ট্রানজিটের নামে সরকার দেশের সার্বভৌমত্বকে বিকিয়ে দিচ্ছে : রিজভী
ট্রানজিটের নামে ভারতকে করিডোর সুবিধা দিয়ে সরকার দেশের সার্বভৌমত্বকে বিকিয়ে দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।
এই সুবিধা ব্যবহার করে অস্ত্র পরিবহন করা হতে পারে, এমন আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, এ কারণে সেভেন সিস্টার্সের স্বাধীনতাকামীদের লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে বাংলাদেশ।
আজ (শুক্রবার) দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় এসব কথা বলেন রিজভী আহমেদ। বিএনপির প্রতিষ্ঠাতা, সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ সভার আয়োজন করে স্বাধীনতা ফোরাম।
জনগণ জানতে চায় কত দামে ভারতের কাছে সরকার দেশের স্বাধীনতা বিক্রি করে দিয়েছে? এমন প্রশ্ন রেখে তিনি বলেন, সরকার ভারতকে ট্রানজিট দিচ্ছে। এটা ট্রানজিট নয়, এটা করিডর। মাত্র ১৮৮ টাকা ফি দিয়ে এই সুবিধা দেয়া হচ্ছে তাদের। আসলে এটা ফি না আসল ফি হচ্ছে ভোটারবিহীন সরকারকে সমর্থন ফি।
রিজভী আহমেদ বলেন, সরকার আসলাম চৌধুরীর নামে রাষ্ট্রদ্রোহের মিথ্যা অভিযোগ তুলে মামলা দিয়েছেন। ভারতে বসে সরকারের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হয়নি। লিকুদ পার্টির নেতা মেন্দি এন সাফাদিও পরিষ্কার করেছেন। ভারত মোসাদকে তাদের দেশে এনে সভা করেছে, এজন্য তাদের বিরুদ্ধে সরকার প্রতিবাদ করতে পারতো। তা না করে উদ্দেশ্যমূলকভাবে সরকার আসলাম চৌধুরীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
এদিকে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, চারদিক থেকে দুঃসংবাদ আসছে। এই অবস্থা থেকে বাঁচতে হলে গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলনের কোনো বিকল্প নেই। আজ (শুক্রবার) দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
বিএনপি নেতাদের গ্রেফতারের আগে তদন্ত করে দেখতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে নজরুল ইসলাম খান বলেন, বিএনপি এমন একজন নেতাকর্মী নেই, যার বিরুদ্ধে মামলা নেই। বাকরুদ্ধ এই পরিস্থিতি থেকে দেশকে রক্ষা করতে আন্দোলন করা ছাড়া কোনো পথ নেই।#
পার্সটুডে/শামস মন্ডল/গাজী আবদুর রশীদ/২৭