বাংলাদেশে শুরু হচ্ছে ইরানি ধারাবাহিক 'আসহাবে কাহ্ফ'
-
আসহাবে কাহ্ফ সিরিয়ালের একটি দৃশ্য
বাংলাদেশের বেসরকারি চ্যানেল এসএ টিভিতে আজ থেকে সম্প্রচার শুরু হতে যাচ্ছে বিশ্বনন্দিত ইরানি ধারাবাহিক আসহাবে কাহ্ফ। পবিত্র কুরআনের সূরা আল কাহ্ফ-এ বর্ণিত আসহাবে কাহ্ফ অর্থাৎ গুহাবাসীর আশ্চর্যজনক ঘটনাবলী নিয়ে নির্মিত হয়েছে এটি। ইরানি এ ধারাবাহিকটির প্রথম পর্ব দেখা যাবে আজই বাংলাদেশ সময় রাত ৮টা ৪০ মিনিটে।
প্রতি সপ্তাহের রবি থেকে বৃহস্পতিবার পর্যন্ত এই পাঁচ দিন ধারাবাহিকটি বাংলা ভাষায় ডাবিং করে সম্প্রচারিত হবে। ফার্সি ভাষায় এ ধারাবাহিকের নাম হচ্ছে 'মার্দনে অনজেলুস' যা ইংরেজিতে 'The Men of Angelos' নামে পরিচিত।
ইরানের খ্যাতিমান পরিচালক ফারাজুল্লাহ সালাহশুর ১৯৯৭ সালে এ ধারাবাহিকটি নির্মাণ করেন। একই পরিচালক ২০০৮ সালে সূরা ইউসুফ অবলম্বনে ইউসুফ পয়গম্বর সিরিয়ালটি নির্মাণ করেন যা এসএ টিভিতে 'ইউসুফ-জুলেখা' নামে সম্প্রচারিত হয়। গতকাল সম্প্রচার শেষ হওয়া সিরিয়ালটি বাংলাদেশে ব্যাপক সমাদৃত হয়েছে।
আসহাবে কাহ্ফ সম্প্রচার সম্পর্কে এসএ টিভির চেয়ারম্যান সালাহউদ্দিন আহমেদ রেডিও তেহরানকে বলেছেন, ইরানি সিরিয়াল খুব মূল্যবোধ সম্পন্ন। ইউসুফ-জুলেখা দেখে মানুষ আপ্লুত। এ কারণেই আসহাবে কাহ্ফ সম্প্রচারের সিদ্ধান্ত নিয়েছি। ভবিষ্যতে এ ধরনের আরও সিরিয়াল সম্প্রচার করার পরিকল্পনা এসএ টিভির রয়েছে।

আসহাবে কাহ্ফ সম্প্রচারের সময়সূচি
সপ্তাহের রবি-বৃহস্পতিবার রাত ০৮.৪০ মিনিটে এবং রাত ১১.০০ মিনিট
সোম-শুক্র সকাল ৫.০০ মিনিট (পুনঃপ্রচার)
সোম-শুক্র দুপুর ২.৩০ মিনিট (পুনঃপ্রচার)
এছাড়া, পুরো সপ্তাহের সব পর্ব একত্রে শনিবার দুপুর ৩.০০ মিনিট।#
পার্সটুডে/আশরাফুর রহমান/২৬