আসন্ন বাজেটে তিন খাত সর্বোচ্চ অগ্রাধিকার পাবে বলে জানালেন জোনায়েদ সাকি
https://parstoday.ir/bn/news/bangladesh-i158668-আসন্ন_বাজেটে_তিন_খাত_সর্বোচ্চ_অগ্রাধিকার_পাবে_বলে_জানালেন_জোনায়েদ_সাকি
বাংলাদেশের আসন্ন অর্থবছরের জাতীয় বাজেটে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান খাত সর্বোচ্চ অগ্রাধিকার পাবে বলে জানিয়েছেন দেশটির পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি (জোনায়েদ সাকি)।
(last modified 2026-04-22T14:04:46+00:00 )
এপ্রিল ২২, ২০২৬ ১৯:৫১ Asia/Dhaka
  • পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি (জোনায়েদ সাকি)।
    পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি (জোনায়েদ সাকি)।

বাংলাদেশের আসন্ন অর্থবছরের জাতীয় বাজেটে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান খাত সর্বোচ্চ অগ্রাধিকার পাবে বলে জানিয়েছেন দেশটির পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি (জোনায়েদ সাকি)।

আজ (বুধবার) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে গণসাক্ষরতা অভিযান আয়োজিত ‘শিক্ষার বাজেট: বাজেটের শিক্ষা’–বিষয়ক প্রাক্‌-বাজেট আলোচনা সভায় অংশ নিয়ে পরিকল্পনা প্রতিমন্ত্রী এ কথা বলেন।

জোনায়েদ সাকি বলেন, ‘আগামী বাজেটে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান—এগুলো প্রাধান্য পাবে। আবারও বলি, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান সর্বোচ্চ অগ্রাধিকার পাবে।’

বাংলাদেশের শিক্ষার মান পিছিয়ে থাকার কথা বলতে গিয়ে প্রতিমন্ত্রী বলেন, সবাই স্বীকার করেন এটা দিয়ে বাংলাদেশের চাহিদাই পূরণ করা যাবে না। আন্তর্জাতিক মানের তো ধারেকাছেও নেই।

অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানান, প্রাথমিক শিক্ষাকে ধাপে ধাপে অষ্টম শ্রেণি পর্যন্ত উন্নীত করা হবে। তিনি বলেন, ৪ থেকে ১৩ বছর বয়সীদের জন্য অবৈতনিক শিক্ষা করতে চান। মন্ত্রী আরও বলেন, ‘প্রাথমিক গ্রেড বাড়িয়ে অষ্টম পর্যন্ত নিয়ে যেতে চাই। আর এটা করব ধাপে ধাপে।’

বর্তমানে প্রাথমিক শিক্ষা পঞ্চম শ্রেণি পর্যন্ত এবং তা অবৈতনিক। গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক উপদেষ্টা রাশেদা কে চৌধূরীর সঞ্চালনায় এ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অন্তর্বর্তী সরকার গঠিত প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাবিষয়ক পরামর্শক কমিটির প্রধান অধ্যাপক মনজুর আহমদ, ব্রিটিশ হাইকমিশনের শিক্ষা উপদেষ্টা মোহাম্মদ গোলাম কিবরিয়া, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক শারমিন্দ নিলোর্মী।

অনুষ্ঠানে শিক্ষা খাতের বাজেটসংক্রান্ত বিভিন্ন তথ্য তুলে ধরেন গণসাক্ষরতা অভিযানের উপপরিচালক মোস্তাফিজুর রহমান।#

পার্সটুডে/জিএআর/২২