কথাবার্তা: ফের ভারত-চীন সংঘর্ষ ও উত্তেজনা, আহত দুই পক্ষের সেনা
সুপ্রিয় পাঠক/শ্রোতা! ২৫ জানুয়ারি সোমবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।
বাংলাদেশের শিরোনাম:
- সেরাম থেকে কেনা ৫০ লাখ টিকা এলো দেশে-দৈনিক প্রথম আলো
- জনগণ যেন মনে না করে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হয়েছে-হাইকোর্ট-দৈনিক ইত্তেফাক
- এনআরবি ব্যাংকের ৩ পরিচালকসহ ৪ জনকে দুদকে তলব-দৈনিক যুগান্তর
- দেশে বর্তমানে ৩ লাখ ৩৫ হাজার ঋণ খেলাপি : অর্থমন্ত্রী-কালের কণ্ঠটিকার অঙ্গীকার নামায়
- এমন তথ্য কেন?-মানবজমিননৌকায় ভোট না দিলে কেন্দ্রে যেতে নিষেধ করলেন আওয়ামী লীগ
- নেতা-বিডি প্রতিদিন
ভারতের শিরোনাম:
- নাকু লা-য় অনুপ্রবেশের চেষ্টা বানচাল, ভারতীয় সেনার সঙ্গে সংঘর্ষে আহত ২০ চিনা সেনা-আনন্দবাজার পত্রিকা
- কৃষকদের ট্রাক্টর মিছিলে বিশৃঙ্খলার ছক! তিনশোর বেশি টুইটার হ্যান্ডেল তৈরি পাকিস্তানে-সংবাদ প্রতিদিন
- ভিক্টোরিয়া বিতর্ক: মুড়ি মুরকির মতো কার্ড দেওয়া হয়েছে নিচুতলার কর্মীদের, দ্বন্দ্ব বিজেপির অন্দরে-আজকাল
শিরোনামের পর এবার দুটি খবরের বিশ্লেষণে যাচ্ছি-
কথাবার্তার বিশ্লেষণের বিষয়:
১. করোনা ভইরাসের ভ্যাকসিন নেয়ার আগে গ্রহীতাকে একটি সম্মতিপত্রে স্বাক্ষর করতে হবে। এজন্য স্বাস্থ্য অধিদপ্তর একটি সম্মতিপত্র প্রকাশ করেছে যাতে বলা হয়েছে- ‘এই টিকা গ্রহণের সময়, অথবা পরে যেকোনো অসুস্থতা, আঘাত বা ক্ষতি হলে তার দায়ভার স্বাস্থ্যসেবা প্রদানকারী বা সরকারের নয়।’ কীভাবে দেখছেন বিষয়টিকে।
২. মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে মোতায়েন হচ্ছে ইসরাইলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম। কী বলবেন আপনি?
বিশ্লেষণের বাইরে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর:
জনগণ যেন মনে না করে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হয়েছে: হাইকোর্ট-দৈনিক ইত্তেফাক
কুষ্টিয়ার পুলিশ সুপার এস এম তানভীর আরাফাতকে উদ্দেশ্য করে হাইকোর্ট বলেছেন, পুলিশকে কথায় নয় কাজে পটু হতে হবে। কে কোন মতাদর্শের, কোন দলের সেটা বিবেচ্য বিষয় নয়। সর্বস্তরের জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই পুলিশের দায়িত্ব। পুলিশের কর্মকাণ্ডে জনগণের মধ্যে যেন ভীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়। কর্মকাণ্ডে প্রমাণ করতে হবে আপনারা জনগণের বন্ধু। পত্র-পত্রিকায় যা দেখলাম, তা যদি কুষ্টিয়ার বাস্তব অবস্থা হয়, তা হবে জাতির জন্য ভয়ংকর। জনগণ যেন মনে না করে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হয়েছে। জাতি উৎকণ্ঠিত, এটা নিরসন করার দায়িত্ব পুলিশের। সোমবার বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এই মন্তব্য করেন। এ সময় এসপি বার বার আদালতের মন্তব্যের প্রেক্ষিতে মাই লর্ড, মাই লর্ড বলতে থাকেন। এর আগে হাইকোর্টে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন এসপি তানভীর। এরপর তা আদালতে উপস্থাপন করেন তার আইনজীবী আহমেদ ইশতিয়াক। এসপির পক্ষে শুনানি করেন মনসুরুল হক চৌধুরী।
দেশে বর্তমানে ৩ লাখ ৩৫ হাজার ঋণখেলাপি: অর্থমন্ত্রী-কালের কণ্ঠ
দেশে বর্তমানে (অক্টোবর ২০২০) ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি ঋণগ্রহীতা ৩ লাখ ৩৪ হাজার ৯৮২ জন বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল।
আজ সোমবার (২৫ জানুয়ারি) সংসদের প্রশ্নোত্তরে সরকার দলীয় অসীম কুমার উকিলের প্রশ্নের জবাবে এ তথ্য জানান মন্ত্রী। এর আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।
জাতীয় পার্টির শামীম হায়দার পাটোয়ারীর প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, দেশে বর্তমানে (অক্টোবর ২০২০) ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি ঋণগ্রহীতা ৩ লাখ ৩৪ হাজার ৯৮২ জন। আর চলতি ২০২০-২১ অর্থবছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ৩ লাখ ৩০ হাজার কোটি টাকা। ডিসেম্বর ২০২০ পর্যন্ত আদায় হয়েছে ১ লাখ ৮ হাজার ৪৭১ কোটি ৭১ লাখ টাকা। লক্ষ্যমাত্রার তুলনায় অর্জন ৩২.৮৭ শতাংশ।
মামুনুর রশীদ কিরণের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, করোনাভাইরাসের টিকা কেনার জন্য এ পর্যন্ত ১ হাজার ৪৫৫ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে।
এ কে এম রহমতুল্লাহর প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দেশ থেকে অবমূল্যায়ন বা অতিমূল্যায়নের মাধ্যমে অর্থ পাচারের কিছু অভিযোগ পাওয়া গেছে। সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থা এটি খতিয়ে দেখছে। যেসব ক্ষেত্রে অভিযোগের সত্যতা পাওয়া গেছে, সেসব ক্ষেত্রে আইনি ব্যবস্থা চলমান।
দেশের বাইরে অর্থপাচার বন্ধে সরকারের নানা পদক্ষেপের কথাও তুলে ধরেন অর্থমন্ত্রী। তিনি বলেন, এসব পদক্ষেপের ফলে বৈদেশিক মুদ্রা বা অর্থপাচার অনেকাংশে কমে যাবে।
টিকার অঙ্গীকার নামায় এমন তথ্য কেন?-দৈনিক মানবজমিন
করোনা ভাইরাসের ভ্যাকসিন নেয়ার আগে গ্রহীতাকে একটি সম্মতিপত্রে স্বাক্ষর করতে হবে। ইতিমধ্যে স্বাস্থ্য অধিদপ্তর থেকে এই সম্মতিপত্র প্রকাশ করা হয়েছে। সম্মতিপত্রের এক জায়গায় লেখা আছে-‘এই টিকা গ্রহণের সময়, অথবা পরে যেকোনো অসুস্থতা, আঘাত বা ক্ষতি হলে তার দায়ভার স্বাস্থ্যসেবা প্রদানকারী বা সরকারের নয়।’ এই বক্তব্য টিকা গ্রহণকারীদের ভীত করতে পারে বলে অনেকে বলছেন। এ ছাড়া টিকা গ্রহণের পর কোনো ধরনের শারীরিক সমস্যা হলে চিকিৎসা ও প্রয়োজনীয় ব্যবস্থা সরকারের তরফে নেয়া হবে বলে সংশ্লিষ্টরা বলে আসছেন। এ অবস্থায় অঙ্গীকারনামায় এই তথ্য বিভ্রান্তি দেখা দিতে পারে।
অঙ্গীকারনামায় এমন তথ্য চাওয়া প্রসঙ্গে জানতে চাইলে জাতীয় পরামর্শক কমিটির অন্যতম সদস্য এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ডা. নজরুল ইসলাম মানবজমিনকে বলেন, এতে ভয়ের সম্ভাবনা রয়েছে। এই বিশেষজ্ঞ তার ব্যক্তিগত মতপ্রকাশ করে বলেন, সম্মতিপত্রে এধরনের ভাষা ব্যবহারের কারণে ভীতি সৃষ্টি হবে। টিকা নিতে চাইবে না।
এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি:
কৃষকদের ট্রাক্টর মিছিলে বিশৃঙ্খলার ছক! তিনশোর বেশি টুইটার হ্যান্ডেল তৈরি পাকিস্তানে-দৈনিক সংবাদ প্রতিদিন
বিতর্কিত কৃষি আইনের প্রতিবাদে সাধারণতন্ত্র দিবসে দিল্লির (Delhi) রাজপথে পৃথকভাবে ট্রাক্টর মিছিল করবেন আন্দোলনকারী কৃষকরা। একাধিকবার আলোচনার পর শেষপর্যন্ত দিল্লি পুলিশের অনুমতিও মিলেছে। কিন্তু এর মধ্যেই আবার সামনে এসেছে আশঙ্কার খবরও। কৃষকদের ট্রাক্টর মিছিলে (Farmers Rally) বিশৃঙ্খলা তৈরির ছক কষেছে পাকিস্তান। এই কাজের জন্য ইতিমধ্যে সে দেশে নতুন করে ৩০০টি টুইটার হ্যান্ডেল তৈরি হয়েছে। রবিবার এমনটাই জানানো হয়েছে দিল্লি পুলিশের (Delhi Police) তরফ থেকে।
দৈনিক সংবাদ প্রতিদিনের একটি খবরে লেখা হয়েছে, সাধারণতন্ত্র দিবসের আগে রাজ্যে JMB জঙ্গিদের অনুপ্রবেশ, গোয়েন্দা রিপোর্টে বাড়ল সতর্কতা। দৈনিকটির অন্য একটি খবরে বলা হয়েছে, সাধারণতন্ত্র দিবসের (Republic Day) আগেই ফের সীমান্তে উত্তেজনা ছড়ানোর চেষ্টা চীনের।
‘নেতাজিকে হত্যা করেছিল কংগ্রেস’, বিস্ফোরক অভিযোগ বিজেপি সাংসদ সাক্ষী মহারাজের-সংবাদ প্রতিদিন
বিতর্কিত মন্তব্যের জেরে ফের শিরোনামে বিজেপি সাংসদ সাক্ষী মহারাজ। এবার তাঁর দাবি, নেতাজি সুভাষচন্দ্র বসুকে হত্যা করিয়েছিল কংগ্রেসই (Congress)।
শনিবার নেতাজির ১২৫তম জন্মজয়ন্তী উপলক্ষে উন্নাওয়ের ডকলি গ্রামে একটি জনসভার আয়োজন করা হয়। সেখানে সাক্ষী মহারাজ বলেন, “আমার সাফ কথা, নেতাজিকে হত্যা করিয়েছিল কংগ্রেস। কারণ, তাঁর জনপ্রিয়তার সামনে মহাত্মা গান্ধী বা জওহরলাল নেহেরু দাঁড়াতে পারতেন না। নেতাজি বেঁচে থাকলে তিনিই হতেন স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী। সুভাষ বসু দেশের জন্য নিজের সর্বস্ব ত্যাগ করেছিলেন। তাঁর এই আত্মত্যাগ দেশবাসী কোনওদিন ভুলবে না। কিন্তু স্বাধীনতা অর্জনে তাঁর অবদানকে সবসময় খাটো করে দেখানো হয়েছে।”উল্লেখ্য, নেতাজির অন্তর্ধান নিয়ে রহস্য আজও কাটেনি।
নাকু লা-য় অনুপ্রবেশের চেষ্টা বানচাল, ভারতীয় সেনার সঙ্গে সংঘর্ষে আহত ২০ চিনা সেনা-দৈনিক আনন্দবাজার পত্রিকা
গলওয়ানে ভারত এবং চিনা সেনার সংঘর্ষের রেশ কাটেনি এখনও। এর মধ্যেই এ বার সিকিম সীমান্তে সংঘর্ষে জড়িয়ে পড়ল দুই দেশের বাহিনীর জওয়ানরা। সেনা সূত্রের খবর, সিকিম দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিল এক দল চিনা সেনা। কিন্তু ভারতীয় বাহিনীর প্রবল বাধায় শেষ পর্যন্ত পিছু হঠতে বাধ্য হয় তারা। সংঘর্ষে দু’পক্ষেরই বেশ কয়েক জন জখম হয়েছেন বলে জানা গিয়েছে।
এর আগে গত বছরে লাদাখে দুই দেশের সেনাদের মধ্যে সংঘর্ষ বাধে। সেমময় ভারতের ২০ জন সেনা নিহত হয়েছিল। তবে চীন সেসময় তাদের সেনা নিহত হয়েছে কিনা সে সম্পর্কে কিছু জানায় নি।
ইঞ্চিতে ইঞ্চিতে বদলা নেবো, তৈরি থাকো’, বিরোধী বিজেপিকে কড়া হুঁশিয়ারি অভিষেকের-সংবাদ প্রতিদিন
সামনেই বিধানসভা নির্বাচন (Assembly Election 2021)। তার আগে শাসক-বিরোধীর মধ্যে ক্রমশই বাড়ছে আক্রমণের ঝাঁজ। বিজেপির তরফে বারবার মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করা হচ্ছে। রবিবার কুলতলির সভা থেকে পালটা বিরোধীদের আক্রমণের জবাব দিলেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ।
রবিবারের সভার শুরু থেকেই বিরোধী গেরুয়া শিবিরকে তোপ দাগেন অভিষেক (Abhishek Banerjee)। প্রথমেই “যতই নাড়ো কলকাঠি, নবান্নে আবার হাওয়াই চটি”, স্লোগান দিয়ে সভা শুরু করেন তিনি। তারপর সময় যত গড়িয়েছে ততই বেড়েছে আন্দোলনের ঝাঁজ। কেন্দ্রের বিরুদ্ধে আক্রমণে সরব হন অভিষেক। তাঁর অভিযোগ, জিএসটির (GST) টাকা আটকে ভাতে মারতে চাইছে কেন্দ্র। বারবার বিরোধী বিজেপি ‘স্বাস্থ্যসাথী প্রকল্প’ নিয়ে রাজ্য সরকারকে খোঁচা দিয়েছে। আরও একবার পালটা তার খোঁচা দেন অভিষেক। তিনি বলেন, “দিলীপ ঘোষরা বলছেন স্বাস্থ্যসাথী আসলে ভাঁওতা। আবার ওনার পরিবারের লোকেই গিয়ে কার্ড নিচ্ছে। উন্নয়ন ও পরিসংখ্যানের নিরিখে লড়াই হোক। ১০-০ গোলে হারাতে না পারলে রাজনীতিতে পা রাখব না। এরা উন্নয়ন নিয়ে কথা বলতে পারে না। যত আক্রমণ করা হচ্ছে আমাকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) আগে আমার সঙ্গে লড়ুন। ভাইপো না বলে আমার নাম উচ্চারণ করে দেখান। কড়ায় গণ্ডায় সব বুঝিয়ে দেব। ইঞ্চিতে ইঞ্চিতে বদলা নেবো। তৈরি থাকো।”#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৫
- বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।