রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের বিভিন্ন মহলের ক্ষুব্ধ প্রতিক্রিয়া
রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারকে চাপ দিতে বিশ্ব সম্প্রদায়ের সহায়তা চেয়েছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট। একইসঙ্গে রোহিঙ্গা সমস্যা সমাধানে দল, মত নির্বিশেষে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে জোট।
শনিবার দুপুরে ১৪ দলের বৈঠক শেষে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই আহ্বান জানান জোটের সমন্বয়ক, আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
এ সময় মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের বিষয়ে মোহাম্মদ নাসিম বলেন, মিয়ানমারে যা ঘটছে, তা মানবতার চরম লঙ্ঘন। যার কারণে বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশ ঘটেছে মানবিক কারণে তাদের আশ্রয় দেওয়া হয়েছে। বাংলাদেশের মতো একটি সমস্যাসংকুল দেশের অর্থনীতি, সংস্কৃতি ও নিরাপত্তার স্বার্থেও সমস্যাটি এভাবে দীর্ঘদিন চলতে পারে না।
তিনি বলেন, রোহিঙ্গা জনগোষ্ঠীকে ফিরিয়ে নিতে হবে। মিয়ানমারে তাদের নাগরিক অধিকার নিশ্চিত করতে হবে।
এসময় মোহাম্মদ নাসিম বিএনপির উদ্দেশে বলেছেন, বন্যার মতো একটি মানবিক বিষয়কে ‘ইস্যু’ বানানোর চেষ্টা করবেন না। আসুন, সবাই সরকারকে সহযোগিতা করি। দয়া করে ঘোলা পানিতে মাছ শিকার করবেন না, এতে লাভ হবে না। অহেতুক সমালোচনা করবেন না। সমালোচনা করার সময় এখন না, এখন হলো মানুষকে সাহায্য করার সময়। সরকারকে সহায়তা করার সময়।’
এর আগে গতকাল ভিন্ন এক অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন এবং সেতু মন্ত্রী ওবায়দুল কাদের রোহিঙ্গা ইস্যুতে রাজনীতি না করার জন্য বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন।
ওবায়দুল কাদের বলেছেন, ‘কক্সবাজার ও উখিয়াসহ ওই অঞ্চলের রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে কিছু কিছু ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যাচ্ছে। এই ষড়যন্ত্রের সঙ্গে বিএনপির নাম শোনা যাচ্ছে। এই অপতৎপরতা বন্ধ করুন।’
ওদিকে, সরকারের শরীক জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ মিয়ানমারের ১০ লাখ রোহিঙ্গা নাগরিকের সমস্যা সমাধানে বিশ্ববাসীকে বাংলাদেশের পাশে থাকার আহবান জানিয়েছেন।
আজ এক বিবৃতি তিনি এই আহবান জানিয়ে বলেন, রোহিঙ্গা সমস্যার সমাধানে বিশ্ব সম্প্রদায়কে মিয়ানমারের বিরুদ্ধে অবরোধ আরোপসহ কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। বিবৃতিতে বলা হয়েছে, বর্তমানে বাংলাদেশ নানাবিধ সমস্যায় জর্জরিত। বন্যায় ফসলের ব্যাপক ক্ষতি হয়ে দেশ এখন খাদ্য সঙ্কটে রয়েছে। দশ লক্ষাধিক রোহিঙ্গা শরণার্থীর চাপে বাংলাদেশ ভবিষ্যতে খাদ্য পরিস্থিতিতে আরো সঙ্কটে পড়বে। তাই, জাতিসঙ্ঘসহ গোটা বিশ্বকে বাংলাদেশের পাশে থাকার জন্য আহবান জানান সাবেক এই সেনা শাসক।
বিএনপি’র প্রতিক্রিয়া:
মিয়ানমার সরকারের মতো রোহিঙ্গা সমস্যা ধামাচাপা দিতে এই সরকারও কূটকৌশল গ্রহণ করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
জাতীয়তাবাদী মহিলা দলের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ শনিবার সকাল ১১টার দিকে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।
সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেন, দুর্ভাগ্যজনক হলেও সত্য বাংলাদেশের সরকার জনগণের মনের কথা প্রকাশ করতে ব্যর্থ হয়েছে। কারণ, এই সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়।
ওদিকে, আজ শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে অংশ নিয়ে বিএনপির ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু অভিযোগ করেন, রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের অনির্বাচিত সরকার কূটনৈতিক ও মানবতা দুই ক্ষেত্রেই ব্যর্থতার পরিচয় দিয়েছে। দেশবাসী এবং সকল রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করে ঐক্যবদ্ধভাবে রোহিঙ্গা নির্যাতনের ইস্যুটিকে জাতিসংঘে উত্থাপন করার প্রস্তাব করেন তিনি।
রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে আজ জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত অপর এটি মানববন্ধনে দাড়িয়ে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেছেন, মিয়ানমারের রাখাইন রাজ্যে নির্যাতনের শিকার রোহিঙ্গা মুসলিমদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ব্যথিত হতে দেখা যাচ্ছে না।
বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ (বিএসপিপি) আয়োজিত এই মানববন্ধনে রোহিঙ্গাদের সহায়তার আহ্বান জানিয়ে বিএনপি নেতা রিজভী বলেন ‘রোহিঙ্গাদের মানবিক সহায়তা জোরদার করুন, আশ্রয়, খাদ্য, অনুদান ও চিকিৎসার ব্যবস্থা করুন। যথাযথ কূটনৈতিক তৎপরতা চালিয়ে রোহিঙ্গাদের মিয়ানমারে পাঠানোর ব্যবস্থা করা হোক।’#
পার্সটুডে/আব্দুর রহমান খান/মো. রেজওয়ান হোসেন/৯