অক্টোবর ০৩, ২০২১ ১৩:৫৮ Asia/Dhaka
  • একনজরে ঢাকা ও কোলকাতার পত্রপত্রিকার সব গুরুত্বপূর্ণ খবর

সুপ্রিয় পাঠক/শ্রোতা! ৩ অক্টোবর রোববারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।

বাংলাদেশের শিরোনাম:

  • মুহিবুল্লাহ হত্যায় গ্রেপ্তার দুই রোহিঙ্গার তিন দিনের রিমান্ড’-প্রথম আলো
  • করোনায় মৃত্যু: যুক্তরাষ্ট্রে ৭ লাখ ছাড়াল, ব্রাজিলে ৬ লাখ, ভারতে সাড়ে ৪ লাখ ছুঁইছুঁই-মানবজমিন
  • নির্বাচন কমিশনের ওপর মানুষের আস্থা এখন শূন্যের কোঠায়: জিএম কাদের -ইত্তেফাক
  • আইন-শৃঙ্খলা বলতে কিচ্ছু নেই, এমন দেশ তো চাইনি: ফখরুল-যুগান্তর
  • প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুষ্ঠু নির্বাচন চান : ওবায়দুল কাদের-কালের কণ্ঠ

ভারতের শিরোনাম:

  • নিজের রেকর্ড ভেঙে বিশাল জয়, ভবানীপুর মুখ্যমন্ত্রীকে জেতাল ৫৮,৮৩২ ভোটে-আনন্দবাজার পত্রিকা
  • ২৪-এর পথে মমতা! শুনশান বিজেপি অফিস-আজকাল 
  • মাদক কাণ্ডে নাম জড়িয়েছে ছেলের, ছবির শুটিংয়ে স্পেন যাওয়া স্থগিত শাহরুখ খানের–সংবাদ প্রতিদিন

শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার দু'টি খবরের বিশ্লেষণে যাচ্ছি- 

কথাবার্তার বিশ্লেষণের বিষয়:

কথাবার্তার প্রশ্ন (৩ অক্টোবর)
১. রোহিঙ্গা নেতা মাস্টার মুহিবুল্লাহ হত্যার ঘটনায় নানামুখী আলোচনা হচ্ছে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, মুহিবুল্লাহ প্রত্যাবাসনের পক্ষে ছিলেন বলেই স্বার্থান্বেষীরা তাকে হত্যা করেছে’। আপনার পর্যবেক্ষণ কী?
২. তালেবান সরকারকে স্বীকৃতি দিতে বাধ্য হবে আমেরিকা- একথা বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। প্রশ্ন হচ্ছে কেন আমেরিকা বাধ্য হবে?

বিশ্লেষণের বাইরে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর:

মুহিবুল্লাহ হত্যায় গ্রেপ্তার দুই রোহিঙ্গার তিন দিনের রিমান্ড’-প্রথম আলো

রোহিঙ্গাদের অধিকার আদায়ের শীর্ষ নেতা মুহিবুল্লাহ হত্যা মামলায় গ্রেপ্তার দুই রোহিঙ্গার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। আজ রোববার বেলা ১১টার দিকে দুই রোহিঙ্গাকে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। আদালতের বিচারক তামান্না ফারাহ তাঁদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এ দুই রোহিঙ্গা হলেন উখিয়ার কুতুপালং ৭ নম্বর ক্যাম্পের সি ব্লকের নুর বশরের ছেলে মোহাম্মদ সেলিম ওরফে লম্বা সেলিম (৩৩) ও কুতুপালং ৩ নম্বর ক্যাম্পের রহিম উল্লাহর ছেলে শওকত উল্লাহ (২৩)।

মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন ‘আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি’র (আল ইয়াকিন নামেও পরিচিতি) জিম্মাদার হিসেবে দায়িত্বপালনকারী রোহিঙ্গা মো. সেলিমকে গত শুক্রবার গ্রেপ্তার করে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। গতকাল শনিবার বিকেলে শওকতকে গ্রেপ্তার করে উখিয়া থানার পুলিশ।

আজ সকাল সাড়ে ১০টার দিকে সেলিম ও শওকতকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও উখিয়া থানার উপপরিদর্শক কার্তিক চন্দ্র পাল।

মামলার তদন্তকারী কর্মকর্তা কার্তিক চন্দ্র পাল জানান, গতকাল রাত পর্যন্ত মুহিবুল্লাহ খুনের মামলায় সন্দেহভাজন চার রোহিঙ্গাকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে আজ দুজনকে (সেলিম ও শওকত) তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ। গ্রেপ্তার অপর দুই রোহিঙ্গা (জিয়াউর রহমান ও আবদুস সালাম) পুলিশ হেফাজতে।

পুলিশ জানায়, শুক্রবার গভীর রাতে রোহিঙ্গা শিবিরে অভিযান চালিয়ে লাম্বাশিয়া আশ্রয়শিবিরের জিয়াউর রহমান ও আবদুস সালামকে গ্রেপ্তার করে এপিবিএন। তাঁরা দুজন রোহিঙ্গা শিবিরের আরসা ও আল-ইয়াকিনের সদস্য বলে পরিচিতি।

গত ২৯ সেপ্টেম্বর রাত সাড়ে আটটায় লাম্বাশিয়া আশ্রয়শিবিরের ডি ব্লকে আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটস (এআরএসপিএইচ) সংগঠনের কার্যালয়ে ঢোকার সময় বন্দুকধারীদের গুলিতে নিহত হন মুহিবুল্লাহ। তিনি ওই সংগঠনের চেয়ারম্যান ছিলেন। কার্যালয় থেকে ৩০ ফুট দূরে ছিল মুহিবুল্লাহর ঘর। পরের দিন রাত ১১টায় উখিয়া থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন মুহিবুল্লাহর ছোট ভাই হাবিবুল্লাহ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুষ্ঠু নির্বাচন চান : ওবায়দুল কাদের-কালের কণ্ঠ

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুষ্ঠু নির্বাচন চান। তাই কোনো বিশৃঙ্খলা না করে সকলে নির্বাচনের প্রস্তুতি নিন। 

রবিবার (৩ অক্টোবর) দুপুরে মাওয়া টোল প্লাজায় পদ্না বহুমুখী সেতু নির্মাণ প্রকল্পের ক্ষতিগ্রস্তদের মাঝে পুনর্বাসন সাইটসমূহে বরাদ্দকৃত প্লটের লিজ দলিল হস্তান্তর অনুষ্ঠানে মন্ত্রী একথা বলেন। এসময় তিনি বলেন, আমাদের দেশের গণতন্ত্র কিছুটা হলেও বিকাশ হয়েছে। এটা একটা ধীরগতির পক্রিয়া। রাতারাতি এটা বিকাশ হওয়ার সুযোগ নেই।

মন্ত্রী বলেন, ‘আদালতের আদেশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ২০১১ সালেই বিদায় নিয়েছে। এটা মীমাংসিত বিষয়। উচ্চ আদালতই তত্ত্বাবধায়ক সরকারকে মিউজিয়ামে পাঠিয়েছে। নতুন করে এনিয়ে বিবাধের কোনো অবকাশ নাই। নিরপেক্ষ সরকারের অধীনে যারা নির্বাচন করতে চান- তাদেরকে আমি বলতে চাই, এবিষয়ে আপনার নেত্রী বলেছিলেন, নিরেপক্ষ পাগল আর শিশু ছাড়া আর কেউ না।’

পদ্মা সেতুর বাস্তবায়ন সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতার সোনালী ফসল পদ্মা সেতু। সেতু নির্মাণের আগে ছিল পদ্মার ভাঙনের তাণ্ডব। বঙ্গবন্ধু কন্যা ঘোষণা দিয়েছিলেন, আমি নিজ অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করে প্রমাণ করবো বাঙালি চুরি করে না, বাঙালি বীরের জাতি।’ 

সেতু বিভাগের সচিব আবু বকর ছিদ্দীকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি, পদ্মা সেতুতে রেল সংযোগ প্রকল্পের প্রধান সমন্বয়ক মেজর জেনারেল এস এম জাহিদ হোসেন, পদ্মা সেতুর প্রকল্প পরিচালক মো. শফিকুল ইসলাম প্রমুখ।

আইন-শৃঙ্খলা বলতে কিচ্ছু নেই, এমন দেশ তো চাইনি: ফখরুল-যুগান্তর

সংকটে এখন পুরো জাতি মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আইন-শৃঙ্খলা বলতে কিচ্ছু নেই। এই দেশ তো আমরা চাইনি।

রোববার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে জাতীয়তাবাদী ওলামা দলের ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, অনেকেই বলেন বিএনপি সংকটে।  সংকটে বিএনপি নয়, সংকট হচ্ছে গোটা জাতির।  এই কথাটা আমাদেরকে বুঝতে হবে।  এবং এই কথাটিই মানুষকে বুঝাতে হবে। আজকে গণতন্ত্র নেই, নির্বাচন হয় না, কোন জবাবদিহি নাই, যে যেখানে পারছে চুরি করছে, ডাকাতি করছে।  ‘ক্ষমতাসীন আওয়ামী লীগ আজকে বাংলাদেশকে যে রাষ্ট্রে পরিণত করেছে, এটি আমাদের রাষ্ট্র নয়’-যোগ করেন ফখরুল। 

তিনি বলেন, আওয়ামী লীগ সেজন্য আজকে সবচেয়ে বড় শত্রুতে পরিণত হয়েছে মানুষের। আমাদের মূল লক্ষ্য ছিল আমরা চমৎকার একটা রাষ্ট্র গঠন করব। যে রাষ্ট্রে মানুষের অধিকার থাকবে, যে রাষ্ট্র মানুষ কথা বলতে পারবে, স্বাধীন সংবাদমাধ্যম থাকবে।

মির্জা ফখরুল বলেন, আমরা যে রাষ্ট্র, সমাজ চেয়েছিলাম সেটা হবে একটা মুক্ত সমাজ, গণতান্ত্রিক সমাজ।  আর অন্য কোনো দেশের পরাধীন হয়ে থাকা নয়। একটি স্বাধীন সার্বভৌম মুক্ত দেশ আমরা চেয়েছিলাম। এবং সেই লক্ষ্যে আমরা যুদ্ধ করেছিলাম।  কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমাদের স্বাধীনতা যুদ্ধের পরেও এই দলটি ক্ষমতায় আছে। তারা সেদিনও ক্ষমতায় ছিল।

আলোচনায় আরও উপস্থিত ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো. রহমতুল্লাহ, ওলামা দলের আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা নেসারুল হক, সদস্য সচিব প্রিন্সিপাল মাওলানা নজরুল ইসলাম তালুকদার।

করোনায় মৃত্যু: যুক্তরাষ্ট্রে ৭ লাখ ছাড়াল, ব্রাজিলে ৬ লাখ, ভারতে সাড়ে ৪ লাখ ছুঁইছুঁই-মানবজমিন

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস মহামারিতে মৃতের সংখ্যা ৭ লাখ ছাড়িয়েছে। করোনা বিষয়ে নিয়মিত তথ্য হালনাগাদ করা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্যানুযায়ী (রবিবার বিকেল চারটা), দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭ লাখ ১৯ হাজার ৬৭৪ জন মানুষ।আক্রান্তের সংখ্যায়ও যুক্তরাষ্ট্র বিশ্বে এক নম্বর স্থানে রয়েছে। দেশটিতে প্রায় ৪ কোটি ৪৫ লাখ মানুষ করোনায় আক্রান্ত।আক্রান্তের দিক থেকে তৃতীয় অবস্থানে (প্রায় ২ কোটি ১৫ লাখ) থাকা ব্রাজিলে প্রায় ৬ লাখ মানুষকরোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন (৫ লাখ ৯৭ হাজার ৭৪৯ জন)।আক্রান্তের দিক থেকে দ্বিতীয় অবস্থানে (প্রায় ৩ কোটি ৩৯ লাখ) থাকা ভারতে প্রায় সাড়ে চার লাখ মানুষ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন (৪ লাখ ৪৮ হাজার ৮৪৬ জন)।আক্রান্তের দিক থেকে ১৫ তম অবস্থানে (প্রায় ৩৭ লাখ) থাকা মেক্সিকো মৃত্যুর দিক থেকে সারা বিশ্বে চতুর্থ অবস্থানে রয়েছে। দেশটিতে প্রায় দুই লাখ ৭৯ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন (২ লাখ ৭৮ হাজার ৫৯০ জন)।আক্রান্তের দিক থেকে পঞ্চম অবস্থানে (প্রায় ৭৬ লাখ) থাকা রাশিয়া মৃত্যুর দিক থেকে সারা বিশ্বে পঞ্চম অবস্থানে রয়েছে।

দেশটিতে প্রায় ২ লাখ ১০ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন (২ লাখ ৯ হাজার ৯১৮ জন)।

নির্বাচন কমিশনের ওপর মানুষের আস্থা এখন শূন্যের কোঠায়: জিএম কাদের -ইত্তেফাক

জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, নির্বাচন কমিশনের ওপর মানুষের আস্থা এখন শূন্যের কোঠায় পৌছেছে। যারাই রাষ্ট্র ক্ষমতায় ছিলো, তারাই নির্বাচন কমিশনকে দলীয় স্বার্থে ব্যবহার করেছে।

রবিবার (৩ অক্টোবর) দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয়ে জাতীয় পার্টিতে যোগদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, দেশে বিরাজনীতিকরণ চলছে তাই দেশের রাজনীতিতে দলগুলো টিকতে পারছে না। এভাবে চলতে থাকলে দেশের মানুষ রাজনীতিতে আসবে না, ভোট কেন্দ্রে মানুষ ভোট দিতে যাবে না।

জিএম কাদের মনে করেন, সাংবিধানিকভাবেই দেশে একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত করা হয়েছে তাই কাউকেই দোষারোপ করা যায় না। সংবিধান অনুযায়ী দেশের নির্বাহী বিভাগ, আইন সভা ও বিচার বিভাগের প্রায় নব্বই ভাগই রাষ্ট্রপতির মাধ্যমে এক ব্যক্তির হাতে। তাই বর্তমান সরকার ব্যবস্থাকে কোনোভাবেই গণতান্ত্রিক বলা যায় না।

জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের আরো বলেন, দেশের মানুষ আবারো জাতীয় পার্টিকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়। দেশের মানুষ জাতীয় পার্টির দিকে একবুক প্রত্যাশা নিয়ে তাকিয়ে আছে। জাতীয় পার্টিকে নিয়ে স্বপ্ন দেখছেন। এ কারণেই প্রতিদিনই সমাজের বিশিষ্ট ব্যক্তিরা জাতীয় পার্টির পতাকাতলে সামিল হচ্ছেন।

নিজের রেকর্ড ভেঙে বিশাল জয়, ভবানীপুর মুখ্যমন্ত্রীকে জেতাল ৫৮,৮৩২ ভোটে-আনন্দবাজার পত্রিকা

তিনি জিতবেন এটা নিশ্চিত ছিলই। কিন্তু কত ব্যবধানে জিতবেন তা নিয়ে জল্পনা ছিল তুঙ্গে। বৃহস্পতিবার সকাল থেকেই গোটা দেশের নজর ছিল ভবানীপুর কেন্দ্রের দিকে। গণনার শুরু থেকেই এগিয়ে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গণনা যত এগিয়েছে বিজেপি প্রার্থী প্রিয়ঙ্কা টিবরেওয়ালের থেকে ভোটের ব্যবধান তত বেড়েছে। দলের অনেকেই দাবি করেছিলেন ৫০-৮০ হাজার ভোটের ব্যবধানে জিতবেন মমতা। বিপুল ভোটে জয়ী হলেন তিনি। ভবানীপুরের মানুষ তাঁকে ৫৮ হাজার ৮৩২ ভোটে জেতালেন। সেই সঙ্গে ভবানীপুরে জয়ের হ্যাটট্রিক করলেন মমতা।  হ্যাট্রিক জয়ের পর  মমতা বলেন, “সারা বাংলা খুব আঘাত পেয়েছিল যখন সব ভোটে জিতেও একটায় জিততে পারিনি। সেটা নিয়ে আদালতে মামলা চলছে। সেটা নিয়ে এখন কিছু বলছি না। অনেক চক্রান্ত চলেছিল। সব চক্রান্ত জব্দ করে দিয়েছে বাংলার মানুষ, ভবানীপুরের মানুষ। ভবানীপুরের মানুষের কাছে আমি চিরঋণী।”

২৪-এর পথে মমতা! শুনশান বিজেপি অফিস-আজকাল 

ট্রেলার চলছিল ভোটের দিন থেকেই। তবু কিছু তর্জন-গর্জন ছিল বিরোধী শিবিরের। শনিবার বিকেলেও বিজেপির নয়া রাজ্য সভাপতির বক্তব্য ছিল, পুরো গণনা না হওয়া পর্যন্ত থাকতে হবে কর্মীদের। রবিবার সকাল ৬.৩০ থেকে শাখওয়াত মেমোরিয়ালের সামনে ছিলেন প্রিয়াঙ্কা টিবরেওয়াল। বেলা বাড়তেই কে কোথায়? এমনকি যে আইটি সেল বিজেপির বড় হাতিয়ার, তাও পুরো চুপ। অন্যদিকে সিপিএম শিবির ভবানীপুর নিয়ে আর কোনও আলোচনাতেই নারাজ। মুর্শিদাবাদের ফলাফল অধীরের কোর্টে ঠেলে দিচ্ছে কংগ্রেস।

এবার আসা যাক শাসক শিবিরের কথায়। ভবানীপুরে চ্যালেঞ্জ ছিল, অন্তত ৫০হাজারের। রবিবাসরীয় বেলা গড়াতেই তৃণমূল শিবির তাই রাস্তায়। ফিরহাদ হাকিম থেকে মদন মিত্র সবুজ আবির নিয়ে রাস্তায়। এদিকে ৬, মুরলীধর সেন লেন অথবা অধুনা হেস্টিংস দপ্তর কার্যত ফাঁকা। প্রিয়াঙ্কার ফেসবুক পেজেও "নো আপডেট"। ফোন ধরছেন না কেউ। যা দেখে বিস্মিত রাজনৈতিক মহল। 

মাদক কাণ্ডে নাম জড়িয়েছে ছেলের, ছবির শুটিংয়ে স্পেন যাওয়া স্থগিত শাহরুখ খানের–সংবাদ প্রতিদিন

মাদক কাণ্ডে নাম জড়িয়েছে ছেলের। একটানা তাকে জেরা করছেন এনসিবি আধিকারিকরা। সূত্রের খবর, এই পরিস্থিতিতে শুটিং স্থগিত করলেন শাহরুখ খান (Shah Rukh Khan)। স্পেনে যাচ্ছেন না তিনি।

দীপিকা পাড়ুকোনের (Deepika Padukone) সঙ্গে ফের ফ্রেম শেয়ার করছেন কিং খান। ‘পাঠান’ ছবিতে দু’জনের রসায়ন আদৌ দর্শক মনকে দোলা দিতে পারে কিনা, সে উত্তর দেবে সময়। আপাতত ‘পাঠান’ ছবির শুটিংয়ে ব্যস্ত শাহরুখ। ছবির গানের শুটিংয়ে স্পেনে যাওয়ার কথা ছিল তাঁর। তবে স্পেনে যাওয়ার সিদ্ধান্ত স্থগিত বলিউডের ‘কিং খানে’র।

তবে তারই মাঝে মুম্বইয়ের ক্রুজ পার্টিতে মাদক কাণ্ডে এনসিবি’র জালে শাহরুখপুত্র আরিয়ান খান (Aryan Khan)। শনিবার রাতে মুম্বই থেকে গোয়াগামী কর্ডেলিয়া ক্রুজ (Cordelia Cruise) থেকে আটক করা হয় তাঁকে। বাজেয়াপ্ত মোবাইল। তদন্তকারীদের নজরে হোয়াটসঅ্যাপ চ্যাট। কার কার সঙ্গে কথা বলেছিলেন আরিয়ান, তা খতিয়ে দেখছেন এনসিবি’র আধিকারিকরা।

পার্সটুডে/বাবুল আখতার/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।