পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য তার ব্যক্তিগত মতামত: ওবায়দুল কাদের
https://parstoday.ir/bn/news/bangladesh-i112144-পররাষ্ট্রমন্ত্রীর_বক্তব্য_তার_ব্যক্তিগত_মতামত_ওবায়দুল_কাদের
বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতায় শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে ভারতকে অনুরোধ জানানো হয়েছে বলে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের দেওয়া বক্তব্যের একদিন পরেই ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আজ ব্যাখ্যা করে বলেছেন, এ সংক্রান্ত পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের দেওয়া বক্তব্য তার ব্যক্তিগত অভিমত। সরকার বা আওয়ামী লীগ ভারতকে এ ধরনের অনুরোধ করেনি। আজ শুক্রবার রাজধানীর পলাশী মোড়ে ঐতিহাসিক কেন্দ্রীয় জন্মাষ্টমী মিছিল উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
আগস্ট ১৯, ২০২২ ১৩:৫৬ Asia/Dhaka
  • ওবায়দুল কাদের
    ওবায়দুল কাদের

বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতায় শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে ভারতকে অনুরোধ জানানো হয়েছে বলে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের দেওয়া বক্তব্যের একদিন পরেই ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আজ ব্যাখ্যা করে বলেছেন, এ সংক্রান্ত পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের দেওয়া বক্তব্য তার ব্যক্তিগত অভিমত। সরকার বা আওয়ামী লীগ ভারতকে এ ধরনের অনুরোধ করেনি। আজ শুক্রবার রাজধানীর পলাশী মোড়ে ঐতিহাসিক কেন্দ্রীয় জন্মাষ্টমী মিছিল উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম নগরীর জেএমসেন হলে জন্মাষ্টমী উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ভারতের নয়াদিল্লিতে গিয়ে অনেকের সঙ্গে আমার দেখা হয়। আমি দেশটিতে গিয়ে বলেছি, শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে হবে। আজকে এখানে অনেকের বক্তব্যতে সেটাই এসেছে। শেখ হাসিনা আমাদের আদর্শ। তাকে টিকিয়ে রাখার জন্য যা যা করা দরকার, আমি ভারতবর্ষের সরকারকে সেটা করতে অনুরোধ করেছি।’

তবে  ওবায়দুল কাদের আজ বলেছেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় টিকিয়ে থাকা ও ক্ষমতায় আসার জন্য ভারতকে কখনো অনুরোধ করেনি, শেখ হাসিনার পক্ষ থেকে কাউকে দায়িত্ব দেওয়া হয়নি। এটি কারও ব্যক্তিগত অভিমত হতে পারে। এটা দল বা সরকারের বক্তব্য নয়। বাংলাদেশের জনগণই আওয়ামী লীগ সরকারের ক্ষমতার উৎস।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘ভারতের সঙ্গে বাংলাদেশ কোন বৈরি সম্পর্ক চায় না। ভারতের সঙ্গে বৈরিতা করে দেশের ক্ষতি হয়েছে। শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসার পর কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কোনো সাম্প্রদায়িক হামলা হয়নি। যারা হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা করেছে তারা দুর্বৃত্ত।’

এদিকে  পররাষ্ট্রমন্ত্রী  নিজেও তার গতকালের বক্তব্যের ব্যাখ্যায় আজ  শুক্রবার  বলেছেন , কিছু দুষ্টু লোক আছে যারা তিলকে তাল করে। এ ছাড়া কিছু সাংবাদিক দেশকে অস্থিতিশীল করার জন্যই এসব সংবাদ প্রচার করেন ।

আজ শুক্রবার দুপুরে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের পক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্টমন্ত্রী  বলেন,  সম্প্রতি ভারতে  সফরে গিয়ে  তাদের  সঙ্গে আলোচনায় তাদের বলেছি,  বাংলাদেশে শেখ হাসিনা আছেন বলেই বাংলাদেশ স্থিতিশীল আছে। আর স্থিতিশীলতা থাকলেই আমাদের উন্নয়নের মশাল অব্যাহত থাকবে।

ড. মোমেন বলেন, ‘শেখ হাসিনা আছেন বলেই আমাদের দেশের উন্নয়ন হচ্ছে, বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি আছে। অসাম্প্রদায়িক সমাজব্যবস্থা গড়ে তুললে সবার মঙ্গল হবে। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। কারণ, এ দেশটা আমাদের। দেশে যদি অস্থিতিশীলতা তৈরি হয়, তাহলে যারা অপপ্রচার করছে, তারাও ভালো থাকতে পারবে না।’

এর আগে ড. মোমেন জাতির পিতার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে তিনি পবিত্র ফাতেহা পাঠ শেষে দোয়া ও মোনাজাতে অংশ নেন। এ সময় গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলী খান, টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।#

পার্সটুডে/আব্দুর রহমান খান/রেজওয়ান হোসেন/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।