কথাবার্তা: পদ্মা সেতুর নাম শেখ হাসিনার নামে করার নির্দেশনা চেয়ে রিট
শ্রোতা/পাঠক! ২০ জানুয়ারি বুধবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।
বাংলাদেশের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম:
- নিরাপদ এবং সমৃদ্ধ ‘ব-দ্বীপ’ গড়ার লক্ষ্যেই ডেল্টা প্ল্যান প্রণয়ন করা হয়েছে: প্রধানমন্ত্রী -ইত্তেফাক
- কুষ্টিয়ার এসপি তানভিরকে হাইকোর্টে তলব–যুগান্তর
- ভারতের ভ্যাকসিন কূটনীতি, ৬ দেশে টিকা পাঠানো শুরু- মানবজমিন
- রহস্যজনক নিখোঁজ মালয়েশিয়া ফেরত বিশ্ববিদ্যালয়ছাত্র!-বাংলাদেশ প্রতিদিন
- ভয়ঙ্কর গৃহকর্মী, সিসি ক্যামেরায় ধরা পড়লো নিষ্ঠুরতা -কালের কণ্ঠ
- নতুন রাজনৈতিক দল গঠন করবেন ট্রাম্প-সমকাল
এবার ভারতের কয়েকটি খবরের শিরোনাম:
- ‘ব্যক্তিগত মতের ছাপ নয় কৃষির রিপোর্টে’ -আনন্দবাজার পত্রিকা
- প্রাক্তন সহযোগী ব্যানন সহ ৭৩ জনকে ক্ষমা ট্রাম্পের, তবে নিজেকে নয়. -আজকাল
- ধূপগুড়ির দুর্ঘটনাগ্রস্তদের পাশে মোদি-মমতা, ঘোষণা আর্থিক সাহায্যের -সংবাদ প্রতিদিন
শিরোনামের পর এবার দুটি বিষয়ের বিশ্লেষণে যাব।
কথাবার্তার বিশ্লেষণের বিষয়:
১. ৭৫% শিক্ষার্থী, ৭৬% অভিভাবক, ৭৩% জেলা শিক্ষা কর্মকর্তা এবং ৮০% এনজিও প্রতিনিধি দ্রুত স্কুল চালু করার পক্ষে মত দিয়েছেন। একটি জরিপ রিপোর্টের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে দৈনিক প্রথম আলো। আপনি কী বলবেন?
২. ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিষিদ্ধের আওতায় আনার দাবি জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও ইসরাইল। আপনার মন্তব্য কী?
বিশ্লেষণের বাইরে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর
পদ্মা সেতুর নাম শেখ হাসিনার নামে করার নির্দেশনা চেয়ে রিট-দৈনিক ইত্তেফাক
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে পদ্মা সেতুর নামকরণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়েছে।
রিটে পদ্মা সেতুর নাম পরিবর্তন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে নামকরণ করতে সরকারের প্রতি নির্দেশনা জারির জন্য আবেদন করা হয়েছে।আজ বুধবার আইনজীবী এম কামরুজ্জামান স্বাধীন হাইকোর্টে এ রিট দায়ের করেন।
মন্ত্রিপরিষদ সচিব, সেতু সচিব, পদ্মা সেতু প্রকল্পের প্রকল্প পরিচালককে বিবাদী করা হয়েছে।
রিটে বলা হয়েছে, বিশ্বব্যাংকসহ বিভিন্ন দাতা সংস্থা পদ্মা সেতু নির্মাণে অর্থ প্রদান থেকে বিরত থাকে। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজ প্রচেষ্টায় এবং একক সিদ্ধান্তে তিনি এই সেতু নির্মাণের সিদ্ধান্ত নেন। ঐ সিদ্ধান্ত মোতাবেক পদ্মা সেতু নির্মাণ করে বিশ্বে বাংলাদেশর মুখ উজ্জ্বল করছেন। এজন্য এই কৃতিত্ব এককভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। সে কারণে এই সেতুর নাম প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে হওয়া দরকার।
নতুন রাজনৈতিক দল গঠন করবেন ট্রাম্প-- দৈনিক সমকাল
ডোনাল্ড ট্রাম্প তার বিদায়ী ভাষণে, নতুন রাজনৈতিক দল গঠন করার কথা বলেছেন। তার দলের নাম হতে পারে 'প্যাট্রিয়ট পার্টি'। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প ইতোমধ্যে নতুন রাজনৈতিক দল গঠনের ধারণা নিয়ে তার ঘনিষ্ঠদের সঙ্গে আলোচনা করেছেন। স্থানীয় সময় মঙ্গলবার রাতে হোয়াইট হাউজে তার বিদায়ী ভাষণে ট্রাম্প বলেন, রাজনৈতিকভাবে যে আন্দোলন শুরু হয়েছে তা কিছুই না। এটা মাত্র শুরু।
ইউটিউবে আপলোড করা এক ভিডিও বার্তায় ট্রাম্প বলেন, তাকে অনেক কঠিন লড়াইয়ের মোকাবেলা করতে হয়েছে। কারণ সেজন্যই তাকে নির্বাচিত করা হয়েছিল।
তবে ট্রাম্প এখনও মনে করেন গত নভেম্বরের নির্বাচনে তিনি হারেননি। ভিডিওবার্তায় ট্রাম্প হোয়াইট হাউজের নতুন প্রতিনিধির নামও উল্লেখ করেননি।
যুক্তরাষ্ট্রের রাজনীতিতে তৃতীয় দল গড়ে তোলার প্রচেষ্টা এটাই নতুন না। এর আগেও হয়েছে। ডোনাল্ড ট্রাম্প তার অতি রক্ষণশীল এজেন্ডাগুলো নিয়ে রাজনীতিতে আলাদা দল গঠন করলে তাকে রিপাবলিকান দলের কিছু নেতাকেও দলে নিতে হবে।
রিপাবলিকান দলের অন্যতম শীর্ষ নেতা ও সিনেটে দলের নেতা মিচ ম্যাককনেল বলেছেন, গত ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে সহিংসতার জন্য ট্রাম্পকে দুষছেন অনেকে। রিপাবলিকান দলের অনেক নেতা ট্রাম্পকে তাদের জন্য বোঝা মনে করছেন।
ভারতের কয়েকটি খবরের বিস্তারিত:
‘ব্যক্তিগত মতের ছাপ নয় কৃষির রিপোর্টে’ –দৈনিক আনন্দবাজার পত্রিকা
তিনটি কৃষি আইন নিয়ে তাদের আপত্তির কথা যেন কৃষক সংগঠনগুলি মন খুলে বলতে পারে, তার জন্য বিশেষ কমিটি গঠন করে দিয়েছে সুপ্রিম কোর্ট। কিন্তু কৃষক সংগঠনগুলির অভিযোগ, কমিটির সদস্যেরা সকলেই ‘কৃষি আইন-পন্থী’। আজ তার জবাবে কমিটির অন্যতম সদস্য অনিল ঘনওয়াত জানিয়ে দিলেন, কৃষি আইন নিয়ে তাঁদের ব্যক্তিগত মতামত ‘কোনও বড় বিষয় নয়’কৃষি আইন নিয়ে আগামিকাল সুপ্রিম কোর্টে শুনানি। আগামিকালই কৃষকদের সঙ্গে বৈঠক বসার কথা কেন্দ্রের। আগামী ২৬ জানুয়ারির ট্র্যাক্টর মিছিল নিয়ে আজ দিল্লি পুলিশের সঙ্গে বৈঠক করেন কৃষক নেতারা।
বালাকোটের তথ্য ফাঁসে মোদীকে নিশানা রাহুলের-দৈনিক আনন্দবাজার পত্রিকার এ খবরে লেখা হয়েছে,বালাকোটে হানার পরিকল্পনা কি নিজেই আগাম ফাঁস করে দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? সেই সংক্রান্ত তথ্য আগেভাগে জানিয়েছিলেন একটি বেসরকারি টিভি নেটওয়ার্কের মুখ্য সম্পাদক অর্ণব গোস্বামীকে? মঙ্গলবার এই সন্দেহের তিরেই মোদীকে বিঁধলেন কংগ্রেস নেতা রাহুল গাঁধী। অভিযোগ, তেমনটা সত্যিই হয়ে থাকলে, জেনেশুনে ঝুঁকির মুখে ঠেলে দেওয়া হয়েছিল বায়ুসেনার পাইলটদের। রাহুলের কথায়, ‘‘এ ধরনের গোপন সরকারি তথ্য দেওয়া আইনি অপরাধ। যিনি তা দিয়েছেন এবং পেয়েছেন, দু’জনের বিরুদ্ধেই মামলা দায়ের করতে হবে। জেলে যেতে হবে দু’জনকেই। কে তথ্য ফাঁস করেছেন, তার তদন্ত হওয়া জরুরি।’’ তবে একই সঙ্গে তাঁর মন্তব্য, ‘‘এই প্রক্রিয়া এখনই শুরু হওয়া দরকার। কিন্তু হবে না। কারণ, প্রধানমন্ত্রী নিজেই হয়তো তথ্য দিয়েছেন।’’
ধূপগুড়ির দুর্ঘটনাগ্রস্তদের পাশে মোদি-মমতা, ঘোষণা আর্থিক সাহায্যের-দৈনিক সংবাদ প্রতিদিন
ধূপগুড়ির ডাম্পার দুর্ঘটনায় মৃতদের পরিবারের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। দুর্ঘটনাগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়ে বুধবার আর্থিক সাহায্যের ঘোষণা করেন মোদি ও মমতা। মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা আহতদের ৫০ হাজার টাকা আর্থিক সাহায্য করবে কেন্দ্র।পুরুলিয়ার সভা থেকে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। ধূপগুড়ির দুর্ঘটনায় মৃতদের জন্য আড়াই লক্ষ টাকা , আহতদের ৫০, অল্প আহতদের ২৫ হাজার টাকা আর্থিক সাহায্যের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার রাতে একটি পাথরবোঝাই ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে উলটে নিচে চাপা পড়ে যাত্রীবোঝাই দু’টি ছোট গাড়ি। দুর্ঘটনায় এখনও পর্যন্ত ১৪ জনের মৃত্যুর খবর মিলেছে। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে আরও অন্তত ১৫ জন।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।