত ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক গোলাম মোস্তফা সারোয়ার ওরফে সাগর সারোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন নাহার রুনা ওরফে মেহেরুন রুনি দম্পতি রাজধানীর পশ্চিম রাজাবাজারে নিজ বাসায় খুন হন।

এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত: 

ছুটির মেজাজে থাকলে দলকে জেতানো যায় না, গান্ধী পরিবরাকে খোঁচা বিজেপির-দৈনিক সংবাদ প্রতিদিন

রাহুল, সোনিয়া ও প্রিয়াঙ্কা গান্ধী

কেন নির্বাচনে জিততে পারছে না কংগ্রেস? কেন দেশের বিভিন্নপ্রান্তে ক্রমশ দুর্বল হচ্ছে শতাব্দিপ্রাচীন এই দল? সেই প্রশ্নের জবাব দিলেন বিজেপির (BJP) আইটি সেলের প্রধান অমিত মালব্য। তাঁর কথায়, কংগ্রেস (Congress) নেতৃত্ব ছুটির আমেজে মজে রয়েছে। উলটোদিকে বিজেপির শীর্ষ নেতৃত্ব দলকে জেতাতে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়াচ্ছে। গান্ধী পরিবারকে তীব্র কটাক্ষ করেন তিনি।

বিহার বিধানসভা-সহ একাধিক উপনির্বাচনে কংগ্রেসের শোচনীয় পরিণতি হয়েছে। তারপর থেকেই দলের শীর্ষ নেতৃত্বকে কাঠগড়ায় তুলছে দলীয় কর্মী থেকে জোটসঙ্গীরা। সেই সমালোচনা থেকে পিছিয়ে নেই বিরোধীরাও। এবার সরাসরি সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে আক্রমণ করলেন বিজেপির আইটি সেলের প্রধান। গেরুয়া শিবিরের কাছে কংগ্রেসের হারের কারণ স্পষ্ট করে দিলেন তিনি। আর দৈনিক আনন্দবাজার পত্রিকার খবর-১৮ মাস নেতাহীন কংগ্রেস, বিরোধী দল হিসেবে কার্যকরী নয়, মন্তব্য করলেন দলের সিনিয়র নেতা কপিল সিব্বল।

বিজেপি নেতাদের ভিন ধর্মে বিয়েও কি লাভ জেহাদ? প্রশ্ন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীর-দৈনিক সংবাদ প্রতিদিন

ছত্তিসগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল

লfভ জেহাদ নিয়ে এবার বিজেপিকেই (BJP) আক্রমণ করলেন ছত্তিশগড়ের (Chhattisgarh) মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল (Bhupesh Baghel)। বর্ষীয়ান কংগ্রেস নেতা প্রশ্ন তুলে দিলেন, বিজেপি নেতারা তো বিয়ের জন্য ধর্ম পরিবর্তন করাকে লাভ জেহাদ (Love jihad) বলছেন। কিন্তু যদি বিজেপি সদস্যদের পরিবারের কেউ ভিন ধর্মে বিয়ে করে তাহলেও কি তা লাভ জেহাদ বলে ধরা হবে?

এক সাংবাদিক সম্মেলনে এই প্রশ্ন তোলেন তিনি। তাঁর কথায়, ‘‘অনেক বিজেপি নেতার পরিবারের সদস্যরা ভিন্ন ধর্মে বিয়ে করেছেন। আমি জানতে চাই, বিজেপি নেতা ও তাঁদের সন্তানরা এমন বিয়ে করলে তাও কি লাভ জেহাদের মধ্যে পড়বে?’’ তাঁর এই প্রশ্নের মধ্যে প্রচ্ছন্ন ছিল কটাক্ষ।

আমাদের মাটিতে সন্ত্রাসবাদী হামলা বন্ধ কর’ পাকিস্তানকে হুঁশিয়ারি ভারতের‌-দৈনিক আজকাল

পাকিস্তানকে ভারতের হুঁশিয়ারি

ভারতের মাটিতে অবিলম্বে সন্ত্রাসবাদী হামলা বন্ধ করতে পাকিস্তানকে শনিবার হুঁশিয়ারি দিল দিল্লি। জাতীয় নিরাপত্তা রক্ষা করতে তারা যে যাবতীয় পদক্ষেপ করবে তাও ইসলামাবাদকে পরিষ্কার করে দিয়েছে দিল্লি। বিবৃতি দিয়ে দিল্লি বলেছে, ‘কেন্দ্রীয় সরকার সন্ত্রাসবাদের হাত থেকে জাতীয় নিরাপত্তা রক্ষার্থে সবরকম জোরাল ব্যবস্থা গ্রহণ করবে। ভারতের বিরুদ্ধে জৈশের ক্রমাগত নাশকতা চালানোর চেষ্টা নিয়েও উদ্বিগ্ন কেন্দ্রীয় সরকার।’

অস্বাভাবিকভাবে প্রধানমন্ত্রী মোদি টুইট পোস্টে, জম্মু–কাশ্মীরের নাগ্রোটা সংঘর্ষে পাকিস্তানি জঙ্গি গোষ্ঠী জৈশ–ই–মহম্মদকে দায়ী করেছিলেন। ভারতও পাকিস্তানের চার্জ ডি’‌অ্যাফেয়ার্সকে ডেকে পাঠিয়ে নিয়ন্ত্রণরেখায় পাক গোলাগুলি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছিল, শুধু ভারতীয় সেনার তৎপরতাতেই ওই হামলা রোখা গিয়েছে। নাগ্রোটা সংঘর্ষ শেষে বিপুল পরিমাণ আরডিএক্স এবং প্রচুর অস্ত্রশস্ত্র, গোলাগুলি, কার্তুজ উদ্ধার হয়েছিল। মোদি এব্যাপারে উচ্চ পর্যায়ের বৈঠক শেষে বলেন, জম্মু–কাশ্মীর পুর ভোটের আগে ২৬/‌১১ ধাঁচে ফের ভারতে হামলা চালানোর ছকই কষেছিল জঙ্গিরা। ৩৭০ অনুচ্ছেদ বিলোপের পর উপত্যকায় ফের অস্থিরতা তৈরিই পাকিস্তানের উদ্দেশ্য, বলেও অভিযোগ করেছে ভারত। 

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২২

  • বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।